গত মঙ্গলবার বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদে ঢাকাসহ দেশের ১৮টি শহরে জামায়াত-শিবিরের ক্যাডারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দেখে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এই দলটি তাদের সৈনিকদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং সার্বিক বিচারে ধরে নেওয়া যায় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, যার কিছুটা ইঙ্গিত তাদের শীর্ষ পর্যায়ের নেতারা ইতিমধ্যে গণমাধ্যমের বরাতে দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সভায় বলেছেন, সরকার নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দলের সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার খর্ব করছে এবং এ কারণেই রাজপথে এই সংঘাত। কিছুদিন আগে আমি একটি লেখায় লিখেছিলাম যদি বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয় এবং ভবিষ্যতে তার সুযোগ নিয়ে কোনো মৌলবাদী গোষ্ঠীর সমর্থনে অন্য কোনো দল ক্ষমতায় আসে, তা হলে বাংলাদেশে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মতো (ওই দিন রাজাকার-আলবদররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে) অনেকগুলো ১৪ ডিসেম্বরের ঘটনা ঘটবে এবং কয়েক লাখ মানুষকে হয়তো আবার দেশ ত্যাগ করতে হবে। লেখাটি পড়ে আমার একাধিক পাঠক ফোন করে জানায়, তারা আমার লেখা পড়ে একাধারে কিছুটা আতঙ্কিত ও চিন্তিত। তাদের অভয় দিয়ে বলি, তাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে ঠিক, তবে দেশের সাধারণ মানুষ এ ব্যাপারে যদি সচেতন হয়, তা হলে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে ।মঙ্গলবারের ঘটনা দেখে মনে হলো, অবস্থা যতটুকু খারাপ হতে পারে বলে ধারণা করেছিলাম, বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে পারে। স্বাধীনতার ৪১ বছর পর এটি একটি কল্পনাতীত ঘটনা যে জামায়াত-শিবিরের ক্যাডাররা প্রকাশ্য দিবালোকে পুলিশের হাত থেকে তাদের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্রকে লাঠি হিসেবে ব্যবহার করে এই স্বাধীন বাংলাদেশের পুলিশকে নির্দয়ভাবে পেটাচ্ছে। এমন ঘটনা এর আগেও ঢাকায় ঘটেছে, এবার তা ঘটল রাজশাহীতে। ঢাকার আগের ঘটনার সঙ্গে জড়িত ছিল ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যজোটের ক্যাডাররা। আর মঙ্গলবারের ঘটনা দেখে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, ওই দিন এবং তার আগের দিন জামায়াত-শিবিরের ক্যাডাররা তাদের নেতাদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ ও গণসংযোগের নামে যে তাণ্ডব চালিয়েছে, তা ছিল জামায়াত-শিবির-আমিনীর ইসলামী ঐক্যজোট আর হিযবুত তাহ্রীরের যৌথ অভিযান এবং তার আগে তারা এই ধরনের অভিযান পরিচালনা করার জন্য প্রশিক্ষণ নিয়েছে। তাদের এই দুই দিনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । হঠাৎ করে বাংলাদেশের বিরুদ্ধে জামায়াত-শিবিরের যুদ্ধ ঘোষণার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষনেতাদের যে বিচার হচ্ছে, তা বানচাল করা। এর আগে তারা ঘোষণা দিয়েছে, তাদের নেতাদের অবিলম্বে মুক্তি না দিলে মুক্তির দাবিতে তারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে। এই বিচারকাজটি হওয়ার প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই। সে সময় তা না হওয়ার অন্যতম কারণ ছিল, বর্তমানে যাঁদের বিচার হচ্ছে, তাঁরা সবাই তখন পলাতক ছিলেন এবং কেউ কেউ দেশের বাইরেও অবস্থান করছিলেন। জামায়াতের সাবেক আমির গোলাম আযম তো ১৯৭৮ সাল পর্যন্ত বিদেশে অবস্থান করে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করার জন্য জনমত সৃষ্টি করার অপচেষ্টা করেছেন এবং তাঁর নাম করে বিদেশ থেকে প্রচুর অর্থ সংগ্রহ করেছেন। বঙ্গবন্ধু সরকার গঠন করেই জামায়াতসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর রাষ্ট্রপতি জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার নামে এই নিষেধাজ্ঞা তুলে নেন এবং গোলাম আযমকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে দেন। গোলাম আযম নতুন উদ্যমে জামায়াতে ইসলামীর হাল ধরেন। খালেদা জিয়ার প্রথম সরকারের সময় গোলাম আযমের বিচারের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এবং সরকার আন্দোলনকারী ২৪ বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে। অনেকটা তার প্রতিদানস্বরূপ জামায়াত রাজনৈতিক অঙ্গনে বিএনপির হাত ধরে পথচলা শুরু করে। ২০০১-এর নির্বাচনের পর খালেদা জিয়া দ্বিতীয় দফায় সরকার গঠন করলে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মন্ত্রিসভায় ঠাঁই করে দেন। পঁচাত্তর-পরবর্তীকালে জামায়াত রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্র থেকে এত আশকারা এবং প্রশ্রয় পেয়েছে যে তারা এখন অসম্ভব রকমের বেপরোয়া । জামায়াত কখনো ভাবেনি একাত্তর সালের পাপের জন্য তাদের একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে কিছুটা গড়িমসি করলেও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন মহলের চাপে সরকার একাত্তরের ঘাতকদের বিচার শুরু করে। প্রথম দফায় যাঁদের বিচার হচ্ছে, তাঁদের কারও কারও বিচারকাজ সমাপ্তির পথে। জামায়াত হয়তো ধারণা করেনি সরকার এই বিচারকাজকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারবে। কারণ, জামায়াত আন্তর্জাতিক মহলে তাদের দুষ্কর্মের পক্ষে জনমত গঠন করতে সিদ্ধহস্ত। এর জন্য তারা বিপুল অর্থ ব্যয় করে। বর্তমান প্রজন্মের হয়তো জানা নেই, জামায়াতের পিতৃপুরুষ এবং প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ১৯৫৩ সালে লাহোরে কাদিয়ানিবিরোধী দাঙ্গা সৃষ্টি এবং সেই দাঙ্গায় কয়েক হাজার নিরীহ মানুষ হত্যা করার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সেই দাঙ্গা এতই ভয়াবহ ছিল যে পাকিস্তান সরকার তখন লাহোরে সামরিক আইন জারি করতে বাধ্য হয়েছিল। জামায়াত আন্তর্জাতিক অঙ্গনে মওদুদীর সাজা মওকুফ করার জন্য সেবার প্রচার চালিয়ে বেশ সফল হয়েছিল এবং মওদুদীও ছাড়া পেয়েছিলেন। জামায়াতের বর্তমান প্রজন্মের শিবির নামের যুবা বয়সের ক্যাডারদের এসব তথ্য জানার কথা নয়। তাদের আরও জানার কথা নয় যে মওদুদী পাকিস্তান সৃষ্টির তীব্র বিরোধিতা করেছিলেন, যেমন করে তিনি এবং তাঁর দল বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। জামায়াত যখন দেখছে ১৯৫৩ সালের মতো এবার তাদের পরিকল্পনামতো সবকিছু চলছে না এবং তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের সম্ভবত সাজা হয়েই যাবে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মহলেও তাদের প্রচার প্রপাগান্ডা জোরদার করেছে। জামায়াতের আন্তর্জাতিক প্রচার টিমের একজন সদস্য হচ্ছেন ইহুদি বংশোদ্ভূত আইনজীবী টবি ক্যাডম্যান। ক্যাডমেন আবার জামায়াত নিয়োজিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের একজন পরামর্শদাতা। তাঁর সাক্ষাৎকারকে ভিত্তি করে গত ৩১ অক্টোবর সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক আরব নিউজ বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে ক্যাডম্যান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে গিয়ে গণমাধ্যমের সামনে নিজামীর ছেলেকে নিয়ে একই ধরনের প্রচার চালিয়েছেন। জামায়াত-শিবিরের গত কয়েক দিনের কর্মকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এসবেরই ধারাবাহিকতা এবং যতই দিন যাবে, ততই এসব কর্মকাণ্ড আরও ভয়াবহ আকার ধারণ করবে, যদি সরকার এসব কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন না করে। এবারের যুদ্ধ তাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। জামায়াত-শিবির যখন সারা দেশে তাণ্ডবে লিপ্ত, তখন সবচেয়ে হতাশ করেছে আওয়ামী লীগ আর তার অঙ্গসংগঠনগুলো। হতাশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। অবশ্য এই সংসদ ও কাউন্সিল এখন অনেকটা নিষ্ক্রিয় পকেট সংগঠনে রূপান্তরিত হয়েছে। তারা সক্রিয় থাকলে জামায়াত-শিবিরের ক্যাডারদের মাঠে নামতে পারার তো কথা নয়। অবশ্য মঙ্গলবার হয়তো পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে আওয়ামী লীগ ঠিক করেছে এখন তারা মাঠে থাকবে। মঙ্গলবার রাতে দু-একটি টিভি চ্যানেল দিনের ঘটনা নিয়ে বেশ কয়েকটি ভালো অনুষ্ঠান করেছে। তবে মধ্যরাতের টক শো বিশারদেরা বেশির ভাগই তত্ত্বকথায় সীমাবদ্ধ থেকেছেন। খালেদা জিয়ার সম্প্রতি দিল্লি সফর নিয়ে আলাপ-আলোচনায় সবাই একবাক্যে বলেছেন যে তিনি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক না রাখার যে অঙ্গীকার করে এসেছেন, তা বাস্তবায়ন করতে হলে প্রথমে তাঁকে জামায়াতের সংস্রব ত্যাগ করতে হবে। জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জামায়াতের পক্ষ অবলম্বন করেছেন। ভারত সফর শেষে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার সফরসঙ্গী তরিকুল ইসলাম ঘোষণা করেছেন বিএনপির সঙ্গে থাকলে জামায়াত ভারতবিরোধিতার সুযোগ পাবে না। তরিকুল ইসলাম মোটেও বিজ্ঞ রাজনীতিবিদের মতো কথা বলেননি। বর্তমানে অবস্থা যেদিকে যাচ্ছে তাতে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, বিএনপি যদি এখনো সতর্ক না হয় তা হলে অদূর ভবিষ্যতে ধীরে ধীরে বিএনপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। সিলেট থেকে আমাকে অত্যন্ত দায়িত্বশীল একজন সরকারঘনিষ্ঠ কর্মকর্তা বেশ ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, সিলেটে বর্তমানে জামায়াত যে শক্তি নিয়ে আছে, তারা চাইলে যেকোনো মুহূর্তে সিলেটে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। তাঁর ধারণা, সিলেটের পুলিশ প্রশাসনে বর্তমানে অনেক জামায়াত-সমর্থক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং জামায়াত তাঁদের কাছ থেকে অনেক সহায়তা পেয়ে থাকে। এমন অবস্থা অন্যান্য শহরেও আছে বলে অভিযোগ আছে। অভিযোগ যদি সত্য হয়, তা হলে তা চিন্তার বিষয়। সবশেষে অভিনন্দন জানাতে চাই রংপুরবাসীকে, যাঁরা মঙ্গলবার জোটবদ্ধ হয়ে জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করেছেন। এই কাজটি সব জেলায় করতে হবে। সরকারের দিকে তাকিয়ে থাকলে সবাইকে ঠকতে হতে পারে। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।