আফগান-পাকিস্তান সম্পর্কে জট লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রাসিয়াব খটক
আফ্রাসিয়াব খটক

আফগানিস্তানে এবারের গ্রীষ্মেও গত দুই বছরের মতো রক্তপাত হয়েছে, যার একমাত্র কারণ হচ্ছে বছরের শেষভাগে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটা। গত ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আফ-পাক নীতি ঘোষণা করেছেন। সেখানে তিনি আফগানিস্তানের সশস্ত্র সংঘাতের আঞ্চলিক চরিত্রের ওপর আলোকপাত করেছেন। নতুন কৌশলে বেশ বড় পরিবর্তন এসেছে, অর্থাৎ কে সেখানে কী ভূমিকা পালন করবে সে বিষয়ে; পাকিস্তানের ওপর যার কিছু সুনির্দিষ্ট প্রভাব পড়তে পারে। সেপ্টেম্বরের ৪ তারিখে ব্রিকস সম্মেলনের শেষে ঘোষিত ইশতেহারে কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে (যার অধিকাংশই পাকিস্তানভিত্তিক)। সন্ত্রাসীদের এই তালিকায় তালেবানদের নাম আছে।
এই ঘোষণায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে আফগানিস্তানের সঙ্গেও সংহতি জানানো হয়েছে। এসব ঘোষণায় এটা একদম পরিষ্কার যে পাকিস্তানের সৃষ্ট ‘ভালো তালেবান’ নীতি এই পৃথিবীতে কেউ গ্রহণ করবে না। আর সে যদি এই নীতি নিয়ে এগোতে চায়, তাহলে নিশ্চিতভাবেই তাকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অনেক সময়ই এই কথাটা বলেছেন। কিন্তু প্রতিবারই নিরাপত্তা বাহিনী চিন্তা না করে বলেছে, বেসামরিক প্রশাসন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছে।
২০১৫ সালের জুলাই মাসের পর আফগানিস্তানে সশস্ত্র সংঘাত থামানোর কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়নি। আফগানিস্তানে তালেবানদের নিয়ন্ত্রণে কী পরিমাণ ভূমি আছে তার ওপর নজর দেওয়া হয়েছে। আর সেই পরিমাণ বাড়ার কারণে আফগান রাষ্ট্রের বৈধতা প্রশ্নের মুখে ফেলা হয়েছে।
তবে সম্প্রতি পাকিস্তানের ওপর যে আন্তর্জাতিক চাপ এসেছে, তা অগ্রাহ্য করা কঠিন। অক্টোবরের পয়লা তারিখে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আফগান নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে কাবুল সফর করেন। কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার বিবেচনায় সেখানে কোনো পক্ষই আশাবাদ প্রকাশের চেয়ে বেশি কিছু করেনি। মনে হচ্ছে উভয় পক্ষই সেই চতুর্পক্ষীয় প্রক্রিয়া শুরু করতে চায়, ২০১৫ সালের জুলাই মাসের পর যেটা বন্ধ হয়ে গিয়েছিল। তালেবানরা মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর দ্বিতীয় বৈঠকে আসতে চায়নি। অজুহাতটা খুবই দুর্বল ছিল। মূলত তালেবান ও তাদের বিজ্ঞ পরামর্শদাতারা শক্তিশালী অবস্থান থেকে আলোচনা করার জন্য সময় ক্ষেপণ করতে চেয়েছিল, যাতে তারা আরও ভূমি দখলে আনতে পারে। গত তিন বছরে তারা আফগানিস্তানের একটি প্রদেশও দখল করতে পারেনি। অন্যদিকে তাদের তথাকথিত আমির এখনো লুকিয়ে আছেন এবং ডুরান্ড লাইনের পূর্ব পাশে জায়গা বদল করে বেড়াচ্ছেন—তো এই অবস্থায় তারা আলোচনায় অংশ নেবে কেন?
কিন্তু তালেবানদের খামখেয়ালির চেয়েও বড় ব্যাপার হলো পাকিস্তানের নিরাপত্তা মহলের আচরণ। আফগানিস্তানে তারা কৌশলগতভাবে যে অনেকটা ভেতরে ঢুকে পড়তে চায়, সেখানে তার সবচেয়ে কার্যকর অস্ত্র হচ্ছে তালেবান—তারা এমনটাই মনে করে। ১৯৯৪ সালে তালেবান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের ব্যাপারে পাকিস্তানের নিরাপত্তা মহলের মনোভাবের ধারাবাহিকতা এক অনন্য ব্যাপার। এমনকি জেনারেল পারভেজ মোশাররফের জমানায় ৯/১১-এর হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যখন তুঙ্গে ওঠে, তখনো নিরাপত্তা মহলের এই মনোভাবে পরিবর্তন আসেনি।
তালেবানের নেতৃত্বই শুধু নয়, তাদের মিত্র আল-কায়েদার নেতৃত্বে পাকিস্তানে ঢুকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে; যেখান থেকে তারা আফগানিস্তানে নতুন যুদ্ধ শুরু করতে পেরেছে। বাস্তব ক্ষেত্রে পাকিস্তানের এই নীতি এখনো অটুট আছে, যদিও নিরাপত্তা কর্মকর্তারা দেড় দশক ধরে এটা অস্বীকার করে আসছেন। পাকিস্তানের সরকারি মুখপাত্রদের এই দ্বিচারিতার ব্যাখ্যা দেওয়া কঠিন। একদিকে তাঁরা তালেবানদের এসব ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করেন, অন্যদিকে তাঁরা বলেন, আফগান যুদ্ধ তাঁরা পাকিস্তানে নিয়ে আসতে চান না। কথা হচ্ছে আফগান তালেবানরা যদি পাকিস্তানে না থাকে, তাহলে আফগান যুদ্ধ পাকিস্তানে আসবে কী করে?
একইভাবে কেন্দ্রশাসিত উপজাতি অঞ্চলে ২০১৪ সালে জরব-ই-আজব অভিযান শুরু হলে ধারণা করা হয়েছিল, ওই অঞ্চল ভালো ও মন্দ উভয় প্রকৃতির তালেবানদের কবল থেকে মুক্ত হবে। কিন্তু পরবর্তীকালে ওয়াজিরিস্তান থেকে হাক্কানিদের সরিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু সেখানে মার্কিন ড্রোন হামলার মধ্য দিয়েই নিশ্চিত হয়। এই এলাকা থেকে জিম্মিদের সরিয়ে নেওয়ার যে খবর সম্প্রতি বেরিয়েছে তা ভালো, কিন্তু একই সঙ্গে এটাও নিশ্চিত হয় যে সেখানে হাক্কানি নেটওয়ার্কের কাজ আছে।
এখন কথা হলো পাকিস্তানের আফগান নীতিতে পরিবর্তন আনতে হলে বেসামরিক সরকারকে অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামাবাদে এই কথা অনেক মানুষের কাছেই সুবিদিত যে আফগান-সংকট মোকাবিলায় রাজনৈতিক সমাধানই টেকসই হবে। এই যুক্তির সারবত্তা থাকার পরও আফগান নীতিতে বেসামরিক সরকারকে দূরে রাখা হলে ব্যাপারটা আত্মপ্রবঞ্চনার মতো হবে। পাকিস্তানের পশতু রাজনৈতিক নেতাদের পরিস্থিতি সম্পর্কে গভীর বোঝাপড়া আছে, সমাধান খোঁজার ক্ষেত্রেও তাদের প্রভাব আছে। কিন্তু তাদের আফগান নীতি থেকে অনেক দূরে রাখা হয়েছে। এই ভুল নীতির কারণে পশতু অঞ্চলে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। নিরাপত্তা মহল শুধু সেনা কৌশল নিয়েই চিন্তিত, আফগান নীতির কৌশলগত মনোভঙ্গি তারা আমলে নিতে পারেনি। এতে আফগানিস্তান ও পাকিস্তানে সংঘাতময় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কথাটা শেষে বললেও তা কম গুরুত্বপূর্ণ নয়, সেটা হলো পাকিস্তানের এই আফগান নীতি ১৯৮০-এর দশকে জিহাদি প্রকল্পের উপজাত, যেটা এখনো জারি আছে। এই নীতিতে তথাকথিত আর কোনো পরিবর্তন আনা হলে তা হবে অসুখের মূল কারণ স্পর্শ না করে লক্ষণের পেছনে ছোটার শামিল।
দ্য নেশন ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
আফ্রাসিয়াব খটক: পাকিস্তানি আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষক।