
স্বৈরাচারবিরোধী আন্দোলনের দিনগুলোতে আমাদের সংস্কৃতিকর্মীদের সমাবেশে প্রায়ই যে দুটি উপস্থাপনা অপরিহার্য ছিল, তার একটি ছিল ফেরদৌসী মজুমদারের কণ্ঠে সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়-এর মাতবরের মেয়ের সংলাপ আর দ্বিতীয়টি ছিল আসাদুজ্জামান নূরের উদাত্তকণ্ঠে সৈয়দ হকেরই অপর কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন-এর প্রস্তাবনা অংশ। নূর কত হাজারবার যে বিভিন্ন জায়গায় এটা আবৃত্তি করেছে, তার হিসাব নেই। যতবার শুনি, ততবারই মুগ্ধ হই ওর বাচনশিল্পে পারঙ্গমতা দেখে। এই সেদিনও গঙ্গা-যমুনা নাট্যোৎসবের উদ্বোধনীতে যখন প্রধান অতিথির বক্তব্য শেষে এ অংশটুকু আবৃত্তি করল, তখন রক্তে যেন আমাদের নাচন লাগল। যতবার শুনি, মনে হয় এই প্রথম শুনছি।
আসাদুজ্জামান নূর এখন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী। তবে আমাদের কাছে আগের সেই প্রিয় মানুষ নূর-ই। নূরের সঙ্গে আমার প্রথম পরিচয় বাংলাদেশের অভ্যুদয়ের পর। আমি তখন বিটপী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। আমাদের একটা ছোট ছাপাখানা ছিল—বারিধি মুদ্রায়ণ। নূর কিছুদিন তার কর্মাধ্যক্ষ ছিল। সেই সুবাদে ওর সঙ্গে ঘনিষ্ঠতা হলো। আমাদের থিয়েটার পত্রিকায় প্রথম সহযোগী সম্পাদক হিসেবে পেলাম ওকে। কথা ছিল, আমাদের থিয়েটার নাট্যদলেই ও থাকবে। কিন্তু আমাদের নাটক মঞ্চে নিয়ে আসতে দেরি হচ্ছে বলে ও যোগ দিল নাগরিকে। নূরকে টিভিতে অভিনয়ের জন্য বন্ধুবর আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম বলে আজ ভাবতে খুব ভালো লাগে।
সুদর্শন, মিষ্টভাষী নূরকে শুরুর দিকে বেশ লাজুকই মনে হতো। তার ভেতরে যে অভিনয়ের অমিত সম্ভাবনা লুকিয়ে ছিল, তা বোঝা যেত না। কিন্তু মঞ্চ বা টেলিভিশনে নূর যখন অভিনয় শুরু করল, তখন দ্রুতই তার প্রতিভা বিকশিত হলো। একসময় ওর জনপ্রিয়তা তুঙ্গ স্পর্শ করল। আমি পৃথিবীর নানা দেশে অনেক বড় বড় অভিনেতার অভিনয় দেখেছি। সে কথা মনে রেখেই আমি বলব, আসাদুজ্জামান নূর একজন বিশ্বমানের অভিনেতা। নূর অভিনয়গুণে যেকোনো ভূমিকায় চমৎকার মানিয়ে যায়। উদাহরণ হিসেবে টিভি নাটকে জমিদারের ভূমিকা হোক বা মাস্তানের চরিত্র কিংবা ছা-পোষা বেকার যুবকের ভূমিকা হোক—নূর সহজেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলে।
মঞ্চে নূরের আগমন আকস্মিক। নাগরিকে প্রথম দিকে ও নেপথ্যে থেকে প্রম্পট করত। হঠাৎ একদিন একজন অভিনেতার অসুস্থতার জন্য তাকে মঞ্চে নামতে হলো। তারপর থেকে তাকে আর পাদপ্রদীপের আলোর বাইরে যেতে হয়নি। দুটি নাটকে নূরের অভিনয় এখনো আমার চোখে ভাসে। একটি হচ্ছে কোপেনিকের ক্যাপ্টেন এবং অন্যটি গ্যালিলিও। সম্পূর্ণ আলাদা ধরনের চরিত্র। কিন্তু কী চমৎকার অভিনয়।
মঞ্চের জন্য আসাদুজ্জামান নূর ব্রেখটের নাটক রূপান্তর করে রচনা করে দেওয়ান গাজীর কিসসা। নাগরিক প্রযোজিত এ নাটকটির নির্দেশকও নূর। নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। নাটকের দলের সাংগঠনিক কাজেও নূর সমান দক্ষ। নূরের নাট্যপ্রতিভার স্বীকৃতি হিসেবে আমরা ওকে মুনীর চৌধুরী সম্মাননা দিতে পেরে খুব আনন্দ পেয়েছি।
টেলিভিশনে নূর যেসব চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে অয়োময়-এ ছোট মীর্জা, বহুব্রীহিতে আনিস, কোথাও কেউ নেইতে বাকের ভাই বিশেষ উল্লেখের দাবি রাখে। হুমায়ূন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠতা নূরের জন্য একটা বড় প্রাপ্তি ছিল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটকগুলোতে প্রধান আকর্ষণ ছিল নূরের অভিনয়। বাকের ভাইয়ের যাতে ফাঁসি না হয়, তার জন্য রাস্তায় মিছিল বেরিয়েছিল। এখনো মন্ত্রী হিসেবে কোথাও গেলে ‘বাকের ভাই’ সম্বোধন তাকে শুনতে হয়।
নূর হুলিয়া, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি ও চন্দ্রকথার মতো ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়েছে। একসময় জীবিকার জন্য বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে যোগ দেয় নূর। সেখান থেকে বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিতে। প্রধান নির্বাহীর গুরুদায়িত্ব পালন করেছে সেখানে। দেশ টিভিতে তার উপস্থাপনায় ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানটি আমাদের দেশের বরেণ্য ব্যক্তিদের অন্তরঙ্গ পরিচিতি দর্শকদের সামনে তুলে ধরেছে।
ঈর্ষণীয় নূরের কণ্ঠ-মাধুর্য। আবৃত্তিকার হিসেবে আমাদের দেশে নূরের নাম অগ্রগণ্য। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে ও অনেক বছর ধরে।
মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। একসময় এ জাদুঘর গড়ে তোলার কাজে কী পরিশ্রমই-না করতে দেখেছি ওকে। নূরের একটা বড় গুণ ঠান্ডা মাথায় একসঙ্গে অনেক কাজ করতে পারে। আবার বন্ধুদের নিয়ে আড্ডা দিতেও ওর জুড়ি মেলা ভার।
একসময় ও রাজনীতিতে যুক্ত হলো। যদিও ছাত্রজীবনে ও ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিল, বৃহত্তর জাতীয় রাজনীতিতে জড়িত হওয়া ওর জীবনের একটি কঠিন সিদ্ধান্তই ছিল। তখন বন্ধুবান্ধব অনেকেই তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সমর্থন দেয়নি। কিন্তু এখন বুঝতে পারি নূরের সিদ্ধান্ত ভুল ছিল না। নীলফামারী থেকে সাংসদ নির্বাচিত হওয়া নূরের জন্য কঠিন ছিল। কারণ, তার নির্বাচনী এলাকা জামায়াতের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু নূর দিনরাত পরিশ্রম করে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে মানুষের মন জয় করতে পেরেছে। অবশ্য তার অভিনয় খ্যাতি এ ক্ষেত্রে খুব সহায়ক হয়েছে।
১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সরকার পরিচালনা শুরু করার পর থেকে আমি বেশ কয়েকবার নূরের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে নানা কাজে দেখা করতে গিয়েছি। সব সময়ই দেখতাম, নূরের হাতে বেশ কিছু কাগজপত্র। তার এলাকার লোকজনকে সাহায্যের আবেদনপত্র। তখনো কিন্তু নূর সাংসদ হয়নি। কিন্তু এলাকার মানুষের জন্য একটা দায়িত্ববোধ কাজ করত। নিয়মিত এলাকায় যেত ও মানুষকে সাহায্য-সহযোগিতা করত।
২০১৩ সালে জামায়াতে ইসলামীর লোকজন নীলফামারীতে নূর ও তার সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালায়। ভাগ্যক্রমে নূর বেঁচে গেলেও তার সমর্থক পাঁচজন তাকে বাঁচাতে গিয়ে নিহত হন। দেশব্যাপী সে হামলার প্রতিবাদে সভা-সমাবেশ হয়েছে।
আজ নূরের জন্মদিন। ৭০ বছর পূর্ণ হলো। বন্ধুবান্ধব ও গুণমুগ্ধরা দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করতে চেয়েছিল। কিন্তু নূর সম্মত হয়নি। মঞ্চে বসে লোকজনের মুখে নিজের প্রশংসা শোনার মতো অস্বস্তিকর আর কিছু হতে পারে না।
আমাদের দেশে এই প্রথম একজন সাংস্কৃতিক ক্ষেত্রের মানুষ সংস্কৃতিমন্ত্রী হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। জন্মদিনে কামনা করি, নূর সুস্থ শরীরে দীর্ঘদিন মানুষের সেবা করে যাক, আর সংস্কৃতির জন্য কিছু অর্থবহ কাজ সম্পন্ন করুক।
রামেন্দু মজুমদার: নাট্যব্যক্তিত্ব।