আন্দোলনকে সুযোগ হিসেবে নিতে পারে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামে। ছবি: প্রথম আলো
গত রোববার দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামে। ছবি: প্রথম আলো

পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে বাংলাদেশের কিশোর শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তার দৃষ্টান্ত সম্ভবত বিশ্বের ইতিহাসে মিলবে না। তারা চোখে আঙুল দিয়ে আমাদের অনেক কিছুই দেখিয়ে দিয়েছে। এবং তারা যা দেখিয়েছে তা সবই সত্য, এর মধ্যে মিথ্যা কিছু নেই। এখন এই পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং কিছু করণীয় ঠিক করতে হবে। শিক্ষার্থীদের তরফে কিছু দাবি তুলে ধরা হয়েছে এবং যেগুলো তারা তাৎক্ষণিকভাবে তাদের চিন্তা থেকে করেছে। এগুলো সমাধানের প্রতিশ্রুতি ও দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ছাত্রদের বাড়ি ফেরার একটি পথ তৈরি হবে।

সরকারের তরফে ইতিমধ্যে তাদের দাবিগুলো যৌক্তিক হিসেবে মেনে নিয়ে তা পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার নিজেও স্বীকার করেছেন যে তাঁদের অনেক ঘাটতি ও ত্রুটি-বিচ্যুতি রয়েছে। এটা সবাইকে মানতে হবে যে যেভাবে এত দিন চলছিল, সেভাবে আর চলতে পারে না। সরকারকে এই পরিস্থিতি পরিবর্তনে করণীয়গুলো ঠিক এবং অব্যাহত এবং ধারাবাহিকভাবে এর বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর তরফে সুনির্দিষ্টভাবে এই নিশ্চয়তা পাওয়া গেলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

সাধারণভাবে যে সমস্যাগুলো শিক্ষার্থীরা আমাদের সামনে তুলে ধরেছে তা মূলত পুলিশ ও বিআরটিএর বিরুদ্ধে। সরকারকে এই দুটি ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতি করার নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ নজরদারি সংস্থাগুলোর ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দিতে হবে। এই ছোট ছোট শিক্ষার্থী আসলে কী চায়? তারা নিরাপদে তাদের যাতায়াত ও বাড়ি ফেরা নিশ্চিত করতে চায়। কারণ ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নিশ্চিত করতে হলে এই বিষয়টিকে সরকারের উন্নয়ন কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে। বাসের কাঙ্ক্ষিত সেবা ধীরে ধীরে উন্নত করতে হবে। এসব পরিকল্পনা সরকারের তরফে তুলে ধরতে হবে।

সরকারকে সমস্যাটির গভীরতা বুঝতে হবে। শুধু কিছু ফুটওভারব্রিজ বা স্পিডব্রেকার বানানোর প্রতিশ্রুতি দিয়ে বা তা বাস্তবায়ন করে আসলে কোনো ফল মিলবে না। বর্তমান পরিস্থিতিতে সরকার যা করতে পারে তা হচ্ছে, এই আন্দোলন এবং শিক্ষার্থী ও জনগণের চাপকে কাজে লাগিয়ে পরিবহন খাতের নৈরাজ্য দূর করার উদ্যোগ নেওয়া। কারণ পরিবহন খাতের দুষ্টচক্র এতই শক্তিশালী যে সরকার এর সঙ্গে পেরে ওঠে না। ফলে বর্তমান পরিস্থিতির সুযোগ যদি সরকার কাজে লাগাতে ব্যর্থ হয়, তবে পরিবর্তন আনা কঠিন হবে।

পরিবহন খাতের নৈরাজ্য ও অসুস্থ প্রতিযোগিতা দূর করতে চাইলে সবচেয়ে জরুরি কাজটি হচ্ছে একক কোম্পানিভিত্তিক বাস রুট ও সার্ভিস চালু করা। এর কোনো বিকল্প নেই। গুলশান অঞ্চলে এ ধরনের মডেল ব্যবস্থা কার্যকর রয়েছে। এ রকম একটি ব্যবস্থা শহরব্যাপী কার্যকর করার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। প্রধানমন্ত্রী যদি বর্তমান পরিস্থিতিকে একটি সুযোগ হিসেবে নিয়ে এ ব্যাপারে উদ্যোগী হন, তবে কাজটি করা অন্য যেকোনো সময়ের তুলনায় সহজ হবে। এমন কিছু করা গেলে তা হবে একটি টেকসই উদ্যোগ ও পরিবর্তন। জনগণ নিশ্চিতভাবেই এর সুফল পাবে।

সামছুল হক: অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েট