গত কয়েক দিনে ইউরোপের একটি বড় অংশজুড়ে জীবনযাত্রা প্রায় অচল করে দেওয়ার মতো প্রচণ্ড তুষারপাত লন্ডন, প্যারিস ও অসলোর রাজনীতিকদের যতটা না উদ্বিগ্ন করেছে, তার চেয়ে অনেক বেশি বিচলিত করেছে আফ্রিকার ইসলামপন্থী জঙ্গি সন্ত্রাসীদের এক নাটকীয় ও দুর্ধর্ষ অভিযান।আলজেরিয়ায় আমেনাসে একটি বহুজাতিক গ্যাস পরিশোধনকেন্দ্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলা ও জিম্মি নাটকের যে করুণ পরিণতি ঘটেছে, তা শুধু পাশ্চাত্যের রাজধানীগুলোতেই নয়, বিশ্বের নানা প্রান্তে রাজনীতিক ও নীতিনির্ধারকদের অনেকটাই হকচকিত করে দিয়েছে। সাম্প্রতিক কালে একসঙ্গে এতগুলো দেশের এত বেশিসংখ্যক জিম্মির এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর ঘটেনি। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৭ জনই বিদেশি নাগরিক। নিখোঁজ আরও ডজন খানেক বিদেশিকে জীবিত উদ্ধারের আশা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন জাপানি, তিনজন যুক্তরাষ্ট্রের, ছয়জন ব্রিটিশ, ছয়জন ফিলিপিনো, পাঁচজন নরওয়েজিয়ান এবং দুজন করে মালয়েশিয়া ও রুমানিয়ার নাগরিক।গত বৃহস্পতিবার নাটকীয় এক অভিযানের মাধ্যমে সন্ত্রাসীরা আলজেরিয়ার প্রত্যন্ত শহর আমেনাসের গ্যাসক্ষেত্রে অভিযান চালিয়ে প্রায় ৮৫০ জনকে জিম্মি করে। তাঁদের মধ্যে ৬৮৫ জন আলজেরীয় আর শ খানেক বিদেশি কর্মী হয় পালিয়ে যেতে সক্ষম হন, অথবা জিম্মিকারীরাই তাঁদের ছেড়ে দেয়।আফ্রিকার একটি বড় অংশজুড়ে বিস্তৃত কথিত ইসলামিক মাগরেব অঞ্চলের আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী এ হামলার জন্য দায়ী বলে পাশ্চাত্যের নেতারা যেমন অভিযোগ করেছেন, তেমনি হামলার দায়িত্বও স্বীকার করেছেন ওই গোষ্ঠীর নেতা মোক্তার বেলমোক্তার। তবে যে বিষয়টি নিরাপত্তা বিশেষজ্ঞ ও পাশ্চাত্যের নেতাদের আরও বেশি ভাবিয়ে তুলছে, তা হলো হামলাকারীদের বহুজাতিক চরিত্র। আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদেল মালেক সেলাল জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ছিলেন আলজেরিয়া, নাইজেরিয়া, মিসর, মালি, মৌরিতানিয়া, তিউনিসিয়া ও কানাডার নাগরিক। তিনি জানান, হামলাকারীদের মধ্যে ২৯ জন নিহত হয়েছে আর তিনজনকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা আলজেরিয়ায় প্রবেশ করেছিল মালি থেকে।অপহরণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জিম্মিকারীদের বিরুদ্ধে আলজেরীয় সেনাবাহিনীর ‘নিনজা’ কমান্ডোদের অভিযান চালানোর খবর পাওয়া যায় এবং বিশ্বের নানা প্রান্তের রাজধানীগুলোয় শুরু হয় দুঃসংবাদের ক্ষণগণনা। সন্ত্রাসী ঘটনায় নিজেদের নাগরিকদের প্রাণহানির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ না পাওয়ায় লন্ডন, প্যারিস ও ওয়াশিংটনে একধরনের অস্বস্তির ছাপ দৃশ্যমান হতে থাকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর বিতর্কিত ইউরোপীয় নীতি ঘোষণার জন্য পূর্বনির্ধারিত বিদেশ সফর বাতিল করে গত শুক্রবার পার্লামেন্টে হাজির হন জরুরি এক বিবৃতি দেওয়ার জন্য। তিনি সেদিন যে বিবৃতি দেন, তাতে দুটি বিষয় ছিল লক্ষণীয়। প্রথমত, বড় ধরনের দুঃসংবাদের জন্য সবাইকে মানসিকভাবে তৈরি করা, দ্বিতীয়ত, আলজেরীয় কর্তৃপক্ষের একলা চলার নীতির কারণে সৃষ্ট রাজনৈতিক অস্বস্তি ঢাকা দেওয়া। সে জন্য তিনি সবার মনোযোগ একটু ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন সন্ত্রাসকে বৈশ্বিক পর্যায়ে মোকাবিলার ইস্যু। তিনি সন্ত্রাসকে বৈশ্বিক সমস্যা হিসেবে বর্ণনা করে এর সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান। বিবিসির টোকিও সংবাদদাতা জানিয়েছেন, জাপান সরকার জিম্মিকারীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করে তাদের নাগরিকদের মুক্ত করার জন্য আলোচনার উদ্যোগ নিতে আলজেরীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।এই অবস্থায় আলজেরীয় সরকারের সমর্থনে এগিয়ে আসেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, সন্ত্রাসীরা জিম্মিদের হত্যার উদ্যোগ নেওয়াতেই আলজেরিয়াকে এ পদক্ষেপ নিতে হয়েছে। আলজেরীয় তথ্যমন্ত্রীও বলেন, সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে জিম্মিদের মালিতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল, তেমনটি ঘটলে তাঁদের আর কিছুই করার থাকত না। এরপর ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অনেকটা মুখরক্ষার ঘোষণায় বলেন, এসব মৃত্যুর জন্য পুরোপুরিভাবে দায়ী হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো।এ হামলার কৃতিত্ব দাবি করে মৌরিতানিয়ার সংবাদমাধ্যমের কাছে একটি রেকর্ডকৃত ভিডিও পাঠান জিহাদি নেতা মোক্তার বেলমোক্তার। বিবৃতিতে বলা হয়, মালিতে ফরাসি সেনা অভিযানের জবাব দিতে এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে দাবি করেন, জিম্মিদের ছেড়ে দেওয়ার জন্য তিনি আলজেরীয় সরকারের কাছে আলোচনার প্রস্তাব দিলেও তাতে সরকার সাড়া দেয়নি। তবে, সামরিক বিশ্লেষকদের ধারণা, মালিতে ফরাসি সেনা অভিযানের সপ্তাহ খানেকের মধ্যে এত বড় আকারের অভিযান পরিচালনা সম্ভব নয়। তাঁদের বিশ্বাস, এ হামলার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে।নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, আফগান যুদ্ধে একটি চোখ হারানো বেলমোক্তার নিজে একটি চৌকস কমান্ডো দল গড়ে তুলেছেন, যা ‘সিগনেটোরিস ইন ব্লাড’ নামে পরিচিত। মাগরেব অঞ্চলের আল-কায়েদা কমান্ডের অধীন আল মুলাথামিন নামে আলজেরিয়ায় তৎপর একটি গোষ্ঠীর অংশ হচ্ছে এ কমান্ড।বেলমোক্তার পশ্চিম আফ্রিকার বিস্তৃত অঞ্চলে সিগারেটের কালোবাজারি নিয়ন্ত্রণ করে থাকেন বলে সামরিক গোয়েন্দাবলয়ে তিনি মি মার্লবোরো নামে অধিক পরিচিত। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিগারেট চোরাকারবারি ছাড়া বিদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ও তাঁর অর্থ সংগ্রহের প্রধান কৌশল। সাহারা মরুভূমির বিশাল এলাকাজুড়ে এসব জিহাদি গোষ্ঠীর তৎপরতা।পণবন্দী পরিস্থিতির অবসানের পর প্রধানমন্ত্রী ক্যামেরন ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন, উত্তর আফ্রিকা এখন জিহাদি তৎপরতার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হতে চলেছে। তিনি সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার বিষয়কে আন্তর্জাতিক পরিসরে অগ্রাধিকার দেওয়ার কথাও ঘোষণা করেছেন। যে মালিকে কেন্দ্র করে ওই অঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলোর তৎপরতা বিস্তৃত হয়েছে, সেই মালিতে জঙ্গি ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে সামরিক অভিযান পরিচালনাকারী ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাঁরা দেশটিকে জয় করতে দৃঢ়প্রতিজ্ঞ। অবশ্য মালিতে সেনা অভিযানের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন, বিদ্রোহীরা যাতে দেশটিকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রে রূপান্তরিত করতে না পারে, সে জন্যই তাঁরা সেখানে সামরিক হস্তক্ষেপ করছেন। বিদ্রোহীদের অগ্রাভিযানের মুখে চাপের মধ্যে থাকা মালির সরকারের সাহায্যের আহ্বানে সাড়া দিয়েই ফ্রান্স তার সাবেক এই উপনিবেশে সামরিক ভূমিকা গ্রহণ করেছে। একটি আফ্রিকীয় শান্তিরক্ষী বাহিনীর কাছে দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরই হচ্ছে ফরাসি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।তবে মালিতে ঘাঁটি গেড়ে থাকা জিহাদিদের আলজেরিয়ায় সন্ত্রাসী অভিযানের পটভূমিতে এখন পাশ্চাত্যের দেশগুলোর আরও বেশি ভূমিকা নেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আয়তনের দিক থেকে ফ্রান্সের চেয়ে বড় দেশ মালিতে মাত্র হাজার দুয়েক ফরাসি সেনার পক্ষে জিহাদিদের পরাস্ত করা সহজ নয় বলে বিশেষজ্ঞদের অনেকেই মত দিয়েছেন। আবার ব্রিটেন বা যুক্তরাষ্ট্র এ মুহূর্তে ফরাসিদের মতো প্রত্যক্ষ সামরিক ভূমিকা নেবে, তেমন সম্ভাবনাও ক্ষীণ।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতন ঘটার সময় গাদ্দাফির অনুসারীদের অনেকে এবং তাঁদের ভাড়াটে সেনারা লিবীয় অন্ত্রসম্ভারের মজুত যখন মালিতে নিয়ে যাচ্ছিল, তখন সেদিকে নজর দিতে ব্যর্থ হয়েছে পাশ্চাত্যের শক্তিগুলো। গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, আলজেরিয়ায় গ্যাসক্ষেত্রের হামলায় এমন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা বেলজিয়ামে তৈরি, সরবরাহ করা হয়েছিল গাদ্দাফি সরকারকে।ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক রাফায়েলা পানতুচ্চি বিবিসিকে বলেছেন, উত্তর আফ্রিকার এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের বিরুদ্ধে একধরনের শত্রুতা বজায় আছে। আলজেরিয়ায় ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী জিআইএকে নির্বাচনে বিজয় সত্ত্বেও ক্ষমতায় যেতে না দিয়ে সামরিক বাহিনী যেভাবে দমন করেছিল, তাতে ফ্রান্সের ভূমিকা ছিল। নব্বইয়ের দশকে এ গোষ্ঠী প্যারিসে সন্ত্রাসী হামলার সঙ্গেও যুক্ত ছিল। তাঁর মতে, এখন যে আশঙ্কা তৈরি হয়েছে, তা হলো, তাদের সঙ্গে যুক্ত হচ্ছে মালির জিহাদি গোষ্ঠীগুলো ও সোমালিয়ার আল শাবাব। এমনকি নাইজেরিয়ার বোকো হারামের সঙ্গেও এদের সহযোগিতার আলামত দৃশ্যমান উল্লেখ করে পানতুচ্চি বলেছেন, আফ্রিকার ইসলামপন্থী গোষ্ঠীগুলোই এখন পাশ্চাত্যের শত্রু হিসেবে আবির্ভূত হতে চলেছে।আশঙ্কা তৈরি হয়েছে যে উত্তর আফ্রিকার এ জিহাদি গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ইউরোপের প্রধান শহরগুলোয় সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়বে। এ কারণে ইউরোপজুড়ে নিরাপত্তাব্যবস্থায় নজরদারি আবার কঠোরতর হবে, সেটাই স্বাভাবিক। ফরাসি সরকার তো ইতিমধ্যেই সে দেশে নিরাপত্তা সতর্কতা জোরদার করার ঘোষণা দিয়েছে।কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।