একবিংশ শতাব্দীতে বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে চলতে পারে না। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের বড় একটি অংশ স্নাতক ডিগ্রি অর্জনের পর বিদেশে চাকরি ও উচ্চশিক্ষা অর্জনের জন্য চলে যান। কাজেই বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে সচেষ্ট হতে হবে। আমাদের পাঠ্যসূচিও বিদেশের বিশেষ করে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
আমি দীর্ঘ তিন দশকের বেশি সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। প্রোগ্রামের পাঠ্যসূচি প্রণয়নে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো যেসব বিষয় বিবেচনায় নেয়, আমরা সেসব বিষয় বিবেচনায় নিই না বা তেমন গুরুত্ব দিই না। ফলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচিও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয় না। অনেক বিশ্ববিদ্যালয় আবার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি হুবহু গ্রহণ করে থাকে। আমাদের দেশে একই প্রোগ্রামের পাঠ্যসূচি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো যেসব বিষয় বিবেচনায় নিয়ে পাঠ্যসূচি প্রণয়ন করে থাকে, সেসব বিষয় সম্পর্কে জানলে এই ভিন্নতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
বিভাগের প্রোগ্রামের জন্য নিজস্ব কিছু উদ্দেশ্য (objectives) ও ফলাফল (outcomes) নির্দিষ্ট করে উল্লেখ থাকে। প্রথমে ডিগ্রি প্রদানকারী বিভাগের শিক্ষক, ছাত্র ও অভিভাবক এবং চাকরি প্রদানকারী সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে প্রোগ্রামের উদ্দেশ্যগুলো নির্ধারণ করা হয়। প্রোগ্রামের উদ্দেশ্যগুলো বিভাগের মিশন ও ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। বিভাগের মিশন ও ভিশন আবার বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিশন ও ভিশন থাকে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন। কাজেই তাদের উদ্দেশ্যগুলোতেও ভিন্নতা থাকে। ছাত্রদের তাঁদের শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশের তিন থেকে পাঁচ বছরের মধ্যে সেসব উদ্দেশ্য অর্জন করতে হয়। আর প্রোগ্রাম ফলাফল মূলত ছাত্রছাত্রীদের জ্ঞান, দক্ষতা ও আচরণসম্পর্কিত হয়। তাঁদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের মধ্যেই প্রোগ্রামের ফলাফল অর্জন করতে হয়।
বর্তমানে প্রকৌশল প্রোগ্রামে বেশিসংখ্যক মানবিক, ভাষা ও সামাজিক বিজ্ঞানের কোর্স পড়ানো হয়। ভাষা বিষয়ে অন্তত দুটি এবং অন্যান্য বিষয়ে কমপক্ষে পাঁচটি কোর্স প্রকৌশল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। আমাদের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে তেমন গুরুত্ব দেয় না। অথচ এসব কোর্স ছাত্রছাত্রীদের সমাজসচেতন করে। তাঁরা বিশ্বের অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে ধারণা পান এবং কথোপকথনে দক্ষতা অর্জন করতে সক্ষম হন। ফলে দেশের ও বিদেশের চাকরিদাতাদের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। বর্তমানে প্রকৌশল শিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য ক্যাপস্টোন প্রজেক্ট (Capstone Project) আবশ্যিক। আমাদের দেশে ছাত্রছাত্রীরা শুধু প্রজেক্ট করে থাকেন। কিন্তু কোনো ক্যাপস্টোন প্রজেক্ট করেন না।
এখন ‘ক্রেডিট আওয়ার’ সম্পর্কে কিছুটা আলোচনা করা যেতে পারে। এক ক্রেডিট আওয়ার সপ্তাহে ৫০-৬০ মিনিটের থিওরি ক্লাস বোঝায়। আসলে এক ক্রেডিট আওয়ারের এ ধরনের সংজ্ঞা সঠিক নয়। ১৫ সপ্তাহের সেমিস্টারে সপ্তাহে ৫০-৬০ মিনিটের থিওরি ক্লাসকে এক ক্রেডিট আওয়ার বলা হয়। আবার ল্যাবরেটরি কোর্সের ক্ষেত্রে ১৫ সপ্তাহের সেমিস্টারে প্রতি সপ্তাহে ১৫০-১৮০ মিনিটের ক্লাস এক ক্রেডিট আওয়ার হিসেবে বিবেচিত হয়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারে থিওরি ক্লাসগুলো ১৫ সপ্তাহের কম। অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিস্টেমের পরিবর্তে ১৩ সপ্তাহের ট্রাইমেস্টার সিস্টেম চালু রয়েছে। অথচ এক ক্রেডিট আওয়ারের সংজ্ঞায় কোনো পরিবর্তন আনা হয়নি।
উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো আমেরিকার অ্যাক্রেডিটেশন বডি ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ABET) প্রবর্তিত নির্দেশনাবলির আলোকে প্রকৌশল পাঠ্যসূচি প্রণয়ন করে থাকে। সেমিস্টার সিস্টেমের কোনো প্রকৌশল প্রোগ্রামের জন্য সর্বনিম্ন ১২৪ ক্রেডিট আওয়ার এবং ট্রাইমেস্টার সিস্টেমের জন্য ১৪৩ ক্রেডিট আওয়ার নির্ধারণ করা হয়েছে। আমাদের দেশে এ ধরনের কোনো নীতিমালা অদ্যাবধি প্রণয়ন করা হয়নি। এখনো আমরা শিক্ষাব্যবস্থায় সনাতন পদ্ধতি চালু রেখেছি। পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার পরিবর্তে ফলাফলভিত্তিক শিক্ষা বা আউটকাম বেইজড এডুকেশনের (ওবিই) প্রচলন করা হয়েছে তিন দশকেরও বেশি সময় আগে।
শিক্ষাপদ্ধতি সংস্কারের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়েছে এই কারণে যে সনাতন শিক্ষাপদ্ধতি একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত গ্র্যাজুয়েট তৈরি করতে পারছে না এবং গ্র্যাজুয়েটরাও কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছেন না। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রকৌশলসহ অন্যান্য বিষয়ের পাঠ্যসূচি প্রণয়নের নির্দেশনাবলি প্রস্তুত করা সম্ভব। কমিটি ওবিইর প্রচলন এবং তার সফল বাস্তবায়নের ব্যাপারে সুপারিশ করতে পারে। এ ব্যাপারে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে। আমাদের তরুণ-তরুণীদের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টির জন্য সরকারকে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে হবে।
এম এম শহিদুল হাসান: উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।