আত্মহনন: একজন জাকিরের প্রস্থান
আমাদের ছাত্র রংপুরের জাকির বাড়ি গিয়েছিলেন। আর ফিরবেন না। এটা কোনো গুজব নয়। সত্যিই তিনি আর আসবেন না নীলক্ষেতে, টিএসসি, কলাভবন, লেকচার থিয়েটার—কোথাও তাঁর নির্মল হাসির মুখটা আর দেখা যাবে না। চিরকুট রেখে গেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের অজপাঁড়া গ্রাম থেকে রাজধানীর নীলক্ষেত অনেক দূরের পথ। মেধার গুণে নীলক্ষেতে আসা যায়, কিন্তু টিকতে হলে মেধার সঙ্গে অন্যান্য উপকরণ আর হেকমত লাগে। সংবাদপত্রে প্রকাশিত খবর যেন সে কথাই বলছে।
জাকির ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি আরও এক বছর এগিয়ে থাকতেন। প্রায় সব সহপাঠী এগিয়েছেন। তাঁকে থামতে হয়েছে, দম নিতে হয়েছে। নিশ্চয় কোনো কারণ ছিল। শিক্ষক, প্রক্টর, সহপাঠী কেউ কি চেষ্টা করেছিলেন সেটা জানতে? এটা কি তাঁদের কারও দায়িত্ব হতে পারত? আমরা কেউ ১৪ অক্টোবর রাতে জাকিরদের বাড়িতে ছিলাম না, তবে সংবাদদাতার বরাত দিয়ে খবর বলছে, পারিবারিক অভাব-অনটনের কারণে রোববার রাতে বাবা ও মায়ের সঙ্গে কথা–কাটাকাটি হয় জাকির হোসেনের। পরে বাবা–মায়ের ওপর অভিমান করে তাঁদের তৃতীয় সন্তান সোমবার ভোরে সবার অজান্তে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ আত্মহত্যা করে। সোমবার ১৫ অক্টোবরের সেই তালিকায় জাকিরের নাম উঠে গেল।
কেন জাকিরের মতো টগবগে তরুণেরা আত্মহননের পথ বেছে নেন?
এই প্রশ্নের উত্তর কি কেউ জানে? জাকিরের ঘটনার বর্ণনা শুনে মনে হতে পারে, অর্থনৈতিক কারণেই এমনটি ঘটেছে। মধ্যবিত্ত–নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের খাওয়া–পড়ার কষ্ট নিয়েই বড় হতে হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে এক বেলা–দুবেলা উপোস থাকা, সকালের নাশতা না করে একবারে দুপুরে হলের ক্যানটিনে পানির চেয়ে পাতলা ডাল দিয়ে বুকপেট ভাত খাওয়া সেকালেও ছিল, একালেও আছে। এসব কষ্ট লুকিয়ে রাখা যায়, কেউ দেখতে পায় না। তবে কি এখন এমন সব কষ্টের জন্ম হচ্ছে যা আর লুকিয়ে রাখা যাচ্ছে না! ট্যাব, ল্যাপটপ, থ্রি–জি, ফোর–জির কষ্ট? মহা আনন্দ ভ্রমণে মতান্তরে ব্যয়বহুল শিক্ষাসফরে সহপাঠীদের সঙ্গী হতে না পারা? পরিবর্তিত দুনিয়ায় কত না নিত্যনতুন সংকটের সংকেত পাওয়া যাচ্ছে। সেসব সংকেতের একটা সুরাহা করার জন্যই বোধ করি এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। সারা বিশ্বে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, এটা এখন এক নীরব মহামারি (সাইলেন্ট এপিডেডেমিক) হয়ে উঠেছে। ধর্ম, বর্ণ, জাতীয়তা, অর্থনৈতিক অবস্থান কোনো কিছু দিয়েই তরুণদের আত্মহত্যার এই রাশ টানা যাচ্ছে না। এখন ১০ থেকে ২৪ বছর বয়সের মানুষদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ আত্মহত্যা। ক্যানসার, ডেঙ্গু, চিকনগুনিয়া, জ্বর, ফুসফুসের অসুখ, হার্টের অসুখ, এইডস, জন্মগত ত্রুটি, স্ট্রোক, নিউমোনিয়া ইত্যাদি রোগে একসঙ্গে যত কিশোর–তরুণ মারা যায়, তার চেয়ে অনেক বেশি তরুণ–তরুণী, কিশোর–কিশোরী নিজেরা নিজেদের মেরে ফেলছে। সিডিসির গবেষণা থেকে জানা যায়, প্রতি ১২ জন তরুণের মধ্যে অন্তত একজন আত্মহত্যার চেষ্টা করে। আশাবাদীরা হয়তো বলবেন, ১২ জনের ১১ জন এই প্রবণতা থেকে মুক্ত। তারপরেও প্রতি ১২ জনে ১ জনের সম্মিলিত সংখ্যা কিন্তু কম নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা সরকারি–বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এই পরিস্থিতির কারণ খোঁজার জন্য অবিরাম গবেষণা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের ধারণা, আত্মহত্যার মূল কারণ হতে পারে: ১. ভেঙে পড়া সামাজিক বন্ধন। ২. পরিবারের সাবেক কাঠামোর অবলুপ্তি। ৩. অর্থনৈতিক অনিশ্চয়তা। ৪. বেকারত্ব। ৫. মানসিক অবসাদ প্রভৃতি। কর্মজীবন শুরু করার আগেই হয়তো এসব কারণে তরুণদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বেড়ে যাচ্ছে। একসঙ্গে ক্লাস করছে, খেলছে, গান গাইছে অনুষ্ঠানে কিন্তু বন্ধনের সেই গিঁটটা বাঁধছে না। মুখ চেনা থেকে যাচ্ছে সহপাঠী, সহকর্মী। চেনা–জানা গভীর হচ্ছে না। জাকিরের সহপাঠীরা যাঁরা নিজেদের তাঁর বন্ধু হিসেবে দাবি করতেন, তাঁদের ফেসবুক স্ট্যাটাসে সেই হাহুতাশের গন্ধই বেশি। আহা, আমরা কেউ একটুও টের পায়নি, টের পেলে এমনটা ঘটত না ইত্যাদি নানা সব বচনে ভরে গেছে ফেসবুকের দেয়াল।
মনোবিজ্ঞানীরা বলছেন, যেসব তরুণ–কিশোর আত্মহত্যার ঝুঁকিতে আছে, তাদের প্রতি পাঁচজনের মধ্যে চারজনের আচার–আচরণে সেসব আলামত ফুটে ওঠে। ঘনিষ্ঠরা সেটা আঁচ করতে পারে। এখন তো ঘনিষ্ঠতাই হচ্ছে না, আঁচ অনুভব অনেক পরের বিষয়। আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগে বিভাগে, হলে হলে, তারপর কেন্দ্রীয়ভাবে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, ছাত্র সংসদ নির্বাচন লাগাই থাকত, না চাইলেও ঘনিষ্ঠ হতে হতো। এখন সে সবের বালাই কমে গেছে অথবা বিলুপ্তির পথে।
অপছন্দের জীবনযাপনে বাধ্য হলে অবসাদ বাসা বাঁধে, যা ক্রমশ মানসিক স্বাস্থ্যকে সর্বনাশের কিনারে ঠেলে দেয়। সূর্যসেন হলের যে ঘরে আমরা দুজন থাকতাম, সেই ঘরে এখন চৌকি বের করে দিয়ে মেঝেতে আড়াআড়ি করে ঘুমায় ৮ জন। জুতা–স্যান্ডেল থাকে বারান্দায়। ২০ জনের জন্য যে শৌচাগার ছিল, এখন তা ১২০ জনের। জাকির এই হলেই থাকতেন। এখন আবার হলে থাকতে হলে মিটিং–মিছিল বাধ্যতামূলক। কারও যদি এসব ভালো না লাগে তাহলে তাঁর আবসাদের ফাঁদে পড়ে মানসিক স্বাস্থ্যসংকট দেখা দিতেই পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ ২০০৮ সালে দেশে পরিচালিত এক পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের তরুণদের মধ্যে ১৮ শতাংশই কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। বাকিদের মধ্যে মোট জনসংখ্যার ১৬ দশমিক ০৫ শতাংশ বা দুই কোটির বেশি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছে।
তরুণদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে
তরুণদের শুনতে হবে। তাঁদের নিজেদের ব্যক্ত করার সুযোগ দিতে হবে। নিজেকে মেলে ধরার, প্রকাশ করার ভঙ্গি এবং মাধ্যম একেকজনের একেক রকমের—সেই পরিবেশ–পরিসর যেন তাঁকে দেওয়া হয়।
মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা, আত্মহত্যার ঝুঁকি—এসব নিয়ে আমাদের মধ্যে একটা ঢাকঢাক গুড়গুড় কালচার আছে। আমাদের সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এসব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা না করলে তরুণদের অকালে চলে যাওয়া বন্ধ করা যাবে না। আত্মহত্যার আর আত্মহত্যাচেষ্টার সব খবর পত্রিকায় ছাপা হয় না। পরিবার, সমাজ এসব গোপন করতে চায়। একটা পরিবারে কোনো আত্মহত্যার ঘটনা থাকলে, সেই পরিবারের সঙ্গে আত্মীয়তা করার আগে সমাজ দুইবার ভাবে।
আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যেমন শরীরের অসুস্থতা দূর করার জন্য চিকিৎসক থাকেন, তেমনি মানসিক অবসাদ, মানসিক অসুস্থতার খেয়াল রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকা উচিত।
পিতা–মাতা, শিক্ষক, হাউস টিউটর, সহপাঠী, নানা জায়গায় থাকা ‘বড় ভাইয়ের’ দল একটু খেয়াল করলেই চেনা মানুষটির মানসিক টানাপোড়েনের আঁচ অনুমান করা সম্ভব। যেমন যদি কেউ হঠাৎ একটা সেমিস্টার বাদ দেয় তাহলে কি আমরা তাকে শুধু জরিমানা করে ছেড়ে দেব না একটু খোঁজখবর করব? অভিভাবক হিসেবে হোস্টেলে থাকা সন্তান বা সন্তানসমদের খোঁজখবর নিতে গিয়ে দেখেছি কারও কারও রুমমেট দিনের পর দিন ক্লাসে যাচ্ছে না, পরীক্ষা দিচ্ছে না। তাদের কেউ কেউ হারিয়ে গেছে। অনেকেরই অভিভাবকেরা জেনেছেন অনেক পরে, তত দিনে পিছিয়ে গেছে অনেকখানি। এমনকি সঙ্গের সবাই পাস করে কর্মজীবন শুরু করে ফেলেছে। অভিভাবকদের জানায়নি প্রতিষ্ঠানটি।
মানসিক স্বাস্থ্যের সঠিক তথ্য–উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ধারাবাহিক গবেষণার কোনো বিকল্প নেই। এখন আমাদের হাতে ২০০৮ সালের পুরোনো তথ্য আছে মাত্র।
এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমকে একটা জনবান্ধব কৌশল ঠিক করে তার আলোকে কর্মসূচি নিতে হবে।
গওহার নঈম ওয়ারা: লেখক ও গবেষক