আন্দোলনের অর্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্দোলনের নামে আমরা কী দেখছি? ‘যৌক্তিক আন্দোলনের’ মাধ্যমে দাবি আদায়ে কী কৌশল আর পদ্ধতি ব্যবহার করল বিএনপি? জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দলীয় নেতা-কর্মীদের আন্দোলনে ন্যূনতম সম্পৃক্ত করতে অসফল হয়ে দিনের পর দিন অবরোধ আর ছুটির দিন ছাড়া সপ্তাহের পাঁচ দিন অযৌক্তিক ও অসফল হরতাল চাপিয়ে দেওয়া হচ্ছে।
এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর সমর্থন তো দূরের কথা, এমনকি দলীয়, জোটের নেতা-কর্মীদেরও দেখা যায়নি। দলীয় নেত্রীর রাজপথ দখলে রাখার ডাক আর নির্দেশ উপেক্ষিত হয়েছে।
রাজপথ সন্ত্রাসীদের দখলে। তাদের কাজই যেন যানবাহন, বিশেষ করে যাত্রীবাহী চলন্ত কিংবা থেমে থাকা বাসে অতর্কিতে পেট্রলবোমা ছোড়া; নিরীহ, নিরপরাধ, যাত্রী, বাসচালক, কন্ডাক্টর, হেলপারদের আগুনে পুড়িয়ে মারা। এ পর্যন্ত শতাধিক লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া বহু দগ্ধ মানুষ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে। এই হচ্ছে বিরোধী দল-জোটের আন্দোলনের বাস্তব চিত্র। তাদের এই ‘আন্দোলন’ সন্ত্রাসী তৎপরতা হিসেবে গণমাধ্যমে পরিচিতি পেয়েছে। জনসমর্থনহীন এ আন্দোলনে সরকার, সরকারি দলের নেতা-কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্যবস্তু করা হয়েছে নিরীহ, নিরপরাধ বাসচালক, কন্ডাক্টর, হেলপার আর রাজনীতিতে অজ্ঞ, নিরুৎসাহী সাধারণ যাত্রীদের। এই আন্দোলন যে ব্যর্থ হতে বাধ্য, তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, সরকার বিএনপি-জামায়াতের আন্দোলন দমনে ‘ঝোপ বুঝে কোপ মারার’ পথ বেছে নিয়েছে। বিএনপিকে নির্বাচনমুখী করতে সুকৌশলে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে। আনন্দের কথা, বিএনপি এতে অংশ নিচ্ছে। উল্লেখ্য, এর আগে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশের বেশ কটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে তারা জয়ী হয়েছিল।
তাই দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে আর আত্মগোপন থেকে বেরিয়ে আসার মোক্ষম সুযোগটি কাজে লাগাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা।
এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্ন, আন্দোলনের অর্জন কী? কদিন আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আন্দোলনের অর্জন হলো জনগণের সমর্থন। কিন্তু বাস্তবে আন্দোলনের অর্জন হলো আগুন-সন্ত্রাস ও ‘বন্দুকযুদ্ধে’ অনেক লোকের প্রাণহানি। শিক্ষা খাতে বিপর্যয়। শিক্ষাক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিন পাঠদানের পরিবর্তে দুই দিন শিক্ষাদান, নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষা না নিতে পারা। ভবিষ্যতে আর যেন আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা কিংবা আন্দোলন দমনের নামে বন্দুকযুদ্ধে মানুষ হত্যার ঘটনা না ঘটে, সেই নিশ্চয়তাই দেশবাসী চায়।
লেখক: নাগরিক, ঢাকা।