আনন্দ দিনে কিছু দুঃখ-কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি শিশুকে কাঁধে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এক রোহিঙ্গা কিশোর। গতকাল শুক্রবার তারা টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে। ছবি: রয়টার্স
একটি শিশুকে কাঁধে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এক রোহিঙ্গা কিশোর। গতকাল শুক্রবার তারা টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে। ছবি: রয়টার্স

প্রথম আলোর প্রতিবেদক গোলাম মর্তুজা প্রতি ঈদেই গ্রামের বাড়ি ঠাকুরগাঁও যান। প্রতি ঈদেই তাঁর যাত্রাপথে বিচিত্র কিছু না কিছু ঘটবেই। এবার ঢাকা থেকে তাঁর বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত পৌনে ১১টা। যথাসময়ে কাউন্টারে গেলেন তিনি। ঈদের সময়, মিনিট দশ-পাঁচ বিলম্ব মেনে নেওয়াই দস্তুর।

সেটা মনে রেখেই মুর্তজার জিজ্ঞাসা, ‘ভাই, গাড়ি কখন ছাড়বে?’
কাউন্টার মাস্টারের জবাব, ‘এত আগে আইছেন ক্যা। ১২টার দি‌কে খোঁজ নি‌য়েন। আমি জানামু‌নে।’
বাস ছাড়ল রাত তিনটায়। খুব স্বাভাবিকভাবেই বাসে উঠে ঘুমিয়ে পড়েন।
একসময় চোখ খুলে এদিক-সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলেন, কোথায় আছেন। ঢাকা শহর বা সাভার ছাড়ালেন কি না। পরে মালুম হলো, জায়গাটি শ্যামলীর রিং রোডের মোড়।
গোলাম মর্তুজা ১২ ঘণ্টায় গেছেন সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়। ১৮ ঘণ্টায় গেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ (বুধবার রাতে যখন লেখাটি প্রস্তুত হচ্ছে)।
মর্তুজার মতোই অভিজ্ঞতা হয়েছিল বন্ধু আনিস রহমানের। বছর পাঁচ-ছয় আগে ঈদের সময়। আনিস কল্যাণপুর থেকে রাত ১১টায় বাসে ওঠেন। উঠেই নিদ্রাদেবীর কোলে আশ্রয়। সুবহে সাদিকে ঘুম ভাঙল। ভাবলেন, রংপুর বুঝি পৌঁছে গেছেন। ঘুম ভাঙা চোখে পাশের যাত্রীকে প্রশ্ন করে বসলেন, ‘ভাই, কোথায় আছি?’ কটমট চোখে পাশের যাত্রী জানালা দেখিয়ে দিলেন। আনিস দেখলেন, দোকানে সাইনবোর্ডে লেখা সাভার বাসস্ট্যান্ড! কী মনে করে আনিস আবার ঘুমিয়ে পড়লেন।

২.
প্রতি ঈদে আমাদের সড়কগুলো যেন রক্ত-গোসল করে। এবারও কিছুমাত্র ব্যতিক্রম হয়নি। ঈদের আগের দিন মারা গেছেন ১৩ জন মানুষ। কোথাও যাত্রীবাহী বাস মুখোমুখি, কোথায় ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে বাসকে, কোথাও বাস পড়ে গেছে গভীর খাদে।
বিগত ঈদুল ফিতরে পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন কমপক্ষে ৬০ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বাড়ার কারণ তিনটি। এগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন, মহাসড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চালনা এবং অতিরিক্ত ভাড়া আদায়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সব সময় তৎপর মনে হয়। কিন্তু তাঁর তৎপরতা, হম্বিতম্বি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কোনো কাজে আসে না। মন্ত্রী শাজাহান খান তো বিখ্যাত হয়ে আছেন, এক মন্তব্য করে। তিনি বলেছিলেন, সড়কে ট্রাফিক সিগনালের চিহ্ন চিনলেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া উচিত।
বস্তুত, সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে কারও কিছু এসে-যায় না। মৃত মানুষগুলো যেন একটি সংখ্যা ছাড়া আর কিছু নয়। ঈদ আসে, ঈদ যায়। সংখ্যা কেবল বাড়ে। যেন কোথাও কোনো চিহ্ন রেখে যায় না।
সড়ক দুর্ঘটনায় বেশি মৃত্যু দরিদ্র মানুষের। বেশি দুর্ঘটনায় পড়ে দরিদ্র যানবাহনগুলো।
এ দেশে গরিব মানুষের অধিকার নিয়ে সৎভাবে কথা বলার মানুষ কোথায়?

৩.
এবার পবিত্র ঈদুল আজহা এমন একটা সময় আমরা উদ্‌যাপন করছি, যখন বড় দুঃখের দিন পার করছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। রাখাইন প্রদেশেই মারা গেছেন শতাধিক। আর শুধু নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন। নদী থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গা শিশুদের নিথর দেহ কাঁধে নিয়ে তীরে আসার দৃশ্যটি বড়ই নির্মম। অথচ বিশ্ব বিবেক চুপ।
যতটুকু বুঝেছি, একমাত্র মিয়ানমারের সেনাবাহিনীই পারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করতে।
কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা পরাবে কে?
জাতিসংঘ? সে কেবল শুধু সাক্ষী গোপাল? কেবল ‘উদ্বিগ্ন’ হওয়াই তার দায়িত্ব?
চীন? তার অনেক হিসাব-নিকাশ।
ভারত? তার হিসাব তো আরও বেশি।
মিয়ানমার ইস্যুতে বরং বাংলাদেশ রাষ্ট্র বেশি মানবিক। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আরও বেশি মানবিক হোক। আরও সাহসী হোক। ছিনিয়ে আনুক আরও সম্মান।
৪.
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যার্ত মানুষের এবার ঈদ হচ্ছে না। গতকাল শুক্রবার সন্ধ্যায় কথা হচ্ছিল সাংবাদিক সফি খানের সঙ্গে। জানালেন, কুড়িগ্রামের ১৬টি নদীর অববাহিকায় ৪২০টি চরসহ ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, রাজারহাট ও সদরের বন্যার্ত মানুষের মনে ঈদের আনন্দ নেই। বেশির ভাগ মানুষই এখনো স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেননি। এমনকি ঘরেও ফিরতে পারেননি। ঘরে ফিরবেন কী করে? ঘরই তো নেই। অনেকেরই বসবাস এখনো সড়কে। তাঁদের ভাবতে হচ্ছে, ‘কুরবানি করমো, না বাড়ি ঠিক করমো।’
একই অবস্থা হাওরে যাঁরা আমন ফসল হারিয়েছেন, তাঁদেরও। সেখানে ১ লাখ ৬৮ হাজার পরিবার সরকারের ত্রাণ কর্মসূচির আওতায় রয়েছেন, যা চলবে অক্টোবর পর্যন্ত। কিন্তু সহকর্মী আসাদুজ্জামান আগস্ট মাসের শুরুতে হাওরের প্রত্যন্ত এলাকা ঘুরে প্রতিবেদনে লিখেছেন, অনেক পরিবারই রয়ে গেছে দুর্গত তালিকার বাইরে। এই তালিকা করেছেন বিশেষ করে ইউপি সদস্যরা, যাঁরা কখনো কখনো সরেজমিনে তালিকা করেননি। সদরে বসে মনগড়া নাম যুক্ত করে দিয়েছেন।
হাওরের মানুষেরও এবার ঈদ নেই। আনন্দ-উৎসবের সলিলসমাধি ঘটে গেছে। হাহাকারের হাওরে আশার প্রতীক হয়ে টিকে আছে কেবল সারি সারি করচগাছ।

৫.
এলোমেলো ভাবনায় বিষিয়ে আছে মন।
ভাবছি, তাড়াশের জাকিয়া সুলতানা রূপার পরিবারে যে শোকের বাতাস বইছে, ঈদ উৎসবের আনন্দ কি পারবে তা থামাতে?
কিংবা বগুড়ার সেই ছাত্রীর পরিবারে? কত দিন লাগবে এই পরিবারটির স্বাভাবিক জীবন ফিরে পেতে?
ক্রিকেটে জয়ের আনন্দ যেন আমাদের ভুলিয়ে না দেয় বনানী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি।
জয় হোক মানুষের।

কাজী আলিম-উজ-জামান: সাংবাদিক
[email protected]