করোনার প্রথম ঢেউয়ে অনেক আবেগতাড়িত ছিলাম। তাই মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও বিতরণের কাজে ব্যতিব্যস্ত ছিলাম। পাশাপাশি আবেগের বশে সীমিত জ্ঞানের বহর নিয়েও পত্রিকায় কিছু লেখালেখির প্রচেষ্টা চালাই। দ্বিতীয় ঢেউয়ের শুরুতেও কিছু করার উপায় খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু কার্যকর কোনো উপায় খুঁজে না পেয়ে আবারও কিছু লেখালেখির মাধ্যমে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করি। সীমিত জ্ঞানের অধিকারী হওয়ায় করোনা বিষয়ে আর কোনো নতুন পরামর্শ নেই। তা ছাড়া প্রদত্ত পরামর্শ রাষ্ট্র কতটুকু গ্রহণ করে, তা–ও জানা নেই। তবে মাঝেমধ্যে রাষ্ট্রকে ব্ল্যাকহোলের মতো মনে হয়। যে যতই পরামর্শ দিক না কেন, তা যেন অন্ধকারের অতল গভীরে হারিয়ে যায়। প্রতিটি মন্ত্রণালয়ের একজন পাবলিক রিলেশন অফিসার আছেন। যাঁর কাজ মন্ত্রণালয়–সম্পর্কিত সব নিউজ সচিব কিংবা মন্ত্রী মহোদয়ের নজরে আনা। কিন্তু এসব নিউজ বিশ্লেষণ করে তার নির্যাস কাজে লাগানোর উদাহরণ আছে কি না, তা জানা নেই। তবে কাউকে শায়েস্তা করার উদাহরণ তো প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনা থেকে বুঝতে পারি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যকে সঠিকভাবে বিশ্লেষণ করে তা সঠিক কাজে লাগানোর জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে শক্তিশালী তথ্য পর্যালোচনা সেল গঠন করা জরুরি।
বর্তমান ঢেউ মোকাবিলা যখন শেষ পর্যন্ত লকডাউনে এসেই ঠেকল, তখন লকডাউনের সাফল্য কামনা করা ছাড়া এখনো কিছু খুঁজে পাইনি। এবারের লকডাউন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি ও তা প্রয়োগের চিত্র আমাদের চোখে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর উপস্থিতি ও কঠোরতা ইতিমধ্যে নজর কেড়েছে। এ কঠোরতা বজায় থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে হয়তো সাফল্য আসতে পারে। তবে একটা বিষয় ভাবার তো অবকাশ রয়েই যায়। সংক্রমণ দমনের অন্যান্য উপায় জানা সত্ত্বেও কেন শেষ পর্যন্ত বারবার লকডাউনকেই একমাত্র উপায় হিসেবে বেছে নিচ্ছি?
ডেলটা ভেরিয়েন্ট দেশে ঢুকবে এবং তাণ্ডব চালাবে, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার তো প্রয়োজন নেই। ভারতের সঙ্গে আমাদের ৪ হাজার ৯৬ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে। এ দীর্ঘ সীমান্ত দিয়ে যেমন আছে বৈধ যাতায়াতের ব্যবস্থা, তেমনি আছে অবৈধ যাতায়াতের ব্যবস্থা। বৈধ যাতায়াত কড়াকড়ি করলেও অবৈধ যাতায়াত ঠেকানোর ব্যবস্থা কতটুকু করতে পেরেছি, তা আমাদের জানা নেই। তবে সীমান্ত জেলাগুলোর সংক্রমণের উচ্চ হার এবং ক্রমে তা কেন্দ্রের দিকে ধাবিত হওয়া প্রমাণ করে, কাজটি আমরা ঠিকমতো করতে পারিনি।
খেটে খাওয়া মানুষের প্রতি একান্ত অনুরোধ, আপনারা স্বতঃস্ফূর্তভাবে চলমান লকডাউন পালন করুন, যদিও সেই সুযোগ বা সামর্থ্য আপনাদের অনেকের নেই। আর তা না করতে পারলে লকডাউনের মেয়াদ বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যার খেসারত আপনাদেরই বেশি দিতে হবে
প্রতিবারই কি আমরা করোনাকে ঘরে ঢোকার সুযোগ দিয়ে তাকে বেশ কিছুদিন লালন-পালন করে পরিশেষে লকডাউনকেই মহামারি নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত করছি না? অনেকটা তুরুপের তাসের মতো ব্যবহার করছি না? লকডাউন তো শেষ অস্ত্র, যার রয়েছে অর্থনীতি এবং শিক্ষাব্যবস্থায় ব্যাপক ক্ষতিসাধনসহ বহুমাত্রিক বিধ্বংসী ক্ষমতা। আর আমরা তা ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এটির সঠিক প্রয়োগে যেমন করোনার ঢেউয়ের ঝাঁজ কমানো যায়, তেমনি অর্থনীতিসহ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস ওঠে, যার আঁচ নিয়মিত আয়ের উপরিতলার লোকজনের গায়ে তেমন না লাগলেও খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি চরম সীমায় পৌঁছায়। আর সঠিক প্রয়োগ করতে না পারলে তো পুরোটাই লোকসান, যার প্রমাণ আমরা বিগত সব লকডাউনে দেখেছি।
মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালন না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতা হয়তো দু-এক দিন তাদের দমিয়ে রাখতে পারবে। কিন্তু পেটের টানে যে তাদের ঘর থেকে বের হতেই হবে। ফলে তাদের ওপর লাঠিপেটার বা জরিমানার দৃশ্য আমরা গণমাধ্যমের কল্যাণে দেখতে পারব। এসব এখন আমাদের গা-সয়ে গেছে। আমরা কেউ হয়তো এগুলো দেখে মন খারাপ করব। আবার কেউ হয়তো সাধ্য অনুযায়ী এসব মানুষের সাহায্যে এগিয়ে যাব। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাও একসময় ঝিমিয়ে পড়বে। ফলে মানুষের চলাচল বাড়বে। কর্তৃপক্ষ লকডাউনের মেয়াদ বাড়াবে এবং একসময় লকডাউন শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে। এসব চিত্র আমাদের কাছে নতুন নয়।
তবে এবার রিকশাকে লকডাউনের আওতামুক্ত করা হয়েছে। সে ক্ষেত্রে অন্যবারের তুলনায় এবারের লকডাউনকে মানবিক বলা চলে। কারণ, রিকশাচালকদের অন্তত না খেয়ে থাকতে হবে না। কিন্তু যাঁরা রিকশায় চড়ছেন, তাঁদের পকেট সাবাড় হচ্ছে। কারণ, গণপরিবহনসহ সব যন্ত্রচালিত যানবাহন বন্ধ করায় রিকশার ওপর চাপ বাড়ায় রিকশা ভাড়া অনেক বেড়েছে। আর এমনিতেই দূরে কোথাও রিকশায় যেতে গেলে গণপরিবহনের তুলনায় বহুগুণ বেশি খরচ করতে হয়। বেসরকারি অফিস বন্ধ থাকার কথা বলা হলেও বাস্তবতার নিরিখে তা কি বন্ধ রাখা সম্ভব? তাই তাঁদের অফিসে যেতে হচ্ছে। আর অফিসে যাওয়ার একমাত্র উপায় হাঁটা বা রিকশায় চড়া।
অন্যদিকে এবারের লকডাউনও অনেকটা কলকারখানাবান্ধব। কেননা কলকারখানা খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে। ফলে শ্রমিকদের কারখানায় যেতে হচ্ছে। আর বেশির ভাগ কলকারখানার শ্রমিক পরিবহনের জন্য নিজস্ব কোনো ব্যবস্থা নেই। তাই শ্রমিকদেরও সেই হাঁটা বা রিকশার ওপর নির্ভর করতে হচ্ছে। তবে হ্যাঁ, গণপরিবহনের অভাবে কম মানুষ করোনার টেস্ট করাতে যাবে, ফলে সংক্রমণের সংখ্যা কমে আসবে। আগামী দু-তিন দিনের মধ্যে লকডাউন–পূর্ববর্তী সংক্রমণের সংখ্যা আট হাজারের ঘর থেকে চার, তিন, দুই হাজার বা তার নিচে এলেও অবাক হওয়ার কিছু নেই। ফলে আমরা হয়তো সংক্রমণ কমে গেছে—এ আত্মতুষ্টিতে ভুগব। আর পরীক্ষার সংখ্যার তুলনায় সংক্রমণের হার কত, তা সাধারণ মানুষের বোঝার সুযোগ কোথায়? কিন্তু হাসপাতালের রোগীর চাপ আর আইসিইউ বেডের সংকট কমলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারব, লকডাউনের ফলে প্রকৃতপক্ষেই সংক্রমণ কমেছে।
তাই খেটে খাওয়া মানুষের প্রতি একান্ত অনুরোধ, আপনারা স্বতঃস্ফূর্তভাবে চলমান লকডাউন পালন করুন, যদিও সেই সুযোগ বা সামর্থ্য আপনাদের অনেকের নেই। আর তা না করতে পারলে লকডাউনের মেয়াদ বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যার খেসারত আপনাদেরই বেশি দিতে হবে।
● ড. সৈয়দ আব্দুল হামিদ অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়