আমরা যখন সিরিয়ার বিষয়ে কথা বলি, তখন হতাশা প্রকাশ করা সহজ, কিন্তু সমাধান বের করা কঠিন। স্বাভাবিকভাবেই এটা হয়। প্রথম যুদ্ধবিরতির চেয়ে দ্বিতীয় যুদ্ধবিরতি আরও তাড়াতাড়ি ভাঙল, যেটা রাশিয়া ও যুক্তরাষ্ট্র কার্যকর করার চেষ্টা করছিল। আলেপ্পোর উত্তরে ত্রাণবাহী যে ১৮টি ট্রাক পোড়ানো হয়েছে, সেই দৃশ্যটি এই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছে।
‘সব পরাশক্তিই একে অপরকে দোষারোপ করছে। জাতিসংঘ ঘোষণা দিয়েছে, তারা সিরিয়ায় সহায়তা দেওয়া বন্ধ করে দেবে। আর বরাবরের মতোই বেসামরিক মানুষই এই রাজনৈতিক ব্যর্থতার বোঝা বহন করছে।’ সম্প্রতি সামের আবুদ নামের এক লেখক তাঁর নতুন বই ‘সিরিয়া: দ্য সিভিলাইজেশন অব ভায়োলেন্স’ বইয়ে এ কথা লিখেছেন।
এখন হয়তো দেখা যাবে, যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় অনেক গোঁজামিল দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সিরিয়াবিষয়ক আরও বিপ্লবী চিন্তাভাবনা করতে হবে। তা ছাড়া অন্য কিছুতে সমস্যার সমাধান হবে না। এদিকে তুরস্কের ‘নিরাপদ এলাকা’ নিয়ে যে দীর্ঘ বিতর্ক ছিল, তা তুরস্কের ইউফ্রেটিস শিল্ড অভিযানের কারণে অনেকটা অকার্যকর হয়ে গেছে। তুরস্ক আসলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি। কুর্দিরা তুরস্কের উত্তরাঞ্চলের অনেক ভূমি দখল করে নিচ্ছে, এই ভয়ের কারণে তারা আইএসকে দমনের অজুহাতে সিরিয়ায় ঢুকে কুর্দিদের কাছ থেকে ৯০০ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করে নিয়েছে; তারা আবার এই নিরাপদ এলাকার অংশ হিসেবে এটার পরিসর পাঁচ হাজার বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত করতে পারে।
এখন কথা হচ্ছে তুরস্কের এই অভিযানের ভুল, শুদ্ধতা বা আইনি প্রশ্ন যা-ই থাক না কেন, অন্য দেশগুলোও কি এ রকমটা করতে পারে, যাতে শেষমেশ পলায়নরত সিরীয় বেসামরিক নাগরিকেরা নিরাপদ এলাকায় থাকতে পারেন?
সিরিয়ায় জাতিসংঘ কী ভূমিকা পালন করবে, সে–বিষয়ক গুরুতর আলোচনার ভিত্তি হচ্ছে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। যুদ্ধবিরতি অকার্যকর ও সাহায্য কার্যক্রম বন্ধ হওয়ার আগে জাতিসংঘের ওপর প্রচণ্ড চাপ ছিল, তার সংস্থাগুলো যে ত্রাণ বিতরণ করছে সে ক্ষেত্রে কোথাও ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে কি না। এ কথা বলার কারণ হচ্ছে এ বছরের জুন মাসে সিরিয়া ক্যাম্পেইন জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারা ৯৯ শতাংশ ত্রাণ সরকারনিয়ন্ত্রিত এলাকায় বিতরণ করছে। তারা আহ্বান জানায় জাতিসংঘ যেন নিরপেক্ষতা বজায় রাখে। তবে যুদ্ধ আক্রান্ত এলাকায় জাতিসংঘের ত্রাণ বিতরণ নিয়ে জাতিসংঘের মনোভাব বিষয়ে আরও বড় পরিসরে একটি নিরীক্ষা হওয়া দরকার। এটা বহুদিনের বকেয়া কাজ। এটা স্বীকার করে নিতে হবে যে ত্রাণ একধরনের হাতিয়ার ও আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, অধিকৃত অঞ্চলে মানবিক সহায়তা জঙ্গি ও তাদের সহযোগীদের আয়ের ভালো একটা উৎস, যারা মালামাল বিতরণ, দেখাশোনা ও বাধাগ্রস্ত করতে নিজেদের অবস্থান ব্যবহার করে। আর ব্যাপারটা প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ যে, এই নিরীক্ষার অংশ হিসেবে জাতিসংঘ অধিকৃত অঞ্চলে বিমান থেকে ত্রাণ বিতরণের যে অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়ন করতে হবে।
আলেপ্পোয় ত্রাণবাহী গাড়িতে হামলার পর জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক স্টিফেন ও’ব্রায়ান বলেছেন, ‘আমি একদম পরিষ্কারভাবে বলছি, যদি প্রমাণিত হয় যে এই হামলা বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তাহলে তা যুদ্ধাপরাধের শামিল হবে।’ সিরিয়ার বেলাতেই দেখা যায়, আন্তর্জাতিক আইনের মানদণ্ড ও ধারণা একদম উবে যায়। তখন এর এত শাখা-প্রশাখা গজায়, যা কিনা যুদ্ধকেও ছাড়িয়ে যায়। সব ধরনের অস্ত্র ব্যবহার করে সিরিয়ার স্কুল, কলেজ, হাসপাতাল ও বেকারি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়ের তো অন্তত এই বোধ থাকা দরকার যে এখনো জবাবদিহির কিছু জায়গা আছে। আমরা জঙ্গলের শাসনে চলে যাইনি।
জাতিসংঘের এই ত্রাণবাহী গাড়িবহরে হামলার ঘটনাটি আসলে শুরু হিসেবে ভালোই। রেডক্রসের ইন্টারন্যাশনাল কমিটি এটাকে ‘মানবতার ওপর আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে। আর এখান থেকে যদি ভালো কিছু বেরিয়ে আসে, তাহলে সেটা মৃত ত্রাণকর্মীদের আত্মবলিদানের স্মারক হয়ে থাকবে। তাহলে কী করতে হবে? এখন এটাই বড় প্রশ্ন। যা করা যায় তা হলো, সিরীয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা, তাঁদের অতিপ্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া এবং যুদ্ধের সময় কৃত অপরাধের বিচার।
কথাটা আমরা সবাই জানি—ইচ্ছা থাকলে উপায় হয়। আর এই সর্বশেষ যুদ্ধবিরতির ব্যর্থতা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছাশক্তির পরীক্ষা।
অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরা থেকে নেওয়া।
জেমস ডেনসেলো: ফরেন পলিসি সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট।