
এ বিষয়ে ইদানীং অনেক লেখালেখি হচ্ছে। মেধা কোটায় ৪৫ শতাংশ নিয়োগের বিধান বৈষম্যমূলক ও সমৃদ্ধ জনপ্রশাসন গড়ে তোলার পরিপন্থী। পাশাপাশি প্রাধিকার কোটায় ৫৫ শতাংশ রাখার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সরকারি বিবৃতি অনুসারে প্রাধিকার কোটায় যথেষ্ট প্রার্থী পাওয়া না যাওয়ায় ৭০ থেকে ৮০ শতাংশ নিয়োগ দেওয়া হচ্ছে মেধাতালিকা থেকেই। উল্লেখ্য, ছাড়টা সাম্প্রতিক কালের। আগে পদগুলো খালি ফেলে রাখা হতো। প্রাধিকার কোটায় প্রার্থীস্বল্পতার কথা আগেও অনেক নিবন্ধে আলোচিত হয়েছে। সে ক্ষেত্রে মেধা কোটা ৮০ শতাংশে উন্নীত করতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই।
এ কোটা সংস্কার আন্দোলনটি গত কয়েক মাসে ধীরে ধীরে সংগঠিত হচ্ছিল। তবে এর ব্যাপক গ্রহণযোগ্যতা থাকলেও সাংগঠনিক কাঠামো ছিল নড়বড়ে। তবু এটা একপর্যায়ে বড় পরিসরে ছড়িয়ে পড়ে। কার্যত গোটা দেশই অনেকটা অচল হয়ে যায়। এ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেন। সংসদে দেওয়া ভাষণে তিনি কোটাব্যবস্থা তুলে দেওয়ার কথা বলেন। শুধু ক্ষুদ্র জাতিসত্তা ও প্রতিবন্ধীদের জন্য কিছু সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কর্মসূচি তখনকার মতো স্থগিত হয়। অন্যদিকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় কোটাব্যবস্থা বাতিল না করে সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আন্দোলনকারীরাও সংস্কারই চাইছিলেন।
আরেকটি বিষয় উল্লেখ্য, আন্দোলনটি ছিল মূলত বিসিএস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ এসব পদে নিয়োগ-সংক্রান্ত। নিচের দিকে অনেক পদ রয়েছে। সেখানে ভিন্ন ভিন্ন ধরনের কোটাও আছে। অনেক ক্ষেত্রেই সেগুলো রাখাও আবশ্যক।
একটু দেখা দরকার, এ আন্দোলনটি এতটা ব্যাপকতা পাওয়ার কিছুদিন আগে কি তার রাশ টেনে ধরা সংগত ছিল না? তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আওতাধীন না হলেও আন্দোলনটি ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। বিঘ্নিত হচ্ছিল তাদের শিক্ষার পরিবেশ। আন্দোলনকারীদের আস্থায় নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে বিষয়টি তুলে ধরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্ভব ছিল। ছিল সমীচীন। সম্ভবত তাদের মাধ্যমে বিষয়টির একটি সমাধানও বেরিয়ে আসত বেশ আগে। সৃষ্টি হতো না তিক্ততা। সরকার দাবি মেনে নিচ্ছে, এটা টের পেয়ে তো তারা সংহতি জানাল আন্দোলনকারীদের সঙ্গে। অর্থাৎ আন্দোলনকারীদের ন্যায্য অবস্থানকে স্বীকার করে নিয়েছে।
এ আন্দোলনকে কেন্দ্র করে কিছু ঘটনায় আমরা মর্মাহত। শিক্ষার্থীদের প্রতি মধ্যরাতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ তাঁদের ক্ষিপ্ত করেছে। কারও ছড়ানো গুজবে বিষয়টি নিয়ন্ত্রণহীনও হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় উপাচার্যের বাসভবনে। এটা সর্বতোভাবে নিন্দনীয়। উপাচার্যের মতে, হামলাকারীরা ছাত্র নয়। ঢাকার পুলিশ কমিশনারও বলেছেন, এরা পেশাদার দুর্বৃত্ত। পুলিশেরও পেশাদারির সঙ্গেই সেই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা সমীচীন। তবে তা করতে গিয়ে উদোর পিণ্ডি যেন বুধোর ঘাড়ে চাপানো না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। আন্দোলনকারী সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে অকারণ বা তুচ্ছ কারণে আতঙ্ক সৃষ্টি করা অসংগত। এমনিতেই সুফিয়া কামাল হলের প্রভোস্ট যা করলেন, তা অধিক আলোচনা নিষ্প্রয়োজন।
এই কোটাব্যবস্থার সংস্কার নিয়ে বারবার একটি দিকে জোর দেওয়া হয়েছে। প্রতিটি কোটা চালু করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। আর এর নিষ্পত্তিও হবে সেইরূপ সিদ্ধান্তে। তবে এসব সিদ্ধান্ত চিরস্থায়ী কিছু নয়। সময়ে-সময়ে প্রয়োজনে সেগুলোও আবার পরিবর্তিত হতে পারে। সংসদীয় স্থায়ী কমিটির মতামতে কিছু মূল্যবান প্রসঙ্গ এসেছে। তারা বলেছে, আমাদের দায়বদ্ধতা আছে দেশের প্রতি। আর সেটা আছে ইতিহাসের প্রতি। তেমনটাই রয়েছে অঞ্চল, ক্ষুদ্র জাতিসত্তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি। এই বক্তব্যের চেতনার সঙ্গে ভিন্নমত নেই। কথা থাকবে অনুপাত নিয়ে। একটি রাজনৈতিক সরকারকে সবদিক বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আর স্পর্শকাতর বলে আলোচনা না করে ফেলে রাখা একধরনের দায়িত্বহীনতা। এ ধরনের কোটাপদ্ধতি চালু হয় মূলত স্বাধীনতার পরপর। তখনকার বাস্তবতায় এ ন্যায্যতার প্রতি তেমন প্রশ্ন ছিল না। পরবর্তী সময়ে সামান্য প্রান্তিক পরিবর্তন হয়। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের কোটাটি দেওয়া হয় তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য। দিন এগিয়ে চলে। সামনে আসে নতুন বাস্তবতা। একে মোকাবিলার বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফলে ক্ষোভ ও অসন্তোষ বাড়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে। যে দায়বদ্ধতার কথা সংসদীয় কমিটি বলেছে, তার কয়েকটি ক্ষেত্রে সাংবিধানিক নির্দেশনাও রয়েছে। তবে সব ক্ষেত্রে নয়।
যা-ই হোক প্রাধিকার কোটা যাঁদেরই দিন, তাঁদের চাহিদার বিষয়টি বিশ্লেষণ করুন সেই শ্রেণির জনসংখ্যার ভিত্তিতে। জনসংখ্যার অনুপাতে যা প্রাপ্য দরকার হলে তার কয়েক গুণ বেশি দিন। জেলা কোটা বাদ দেওয়ার বিষয়ে ব্যাপক জনমত রয়েছে। এটা প্রয়োগ করতে গিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রচণ্ড করণিক ঝামেলায় পড়ে অযাচিতভাবে। বিলম্বিত হয় নিয়োগ-প্রক্রিয়া। যদি কোনো কারণে তা রাখাও হয়, তবে সেটা হতে পারে শুধু পশ্চাৎপদ জেলাগুলোর জন্য এবং থোকে। আর সহজীকরণের স্বার্থে সে জেলাগুলোর প্রার্থীদের মেধাতালিকায় যাঁরা আসবেন না, তাঁদের সেই সংরক্ষিত কোটার সুযোগ দেওয়া যেতে পারে। আর এটাও সময়াবদ্ধ হওয়া প্রয়োজন। তেমনি সময়াবদ্ধ করতে হবে মহিলা কোটা। তবে সব মিলিয়ে প্রাধিকার কোটা ২০ শতাংশে সীমিত রাখা প্রয়োজন।
কোটা সংস্কারের জন্য যে আলোচনা হলো, তা নিষ্পত্তি হলেই শেষ হবে না। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদের নিয়োগবিধিগুলোতে বিশেষ বিশেষ শর্ত থাকে। আবার সেগুলোর কোটা নির্দেশনাও অভিন্ন নয়। এখনকার বিবেচ্য বিষয়টির সঙ্গে তাকে না মিলিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সেগুলো পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মহিলাদের কোটা ৬০ শতাংশ। শিশুদের সঙ্গে তাঁদের নাড়ির টান বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দেশের দূরবর্তী অঞ্চলগুলোতে মহিলাদের থাকার ব্যবস্থা নির্ভরযোগ্য নয় বিধায় সেসব স্থানের বিদ্যালয়গুলো সব সময়ই থাকে শিক্ষক-সংকটে। শহর-বন্দরে প্রেষণ নামে থাকেন সংখ্যাতিরিক্ত শিক্ষক। সময় নিয়ে বিষয়টি একটু পর্যালোচনা করে দেখা যেতে পারে।
আরও কিছু চাকরিতে বৃহৎ সংখ্যায় মহিলা কোটা রাখা দরকার। ক্ষেত্রবিশেষে অপরিহার্য। যেমন নার্স ও ধাত্রী প্রসঙ্গ এখানে উল্লেখ করা চলে। তাই চলমান আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটি হবে তা বিসিএস ক্যাডার পদ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসারসহ অনুরূপ ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখতে হবে। সরকারের সমগ্র চাকরির বিষয় এখানে নিয়ে এলে বড় ধরনের জটিলতা দেখা দেবে। একটু উত্তপ্ত পরিস্থিতি বিলম্বিত হলেও দৃঢ় সিদ্ধান্তের ঘোষণায় আপাতত শান্ত। তবে বিভিন্ন দিক থেকে প্ররোচনা দেওয়া হতে পারে। আন্দোলনটি সাধারণ ছাত্রদের। হতে পারে কেউ কেউ কোনো দল বা মতের সমর্থক। তবে আন্দোলনের গোটা চরিত্র অরাজনৈতিক ও সর্বজনীন ছিল এবং আছে। তবে সরকার বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান না করলে নতুন নতুন জটিলতা অকারণ বিভ্রাট ডেকে আনতে পারে। আন্দোলনকারীদেরও একটু ধৈর্য নিয়ে সুফলের অপেক্ষায় থাকতে হবে।
সরকারপ্রধান যেখানে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, সংসদীয় কমিটি দিয়েছে কিছু দিকনির্দেশনা, সেখানে কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিলে তাঁরাই একটি সরলীকৃত পরিপত্রের খসড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পেশ করতে পারেন। এতে থাকতে হবে বেসামরিক চাকরিতে মেধাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করার সুস্পষ্ট পদক্ষেপ। পাশাপাশি একইভাবে ন্যায়সংগত হারে স্থান পেতে পারে বিভিন্ন প্রাধিকার কোটাধারীদের প্রত্যাশা। সবাইকে বুঝতে হবে চাইলেই সব পাওয়া যাবে না। বাস্তবতা উপলব্ধি করতে হবে আন্দোলনকারীদেরও। বিষয়টিতে বিলম্ব বিভিন্ন নিয়োগপর্ব স্থবির হয়ে যাবে। তেমনি বিভ্রান্তিকর কোনো পরিপত্রও আইন-আদালতে টানাহ্যাঁচড়ায় বিরূপ ফল দেবে। এরূপ কিছু যাতে না হয়, সে বিষয়ে সবাই যত্নবান হবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব
[email protected]