আপাতত গণতন্ত্রের 'ভাত' নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গণতন্ত্রের আবার বিকল্প আছে নাকি! গণতন্ত্রের বিকল্প আরও গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে এ ধরনের কথাই তো আমরা শুনে এসেছি। সেই দিন কি এখন বাসি হতে চলেছে? দুনিয়াজুড়েই তো গণতন্ত্র নিয়ে কোনো সুখবর নেই।
মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করে মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ফ্রিডম হাউস। বিশ্বে গণতন্ত্রের কী অবস্থা, তা নিয়ে বছর বছর তারা প্রতিবেদন প্রকাশ করে। এ বছরের জানুয়ারিতে বের হয়েছে ২০১৫ সালের প্রতিবেদন। তাদের এর আগের প্রতিবেদনগুলো বিবেচনায় নিলে দেখা যায়, ১০ বছর ধরেই গণতন্ত্রের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ২০১৫ সালের প্রতিবেদনে দুঃসংবাদ ছিল, গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি দেশে সে বছর গণতন্ত্রের অবস্থা খারাপ হয়েছে। গণতন্ত্রের মান কমেছে এমন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বা তুরস্ক, হাঙ্গেরি থেকে রুয়ান্ডা, বুরুন্ডির মতো দেশও রয়েছে। এগুলো পুরোনো খবর। এরপর ২০১৬ সালের সাড়ে সাত মাস চলে গেছে। ফ্রিডম হাউসের মতো প্রতিষ্ঠান নিশ্চয়ই গণতন্ত্রের গুণগত ও পরিমাণগত অবস্থা নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সাদা চোখ কী বলছে? গণতন্ত্রের অবস্থা কি আরও নিচে নামছে না?
অবাক করার বিষয় হচ্ছে, এই যে গণতন্ত্রের অবস্থা দিনকে দিন খারাপ হয়েই চলেছে, এ নিয়ে দুনিয়াজুড়ে খুব বড় ধরনের উদ্বেগ বা হতাশাও চোখে পড়ছে না। যেসব দেশ আগে থেকেই কর্তৃত্ববাদী বা একনায়কতান্ত্রিক ছিল, সেই দেশগুলো এই সুযোগে আরও কর্তৃত্ববাদী হয়ে উঠছে। আর যেখানে গণতন্ত্র দুর্বল ছিল, সেখানে কর্তৃত্ববাদ চেপে বসেছে। গণতন্ত্রের বিকাশ মানে সব ক্ষেত্রেই উদার অবস্থান ও উদারনীতির পথে আগানো। কিন্তু খাঁটি গণতান্ত্রিক দেশের লেবেল আঁটা অনেক দেশেও এখন উদার অবস্থান ও মনোভাবের মধ্যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দুনিয়াজুড়ে গণতন্ত্র বা এর ভালো-মন্দ নিয়ে যাদের মাথাব্যথা ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে গেছে, সেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি এখন তাদের সেই ভূমিকা পালন থেকে অনেকটাই সরে এসেছে। এই পরিস্থিতিতে কর্তৃত্ববাদ বা এ ধরনের শাসনকেই যেন বর্তমান দুনিয়ার একটি বাস্তবতা হিসেবে মেনে নেওয়া হচ্ছে। মনে হচ্ছে গণতন্ত্রের এখন আর ‘ভাত’ নেই।
‘ইজ ডেমোক্রেসি ইন ডিক্লাইন?’ এই শিরোনামে গত বছর একটি প্রবন্ধ লিখেছেন মার্কিন থিংক ট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের রবার্ট কেগান। প্রবন্ধটি তিনি শেষ করেছেন অনেকটা এভাবে: গণতন্ত্র একটি নাজুক ফুল। সব সময় এর পরিচর্যা বা যত্ন-আত্তি লাগে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয়, এই ফুল রক্ষা করতে বেড়াও লাগে। ভেতর-বাইরের দুই দিকের বিপদ থেকেই একে বাঁচতে হয়। বেড়া শক্তপোক্ত না হলে এবং আগাছা নিয়মিত সাফ করা না হলে জঙ্গল ও আগাছা ফিরে এসে তার ভূখণ্ড দখল করবেই।
বোঝা যায়, গণতন্ত্র রক্ষায় ভেতর ও বাইরে দুই দিক থেকেই যে পরিচর্যার দরকার পড়ে, দীর্ঘদিন তা হচ্ছে না। ফলে যেসব ভূখণ্ডে গণতন্ত্রের ‘নাজুক ফুল’ ফুটেছিল, সেখানে আগাছা জন্মেছে, জঙ্গল এসে ফুলের বাগানে ঢুকে পড়েছে। আসলেই পরিস্থিতি তা-ই। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাস্তবতা—দুই দিক থেকেই গণতন্ত্র এখন চাপের মধ্যে পড়েছে। যেসব দেশে গণতন্ত্র দুর্বল অবস্থায় ছিল, সেখানে গণতান্ত্রিক দুনিয়ার চাপ বা ‘পরিচর্যা’ গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছিল। পশ্চিম এখন আর সেই দায়িত্ব পালন করছে না অথবা সে ধরনের ভূমিকা রাখার অবস্থা বা বিশ্বপরিস্থিতি আর নেই। অন্যদিকে রবার্ট কেগানের পর্যবেক্ষণ হচ্ছে, ‘ব্রাজিল, ভারত, তুরস্ক বা দক্ষিণ আফ্রিকার মতো গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্রের বিকাশ যতটা আশা করা গিয়েছিল তা হয়নি। এসব দেশ সংকীর্ণ ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গির মধ্যেই আটকে রয়েছে।’ আমরা দেখছি, এই দেশগুলো গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে তো পারছেই না, বরং সেখানেই গণতন্ত্রের মান কমছে, উদারনীতি চাপের মধ্যে পড়ছে।
গণতন্ত্র টিকিয়ে রাখতে ও এর বিকাশের জন্য এই যে পরিচর্যা দরকার, সে কাজটি তবে করবে কে? গণতন্ত্র ছড়িয়ে দেওয়া এবং এর পরিচর্যার নামে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব অতীতে দুনিয়াজুড়ে যেসব ভূমিকা পালন করেছে, সেখানে তারা পুরো সততার উদাহরণ রেখেছে এমন নয়। গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান ছিল হিসাবনিকাশ ও সুবিধানির্ভর। শীতল যুদ্ধের সময় আমরা দেখেছি কমিউনিজম ঠেকাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিম নিজেদের সুবিধামতো একনায়কদের সমর্থন জোগাতেও কসুর করেনি। আবার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যুক্তরাষ্ট্র বা পশ্চিম সম্প্রতি যা করেছে, তা গণতন্ত্রের পক্ষে তার ভূমিকা পালনের শক্তিকে যেমন দুর্বল করেছে, তেমনি প্রশ্নবিদ্ধও করেছে। আফগানিস্তান, ইরাক বা লিবিয়ায় হামলা বা সিরিয়াকে নিয়ে তারা যা করে যাচ্ছে, তা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করেছে।
এই নতুন বিশ্বপরিস্থিতি রাশিয়া ও চীনের মতো কর্তৃত্ববাদী দেশগুলোর অবস্থান ও ভূমিকাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বর্তমান বিশ্বব্যবস্থায় এই দেশ দুটি এখন যথেষ্ট প্রভাব ও শক্তি নিয়ে হাজির আছে। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসনের ধারা বিস্তারের পেছনে এই দেশ দুটি বড় প্রেরণা হিসেবে কাজ করছে। সম্প্রতি আমরা দেখলাম, অভ্যুত্থানচেষ্টা-পরবর্তী তুরস্কের সঙ্গে পশ্চিমা গণতান্ত্রিক শক্তির সম্পর্ক হুট করেই কতটা নিচে নেমে গেছে। আর বিস্ময়করভাবে কিছুদিন আগে যে রাশিয়ার সঙ্গে তুরস্কের বিরোধ চরমে উঠেছিল, তার সঙ্গে গলাগলির ভাব গড়ে উঠেছে। অভ্যুত্থান থেকে বেঁচে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ভাষায়, তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক এখন ‘খুব অন্য রকম পর্যায়ে’ পৌঁছেছে। রাশিয়া ও তুরস্কের সম্পর্কের এই ‘অন্য রকম পর্যায়’ আসলে পশ্চিমা গণতন্ত্রের বিরুদ্ধে কর্তৃত্ববাদী দেশ ও সরকারগুলোর ঐক্যেরই এক উদাহরণ।
চীনের গণমাধ্যম তো বেশ জোরেশোরেই আওয়াজ তুলেছে যে পশ্চিমা গণতন্ত্র অকার্যকর হয়ে গেছে। ব্রেক্সিটের পর চীনের সরকারনিয়ন্ত্রিত পিপলস ডেইলি লিখেছে, এটা পশ্চিমা গণতন্ত্রের মৌলিক ভুলের ফসল। আর যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মনোনয়ন নিয়ে তাদের পর্যবেক্ষণ হচ্ছে, এ ধরনের নেতার উত্থান থেকে বোঝা যায় মার্কিন ব্যবস্থায় রাজনৈতিক নেতারা বর্ণবাদী উত্তেজনা ও অসহিষ্ণুতার মতো জটিল সামাজিক সমস্যা আমলে নিতে পারেন না। এই পত্রিকাটির সহযোগী ও চরম জাতীয়তাবাদী দ্য গ্লোবাল টাইমস লিখেছে, পশ্চিমে যে সন্ত্রাসী হামলা হচ্ছে, সেগুলো আসলে গণতন্ত্র ধসে পড়ার ইঙ্গিত।
বোঝা যায়, গণতান্ত্রিক দুনিয়ার এসব সমস্যাকে চীন নিজেদের শাসনব্যবস্থার পক্ষে সাফাই হিসেবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। ক্লেয়ারমন্ট ম্যাককোনা কলেজের রাজনীতি বিভাগের অধ্যাপক মিনঝিন পেই এক প্রবন্ধে লিখেছেন, ‘চীন বোঝাতে চাইছে যে তার দেশে পরিবর্তন দরকার নেই। তারা এখন মনে করছে, যত দিন মানুষের উচ্চ জীবনমান নিশ্চিত করা যাবে, তত দিন বিকল্প চিন্তার দরকার নেই।’ চীনে আমরা কী দেখছি? কয়েক দশক ধরে তো তারা মানুষের উচ্চমানের জীবন নিশ্চিত করতে পারছে।
এই বিশ্ব বাস্তবতায় এখন প্রশ্ন স্বাভাবিক যে গণতন্ত্র কোনো দেশের জন্য অত্যাবশ্যকীয় বিষয় কি না। আসলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে একটি দেশ এমন জায়গায় যেতে পারে, যেখান থেকে গণতন্ত্রের পথে এগোনো বা পেছানো দুই পরিস্থিতিই তৈরি হতে পারে। এ ক্ষেত্রে বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বাস্তবতা হচ্ছে, গণতন্ত্রের ব্যাপারে একদিকে গণতান্ত্রিক পরাশক্তিগুলোর বৈশ্বিক প্রভাব কমছে, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের আঞ্চলিক বিবেচনায় তাদের লক্ষ্য নির্ধারণ করছে। ফলে সামগ্রিকভাবে ‘গণতন্ত্র’ বিষয়টি খুব গুরুত্ব পাচ্ছে না। অন্যদিকে শক্তিশালী কর্তৃত্ববাদী দেশগুলো এখন প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এটা খুব স্বাভাবিক যে কর্তৃত্ববাদী দেশগুলো উদার অবস্থানের বিরুদ্ধে রক্ষণশীল শক্তিকে সমর্থন করবে।
কেগান লিখেছেন, ‘কয়েক দশক ধরে আমরা যে মুক্ত ও গণতান্ত্রিক বিশ্বপরিস্থিতি পার করেছি তা প্রাকৃতিক আইন বা ঈশ্বরের কাছ থেকে মুফতে পাওয়া কোনো বিষয় নয়। আর এটাই যে মানুষের এগিয়ে যাওয়ার শেষ পথ—এমনও বলা যায় না। উদার বা গণতান্ত্রিক সমাজের চেয়ে ভিন্ন কিছু চায় এমন লোকজনও এই বিশ্বে রয়েছে। এত দিন হয়তো তারা সুবিধা করতে পারেনি বা পথ খুঁজে পায়নি। কিন্তু বিষয়টি এমন নয় যে তাদের শাসনপদ্ধতি অসম্ভব বা অবাস্তব।’ বর্তমানে দুনিয়াজুড়ে আমরা যা দেখছি তাতে তাঁর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করার খুব সুযোগ আছে কি? আমরা তো আসলেই দেখছি যে উদার ও গণতান্ত্রিক সমাজের বাইরে ভিন্ন কিছু চায় এমন লোকজন বিশ্বে রয়েছে এবং অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসন দিনে দিনে বাস্তব হয়ে উঠছে।
এটা কি আমরা জোর গলায় দাবি করতে পারি যে রাশিয়ায় পুতিন যে শাসন কায়েম করেছেন বা চীনে যে শাসন চলছে অথবা এ ধরনের কর্তৃত্ববাদী শাসনের আরও যে মডেল তৈরি হচ্ছে, তা ভবিষ্যতে দীর্ঘ সময় টিকে থাকবে না! কেগান মনে করিয়ে দিয়েছেন
যে মানব সভ্যতায় শাসনের ইতিহাসে গণতান্ত্রিক শাসনের চেয়ে কর্তৃত্বপরায়ণ শাসনের ইতিহাসই দীর্ঘ।
বিশ্ব কি তবে তার সেই পুরোনো ও দীর্ঘদিনের ঐতিহ্য কর্তৃত্ববাদী শাসনকেই নতুন বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছে? কেগান অবশ্য শেষ পর্যন্ত গণতন্ত্রের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য একটি উদার বিশ্বব্যবস্থা ও গণতান্ত্রিক পরাশক্তি বা বড় গণতান্ত্রিক শক্তিগুলোর জোটের সমর্থন ও ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কিন্তু সমস্যা হচ্ছে, আজকের বিশ্ববাস্তবতার পেছনে যদি কোনো ‘আদি পাপ’ থেকে থাকে, তবে তা করেছে কিন্তু গণতান্ত্রিক পরাশক্তিগুলোই। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আজকের সন্ত্রাস পশ্চিমা বিশ্বেরই ‘উপহার’। সন্ত্রাস ও নিরাপত্তা যখন বিশ্বজুড়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তখন মানুষের স্বাধীনতা, গণতন্ত্র বা উদার যেকোনো অবস্থান বিপর্যস্ত হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখছি বিশ্বে কর্তৃত্ববাদী শাসন জোরদার হওয়ার শর্তগুলো খুবই জোরালোভাবে বিদ্যমান। অনেক দেশ তা করবে সন্ত্রাস, মুসলিম জঙ্গি, আইএস বা আল-কায়েদা ঠেকানোর নামে, কেউ বিচ্ছিন্নতাবাদ, আঞ্চলিক বা জাতিগত অসন্তোষ দমাতে, কোনো দেশ মাওবাদ বা মাদক চোরাচালান ঠেকাতে। পশ্চিমা দেশ তার উদারনীতি ছাড়বে অভিবাসীদের ভয়ে, কোনো কোনো দেশের জনগণ নিজেদের পরিশুদ্ধ করতে গিয়ে ‘গণতান্ত্রিকভাবেই’ জাতি-ধর্মবিদ্বেষী দলকে ক্ষমতায় বসাবে, প্রধানমন্ত্রী করবে বা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে। এ সবই তো এখন দুনিয়াজুড়ে ঘটে চলেছে। এই দুনিয়ায় এখন গণতন্ত্রের ভাত কোথায়!
বাংলাদেশে গণতন্ত্রের মান বা দুর্দশা নিয়ে যাদের মনে হতাশা, দুঃখ বা ক্ষোভ রয়েছে, দুনিয়াজুড়ে গণতন্ত্রের অবস্থা বিবেচনায় নিলে তাদের মনে কিছু সান্ত্বনা জুটলেও জুটতে পারে!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]