আপনারও কি ভয় লাগছে না?

২৩ জুলাই প্রথম আলোর শেষ পৃষ্ঠায় একটা ছবিসহ প্রতিবেদন দেখে চোখ আটকে গেল। শিরোনাম—‘নৌকা না পেলে ক্লাস মিস’। সঙ্গে মন খারাপ করে দেওয়া একটি ছবি। কেমন যেন অজানা আতঙ্কেরও। মন খারাপ হলেও, আতঙ্ক বোধ করলেও, এটাই বাস্তব। চরম সত্য।
আকাশে কালো মেঘের ঘনঘটা। নিচে বিস্তীর্ণ জলরাশি। এই জলরাশির ওপর দিয়ে চলছে ছোট এক নৌকা। আরোহী হয়ে বসে আছে ছোট ছোট শিক্ষার্থী।
ছবিটি দেখে কেমন যেন একটা ভয় আর আতঙ্ক ধরে যায় মনে। আকাশ যেমন কালো হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি শুরু হবে না তো? বৃষ্টি হলে ঢেউ বাড়বে। বড় বড় ঢেউয়ে নৌকা গন্তব্যে পৌঁছাতে পারবে তো? নাকি কোনো দুর্ঘটনা ঘটে যাবে!
ভাবছিলাম, ছোট এই বাচ্চাগুলোর কথা। ছবিটি দেখেই আতঙ্ক লাগল। তাহলে বাচ্চাগুলোর মনের অবস্থাটা কেমন থাকে! যারা প্রতিদিন এই পরিস্থিতির মুখোমুখি হয়! বাচ্চাগুলো বর্ষায় প্রতিদিন কী কষ্ট, ভয় আর ঝুঁকি নিয়েই না যাতায়াত করে! পাঠক হিসেবে ভেবে দেখুন তো, প্রতিদিন আপনার আদরের সন্তানটা এভাবে বিদ্যালয়ে যাচ্ছে। আপনারও কি ভয় লাগছে না? তাহলে এই বাচ্চাদের মা-বাবার মনের অবস্থাটা কেমন থাকে!
প্রতিবেদনটি পড়ে জানা গেল, হাওরবেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, ধরমপাশা, দিরাই, শাল্লাসহ বিভিন্ন উপজেলার হাজারো শিক্ষার্থীকে বর্ষাকালে এভাবেই বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা জানিয়েছেন, বর্ষাকালে হাওরাঞ্চলের গ্রামগুলোর সামনের ও পেছনের বিলগুলো ভরে গিয়ে দেখতে বিশাল নদীর আকার নেয়। গ্রামগুলোর অবস্থা হয় দ্বীপের মতো। এ কারণে নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় থাকে না। সরকারি ব্যবস্থাপনায় ইঞ্জিনচালিত বড় নৌকার ব্যবস্থা নেই। তাই ছোট ছোট নৌকায় করেই প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হয় শিক্ষার্থীরা। আবহাওয়া খারাপ থাকলে ঝুঁকি আরও বাড়ে।
এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকেরাও থাকতে চান না। সরকারি স্কুলের শিক্ষকেরা তদবির করে বদলি হয়ে সুবিধামতো স্কুলে চলে যান। কিন্তু এই বাচ্চাগুলোর তো কোথাও যাওয়ার সুযোগ নেই। এখানেই থাকতে হয়। ঝুঁকি নিয়েই পড়াশোনা করতে হয়। এই ঝুঁকি থেকে তাদের মুক্তি দেওয়ার কি কোনো উপায় নেই?
জাতীয় জীবনের বড় বড় সমস্যা নিয়ে প্রশাসন এত ব্যস্ত থাকে যে প্রত্যন্ত অঞ্চলের এই বাচ্চাদের কষ্ট-আতঙ্ক নিয়ে ভাবার অবকাশ হয়তো মেলে না। স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান তো বলেই ফেললেন, এখানে একটি কথা প্রচলন আছে যে ‘বর্ষায় নাও, হেমন্তে পাও (পা)’।
তবে স্থানীয় লোকজন এ সমস্যার একটা সমাধানের উপায় বলেছেন। পানি এখানকার বাস্তবতা—এটা ধরে নিয়েই সমাধানের কথা বলেছেন তাঁরা। তাঁরা চান, বর্ষায় সরকারি ব্যবস্থাপনায় ইঞ্জিনচালিত বড় নৌকার ব্যবস্থা করা হোক। তাতে বাচ্চাদের কষ্ট-ঝুঁকি হয়তো অনেকটাই কমবে। বড় কিছু নৌকার ব্যবস্থা করা নিশ্চয় খুব বেশি ব্যয়বহুল বা সময়সাপেক্ষ ব্যাপার নয় প্রশাসনের জন্য। কিন্তু এর বিনিময়ে শিশুদের যে আনন্দ আর নিরাপত্তা বোধ তৈরি হবে, তার কী কোনো মূল্য হয়! ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নির্ভয়ে বড় নৌকায় করে শিশুর দল বিদ্যালয়ে যাচ্ছে, ভাবতেই ভালো লাগে।