
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীদের জন্য রাখা প্লাস্টিকের চেয়ারগুলোর একটায় বসে আছেন আবছার আলী। তাঁর কপাল থেকে শুরু করে মাথার মাঝ বরাবর চকচকে টাক; দেহের গড়ন ও চেহারা বেশ গাট্টাগোট্টা। সঘন মোটা ভুরুর নিচে চোখ দুটো জ্বলজ্বল করছে; তিন-চার দিনের খোঁচা-খোঁচা দাড়ি-গোঁফের থুতনির অংশটায় সাদা ছোপ ধরেছে।
কাউন্টারের অন্য সব চেয়ার ফাঁকা; একজন যাত্রীও নেই। ঈদুল আজহার আগের দিন; উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাট থেকে ঢাকার দিকে কে আসবে? বরং উল্টো দিকেই ছুটছে সবাই; লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে বেরিয়ে পড়েছে নিজ নিজ ‘বাড়ি’র উদ্দেশে। পথে পথে জটিল যানজটের ঘোঁট লেগে গেছে।
কিন্তু উল্টো পথে যাবেন বলে জয়পুরহাট শহরে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে বসে আছেন ৪০ বছর বয়সী আবছার আলী, যিনি ১৭ বছর ধরে দূরপাল্লার যাত্রীবাহী বাস চালাচ্ছেন। ঠিক আগের দিনই তিনি যাত্রীসমেত ঢাকা থেকে জয়পুরহাট ফিরেছেন। পরদিন দুপুর না হতেই আবার এসে বসে আছেন কাউন্টারে: যদি বাই-চান্স একটা ‘ট্রিপ’ পাওয়া যায়। তাঁর সঙ্গে আমার গল্প করার সুযোগ হলো।
‘এক ট্রিপ মানে কী?’ আমি জানতে চাইলে তিনি আমাকে বুঝিয়ে দিলেন, জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে ঢাকা কিংবা চট্টগ্রাম যাওয়া, সেখানে ওই যাত্রীদের নামিয়ে দিয়ে নতুন যাত্রীদের নিয়ে ফিরে আসা—এই হলো এক ট্রিপ। কপাল ভালো হলে স্বাভাবিক সময়ে ঢাকায় এক ট্রিপ দিতে লাগে মোটমাট ১৬ থেকে ১৮ ঘণ্টা; চট্টগ্রাম ৩০ থেকে ৩২ ঘণ্টা। রাত-দিনের বাছবিচার নেই; যাত্রী নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়ে নতুন যাত্রীরা, তাদের নিয়ে আবার ছুটে চলো ফিরতি পথে।
‘আপনি একসঙ্গে কয় ট্রিপ গাড়ি চালান?’
‘দুই ট্রিপ। কিন্তু সব সময় তো পাওয়া যায় না। এই যেমন, আজকা মনে হোচ্চে কপালত্ নাই।’
‘একসঙ্গে দুই ট্রিপ, মানে, যাওয়া, ফিরে আসা, আবার গিয়ে আবার ফিরে আসা?’
‘হয় হয়।’
‘টানা ৩৬ ঘণ্টা?’
‘হয়। আর যদি চিটাগাঙের ট্রিপ হয়, তালে কমসে-কম ৬০-৬২ ঘণ্টা।’
‘বলেন কী? রেস্ট নেন না?’
‘কিসের রেস্ট? চা খাওয়ারও টাইম নাই। যাত্রী নামিচ্ছে নামিচ্ছে, ব্যাবাকের নামা শ্যাষও হয়নি, এরই মধ্যে লতুন যাত্রী উঠিচ্ছে। আবার ছোটো রে!’
‘রাতে, বাস চালাতে চালাতে ঘুম চলে আসে না?’
‘তখন পান মারা লাগবে!’
‘মানে?’
‘হাকিমপুরি জর্দা দিয়ে পান মারা লাগবে। আর বোতলে বোতলে খালি পানি দিবেন আমাক্। আর কেচ্ছু লাগবে না।’
‘কখনো অ্যাকসিডেন্ট করেননি?’
‘এই ১৭ বছরের মধ্যে একবার খালি এডা ছাগল মরিছে আমার গাড়ির তলে পড়ে।’
‘অন্য ড্রাইভাররা কি রাত জাগার জন্য কিছু খায়-টায়?’
‘জানি না, ভাই। কওয়া পারি না কে কী খায় না খায়।’
‘আপনার কানে কিছু আসে না?’
‘না রে ভাই, আমি বিড়ি-সিগারেটও খাই না। যারা খায়-টায় তারা আমাক ডাকেও না, আমি যাইও না।’
এক ট্রিপের মজুরি এক হাজার টাকা, আবছার আমাকে জানালেন। মাসে গড়ে ১৫-১৬ ট্রিপ চালান তিনি। জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের এক গ্রামে নিজের ভিটাবাড়িতে থাকেন স্ত্রী-সন্তানদের নিয়ে। বড় ছেলের বয়স ২১; ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে সে ঢাকা চলে গেছে; একটা গার্মেন্ট কারখানায় চাকরি পেয়েছে। আর দুটি ছেলেমেয়ে ছোট, একটার বয়স সাত, অন্যটার ছয়। ওরা বিদ্যালয়ে যায়।
আবছারের বাবা ছিলেন ছোট কৃষক। তিনি মারা গেলে আবছার দেড় বিঘা জমি ভাগে পেয়েছেন। তারপর নিজে কিনেছেন এক বিঘা। এখন তিনি আড়াই বিঘা ফসলি জমির মালিক।
‘জমির মালিক, নিজের বাড়িতেই থাকেন, মাসিক রোজগার তো কমপক্ষে ১৫ হাজার টাকা, বাচ্চারাও ছোট ছোট...আপনার তো মেলা টাকা জমার কথা!’ হালকা সুরে বললাম আমি, ‘তাহলে গতকালই এক ট্রিপ গাড়ি চালিয়ে আজকে আবার, ঈদের ঠিক আগের রাতেই কেন...?’
আবছারও হেসেই বললেন, ‘হয় হয়, আমার তো ট্যাকার শ্যাষ নাই! বিরাট বড়লোক আমি!’
‘অভাব তো নাই, নাকি?’
আবছার বললেন, তাঁর প্রথম স্ত্রীর ক্যানসার হয়েছিল। তিনি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি, বেচারি প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে। ‘ট্যাকা-পয়সা লাগে, দরকার লাগে।’ বেশ দরকারি ভঙ্গিতে বলেন আবছার।
আমি তাঁকে জিজ্ঞাসা করি, ‘কুরবানি কী দিচ্ছেন?’
‘গরুত্ ভাগ।’
‘কত টাকা?’
‘সাত হাজার। ছয়জনে ভাগে ৪২ হাজার ট্যাকা দিয়ে এডা গরু কিনিছি।’
‘কিন্তু আপনি তো এসেছেন আবার এক ট্রিপ ঢাকা যাবেন বলে। আজ রাতে যদি যাত্রী নিয়ে ঢাকা যান, তাহলে কাল ঈদের জামাত, তারপর কুরবানির কী হবে?’
‘ট্রিপ হোবে না। এখন বাড়িত যামো।’
‘বাস চালানো শুরু করার আগে আপনি অন্য কিছু করতেন?’
‘রাজমিস্ত্রি আছিলাম।’
‘ছেড়ে দিয়েছেন কেন?’
‘মহাজন-লেবারগেরে সাথে গ্যাঞ্জাম ভালো লাগিচ্ছেলো না।’
এই সময় কাউন্টারের ডেস্কে বসা প্রৌঢ় লোকটা মোবাইল ফোনে কাকে যেন বলে, ‘হিলিত থ্যাকে গাড়ি ছ্যাড়ে দিছে। না, ঢাকার দিকে বেজায় জাম...।’
আমি আবছারকে জিজ্ঞাসা করি, তাঁর কোনো দুঃখ আছে কি না। তিনি বলেন, ‘সব দুঃখের কথা কওয়া যায় না।’
‘প্রথম বউকে খুব মনে পড়ে?’
আবছার কিছু বলেন না। আমার চোখের ওপর থেকে চোখ সরিয়ে নিয়ে রাস্তার দিকে তাকান। রাস্তায় আসন্ন ঈদ উৎসবের ভিড়, ভাদ্রের ভ্যাপসা গরম; ওপরে আকাশ বাষ্পরুদ্ধ।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]