দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জি এন সাইবাবাকে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের প্রতি যথাযোগ্য মর্যাদা রেখেই বলছি, আমি এই দণ্ডের সঙ্গে ভিন্নমত পোষণ করতে চাই। মাওবাদীরা অতি বাম। ভারতের অধিকাংশ মানুষ তাদের দর্শন পছন্দ করে না। যারা তাদের অনুসরণ করে, তাদের সমালোচনা করা যেতে পারে। কিন্তু মতের জন্য তাদের কারাদণ্ড দেওয়া যায় না, তা-ও আবার যাবজ্জীবন।
দেখে মনে হচ্ছে, ভারতের আদালতও ক্ষমতাসীন দলের দ্বারা প্রভাবিত হচ্ছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিন্দু রাষ্ট্রে বিশ্বাস করে। এটা না হয় মানা গেল যে তারা আইন করে বা আদেশ দিয়ে হিন্দুত্ব আরোপ করছে না। কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দুত্ববাদের সমর্থক—এটাই অনেক গুরুত্বপূর্ণ।
মাওবাদীদের বিরুদ্ধে আদর্শিক লড়াই চালাতে হবে। বিজেপির এটা বলা উচিত যে হিন্দুত্ববাদ মাওবাদীদের প্রতিশ্রুত সমতাভিত্তিক সমাজের চেয়ে বেশি সমৃদ্ধি বয়ে আনবে। বস্তুত বামেরা কী করতে চায়, সেটা তাদের লোককে বোঝাতে হবে। আর মানুষ তাদের আদর্শ গ্রহণ করলে কীভাবে উপকৃত হবে, সেটাও তাদের বলতে হবে। শুধু ভারতই এই চ্যালেঞ্জের মুখে পড়েনি। সারা পৃথিবীতেই, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মানুষ মত প্রকাশের অধিকার প্রয়োগে অনিরাপদ বোধ করছে। ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন বলেছেন, ব্যক্তি অধিকার সম্পর্কে মার্কিন সংবিধান যা বলেছে, তাঁরা সেটা মেনে চলবেন। মার্কিন প্রেসিডেন্টের অবশ্যই জানা উচিত, ভিন্নমত হরণকারী সোভিয়েত ব্যবস্থার বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হয়েছিল। আর মানুষই সেই ব্যবস্থাকে টেনে নামিয়েছিল।
সোভিয়েত নেতা স্তালিন সব ধরনের ভিন্নমত দমন করেছেন। তবে তিনি শুধু একটি বা দুটি সম্প্রদায়ের মতই দমন করেননি, সব ধরনের ভিন্নমতই দমন করেছেন। এ বিষয়ে মানুষের সাধারণ মনোভাব হচ্ছে, নির্ভয়ে ও মুক্তভাবে মত প্রকাশ করতে পারা উচিত। জার্মানিতেও ব্যাপারটা প্রমাণিত হয়েছে। এই দেশটির সংবিধান সেরাদের কাতারেই ছিল। কিন্তু অ্যাডলফ হিটলারের মতো মানুষ এই সংবিধান ব্যবহার করেই সবচেয়ে নিকৃষ্ট আইন তৈরি করেছিলেন। এরপর তো তাঁকে ও তাঁর দর্শন বিতাড়িত করতে পূর্ণাঙ্গ যুদ্ধ করতে হয়েছিল। এমনকি জার্মানিকে এখন নানা রকম কঠোর পদক্ষেপ নিতে হয়, যাতে নাৎসিবাদের ভূতের পুনর্জাগরণ না হয়। নাৎসিদের স্বস্তিকা এখন বার্লিনের দেয়ালে দেয়ালে অঙ্কিত দেখা যায়। মনে হচ্ছে, অনেক জার্মান এখনো সারা ইউরোপ শাসন করার স্বপ্ন দেখছে। জার্মানি হয়তো অর্থনৈতিকভাবে প্রভাবশালী। কিন্তু দেশটি এখনো রাজনৈতিক নেতা হওয়াটা শেখেনি।
ব্যাপারটা বিস্ময়কর যে মাওবাদের তেমন অনুসারী না থাকলেও এটাও সেই ধরনের মতবাদ, যা ভিন্নমত গ্রাহ্য করে না। জার্মানির জাতীয়তাবাদ এতটা গভীর যে এটা অন্য ধরনের চিন্তাকে মেনে নেয় না, যা ইউরোপের অন্যান্য অংশে গৃহীত হচ্ছে। তারা কিছু অভিবাসীকে স্থান দিয়েছে, যারা গ্রিসের বড় দায় হয়ে উঠেছিল।
নয়াদিল্লি অযথাই উদ্বিগ্ন হয়ে উঠছে। ভারত রাষ্ট্রের ধারণা দেশটির মানুষের মনের এতটা গভীরে জায়গা করে নিয়েছে যে অন্য ধারণা সেখানে গজিয়ে উঠতে পারবে না। সম্ভবত এই ভারতীয় সত্তাই কাশ্মীর থেকে কন্যা কুমারী পর্যন্ত সব মানুষকে এক সূত্রে গেঁথে রেখেছে। মাওবাদীরা এর মধ্যে ঢুকতে পারবে না।
গণতন্ত্র শুধু জনগণের বিশ্বাস নয়। ভারতের জরুরি অবস্থার পর ১৯৭৭ সালের নির্বাচনে তৎকালীন জনপ্রিয় নেতা ইন্দিরা গান্ধী যেভাবে পরাজিত হলেন, তাতেই ব্যাপারটা বোঝা যায়। ভোটাররা কর্তৃত্ববাদী শাসন পছন্দ করেননি। ফলে যখন তারা সুযোগ পেল, তখনই বিদ্রোহ করল। তখন বিজেপির নাম ছিল জন সংঘ। সেই দলের নেতাদেরও জেলে পোরা হয়েছিল। এমনকি দিল্লির মেয়র হংস রাজ গুপ্তকেও ছাড় দেওয়া হয়নি। জন সংঘ ও গান্ধীবাদীদের একই কারাগারে রাখা হয়েছিল। তবে এর কৃতিত্ব দিতে হবে সমাজতান্ত্রিক নেতা রাজ নারায়াণকে, যিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। এলাহাবাদ হাইকোর্ট তাঁকে ছয় বছর নির্বাচিত পদে থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর তিনি জরুরি অবস্থা জারি করেন, যদিও সেটা ভিন্ন বিষয়।
কথা হচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা কিন্তু তাঁদের প্রাপ্য নয়। শুধু মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, দেশের নাগরিক হিসেবে মাওবাদীদের বক্তব্য থাকা উচিত। মানুষ তাদের দর্শন গ্রহণ করল কি না, সেটা তাদের দেখা উচিত। কিন্তু তাদের এই মানদণ্ড মেনে চলা উচিত যে তারা সহিংসতা করবে না।
অভিজ্ঞতা বলে, একবার নজির স্থাপন হলে সব ক্ষেত্রেই তাকে প্রয়োগ করার দাবি উঠবে। এই নজিরটি তখন বিভিন্ন মামলায় উদ্ধৃত হবে। আর আদালতকেও সিদ্ধান্ত নিতে হবে, বিচারাধীন মামলাটি ওই মামলার মতো কি না। শেষমেশ মাওবাদ কী বলে, ব্যাপারটা সেখানে চলে আসবে। যে দেশের সংবিধান মুক্ত বাক্ ও মত প্রকাশের নিশ্চয়তা দেয়, সেই দেশে কোনো বিশেষ দর্শন নিষিদ্ধ হতে পারে না। কিন্তু সহিংসতাকে প্রেরণা দেওয়া যাবে না।
মাওবাদীদের কথায় আদালতের প্রভাবিত হওয়া চলবে না। তেমনি আমি এ কারণে কথাটি বলছি না যে আদালতের রায় ক্ষমতাসীন দলের দর্শনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের পর্ষদ এখন বিচারকদের নিয়োগ দিচ্ছে, ব্যাপারটা ভালো। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, প্রধান বিচারপতি ক্ষমতাসীনদের দ্বারা প্রভাবিত হন। কিছুদিন আগ পর্যন্ত ব্যাপারটা এমন ছিল না। তখন সরকার বিচারকদের নিয়োগ দিত। এই বিচারকেরা অনেক ভালো রায় দিয়েছেন। অতীতচারী হয়ে লাভ নেই, কিন্তু আদালতে সেই স্বাধীনতার পরিবেশ ফিরে আসুক, সে পদক্ষেপ নেওয়া জরুরি।
ইংরেজি থেকে অনূদিত
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।