আদালতের হাতে অনেক কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান খানের পিটিআই সংসদ ও সুপ্রিম কোর্টে ফিরে এসেছে। কারণ, তাদের রাজপথের আন্দোলন ও লংমার্চ সেনাবাহিনীকে এই উসকানি দিতে পারেনি, যাতে তারা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে উৎখাত করতে পারে। কিন্তু তার মানে এই নয়, তিনি এটা মেনে নিয়েছেন যে পিএমএলএন সরকারের মেয়াদ পূর্ণ করার অধিকার আছে, তার থেকে তিনি অনেক দূরেই আছেন। তিনি বরং সংসদে দাঁড়িয়ে সংসদেরই ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিষয়টা হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো যদি তাঁর উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্য পূরণে আনুকূল্য না দেখায়, তাহলে তিনি এ কাজ অব্যাহত রাখবেন।

>পিপিপি ২০১৮ সালের নির্বাচনের জন্য বিলাওয়াল ভুট্টোর অধীনে নতুন করে গা-ঝাড়া দিতে চাইছে। ফলে নওয়াজ শরিফকে যদি আগেভাগে বিদায় নিতে হয়, তাহলে তারা অখুশি হবে না

২০১৩ সালে দেশটির সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হলে ইমরান খান এটা মেনে নিয়েছিলেন, নওয়াজ শরিফ ন্যায়সংগতভাবেই জিতেছেন। তবে এক বছর পর তিনি সংসদ ছেড়ে ইসলামাবাদে একটি কন্টেইনারের ওপর চার মাস অবস্থান করলেন, যেখানে দাঁড়িয়ে তিনি আগুন ও বিষ ছড়ালেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানালেন। এর মধ্যে তিনি নওয়াজ শরিফকে উৎখাত করতে সেনাবাহিনীর শঠ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেন। যখন সেটা ব্যর্থ হলো, তখন তিনি রাস্তায় নেমে দাবি জানালেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। কারণ, নির্বাচনের ফলাফল নাকি চুরি করা হয়েছে। কিন্তু বিচার বিভাগীয় কমিশন যখন তাঁর কথায় সায় দিল না, তখন তিনি বিচার বিভাগকে ক্যাঙারু কোর্ট হিসেবে আখ্যা দিলেন। মাস দু-এক আগে তিনি সংসদ ত্যাগ করে শেষ চেষ্টা হিসেবে সহিংসতা উসকে দিলেন, যাতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে উৎসাহী হয়। যখন সেটা ব্যর্থ হলো, তখন তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন নিয়ে গেলেন, যাতে তাঁরা নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। এ লক্ষ্যে বেঞ্চ বা কমিশন যা-ই গঠন করা হোক না কেন, তিনি তাঁর রায় মেনে নেওয়ার সংকল্প করেন। কিন্তু আদালত যখন কমিশন গঠনের পরামর্শ দেন, তখন তিনি বললেন, আদালত যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান না নেন, তাহলে তিনি কমিশনকে গ্রহণ করবেন না। এখন আবার তিনি সংসদের কার্যক্রম ব্যাহত করছেন, হবু প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিচারকদের চাপ দিচ্ছেন।
পিপিপি অতটা সুবিধাবাদী নয়, তারা আরও সতর্ক। তারা ইমরান খানের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে ভ্রুকুটি করেছে, পিটিআইয়ের আন্দোলনে ইন্ধন দেয়নি, যদিও ফেডারেল পিএমএলএন সরকারের বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ আছে। তাদের অভিযোগ হচ্ছে, পিএমএলএন সরকার সেনাবাহিনীর সঙ্গে এক জোট হয়ে সিন্ধের পিপিপি সরকারের বিরুদ্ধে লেগেছে। ফলে আসিফ জারদারিকে দেশ ছাড়তে হয়েছে। পিপিপি ২০১৮ সালের নির্বাচনের জন্য বিলাওয়াল ভুট্টোর অধীনে নতুন করে গা-ঝাড়া দিতে চাইছে। ফলে নওয়াজ শরিফকে যদি আগেভাগে বিদায় নিতে হয়, তাহলে তারা অখুশি হবে না। কারণ, এতে পিএমএলএন দুর্বল হবে, যেখানে পিপিপির সম্ভাবনা উজ্জ্বল হবে। কিন্তু তারা এখন পর্যন্ত সংসদে পয়েন্ট অর্জন ও বিলাওয়াল ভুট্টোর অনড় বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছে, যার মধ্যে হুল নেই। তারা যেসব দাবি তুলেছে তার মধ্যে দু-একটি ছাড়া বাকিগুলো নিয়ে সহজেই আলোচনা করা সম্ভব।
অন্যদিকে নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পূর্বসূরি জেনারেল রাহিল শরিফের মতো প্রথম বছরেই রাজনীতি করবেন বলে মনে হয় না। সেনাবাহিনীর উচ্চপর্যায়ে তিনি যেসব পরিবর্তন নিয়ে এসেছেন, তাতে এটা স্পষ্ট। তিনি ইঙ্গিত দিয়েছেন, আইএসপিআরের ভূমিকা হ্রাস করা হবে, দেশে ও বিদেশে আইএসআইয়ের ভূমিকা অতটা আগ্রাসী থাকবে না এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সিন্ধু সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে। অন্য কথায়, তাঁর জমানায় সামরিক-বেসামরিক সম্পর্কের উন্নতি হতে পারে, যার একটি মাত্রা হতে পারে এমন যে প্রতিবেশী ভারত, আফগানিস্তান ও পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হতে পারে। এটা পাকিস্তানি সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ভালো হবে।
শুধু দুটি খ্যাঁচাখেঁচি ব্যাপার রয়েছে। একটি হচ্ছে, সংসদে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে আত্মপক্ষ সমর্থন করে দাবি করলেন লন্ডনে তিনি ফ্ল্যাট কিনেছিলেন, তার হিসাব সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া গেছে, তার সত্যতা নিরূপণ করতে হবে। তাঁর আইনজীবীরা দাবি করেছেন, এটা ‘রাজনৈতিক’ বিবৃতি, যেটা আক্ষরিকভাবে নেওয়া যাবে না। তবে বিরোধীরা জোরেশোরে বলছে, প্রধানমন্ত্রীকে আদালতে এই দাবি প্রমাণ করতে হবে। তাতে ব্যর্থ হলে সংসদকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁকে অযোগ্য ঘোষণা করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধ মামলা দায়েরের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বেঞ্চ বা বিশেষ তদন্ত কমিশন গঠন।
ফলে ২০১৭ সালের বেশির ভাগ সময় বলটা আদালতের ঘরেই থাকবে। প্রধান প্রশ্ন হচ্ছে, প্রধান বিচারপতি সাকিব নিসারের নেতৃত্বে বিচার বিভাগ কি ইমরান খানের চাপ প্রদান কৌশলের সঙ্গে পেরে উঠবেন, মানে তা সামাল দিতে পারবেন? আমরা কি আশাবাদী হতে পারি, ভুল বিচার হবে না? সৌভাগ্যবশত, প্রধান বিচারপতি পদোন্নতির জন্য প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল নন। পাকিস্তানে জ্যেষ্ঠতা নীতির স্বয়ংক্রিয় প্রয়োগ হচ্ছে, এতে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি অনেক স্বাধীনতা পেয়েছেন। তাই আমরা বাস্তবসম্মতভাবে আশা করতে পারি, তাঁরা নিজেদের জায়গা ধরে রাখবেন এবং জনপ্রিয় ‘বিচার’ করবেন না, ইমরান খান যেটা আইন ও সংবিধানের মৃত্যুর বিনিময়ে হলেও চান।
পাকিস্তানের সাময়িকী দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
নাজাম শেঠি: পাকিস্তানের সাংবাদিক।