
কিছু কিছু মানুষ থাকেন, মানবজন্মকে যাঁরা নতুন এমন এক শীর্ষে নিয়ে যান, যেখানে মনে হয় ঈশ্বরের বসবাস। তাঁদের সেই শীর্ষারোহণ আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষেই আছেন ঈশ্বর, মানবকল্যাণই হচ্ছে প্রকৃত ঈশ্বরবন্দনা। ফলে জাগতিক রঙ্গমঞ্চ থেকে তাঁদের বিদায় এমন এক শূন্যতা রেখে যায়, যা সহজে পূরণ হওয়ার নয়। তেমনই এক মানুষ সম্ভবত ছিলেন ফিদেল কাস্ত্রো রুজ, শুক্রবার কিউবার সময় রাত ১০টার অল্প পরে যিনি বিদায় নিয়েছেন জগৎ-সংসার থেকে, তবে রেখে গেছেন এমন কিছু ঐতিহ্য, যা বারবার আমাদের মনে করিয়ে দেবে মানুষের কল্যাণে কীভাবে নিজের জীবন বিলিয়ে দেওয়া যায়, কীভাবে ভালোবাসতে হয় নিজের দেশের মানুষকে এবং কীভাবে রুখে দাঁড়াতে হয় অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে।
ফিদেলের যারা বিরোধী (যাদের সংখ্যা বিশ্বের ধনী দেশগুলো থেকে শুরু করে আমাদের বাংলাদেশ পর্যন্ত একেবারে ফেলে দেওয়ার মতো নয়), তারা বলে থাকে, ফিদেল গণতন্ত্রের শত্রু, বাক্স্বাধীনতার শত্রু। তারা আরও বলে, নিজ দেশে যারা ভিন্ন মত পোষণ করেছে, তাদের ডাঙায় আর পানিতে মারার সব রকম ফন্দি ফিদেল জীবনভর এঁটে গেছেন। ফলে তাদের চোখে ফিদেল হচ্ছেন এমন এক ভিলেন যিনি কেবল শয়তানের সঙ্গেই তুলনীয়। তারপরও কথা থাকে এবং কথা থাকে বলেই এই শোকগাথার অবতারণা।
সন্দেহ নেই গণতন্ত্রীরা যেটাকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল বলে থাকেন, ফিদেলের ক্ষমতায় আরোহণ অনেকটা সে রকম এক পথ ধরে। অর্থাৎ একজন একনায়ককে বিপ্লবের মাধ্যমে সরিয়ে দিয়ে ১৯৫৯ সালের ১ জানুয়ারি ক্ষমতায় বসেছিলেন ফিদেল ও তাঁর অনুসারীরা। এর আগে মেক্সিকো থেকে ছোট এক জাহাজে কষ্টের পথ পার হয়ে কিউবার অরণ্যে এসে ভিড়েছিলেন তাঁরা। উদ্দেশ্য ছিল ফুলগেনসিও বাতিস্তার শোষণ আর অত্যাচারের হাত থেকে কিউবাকে মুক্ত করে নতুন এক পথে এগিয়ে নিয়ে যাওয়া।
সেই সময়ের কিউবা ছিল অনেকটা যেন যুক্তরাষ্ট্রের এক প্রমোদতরি। ধনী মার্কিন নাগরিকেরা কিউবায় যেতেন আনন্দ-ফুর্তি লুটতে এবং যে অর্থ সেই বিনোদনে খরচ করা হতো, তার সবটাই যেত বাতিস্তা আর তাঁর সাঙ্গপাঙ্গদের পকেটে। অন্যদিকে আবার প্রভুর সেবা করতে পারায় সদা প্রস্তুত মনোভাব দেখিয়ে যাওয়ায় বাতিস্তার প্রশাসন ছিল ওয়াশিংটনের খুবই প্রিয় এবং বাতিস্তার অধীনে যত নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন আর বাক্স্বাধীনতার গলা টিপে রাখা চলুক না কেন, প্রভু কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র উচ্চবাচ্য কখনোই করেনি, যেভাবে করেছে পরে ফিদেলের সময়ে।
কিউবার নির্যাতিত আর নিপীড়িত মানুষ তাই ফিদেলের তরুণ অনুসারীদের হাতে বাতিস্তার সামরিক বাহিনীর পরাজয়কে শৃঙ্খলমুক্তির পথে যাত্রা হিসেবেই দেখেছিল এবং বিপ্লবকে মনেপ্রাণে স্বাগত জানিয়েছিল। এর ব্যতিক্রম অবশ্যই ছিল দেশের ধনিক গোষ্ঠী আর সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ক্ষমতার হালুয়া-রুটির সবটা যারা একাই ভোগ করে আসছিল। ফলে ফিদেলের ক্ষমতায় আরোহণ তাদের দলে দলে দেশত্যাগে প্ররোচিত করে এবং এরা প্রায় সবাই শুরুতে আশ্রয় নিয়েছিল সমুদ্র পার হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। ফিদেলবিরোধী যাবতীয় কর্মকাণ্ডের ঘাঁটিও অবশেষে হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, কিউবার অভ্যন্তরে অন্য কোথাও নয়।
অন্যদিকে কিউবার নতুন প্রশাসন শুরুর দিনগুলো থেকেই মনোযোগ দিয়েছিল বিপ্লবের ফসল কীভাবে জনতার কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ছক কাটায়। তবে সহজ সেই কাজও সূচনার সেই দিনগুলোতে সহজ কোনো অবস্থাতেই ছিল না। সমগ্র মধ্য আর লাতিন আমেরিকার জন্য সে রকম ভাবনা ছিল একেবারেই যেন নতুন কিছু। মহাদেশজুড়ে ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য, যার সূত্র ধরে দেশে দেশে সামরিক নায়কেরা ক্ষমতার রাশ টেনে ধরে প্রভুর সেবায় ছিলেন ব্যস্ত। এমনকি শক্ত সেই গিঁট খুলে পড়ার সামান্য লক্ষণ দেখা গেলেও প্রভু তৎপর হয়ে সেখানে ঘটিয়ে দিয়ে গেছে লন্ডভন্ড সব কাণ্ড, যেমনটা আমরা দেখেছি ১৯৫০-এর দশকের শুরুর দিকে গুয়েতেমালায়। কিউবার বিপ্লব তাই অনেকটা যেন ছিল আড়ালে ঘটে যাওয়া এমন এক ঘটনা, যার জন্য কোনো রকম প্রস্তুতি নিয়ে রাখা তো দূরের কথা, এমনকি সেই সম্ভাবনা নিয়েও ওয়াশিংটন কিংবা হাভানায় কেউ আগে থেকে আঁচ করতে পারেনি। সেদিক থেকে অবশ্য ফিদেলকে ভাগ্যবানই বলতে হয়।
তবে শুরুর সেই ব্যর্থতা শুধরে নেওয়ার চেষ্টা সেই দুই পক্ষ পরবর্তী সময়ে বারবার করেও এ কারণে সফল হতে পারেনি যে ফিদেলের নেতৃত্বে বিপ্লবীরা শুরু থেকেই জনতাকে তাঁদের কাতারে সম্পৃক্ত করে নিতে পেরেছিলেন এবং পরে বিপ্লবের ফসলও সেই জনতার ঘরে পৌঁছে দিতে কিছুটা হলেও সক্ষম হয়েছিলেন। এ কারণেই আমরা দেখি ১৯৬১ সালে বে অব পিগসে উন্নত অস্ত্রবলে সজ্জিত মার্কিনপ্রবাসী কিউবানদের পাঠিয়ে প্রতিবিপ্লবের সূচনা ওয়াশিংটন করলেও অপেক্ষাকৃত দুর্বল সমরবল সত্ত্বেও কিউবার বিপ্লবীরা তা শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। এরপর থেকে অবশ্য নানা উপায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা কাস্ত্রোকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বধ করার ষড়যন্ত্র করে গেছে এবং কাস্ত্রোও শক্ত হাতে ক্ষমতার রাশ ধরে তা প্রতিহত করেছেন।
সরাসরি সামরিক হস্তক্ষেপে ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন অবশ্য এরপর ভিন্ন পথে কিউবাকে বধ করার ছক কষতে শুরু করে, যার ফলে দেখা যায় দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে। ১৯৬০-এর দশকের শুরু থেকে বলবৎ সেই নিষেধাজ্ঞা এই কিছুদিন আগে পর্যন্ত অব্যাহত ছিল। এতটা প্রতিকূল অবস্থার মধ্যেও রীতিমতো সংগ্রাম করে কিউবার ফিদেলকে সামনে এগিয়ে যাওয়ার পথ করে নিতে হয়েছে। নেতৃত্বের অবিচল মনোভাব আর মানুষের জন্য কিছু করতে পারার একাগ্রতা শেষ পর্যন্ত ঈর্ষণীয় বেশ কিছু সাফল্য কিউবার জন্য নিয়ে এসেছিল। শিক্ষা, জনস্বাস্থ্য ও কর্মসংস্থানের দিক থেকে অল্পদিনের মধ্যেই ফিদেলের কিউবা হয়ে উঠেছিল সমগ্র মধ্য ও লাতিন আমেরিকায় দৃষ্টান্তমূলক এক দেশ। নামমাত্র খরচে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা লাভের সুযোগ, এমনকি যুক্তরাষ্ট্রেও তরুণদের আকৃষ্ট করতে শুরু করলে মার্কিন প্রশাসন তখন দেশের তরুণসমাজকে স্মরণ করিয়ে দিয়েছিল যে নিষেধাজ্ঞা আরোপ থাকা দেশে সে রকম কোনো সুযোগ গ্রহণ আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
ফিদেলের কিউবার চিকিৎসকেরা এরপর ছড়িয়ে গেছেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে, শিক্ষকেরা লাতিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে যাত্রা করেছেন শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং বিপ্লবী কিউবার সামরিক বাহিনী এগিয়ে গেছে আফ্রিকার সদ্য স্বাধীন কিছু দেশে প্রতিষ্ঠিত বিপ্লবী সরকারকে উৎখাতে চালানো তৎপরতা প্রতিরোধ করতে। আর এই সবকিছুর মধ্য দিয়ে ফিদেল হয়ে উঠেছেন তৃতীয় বিশ্বের বঞ্চিত মানুষের কাছে আশাজাগানিয়া স্বপ্নের প্রতীক, যেন নতুন এক সন্ত, যঁার ওপর সহজেই রাখা যায় আস্থা।
তবে ১৯৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন কিউবার জন্য যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করলেও ফিদেলের কিউবা কিন্তু এতে পুরোপুরি দমে যায়নি। সীমিত সম্পদের সমবণ্টন নিশ্চিত করতে গিয়ে কিউবায় ধনিকশ্রেণির নব উত্থান লক্ষ করা যায়নি, যা কিনা অন্যদিকে আবার অর্থনীতিকে করে তুলেছে অতিরিক্ত মাত্রায় সরকারনির্ভর। তবে সবকিছুর পরও ‘বিশ্বায়নের এই যুগে’ কিউবা ভেঙে পড়েনি। আর নানা প্রতিকূলতা সত্ত্বেও কিউবার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আবারও দেখিয়ে দিয়েছে ফিদেলের অনুসৃত পথের যৌক্তিকতা, আবারও আমাদের শুনিয়েছে সে রকম বাণী যে স্বপ্নের হাল ছেড়ে দিতে নেই।
ফিদেলকে কে কীভাবে দেখেন, তার সবটাই হচ্ছে আপেক্ষিক। এর কারণ অবশ্যই হচ্ছে অবস্থানগত বিভাজন। ফ্লোরিডার প্রবাসী কিউবানদের মধ্যে ভালোবাসার চেয়ে ঘৃণার দিকটা ভারী হওয়ার আশঙ্কাই অনেক বেশি। কেননা, এদের অনেকের মনে ঘৃণার সেই বীজ বপন করা হয়েছে একেবারে শৈশব থেকে। আর তাই ফ্লোরিডার কোনো কিউবানের মুখে ফিদেলকে নিয়ে ভিন্ন কথা উচ্চারিত হওয়া নিশ্চয় খুবই তাৎপর্যপূর্ণ মনে হবে। প্রতিকূল পরিবেশেও মানুষের মনে ফিদেল অজান্তে কতটা গভীরে জায়গা করে নিতে পেরেছিলেন, তার আঁচ হয়তো পাওয়া যাবে আমার পরিচিত ফ্লোরিডাবাসী মার্কিন-কিউবান সাংবাদিক এলবার্ট সিগেলের মন্তব্য থেকে। ফিদেলের মৃত্যুর সংবাদ শোনার পর ফেসবুকে এ রকম মন্তব্য তিনি করেছেন:
‘ফিদেল কাস্ত্রোর ছায়ায় আমার বেড়ে ওঠা। সারা জীবন তাঁকে ঘৃণা করার শিক্ষা আমি পেয়েছি। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আমি অবশ্য অনেক কিছু বুঝতে সক্ষম হই এবং ফিদেলকে শ্রদ্ধা করতে শুরু করি। আমার জীবনের একটি অংশ যেন ফিদেল নির্ধারণ করে দিয়েছেন। মৃত্যু নিয়ে কী ভাবতে হয়, তা আমার জানা নেই। তবে সেই খবর শোনার পর আমি কেঁদেছি।’
সেই যে শুরুতেই বলা হয়েছে, কিছু কিছু মানুষ থাকেন, যাঁদের মধ্যে ঈশ্বরকে সহজেই খুঁজে পাওয়া যায়, এলবার্ট সিগেল তাঁর সেই মন্তব্যের মধ্য দিয়ে আমাকে সে কথাই মনে করিয়ে দিয়েছেন। তবে একই সঙ্গে আবার তাঁর কান্নার প্রতিধ্বনি মুছে দিয়ে সারা বিশ্বের নানা প্রান্তের অবহেলিত জনতার কণ্ঠে উচ্চারিত হতে শোনা যাচ্ছে, ‘বিদায়, হে অগ্রসৈনিক! আদিওস কমেন্দান্তে!’
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।