আফগানিস্তানে আমেরিকার নতুন ঘুঁটি আইএস-কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান আর আমেরিকার হাতিয়ার বনতে রাজি না, সেহেতু তাদের আমদানি করতে হচ্ছে আইএসকে
ফাইল ছবি: এএফপি

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার মধ্যে দিয়ে কি আফগানিস্তানে আমেরিকার ‘প্ল্যান বি’–এর অশুভ উদ্বোধন হলো? এই ঘটনায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়েছেন। মূলধারার গণমাধ্যমের বাইরে ইউটিউবে প্রকাশিত কিছু ভিডিওর সূত্রে জানা যাচ্ছে যে, নিহতদের মধ্যে বেশির ভাগের দেহে ছিল বুলেটের আঘাত। সে সব ভিডিওতে অভিযোগ করা হয়েছে বোমা হামলার পরপরই বিমানবন্দরে মার্কিন সেনারা গুলি ও ড্রোন হামলা চালিয়েছিল। এই অভিযোগ সত্য হলে এর মধ্যে দিয়ে অভিষেক হলো সন্ত্রাসের বিরুদ্ধে নতুন যুদ্ধের। বরাবরের মতোই এই যুদ্ধের খলনায়ক ‘মুসলিম জঙ্গি’। তবে এই দফায় সত্যিকার প্রতিযোগিতা করতে হবে পাশ্চাত্যের সমরকূটনাদের (কূটনীতি, জনমত তৈরি আর যুদ্ধকৌশলের মিশ্রণকে সমরকূটনা নাম দেওয়াই যায়)। নয়া তালেবান স্বয়ং এখন জঙ্গিবাদের বিরুদ্ধে হওয়ায় মার্কিনিদের ডাবল গেম খেলে যাওয়া আগেরবারের মতো সহজ হবে না।

শান্তি অনেক দূরে
সাম্প্রতিক ঘটনাবলি কোন দিকে যাচ্ছে, তার আলাপের আগে আফগানিস্তানের দুঃখ কেন শেষ হয় না সেই আলাপটা ফের তোলা যাক। প্রথম শিল্প বিপ্লব ছিল বাষ্পীয় ইঞ্জিনচালিত, দ্বিতীয় শিল্পবিপ্লব চলে তেলের জ্বালানিতে। তৃতীয় শিল্পবিপ্লব কম্পিউটার প্রযুক্তিতে হলেও চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তার মিল প্রযুক্তিতে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সর্বশেষ প্রযুক্তির জরুরি উপাদান হলো মাইক্রোচিপ। এই চিপ তৈরির খনিজ তথা ‘রেয়ার আর্থ’ বা বিরল মাটিতে ভরপুর আফগানিস্তান। তেলের অভিশাপে মধ্যপ্রাচ্য যেমন জ্বলছে আফগানিস্তানও জ্বলবে তার এই অমূল্য সম্পদের তাপে।

আফগান ভূমি অস্থির। চতুর্দিকে পরাশক্তি কিংবা ভূরাজনৈতিক মাতবরদের দ্বারা ঘেরাও থাকা দেশ শান্ত থাকবে কীভাবে? একদিকে চীন, অন্যদিকে সাবেক সোভিয়েত ‘স্তান’ রাষ্ট্রগুলোর আড়ালে রাশিয়া। আরেক পাশে ইরান-পাকিস্তান-তুরস্ক। আফগানিস্তানে জনপ্রিয় গণতান্ত্রিক শাসন নয়, আমেরিকার দরকার তাকে দিয়ে চীন ও রাশিয়ার পাঁজরে মুসলিম জঙ্গিবাদের আগুন জ্বালানো। সেই কাজ একসময় তালেবান-আল কায়েদা করেছে, এখন করবে আইএস।

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সর্বশেষ প্রযুক্তির জরুরি উপাদান হলো মাইক্রোচিপ। এই চিপ তৈরির খনিজ তথা ‘রেয়ার আর্থ’ বা বিরল মাটিতে ভরপুর আফগানিস্তান। তেলের অভিশাপে মধ্যপ্রাচ্য যেমন জ্বলছে আফগানিস্তানও জ্বলবে তার এই অমূল্য সম্পদের তাপে।

প্রতিরোধের বিশ্বাস
প্রতিটি দখলাধীন দেশ স্বাধীনতার জন্য তার সবকিছুকে সশস্ত্র করে নিজস্ব পরিচয়-পোশাক-ধর্মবিশ্বাস সকল কিছুকে হাতিয়ার বানায়। ভারতে হিন্দুত্ব, ইরানে শিয়া-ইসলাম, কোরিয়ায় শিন্টো মতবাদ, লাতিন আমেরিকায় লিবারেশন থিওলজিখ্যাত প্রতিরোধী খ্রিস্টবাদ এ কাজেই ব্যবহৃত হয়েছে। আফগানিস্তানের বামপন্থী ঐতিহ্য সমূলে বিনাশের পর হাতে রইল কেবল ইসলাম। সেই ইসলামকে সশস্ত্র করা হলো আর হাতে রইল প্রাচীন হুন ও শাক্য জাতির উত্তরাধিকার পশতুন বা পাঠান গোত্রীয় কনফেডারেশন। কিন্তু প্রতিরোধের যুগে ভারতীয় কংগ্রেস রামরাজত্বের কথা বললেও স্বাধীন ভারতের সংবিধান সেক্যুলার আদলে রচিত হয়। তালেবানকেও প্রতিরোধের যুগের দর্শন সংস্কার করে তাকে বিশ্বজনীনতার কাছাকাছি করে নিতেই হবে। হতেই হবে জাতীয় ও দায়িত্বশীল। নতুবা তারও বিদায় ঘটবে অন্য কোনো প্রতিরোধশক্তির হাতে। জনগণ বসে থাকবে না আর সাম্রাজ্য অসন্তুষ্ট জনমনের আগুন দিয়ে নিজের চুরুট ধরাবেই।

আগের চাল বনাম নতুন খেলা
এসব তো হালের কথা। বিশ শতকে আফগানিস্তান সাম্রাজ্যের নিশানায় আবার আসে ১৯৭৮ সালে। সেবারও বিশ্বকে ভড়কে দিয়ে সহসা পিপলস ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তানের নেতৃত্বে ক্ষমতা দখল করে। কমিউনিস্টরা দজ্জাল শাসক, রাজা জহির শাহের ভাই মোহাম্মদ দাউদকে উৎখাত করে। বিপ্লব এতই জনপ্রিয় ছিল যে, প্রায় দেড় লাখ মানুষ নতুন পতাকা হাতে কাবুলে মিছিল করে। নতুন সরকারের বিরুদ্ধে মানুষকে কথা বলানো পশ্চিমা মিডিয়ার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে।
রাজতন্ত্রের আমলে আফগানদের গড় আয়ু ছিল মাত্র ৩৫। তিনটি শিশুর একটি বাচ্চা অবস্থাতেই মারা যেত। নব্বই ভাগ মানুষ ছিল অশিক্ষিত। নতুন সরকার সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি চালু করে। ১৯৮০’র দশকের শেষাশেষি বিশ্ববিদ্যালয়গামীদের অর্ধেকই ছিল নারী। চিকিৎসকদের ৪০ ভাগ এবং শিক্ষকদের ৭০ ভাগও নারীরা অর্জন করে নেয়। প্রশাসনে নারীরা ছিল অর্ধেকের মতো। সংখ্যালঘুরা সমান মর্যাদা পায়, শাহের আমলের আটক লোকদের মুক্তি দেওয়া হয়। নারীরা পছন্দসই পোশাকে পছন্দের জায়গায়, যেমন কফিশপ বা সিনেমা হলে যেতে পারত।

তবে ভুল হয় তিনটি জায়গায়। স্বাধীন আফগান সরকারকে সোভিয়েতের পুতুল বলে পশ্চিমারা যে প্রচার দেয়, তা ঠেকাতে না পারা এবং রক্ষণশীল গ্রামীণ সমাজমানসকে আমলে না নেওয়া। মুজাহেদিন ও তালেবানদের মোকাবিলায় সোভিয়েত সেনা সাহায্য নেওয়া। এসবের ফল হয় বুমেরাংয়ের মতো।

রক্তাক্ত কূটনামির কুফল
পরের গল্পটাও অনেকেরই জানা। ১৯৭৯ সাল, সেটা ইরান বিপ্লবের বছর, তেহরানে মার্কিন কনস্যুলেটের জিম্মি নাটকের বছর। ওই বছরই জিমি কার্টার প্রশাসন মার্কিন কংগ্রেসকে না জানিয়ে ৫০০ মিলিয়ন ডলারের গোপন অপারেশনের তহবিল বরাদ্দ করে আফগান কমিউনিস্ট নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে। সিআইএ এই অপারেশনের নাম দেয় অপারেশন সাইক্লোন। এই টাকায় তৈরি হয় তালেবানদের পূর্বসূরি ‘মুজাহিদিন’ যোদ্ধারা। সৌদি আরব সারা মুসলিম জাহান থেকে মুজাহিদ সংগ্রহের ঠিকাদারি পায়। ইসলামের নামে উগ্র মতাদর্শ প্রচারের জন্য উপমহাদেশ, আরব ও আফ্রিকার দেশগুলোতে আমেরিকা-সৌদি উদ্যোগে অনেক ‘ইসলামি সাহিত্য’ ও জেহাদি মোল্লা তৈরি শুরু হয়। পাকিস্তানি আইএস, ব্রিটিশ এমআই-৬ আর মার্কিন সিআইএ বামবিরোধী জেহাদের জন্য লোক রিক্রুট করা শুরু করে। নিউইয়র্কের ব্রুকলিনে অধুনা বিধ্বস্ত টুইন টাওয়ারের কাছের ইসলামি কলেজ থেকে রিক্রুট হন একজন সৌদি প্রকৌশলী। দুনিয়া এখন তাঁকে একনামে চেনে বিন লাদেন বলে। পরের কয়েক দশকে এই রক্তাক্ত কূটনামির কুফল বিশ্ব দেখেছে।

মার্কিন-ব্রিটিশ এই যৌথ চক্রান্তের মূল উদ্দেশ্য তখনো যা ছিল, এখনো সেটাই আছে। সেটা হলো রাশিয়া ও চীনের নাজুক উদর মধ্য এশিয়াকে ফ্যাসিবাদ-সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া। এই ফ্যাসিকো-টেররের যে হাতিয়ার তার হাতলে লেখা থাকে ইসলামের নাম। নিপীড়িত মুসলিম দেশগুলো থেকে নিপীড়িতদের দিয়ে অন্যকে নিপীড়নের এই খেলাকেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা।

তালেবান যখন সন্ত্রাসবিরোধী
এখন যেহেতু তালেবান আর মার্কিন হাতিয়ার বনতে রাজি না, সেহেতু তাদের আমদানি করতে হচ্ছে বর্বর আইএস-কে। ইরাকে-সিরিয়ায় আইএস আমদানি করেছিল সিআইএ। ইরাকি-সিরিয় সরকার ইরান ও হিজবুল্লাহর সমর্থনে যে প্রতিরোধের বর্ম তৈরি করে আইএস ধ্বংসে নেমেছিল, তা থেকে এই ভাড়াটে যোদ্ধাদের পরিত্রাণ দেয় পেন্টাগন। প্রথমে ইরাক-সিরিয়ার তেলক্ষেত্র লুটে তাদের ব্যবহার করা হয়। গবেষণা দেখিয়েছে আফগানিস্তানে সবচেয়ে বেশি পপি চাষ হয় মার্কিন দখলদারির সময়ে। তালেবানদের আয়ের মাত্র ১০ ভাগ আসত পপি থেকে, বাকি নব্বই ভাগ তারা পেত দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে সিকিউরিটি মানি আদায়ের মাধ্যমে। ইরাক-সিরিয়ায় তো পপি চাষ হবে না, তাই কালোবাজারে তেল বেচা টাকায় ধনী বানানো হয় আইএস যোদ্ধাদের, কেনা হয় সর্বাধুনিক অস্ত্র।

এহেন আইএস যখন প্রতিরোধের বর্মের আক্রমণে ধ্বংসের মুখে, তখন ব্রিটিশ বিবিসি ও মার্কিন সিবিএস রাক্কা’স ডার্টি সিক্রেট শিরোনামের প্রতিবেদনে জানায়, যে সিআইএ আইএস যোদ্ধা ও তাদের পরিবারকে বাঁচায় ও নতুন জায়গায় প্রতিষ্ঠা করে। এগুলো এখন ওপেন সিক্রেট বিধায় বিস্তারিততে যাওয়া হলো না।

আফগানিস্তানে জনপ্রিয় গণতান্ত্রিক শাসন নয়, আমেরিকার দরকার তাকে দিয়ে চীন ও রাশিয়ার পাঁজরে মুসলিম জঙ্গিবাদের আগুন জ্বালানো। সেই কাজ একসময় তালেবান-আল কায়েদা করেছে, এখন করবে আইএস।

আইএস-কে: আমেরিকার নতুন ঘুঁটি
এই আইএস যোদ্ধাদেরই এখন বসানো হচ্ছে আফগানিস্তানে। এমনকি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, যিনি এখন নতুন তালেবান সরকার পত্তনে বিভিন্ন পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, তিনিও আইএস-খোরাসান বা আইএস-কে’কে যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন।

ব্রাজিলিয় ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার এশিয়া টাইমসে এ নিয়ে বিস্তারিত লিখেছেন। (লেখকের অনুমতিক্রমে লেখাটি বিনা পয়সায় পড়া যাবে এখান থেকে: https://thesaker.is/enduring-terror-forever-from-al-qaeda-to-isis-k/) আফগানিস্তানে প্রেরিত বিশেষ প্রেসিডেনশিয়াল দূত জামির কাবুলফও বলেছেন যে, স্থানীয় গোত্রপতিরা তাঁকেও এমনটাই জানিয়েছেন। তালেবানও মনে করে তাদের প্রধান শত্রু পানশিরের সিআইএ পরিচালিত বিদ্রোহীরা নয়, বরং প্রধান শত্রু সিআইএ-প্রেরিত আইএস। তালেবানরা এমনকি বিমানবন্দরে হামলার আগে মার্কিন সেন্টকম কমান্ডারকে এ বিষয়ে হুঁশিয়ারিও করেছিল।

ইতিহাসের লীলা বোকায় বোঝে না
সন্ত্রাসের বিরুদ্ধে নতুন যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি সেই সব শক্তিকে, যাদের আমেরিকা সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিয়েছিল, যাদের দেশে আগ্রাসন চালিয়েছিল। সেই তথাকথিত সন্ত্রাসীরাই, সেই তালেবান-হিজবুল্লাহ-সিরিয়া-ইরাক-ইরানকেই দেখা যাবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের সামনের সারিতে। এবং আবশ্যিকভাবে তাদের পাশে থাকছে চীন ও রাশিয়া। কবি বলবে, ইতিহাসের লীলা বোঝা ভার। কিন্তু ওয়াকিবহাল ও সৎ বিশ্লেষকেরা বলবেন, ‘আহাম্মক, এটাই ভূরাজনীতি। এখানে ধর্ম বা পোশাক বা জাতি দেখ না, ভূরাজনৈতিক স্বার্থের খেলা দেখ’।

ফারুক ওয়াসিফ লেখক ও সাংবাদিক।
[email protected]