আফপাক নীতির জন্য নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রাসিয়াব খটক
আফ্রাসিয়াব খটক

ডোনাল্ড ট্রাম্প ২২ আগস্ট যে নতুন আফগান নীতি ঘোষণা করেছেন, সেটি স্বচ্ছতা, পূর্ণাঙ্গতা ও ব্যঞ্জনার দিক থেকে বেশ আকর্ষণীয়। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের যে গভীর, দীর্ঘ ও কষ্টকর প্রক্রিয়া রয়েছে, সেটাও এই গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নে ভূমিকা পালন করেছে।

এতে আফগানিস্তানে সেনাসংখ্যা তেমন একটা বাড়বে না। তবে আগের মতো সেনা প্রত্যাহারের আগাম তারিখ জানানো হয়নি। তারা বলেছে, সৈন্য প্রত্যাহার করা হবে কি না তা মাঠের বাস্তবতার ভিত্তিতে ঠিক করা হবে। এর আগে বিপুল সেনা মোতায়েন করেও কাজ হয়নি। কারণ, তালেবানরা আগেই জানত আন্তর্জাতিক সেনা কবে প্রত্যাহার করা হবে। সে জন্য তারা অপেক্ষা করার নীতি গ্রহণ করত। তখন যুক্তরাষ্ট্রের হাতে থাকত ঘড়ি, আর তালেবানদের হাতে থাকত সময়। এবারের নীতিতে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস (এএনএসএফ)-কে প্রশিক্ষিত করার কথা রয়েছে। তাদের জায়গায় অন্য কেউ লড়াই করতে আসবে না। সরঞ্জামাদি ও প্রশিক্ষণে কিছু ঘাটতি ছিল। অতিরিক্ত যে সরঞ্জাম ও প্রশিক্ষণ (বিশেষ করে আকাশ সহায়তা) আসবে, তাতে এদের শক্তি ও মনের জোর দুটোই বাড়বে। নতুন নীতির অধীনে মার্কিন সেনানায়কেরা আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অধিকতর স্বাধীনতা পাবেন। এতে তাঁরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে যে নজর দেওয়া হয়েছে, সেটি এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আফগানিস্তানে আন্তর্জাতিক সেনা মোতায়েনের এটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ লক্ষ্য। কিন্তু এতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

কথা হচ্ছে আফগানিস্তানে জাতি গঠন করা বিদেশিদের কাজ নয়। এটা তাদেরই করতে হবে। নতুন নীতিতে আফগানিস্তানকে সমর্থনের কথা বলা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তাদের বিনা শর্তে সব দেওয়া হবে। জাতীয় মতৈক্যের সরকারকে সংস্কার, দুর্নীতির মূলোৎপাটন ও বৈধতা অর্জনের প্রশ্নে সব প্রচেষ্টা জড়ো করতে হবে। কৌতূহলোদ্দীপক ব্যাপার হলো নতুন নীতিতে আফগানিস্তানের জাতীয় মতৈক্যের সরকারের প্রতি সমর্থন জানানো হলেও রাজনৈতিক সমাধানের দরজাও খোলা রাখা হয়েছে। এতে নীতিটি শক্তিশালী হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন আফগান নীতিতে দেশটির স্থিতিশীলতা রক্ষায় ভারতের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে। তবে আফগানিস্তানে ভারতের সামরিক হস্তক্ষেপের প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়েছে। ভারত সেখানে ইতিমধ্যে সড়ক, বাঁধ, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। তবে এই নীতিতে পাকিস্তান সম্পর্কে যা বলা হয়েছে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আফগানিস্তানে তালেবান শাসন জারির ব্যাপারে পাকিস্তান যে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে তা নাইন–ইলেভেনের পর বিভিন্ন মার্কিন নেতৃত্বের সমালোচনার মুখে পড়েছে। ওবামা আফগান নীতির নাম বদলে আফপাক নীতি নামকরণ করেছিলেন। এতে বোঝা যায়, তিনি পাকিস্তানকে এই সমস্যার অংশ মনে করতেন। এমনকি তিনি হুমকি দিয়েছিলেন, পাকিস্তান যদি বিদ্রোহীদের আশ্রয় দেয়, তাহলে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা হবে। যাহোক, পাকিস্তানের এখন আফগান-বিষয়ক এই ভুল নীতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে; যেটা বিগত কয়েক দশকে মারাত্মক আকার ধারণ করেছে।

অন্যদিক থেকে দেখলেও পাকিস্তানের জন্য এটা আত্মঘাতী নীতি। সেই ১৯৮০-এর দশকে জিহাদি প্রকল্পের আওতায় সামরিক ও প্রভাব বিস্তারের নীতির আলোকে পাকিস্তানের আফগান নীতি গড়ে উঠেছে। নানা সময় দাবি করা হয়েছে, এই নীতিতে পরিবর্তন এসেছে, কিন্তু বাস্তবে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন আসেনি। এর লক্ষ্য হচ্ছে আফগান রাষ্ট্র ও তার আন্তর্জাতিক মিত্রদের পরাজিত করে পুতুল সরকারকে ক্ষমতায় বসানো। সংসদ বা নির্বাচিত রাজনৈতিক সরকার—কেউই এর অনুমোদন করেনি।

বিশেষভাবে পাকিস্তানের পশতুরা এর বিরোধিতা করে, কারণ এতে তারা সন্ত্রাসীদের নজরে পড়ে যায়। পাকিস্তানের সামরিক ক্ষমতাচক্রই এককভাবে আফগান নীতি প্রণয়ন করে থাকে। আর রাজনৈতিক সরকার যদি তা সমর্থন না করে, তাহলে তাদের উৎখাত পর্যন্ত করা হয়। ভালো তালেবানদের সমর্থন করার নীতির কারণে পাকিস্তানে সন্ত্রাস দীর্ঘায়িত হয়েছে, যদিও দেশের মানুষ ও সামরিক বাহিনীর অনেক সদস্য বীরোচিত ত্যাগ করেছেন। চার দশক ধরে পাকিস্তান যেন যুদ্ধের রঙ্গমঞ্চ। আর যুদ্ধে জেনারেলরা ছড়ি ঘোরাবেন, তাতে বিস্মিত হওয়ার কী আছে। সে কারণে জিহাদি প্রকল্পের প্রতি সহায়তা ও গণতন্ত্রের হুমকি একই উৎস থেকে উৎসারিত হয়।

গত কয়েক বছরে পাকিস্তান এই দুর্বল আফগান নীতি পর্যালোচনার অনেক সুযোগ নষ্ট করেছে। কৌশলগত অংশগ্রহণের নীতি তারা মুখে মুখে সমালোচনা করলেও বাস্তবে পরিবর্তনের ছিটেফোঁটা দেখা যায় না। অন্যদিকে পাকিস্তানে আফগানিস্তানকে তালেবান বানাতে এত গুরুত্ব দিয়েছে যে মধ্য এশিয়ার বাজারে তার আর ঢোকা হয়নি। আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে গুরুত্ব দেওয়ার সুযোগ তার হয়নি। ২০১৪ সালে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনুমোদনের সময়ও পাকিস্তান আফগান নীতি গুটিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। আমাদের বোঝানো হয়েছিল, সর্বোচ্চ পর্যায়ে পরিবর্তন আসবে।

কিন্তু এটা কখনো ঘটেনি। যদিও পাকিস্তানের পক্ষে জাতীয় স্বার্থ বুঝে নেওয়ার সব সম্ভাবনাই আছে, রাজনৈতিক ও কূটনৈতিক কায়দায়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে মিল রয়েছে, দুনিয়ার আর কোনো দুটি দেশের মধ্যে এত মিল নেই। এই সম্ভাবনা কাজে লাগানো যেত, যদি পাকিস্তান তালেবানদের সঙ্গে প্রেম না পাতিয়ে আফগানিস্তানকে বন্ধু বানাত।

তবে নীতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছাও একইভাবে জরুরি, একইভাবে চীন, রাশিয়া, ইরান ও মধ্য এশিয়ার কথা উল্লেখ করা হয়নি। এরা গুরুত্বপূর্ণ পক্ষ, তারা আফগান সমস্যা নিরসন ও টেকসই সমাধান দিতে পারে। আমরা আশা করি, এই অঞ্চল ও বাইরের দেশগুলো দ্বৈত ভূমিকায় অবতীর্ণ না হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

পাকিস্তানের দৈনিক দ্য নেশন থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

আফ্রাসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।