আন্তর্জাতিক চাপে ছিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

গ্যারি জে ব্যাস তাঁর দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অজানা দিকের ওপর আলোকপাত করেছেন। এ বইটির কিছু নির্বাচিত অংশ প্রথম আলোর পাঠকদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো চতুর্থ ও শেষ পর্ব।


বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার কারণে ভারত আন্তর্জাতিক চাপের মুখে ছিল। ফলে স্বাভাবিকভাবেই তারা জাতিসংঘের দ্বারস্থ হতে পারত। কিন্তু জাতিসংঘের ব্যাপারে ভারত সরকারের গভীর অনাস্থা ছিল। তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং কূটনীতিকদের সঙ্গে একান্ত বৈঠকে বলেছিলেন, ‘জাতিসংঘের সংস্থাগুলো যে একেবারে অকর্মণ্য—এ কথা বলতে আমার দ্বিধা নেই। তারা শুধু কথাই বলে, কথাই বলে, কাজ আর করে না।’
ইন্দিরা গান্ধীর সরকারের বহুদিনের পর্যবেক্ষণ ছিল এ রকম: জাতিসংঘ ভারতের প্রতি বিদ্বিষ্ট, এ ব্যাপারে আশা করার মতো কিছু নেই। তখন ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বলেছিলেন, ‘জাতিসংঘ বিশ্বের ক্ষমতা কাঠামোর “প্রতিনিধিত্ব” করত।’ তাঁর কথায় নিয়তিবাদের সুর শোনা যায়: ‘ভারত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, একই সঙ্গে সে “তৃতীয় বিশ্বের তত্ত্ব রচয়িতা”, সে কারণে পশ্চিমা বিশ্ব তার ব্যাপারে খুব সতর্ক। “তৃতীয় বিশ্বে” ভারতকে খুব সন্দেহের চোখে দেখা হয়, কারণ গণতন্ত্র ও মানবাধিকারের ব্যাপারে তার ভাবানুভূতি রয়েছে, অন্যদিকে সে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে বলে মুসলিম বিশ্ব তার প্রতি কুপিত। অন্যদিকে কমিউনিস্ট দেশগুলো ভারতকে উদ্ধত ও বিপজ্জনক মনে করে, কারণ আমরা প্রগতির শর্ত হিসেবে কমিউনিজমকে গ্রহণ করিনি।’

.
.

ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভয় পেত, কারণ সেখানে তাকে দুই বৈরী স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও চীনের মুখোমুখি হতে হতো। চীন একঘেয়েভাবে বলেই যাচ্ছিল, ‘কোনো অজুহাতে কারও পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করার অধিকার নেই।’ অন্যদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সফলভাবে মুক্তিবাহিনীর কার্যক্রম পরিচালনায়’ জাতিসংঘ যাতে বাদ সাধতে না পারে, সে ব্যাপারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত তো বলেই দিয়েছিলেন, এই স্থায়ী সদস্যদের সবাই ‘নিজ নিজ পরিস্থিতি অনুসারে নৃশংসতা চালিয়েছে’। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের রেকর্ড তো যথেষ্টই উজ্জ্বল। এ ছাড়া যুক্তরাষ্ট্র তার মহত্তম প্রেসিডেন্টের নেতৃত্বে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ করেছিল, যার লক্ষ্য ছিল, দক্ষিণের রাজ্যগুলো যাতে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যেতে না পারে, সেটা নিশ্চিত করা। ফ্রান্স অবশ্য আলজেরিয়ায় খুব একটা সুবিধা করতে পারেনি, যদিও তার সুযোগ ছিল সীমিত। তারা নেপোলিয়নের অধীনে ফ্রান্সে বেশ ভালো করেছিল। মোদ্দাকথা হলো, এই বড় শক্তিগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা ছাড়া মহৎ কিছু নেই।
এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের ব্যাপারেও ভারতের আস্থা ছিল না, সেখানেও তাদের খুব কমই বন্ধু ছিল। ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বলেছিলেন, এই ‘অগাস্ট বডিতে’ (এ ক্ষেত্রে সাধারণ পরিষদ) যেসব দেশ ছড়ি ঘোরায়, তাদের ‘সবারই গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্দেহ আছে’। বহুদিন ধরেই তারা নিজের ঘরে গণতন্ত্র ও মানবাধিকার দমন করছে। পাকিস্তান ঠিক বিতর্কটিই তুলেছিল, জাতিসংঘের সনদ অনুযায়ী সদস্যদেশগুলোতে কেউ হস্তক্ষেপ করতে পারে না।
সেই রাষ্ট্রদূত বলেন, ‘ব্যাপারটা জাতিসংঘে তোলা হলে বিতর্ক ও প্রচারণা অন্তহীন হয়ে যাবে, যার লক্ষ্য হবে সমস্যাটি ঝুলিয়ে রাখা। ফলে আমাদের যদি কিছু করতে হয়, তাহলে জাতিসংঘকে এড়িয়ে চলতে হবে। তারপরও জাতিসংঘের মহাসচিব উ থান্ট যখন প্রস্তাব দিলেন, ব্যাপারটা নিরাপত্তা পরিষদে তোলা হবে, তখন ভারত একটু অস্বস্তিতে পড়ে যায়।’
এরপর উ থান্ট যখন বলেন, জাতিসংঘের শরণার্থী–বিষয়ক হাইকমিশনের পর্যবেক্ষকদের ভারত ও পূর্ব পাকিস্তানের সীমান্তে পাঠানো হবে, তখন ভারত আরও ভয় পেয়ে যায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পারেনি, কীভাবে কয়েকজন পর্যবেক্ষক একটি জাতিগোষ্ঠীকে গণহত্যার হাত থেকে বাঁচাতে পারে। হাকসার লিখেছিলেন, এই শরণার্থীদের ‘কতল’ হওয়ার জন্য পূর্ব পাকিস্তানে পাঠানো যায় না।
আবার জাতিসংঘের যে কর্মকর্তারা এই পর্যবেক্ষণের কাজ তদারকি করবেন, ভারত তাঁদেরও বিশ্বাস করতে পারত না। জাতিসংঘের শরণার্থী–বিষয়ক হাইকমিশনের সহায়তাকে স্বাগত জানালেও ভারত এর প্রধান প্রিন্স সদরুদ্দিন আগা খানকে সহ্য করতে পারেনি। ধারণা করা হতো, এই ব্যক্তি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের ভাঁড়। তিনি ইয়াহিয়ার প্রতি সহানুভূতিশীল ছিলেন, আর ভেতরে-ভেতরে আগ্রাসনের জন্য ভারতের প্রতি কুপিত ছিলেন। যখন সদরুদ্দিনকে উদ্ধৃত করে বলা হলো, তিনি বলেছেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক, তখন ভারতের সংসদ থেকে দাবি উঠল, সামগ্রিকভাবে জাতিসংঘের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। ফলে ইন্দিরা গান্ধীর সরকারকে সেই দাবির বিরুদ্ধে লড়তে হলো। আর হাকসার প্রকাশ্যেই বললেন, ভারত জাতিসংঘের ১৩২টি সদস্য দেশকে এর জন্য দায়ী করতে পারে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই পর্যবেক্ষকেরা মুক্তিবাহিনীর প্রতি ভারতের গোপন সমর্থনের ব্যাপারটা খোলাসা করে দিতে পারেন, এমনকি তাতে হস্তক্ষেপও করতে পারেন। যুক্তরাষ্ট্র আসলে এই আশায় জাতিসংঘের প্রস্তাবে সমর্থন দিয়েছিল। এক ভারতীয় কূটনীতিক তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন, ‘এটা আসলে ব্রিটিশ-মার্কিন ষড়যন্ত্রের ভদ্রোচিত রূপ, ব্যাপারটা গোপনই ছিল, যেটা সম্পর্কে সদরুদ্দিন জানতেন।’ এটার লক্ষ্য ছিল পূর্ব বাংলাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানকে যথেষ্ট সময় করে দেওয়া। হাকসার এ ব্যাপারে ইন্দিরা গান্ধীকে সতর্ক করে দিয়েছিলেন, কয়েকটি পরাশক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তৎপরতা রোখার জন্য জাতিসংঘ এতে ভালোভাবে যুক্ত হোক। এরপর হাকসার প্রধানমন্ত্রীকে আরও খোলাখুলি বলেন, ‘আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে, নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের শরণার্থী–বিষয়ক হাইকমিশন যাতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার যুদ্ধকে রুখতে না পারে, সেটা নিশ্চিত করা। তিনি এসব কথা বলছেন এটা বোঝানোর জন্য যে, জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের “নিষ্ক্রিয়তা” আসলে অতটা ক্ষতিকর নয়।’
ফলে ভারত সোভিয়েত ইউনিয়নের দ্বারস্থ হয়, যারা ছিল নিরাপত্তা পরিষদে তার একমাত্র বন্ধু। লক্ষ্য ছিল, এই প্রস্তাবিত পর্যবেক্ষকেরা যেন ভারতে আসতে না পারেন। সোভিয়েত ইউনিয়ন সাড়া দেওয়ায় তাদের ধন্যবাদ দেওয়া দরকার, কারণ তাদের অনীহার কারণে এই প্রস্তাবটি ধীরে ধীরে হারিয়ে যায়।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত ভারত সরকার জাতিসংঘের ব্যাপারে গভীরভাবে হতাশ ছিল। এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে তার সদস্যদেশগুলোর মধ্যকার বাদ-বিসংবাদ মেটানো, কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়। সে কারণে ভারত বলেছিল, এই সংকটের মূল কারণ হচ্ছে, ‘মৌলিক মানবাধিকার ধারাবাহিকভাবে অস্বীকার করা’, ফলে তারা সেখানে শান্তি পায়নি। শরণ সিং ব্যাপারটা খারিজ করেছিলেন, সবাই বলবে, এটা যথারীতি সেই ভারত-পাকিস্তান বিবাদ, মানুষ বিরক্ত হয়ে গেছে।
গ্যারি জে ব্যাস: লেখক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।