আন্তর্জাতিক জাদুঘর দিবসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংস্কৃতি মূলত নির্মাণ করে কৃষি বা শ্রমজীবী জনগোষ্ঠী। দেশকালের মাত্রায় বিধৃত এই সাংস্কৃতিক ঐতিহ্য একদিকে স্থানিক-কালিক, অন্যদিকে বিশ্বময় সর্বজনীন জীবনসত্যের দর্পণ।বস্তুগত উপাদানের মধ্যে লোকসংস্কৃতির চিরন্তন মননশীলতা বিদ্যমান থাকে। আর এই মননশীলতাই মানুষের সৃজনশীলতার মূল চালিকাশক্তি। লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী এসব উপাদান আমাদের আদিকালের মানুষের সৃজনশীলতার প্রত্যক্ষ দালিলিক প্রমাণ। বস্তুগত স্মৃতি-নিদর্শনগুলোর মধ্য দিয়েই অতীত ও বর্তমানের মধ্যে মেলবন্ধন গড়ে ওঠে। জাদুঘর শুধু প্রাচীন সমাজের দর্পণই নয় বরং চলতি কালের বস্তু ও মানবসংস্কৃতি-সম্পদের প্রাণময় কোষ। বিশ্বের অন্যান্য দেশের জাদুঘরের মতো বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম কাজ হলো নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শন। আরও একটি প্রধানতম কাজ হলো জনশিক্ষামূলক বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বায়নের চোরাবালিতে ক্ষীয়মাণ সমকালীন সাংস্কৃতিক স্রোতধারাকে বেগবান করে তোলার জন্য লোকায়ত সংস্কৃতির শক্তিশালী ফল্গুধারাটিকে যুক্ত করা। সে জন্য এটি আত্মপরিচয়ের সূত্র অনুসন্ধানের প্রধানতম কেন্দ্রও বটে। একুশ শতকের চ্যালেঞ্জিং এই বিশ্বে আন্তর্জাতিক জাদুঘর আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানের বাংলাদেশে ‘জাদুঘর সংস্কৃতি’ চর্চার ক্ষেত্রটি কালপরিক্রমায় ১০০ বছর অতিক্রম করে ক্রমান্বয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ঐতিহ্যবাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর (১৯০৯) ইতিমধ্যে ২০০৯ সালে গৌরবময় শততম বছর অতিক্রম করেছে। এই কালপর্ব পরিক্রমণের সূত্রে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘর ১০০ বছরের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আগামী ২০১৩ সালে এ প্রতিষ্ঠানটি শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (ICOM) এবারের প্রতিপাদ্য ‘Museums in a changing world. New challenges, New inspirations।’ বাংলায় ‘পরিবর্তিত বিশ্বে জাদুঘর, নতুন চ্যালেঞ্জ, নতুন প্রেরণা।’ এই চাবিশব্দগুলোর মধ্যেই বৈশ্বিক চ্যালেঞ্জকে মোকাবিলা করার সূত্র নিহিত রয়েছে। বিশ্বের প্রতিটি দেশের জাদুঘরসমূহের নিজস্ব জাতিগত বৈশিষ্ট্য, বস্তুগত ও অবস্তুগত ঐতিহ্য এবং স্বকীয়তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত করার ক্ষেত্রে কী ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে, সে বিষয়ে ICOM News-এর বিশেষ রিপোর্ট Cultural lessons Museum education programming evolves with today’s changing times (Vol. 64 No 3 November 2011, PP 10-11) রচনাটিতে লেখক Aedin Mac Devitt যেসব পদ্ধতির কথা বলেছেন, সেসব বিষয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগ দীর্ঘকালব্যাপী তরুণ শিক্ষার্থীদের জন্য জাতীয় দিবসগুলোতে সমকালীন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে প্রণোদনামূলক বিভিন্ন সৃজনশীল কার্যক্রম গ্রহণ করে আসছে। বর্তমান সরকারের সময় তা আরও বেগবান হয়েছে।একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরকে বিশ্বমানের জাদুঘরে পরিণত করার লক্ষ্যে দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী স্থাপন’ শীর্ষক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম কর্মসূচিটির অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর গ্যালারিতে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশভিত্তিক ঘটনাবলি ইতিহাসের ধারাবাহিকতায় উপস্থাপন করার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ কর্মসূচির আওতায় ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ (১৭৫৭-১৬ ডিসেম্বর ১৯৭১)’ এবং ‘স্বাধীনতা-উত্তর বাংলাদেশ (১৭ ডিসেম্বর ১৯৭১-৩১ ডিসেম্বর ১৯৭৫)’ ডিজিটাল প্রদর্শনী এবং শ্রুতি-চিত্র প্রক্ষেপণের (Sound and light show) মাধ্যমে ১৯৪৭-পূর্ব ইতিহাস, ভাষা আন্দোলন (১৯৪৮-১৯৫২), মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশ—এই চারটি বিষয়ের ওপর ত্রিমাত্রিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মহান ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর দুটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে। নিদর্শন সংরক্ষণ, প্রদর্শন ও প্রচার-প্রসারের ক্ষেত্রে ডিজিটাল বা মেটাডাটা পদ্ধতি সবচেয়ে কার্যকর একটি প্রযুক্তি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বর্তমান কর্মশক্তিপূর্ণ মহাপরিচালক এবং গতিশীল প্রযত্ন বোর্ডের পরিচালনায় দীর্ঘ ৯৯ বছরে সংগৃহীত ও সংরক্ষিত প্রায় ৮৬ হাজার নিদর্শনের ইনভেন্ট্রি, ডকুমেন্টেশন, ক্যাটালগিং প্রভৃতি ডিজিটাল পদ্ধতিতে সম্পাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশসমূহ তাদের সাংস্কৃতিক সম্পদ রক্ষা ও প্রদর্শনের ক্ষেত্রে ইতিমধ্যেই অত্যন্ত সফলভাবে এই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছে। বাংলাদেশে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তির প্রথম সফল ব্যবহার করা হয়েছে দিনাজপুর জাদুঘরের ক্ষেত্রে। আজকাল বিশ্বের জাদুঘরগুলো শুধু নিদর্শনের ভান্ডার নয়, সর্বজনীন বিশ্ববিদ্যালয়ও বটে। এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তিত বিশ্বে জাদুঘর, নতুন চ্যালেঞ্জ, নতুন প্রেরণা’—বেশ আগে থেকেই অনুধাবন করতে পারার সুবাদে শত বছরের দ্বারপ্রান্তে উপনীত বাংলাদেশ জাতীয় জাদুঘর জাতীর আত্ম-অনুসন্ধানকেন্দ্র হিসেবে দেশের ইতিহাস-ঐতিহ্যকে বর্তমান প্রজন্ম থেকে ভবিষৎ প্রজন্মে প্রোথিত করার লক্ষ্যে ‘বিরূপ বিশ্বে’ নিজেকে একাকী না রেখে একুশ শতকের পরিবর্তিত বিশ্বের ‘নতুন চ্যালেঞ্জ’কে ‘নতুন প্রেরণা’ হিসেবে গ্রহণ করে ঐতিহ্যের শিকড় থেকে তেজরস আহরণ করে তার-ই মধ্য দিয়ে বিশ্বসভায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ জাতীয় জাদুঘর কার্যকর ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক জাদুঘর দিবসে এ আমাদের দৃঢ়প্রত্যয় ।ড. নীরু শামসুন্নাহারজাদুঘরকর্মী[email protected]