জাতিসংঘ এবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল সুর ঠিক করেছে, ব্রিজিং দ্য গ্যাপ। আমরা আদিবাসীরা বাংলা রূপান্তর করেছি সেতুবন্ধ। কিন্তু এই সেতুবন্ধ হবে কার সঙ্গে? রাষ্ট্র ও আদিবাসী জনগণের মধ্যে? নাগরিক সমাজ, মিডিয়া, রাজনৈতিক দল, মানবাধিকারকর্মী, শিল্পী, লেখক, শ্রমজীবী মেহনতি সব মানুষের সঙ্গে?
এবার ২০তম আদিবাসী দিবস উদ্যাপন করছি আমরা। এত কঠিন পরিস্থিতিতে আদিবাসীরা পড়েছে কি কখনো? নানা বৈষম্য ও বঞ্চনা আধুনিক রাষ্ট্রব্যবস্থা বহাল রাখার কারণে আদিবাসী মানুষের সঙ্গে মূলধারার মানুষের ব্যাপক ফারাক তৈরি হয়েছে।
এই সেতুবন্ধের খবর শুনে আজ প্রশ্ন করি, আমাদের রাষ্ট্র কি এবার একটু আদিবাসীবান্ধব হবে? আমরা কি স্বপ্ন দেখব, একদিন পাহাড়ি শিশুর হাত ধরে পরম আনন্দে পথ চলবে বাঙালি শিশু রাঙামাটির পথে। আদিবাসীরাও মানুষ। অথচ শুধু আদিবাসী হওয়ার কারণে দেশে দেশে জাতিতে জাতিতে কত ব্যবধান, কত ফারাক। জাতিসংঘ এই ব্যবধান ও বৈষম্যকে স্বীকার করেই এবার ব্যবধান ঘোচানোর জন্য সেতুবন্ধের কথা বলেছে। দেরি হয়ে গেলেও এই সেতুবন্ধ রচনা করা জরুরি।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমাদের রাষ্ট্রপ্রধান আদিবাসীদের নিয়ে একটি সম্মেলনের ডাক দিলেন। কত বৈচিত্র্যময় রঙিন সাজে নানা ধরনের মানুষ রাষ্ট্রপ্রধান ভবনে উপস্থিত। দলে দলে এই আদিবাসী মানুষেরা রাষ্ট্রপ্রধানের উঠান, বিশাল শোয়ার ঘর, বাগানের সবুজ ঘাস পেরিয়ে রান্নাঘর ঘুরে ঘুরে দেখছে আর মজা করছে। পিনন-খাদি পরে একদল জুমিয়া নারী এসেছে রোয়াংছড়ি থেকে।
এক জুমিয়া নারী বলল, কী আফসোস, যদি রাষ্ট্রপ্রধানকে আমাদের খাবার দিয়ে একটু আপ্যায়ন করতে পারতাম? যদি জুমের ছোট ছোট সাদা মরিচ দিয়ে সালাদ ও মারফা ভর্তা খাওয়ানো যেত? এ সময় রাষ্ট্রপ্রধান কৌতূহলী হয়ে রান্নাঘরে ঢুকে জুমিয়া নারীদের কথোপকথন শুনতে পেলেন। রাষ্ট্রপ্রধান বললেন, মুরগির রোস্ট আর খাসির রেজেলা খেতে খেতে আমার একঘেয়ে লাগছে। তোমাদের পাহাড়ি খাবার কি আমাকে তোমরা খাওয়াবে? কী করে যেন ফেসবুকে রাষ্ট্রপ্রধানের এই ইচ্ছার খবর রটে গেল। একদল মন্তব্য ছাড়তে শুরু করল, জুমিয়াদের খাবার অখাদ্য। অন্যরা বলল, জুমিয়াদের খাবার স্বাস্থে৵র জন্য খুব ভালো।
এ রকম দুনিয়ার মন্তব্য। সবকিছু অগ্রাহ্য করে রাষ্ট্রপ্রধান একদিন ঘোষণা দিলেন, আমার একটু বিশ্রাম দরকার। ধনী দেশের রাষ্ট্রপ্রধানেরা যেমন ক্যাম্প ডেভিড জাতীয় খামারে গিয়ে বিশ্রাম নেন, আমিও একদিন আদিবাসী গ্রামে গিয়ে বিশ্রাম নিতে চাই আর জুমিয়া নারীদের রান্নার স্বাদ নিতে চাই। সেই থেকে রাষ্ট্রপ্রধানের সঙ্গে জুমিয়া নারীদের সেতুবন্ধ রচিত হলো। একদিন অবাক কাণ্ড ঘটল, সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপ্রধান একটি আদিবাসী ভাষার গান শিখে ফেললেন। ইউটিউবে সেই গান ছড়িয়ে গেল। রাষ্ট্রপ্রধানের গানের গলা এখনো অতি চমৎকার। রাজনীতির কঠিন ঝক্কিঝামেলার কারণে তাঁর সংগীতপ্রতিভা সুপ্ত ছিল। গানের বঙ্গানুবাদ এ রকম—‘জুমিয়া নারী আমার দুচোখ খুলে দিল, আমরা এখন সেতুবন্ধের গান গাই, আজ থেকে আদিবাসী আর মূলধারা কোনো ব্যবধান নাই।’
রাষ্ট্রপ্রধান বললেন, রাজনীতি থেকে অবসর নিয়ে ভবিষ্যতে তোমাদের গ্রামে বেড়াতে যাব। টিভিতে দেখলাম বান্দরবানে অনেক আনারস হয়েছে। পাহাড়ি কলা আমার খুব পছন্দ। রাষ্ট্রপ্রধান বললেন, তোমাদের ওখানেও ফরমালিন দেওয়া হয় নাকি? জুমিয়া নারীরা মুখ চাওয়াচাওয়ি করল। ‘ফরমালিন’ বলে কোনো শব্দ তারা জীবনে শোনেনি। রোয়াংছড়ির নারী বলল, সাঙ্গু নদীপথে আসবেন আপনি পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে। পিনন-খাদি পরে আপনি আমাদের সঙ্গে কোমর জড়াজড়ি নাচে অংশ নেবেন। কত আনন্দ হবে। রাষ্ট্রপ্রধান বললেন, তোমাদের কথা শুনে আমার এখনই আদিবাসী গ্রামে যেতে ইচ্ছে করছে। আমার ঘুম ভেঙে গেল।
বারাক ওবামা ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আদিবাসী নেতাদের সঙ্গে সভা করেছিলেন।
ওবামা সম্বোধনের শুরুতেই বলেছেন, আমি ‘প্রথম আমেরিকান’ এবং সব আমেরিকানকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রথম আমেরিকান হলো আদিবাসীরা, যাদের ন্যাটিভ আমেরিকান বলা হয়। প্রেসিডেন্ট স্বয়ং আদিবাসীদের ‘প্রথম আমেরিকান’ সম্বোধন করার ফলে আমেরিকার সব জায়গা-জমি ও সম্পদ আদিবাসীদের হয়ে যায়নি বা সব সাদা মানুষকে আমেরিকা ছাড়তে হয়নি। কিন্তু ওই কথার মধ্য দিয়ে ঐতিহাসিক ভুল ও অন্যায়ের প্রতি বিনম্র স্বীকারোক্তি প্রকাশ পায়, যা রাষ্ট্রকে মর্যাদা ও সম্মানে অনেক উচ্চে নিয়ে যায়।
মনে খুব শান্তি পেতাম যদি আমাদের রাষ্ট্র একটু অনুভূতিপ্রবণ হতো। রাষ্ট্রের যদি চোখ থাকত দূরে দৃষ্টি নিবদ্ধ করার। দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জে এক আদিবাসী নারীনেত্রীকে গণধর্ষণ করা হলো। কদিন আগে দিনাজপুরের নবাবগঞ্জে দুদু সরেনকে দিনের বেলা হত্যা করল ভূমিগ্রাসী চক্র। এর আগে ২০১১ সালে দুদু সরেনের আপন ভাই গোসাই সরেনকেও সন্ত্রাসীরা হত্যা করেছিল। তারও অনেক আগে ১৯৭৩ সালে তাঁদের বাবা ফাগু সরেনকে একই ভূমিদস্যু চক্র খুন করেছিল। এসব হত্যার বিচার কি হয়েছে? বিচার হয়নি বলেই তো আমরা এখানে রাষ্ট্রকে খুঁজে ফিরি!
ব্যবধান তো তখনই দূর হবে, যখন আমাদের রাষ্ট্র অনেক বেশি গণতান্ত্রিক ও মানবিক হবে। দেশে একটি আদিবাসী নীতি থাকবে। সে নীতির মূল কথা হবে আদিবাসী স্পর্শ বা ইনডিজিনাস টাচ। অসীম নম্রতা, শুদ্ধতা, হৃদয়ের বিশালতা ও সংবেদনশীলতা নিয়ে লেখা হবে সে আদিবাসী নীতিমালার বাক্যগুলো। তখন আদিবাসী-বাঙালি সবার মধ্যে যোগাযোগের সংবাহন বিন্দু গড়ে উঠবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, অথবা কত ভাষা, কত বর্ণ, কত কথার ঢল, কান্দিলে সবার চোখে ঝরে একই জল, কথাগুলো সত্যি হবে। আদিবাসী শিশুর হাত ধরে পরম আনন্দে পথ চলবে বাঙালি শিশু।
তাই শেষে ফিরে যাই অস্কারপ্রাপ্ত হলিউড ফিল্ম অ্যাভাটার-এর কাছে। বিখ্যাত সেই ডায়ালগ। নায়ক জ্যাক সুলি মেশিনগান আক্রমণে আহত, নায়িকা নিওতিরি তার হাত ধরে গালে ছোঁয়ায়। জ্যাক বলে, আই সি ইউ। নায়িকা নিওতিরি বলে, আই সি ইউ। আদিবাসী দিবসে আজ বিশ্বাস করতে চাই, রাষ্ট্র আজ থেকে আদিবাসীদের বলবে, আই সি ইউ, আমি তোমাকে দেখি। আমরাও বলব, আমি তোমাকে দেখি।
সঞ্জীব দ্রং: কলাম লেখক ও সংস্কৃতিকর্মী।
[email protected]