আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা
ক্যামিলি চাকমা ৫ বছরের ছোট্ট শিশু। সে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাবা ও মায়ের সঙ্গে থাকে। ক্যামিলির পৃথিবী পাহাড়ের সবুজ পাখির কলতান, ঝরনার নির্মল ধারা আর প্রাণপ্রিয় চাকমা ভাষার ঐশ্বর্যে লালিত। যেখানে সে স্বপ্ন দেখে মাতৃভাষায়, ঘুম থেকে জেগে মাকে ডাকে তার মাতৃভাষায়। কিন্তু পাঁচ বছর বয়সে যখন সে সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি হলো, তখন যেন জীবনের সবচেয়ে বড় হোঁচট খেল সে।
দিদিমনি তো চাকমা ভাষায় কথা বলে না! বইগুলোর ভাষাও তো চাকমা নয়। কিছুই বোঝে না সে। না দিদিমনির নির্দেশনা; না বইয়ের ভাষা! স্কুল আর তার ভালো লাগে না। সবকিছু কেমন যেন দুর্বোধ্য! তবে কি ক্যামিলি আর কখনো স্কুলে যাবে না? না, ক্যামিলি এখন স্কুলে ভর্তি হয়েছে। এই স্কুলের পরিবেশ তার কাছে অপরিচিত নয়। সেভ দ্য চিলড্রেনের সহায়তায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত মাতৃভাষা ভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে সে। সেখানকার দিদিমনি তার পাড়ার, সে কথা বলে চাকমা ভাষায়। ছড়া ও গল্পের বইও চাকমা ভাষায়। বন্ধুরাও চাকমা ভাষায় কথা বলে। সেখানে চাকমা ভাষায় পড়াশোনা শিখতে শিখতে সে বাংলার সঙ্গে পরিচিত হচ্ছে। ক্যামিলি স্কুলের পরিবেশ এখন আর ভয় পায় না।
আমরা আমাদের প্রিয় বাংলাদেশের প্রতিটি শিশুকে এভাবেই দেখতে চাই। যেখানে সে নিজের ভাষায় ছড়া বলতে বলতে, গান গাইতে গাইতে, গল্প বলতে বলতে তার পাঠের বিষয়টি শিখবে এবং বিদ্যালয় সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে পরিচিত হবে।
তাদের কাছে মাতৃভাষায় শিক্ষার বিষয়টি একসময় মনে হতো দূর অস্ত। কোথায় বই পাওয়া যাবে, কে-ই বা তা লিখবে? কীভাবে তা সম্ভব? কিন্তু সেটা এখন আর কল্পলোকের গল্প নয়। বেসরকারিভাবে সেভ দ্য চিলড্রেন, জাবারাং কল্যাণ সমিতি, রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশেন, কোডেক, আশিকা, আশ্রয়, ব্র্যাকের মতো আরও অনেক সংস্থা মাতৃভাষায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় কাজ করছে। পার্বত্য ও সমতল এলাকার বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর শিশু উপযোগী ছড়া, গল্প, বর্ণ শেখার বই লেখা হয়েছে এবং এগুলো বিচ্ছিন্নভাবে পাহাড় ও সমতল—দুই এলাকাতেই পরিচালিত হচ্ছে। এখন প্রয়োজন মাতৃভাষায় শিক্ষার বিষয়টি মূলধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতিনির্ধারক পর্যায় থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। যদিও ২০১০ থেকে ২০১৫ অনেকটা সময় গড়িয়ে গেছে। তবু আশা করি, ২০১৬ সালে আমরা কল্পলোকের গল্প বাস্তবে দেখতে পাব।
লেখক: মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত।