আনন্দ উদ্বেগ হাসি ও কৌতুকের এত নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, টিভি নাটকের কথা না। আমাদের চারপাশের জীবন বাস্তবতায় প্রতিদিন যে নাটকীয় ঘটনাগুলো দেখে সুখে-শোকে-আনন্দ-বেদনায় একাকার হচ্ছি, এমনকি মাঝেমধ্যে বিভ্রান্তও হয়ে পড়ছি, সে ঘটনাগুলোর কথা বলছি।

১.
ঈদ উৎসবের অব্যবহিত আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে অসাধারণ নাটকের মঞ্চায়ন দেখলাম, তার চেয়ে সুখকর দৃশ্য আর কী হতে পারে! ঈদের আগেই এমন এক প্রাপ্তি উৎসবের আনন্দকে যে বহু বর্ণে রাঙিয়ে দিয়েছে, এ কথা বলাই বাহুল্য।
খেলার দুই দিন আগে চট্টগ্রামের একটি হোটেলে ইফতার পার্টিতে বাংলাদেশ ক্রিকেট স্কোয়াডকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সত্যি বলতে কি, বিনয়ী-লাজুক এবং গড়পড়তা বাঙালির শারীরিক গড়নের এই তরুণদের দেখে একটু বিস্ময় জেগেছিল মনে। এই ছেলেরা ইতিমধ্যেই পাকিস্তান-ভারতের মতো সমীহ জাগানো দলগুলোকে হারিয়ে হয়ে উঠেছে দেশের কোটি মানুষের প্রিয়মুখ। কিন্তু তারকাসুলভ কোনো ভাব নেই চেহারায়, নিতান্তই যেন আমাদের পাড়ার ছেলেটি। তবু দক্ষিণ আফ্রিকার সুঠাম-দীর্ঘদেহী এবং তারকা খ্যাতিতে দীপ্যমান খেলোয়াড়দের সামনে তারা কতটা কী করতে পারবে, এ নিয়ে সংশয় ছিল মনে। কিন্তু মাঠে নেমে বদলে গেছে আমাদের এই পাশের বাড়ির ছেলেদের দেহভাষা। প্রবল প্রতাপে ক্রিকেট-বিশ্বের অন্যতম সেরা দলটিকে যে বিপর্যস্ত করে দিয়ে তারা দেখাল—ভাবে-ভঙ্গিতে নয়, খেলোয়াড়দের নিজেকে চেনানোর আসল জায়গা ওই মাঠটাই।
এই সিরিজ জয়ের নাটকীয় ঘটনাবলি অনেক দিন সুখময় স্মৃতি হয়ে থাকবে। এক দিনের ক্রিকেটের মতো চট্টগ্রাম টেস্টের পরিণতিও হয়ে উঠতে পারত আনন্দের উপলক্ষ। বৃষ্টির সঙ্গে লুকোচুরি করে যে কটা সেশন খেলা হয়েছে, তাতে সে রকমই আশা জাগিয়েছিল টাইগাররা। হারের শঙ্কাও যে মনে জাগেনি, তা নয়। তবে ওই যে বলছিলাম ‘দেহভাষা’, সেটাই স্বপ্ন দেখাচ্ছিল দর্শকদের। কিন্তু বাদ সাধল বিরূপ প্রকৃতি। অবশ্য এই টেস্ট থেকেও প্রাপ্তি আমাদের কম নয়।
মাঠের কথা যখন উঠলই, তখন এ কথা না বলে উপায় কী? আজ যে খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ববোধ করছি, তাদের যোগ্য উত্তরসূরি তৈরি করার পথগুলো রোধ করে রাখছি আমরাই। আগে পাড়ায় পাড়ায় যেসব খেলার মাঠ ছিল, সেগুলোয় আজ গড়ে উঠেছে সুরম্য অট্টালিকা। বড় যে মাঠগুলো আছে, সেগুলোতেও খেলার চেয়ে মেলা বেশি। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়ামের যে মাঠটাতে খেলে বেড়ে উঠেছেন তামিম-নাফিস-আফতাব-আকরাম-নোবেলরা, সেই মাঠটিতে বছরের ১২ মাসে চলতে থাকে ১৩টি পণ্যমেলা।
যখন এসব কিছুই থাকে না, তখন সেটি ট্রাকস্ট্যান্ডে পরিণত হয়। রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠটাতেও সারা বছর এ রকম নানা আয়োজন চলতে থাকে। আগ্রাবাদ জাম্বুরি মাঠে তৈরি হয়েছে কর্ণফুলী শিশুপার্ক। একসময় দামাল সামার ক্রিকেট, স্টার যুব ক্রিকেট টুর্নামেন্টসহ নানা প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিত এ অঞ্চলের কিশোরেরা। এখন সেসব কিছুই নেই। সব মিলিয়ে অবস্থা এমন, ভবিষ্যতে কম্পিউটারে ভিডিও গেম খেলা ছাড়া অন্য কোনো ধরনের খেলার পদ্ধতিই হয়তো শিখবে না আমাদের তরুণেরা।
চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির একজন ক্রীড়ামোদী ব্যক্তি। বিসিবির সহসভাপতি তিনি। খেলার মাঠকে অন্য কোনো উপলক্ষে ব্যবহার করতে না দেওয়া এবং নগরে নতুন খেলার মাঠ তৈরি করার উদ্যোগ তিনি যদি নিতে পারেন ভালো, নইলে চট্টগ্রাম থেকে আর কোনো দিন জাতীয় মানের খেলোয়াড় যে গড়ে উঠবে না, এ কথা বলাই বাহুল্য।

২.
শপথ গ্রহণের আড়াই মাস পর গত রোববার মেয়র পদের দায়িত্ব নিয়েছেন আ জ ম নাছির উদ্দীন। কিছু আইনি জটিলতার কারণে এই বিলম্ব। তবে এই দীর্ঘ সময়টা নেহাত ঘরে বসে কাটিয়ে দেননি নবনির্বাচিত মেয়র। ৮৮ দিনে তাঁকে দেওয়া অন্তত ৬৬টি সংবর্ধনা সভায় যোগ দিয়েছেন। সংবর্ধনা দেওয়া ও নেওয়ার এই সংখ্যা নিঃসন্দেহে নতুন একটি রেকর্ড। যাহোক, সংবর্ধনার জবাবে অনেক কথা বলতে হয়েছে তাঁকে, দিতে হয়েছে অনেক প্রতিশ্রুতি। এখন নামতে হবে সেসব কথা কার্যকর করা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে। কিন্তু কাজটা যে খুব সহজ হবে না, তার ইঙ্গিত হয়তো তিনি দায়িত্ব গ্রহণের শুরুর দিনই বুঝে ফেলেছেন।
কারণ, যেদিন তিনি করপোরেশন কার্যালয়ে ঢুকলেন, সেদিন আকাশে দুর্যোগের ঘনঘটা, রাস্তাঘাট জলমগ্ন। আগের কয়েক দিনের অবিরাম বর্ষণে পাহাড় ধসে হতাহত হয়েছে মানুষ; রাস্তাঘাট, হাট-বাজার থেকে আবাসস্থল পর্যন্ত প্লাবিত হয়েছে। নগরের সড়কগুলো অনেকাংশেই ছাল-চামড়া উঠে হতশ্রী হয়ে পড়েছে। অর্থাৎ সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়ার আগেই তাৎক্ষণিক সমস্যা মোকাবিলায় নামতে হচ্ছে তাঁকে।
মেয়র মহোদয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই যোগ্যতার পরীক্ষা দিতে হবে আপনাকে। আপনার সাফল্য কামনা করি।
৩.
মেয়র নাছির উদ্দীন, ফেনীর সাংসদ নিজাম হাজারীসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন সুফিয়ান সিদ্দিকী। ২২ বছর আগের এই মামলার রায় ঘোষণা হলো ২৩ জুলাই। এই রায়ে খালাস পেয়েছেন আসামিরা সবাই। স্বভাবতই তাঁরা উৎফুল্ল। কিন্তু অবাক কাণ্ড, এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খোদ বাদী সুফিয়ান। একই রায়ে বাদী-বিবাদী উভয় পক্ষের সন্তুষ্টি প্রকাশের ঘটনা বিরল। সুফিয়ান অবশ্য বলেছেন, তখন বিএনপির সরকার ক্ষমতায় ছিল। চাপ প্রয়োগ করে তাঁকে দিয়ে মামলা করানো হয়। হতেও পারে। প্রশ্ন উঠছে, মাঝখানে ১০ বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কেন ‘চাপমুক্ত’ সুফিয়ান মামলা প্রত্যাহার করেননি?
এখন দুই জনপ্রতিনিধিকে হয়রানি ও আদালতের শ্রমঘণ্টা নষ্ট করার অভিযোগে সুফিয়ান সিদ্দিকীর বিরুদ্ধেই তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে পারে।

৪.
উত্তর জেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন দলের রাউজান উপজেলার যুগ্ম আহ্বায়ক ছালামত আলী। সেখানে হয়তো বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিতেন তিনি। কিন্তু পথেই আটক হলেন পুলিশের হাতে। পরদিনই ছাড়া পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হয়ে গেলেন ছালামত আলী।
জাদুশিল্পীরা একটি খালি বাক্সে ফুল রেখে ছু মন্তর দিলেই সেই বাক্স থেকে ফুলের বদলে কবুতর বেরিয়ে আসতে দেখেছি আমরা। কিন্তু এক দিন আটক থাকায় পরদিন ‘জাতীয়তাবাদী চেতনা’ কী জাদুবলে ‘সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয়ে’ রূপান্তরিত হলো, সেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

৫.
দুই বিবদমান অংশ থেকে দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ফর্মুলাটিকে প্রথম কে উদ্ভাবন করেছেন জানা নেই, তবে ২০ বছর ধরে কমিটি গঠনের ক্ষেত্রে এই ফর্মুলাটিই অনুসৃত হচ্ছে।
নতুন কমিটি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে যাবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজমুক্ত ক্যাম্পাস গড়তেও ছাত্রলীগের নেতৃত্ব কাজ করে যাবে। ছাত্রনেতারা আরও বলেছেন, শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতিকে নতুন কমিটি উৎসাহিত করবে না।
এসব ইতিবাচক বক্তব্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবক বা প্রশাসনকে কতটা আশ্বস্ত করবে জানি না। কারণ, গত এক বছরে এই ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ৩০টিরও বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ক্যাম্পাসে শান্তি ফিরবে কীভাবে? এই প্রশ্নের উত্তরে নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক ঈষৎ হেসে বললেন, সক্রিয় ছাত্রলীগের চেয়ে নিষ্ক্রিয় ছাত্রলীগই বরং এ ক্ষেত্রে অবদান রাখতে পারবে বেশি।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]