
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য ছিল একটি অদ্ভুত অভিজ্ঞতা। দশম জাতীয় সংসদ গঠনের এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটার ভোট দেওয়ারই সুযোগ পাননি, সংখ্যাগরিষ্ঠ প্রার্থীকে কোনো ভোটই চাইতে হয়নি, সংখ্যাগরিষ্ঠ দল এতে অংশই নেয়নি। ভোটার, দল ও প্রার্থীর সংখ্যা বিচারে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অপ্রতিনিধিত্বশীল একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বহু প্রার্থী বিজয়ী হয়েছেন, যাঁদের বিজয়ের কোনো সম্ভাবনা ছিল না। নির্বাচনে যে দলটি সংসদে প্রায় সব আসনে বিজয়ী হয়েছে তার জয়েরও কোনো বাস্তব সম্ভাবনা ছিল না।
নির্বাচন-পূর্ববর্তী সময়ের জনমত জরিপ, স্থানীয় সরকার নির্বাচনগুলোর ফলাফল এবং বাংলাদেশের চিরন্তন রাজনৈতিক সংস্কৃতি (ক্ষমতাসীন দলের পরাজয়) অনুসারে ৫ জানুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন হলে এতে আওয়ামী লীগের পরাজয় অবধারিত ছিল। ৫ জানুয়ারির নির্বাচনে তা হয়নি। এই নির্বাচন কারচুপির আশঙ্কায় সম্ভাব্য বিজয়ী দল বিএনপি বয়কট করে। আরেকটি উল্লেখযোগ্য দল জাতীয় পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও নানা অপকৌশল ও ছলচাতুরীর মাধ্যমে তাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়।
এই নির্বাচন শুধু অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ নয়, বরং এর কোনো কোনো দিক ছিল অবৈধ। নির্বাচনকালে নির্বাচন কমিশন ও প্রশাসন আওয়ামী লীগের পক্ষে এমন কিছু নজিরবিহীন কাজ করেছে, তা আইনের চোখেও অবৈধ। নির্বাচন কমিশন সময় পার হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার গ্রহণ করেছে, অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলের প্রার্থীরা নিজেরা মনোনয়ন প্রত্যাহার করার পরও কমিশন তা গ্রহণ করতে অসম্মতি জানিয়েছে। কমিশন যেভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বারণ সত্ত্বেও দলটির প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদাও, যাঁর গ্রহণযোগ্যতা খোদ আওয়ামী লীগেই রয়েছে।
একতরফা এমন একটি নির্বাচনেও ভুয়া ভোট পড়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং প্রশাসন নির্বাচনের ফলাফল পাল্টে দিয়েছে—এমন সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। নির্বাচনে কারচুপি, সন্ত্রাস ও কেন্দ্র দখলের অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থীরা যে হারে নির্বাচনের দিন সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তা-ও ছিল নজিরবিহীন।
১৯৯০-পরবর্তী গণতন্ত্র প্রতিষ্ঠার যুগে একমাত্র ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনই এর সঙ্গে তুলনীয় হতে পারে। তবে সেই
১৯৯৬ সালের নির্বাচনে জোর করে কোনো দলকে নির্বাচনে অংশ নেওয়ানো হয়নি, নির্বাচন কমিশন খোলামেলাভাবে অবৈধ কার্যকলাপ করেনি বা সরকার নির্বাচনকালে বিরোধী দলের কার্যক্রমকে বন্ধ করে দেয়নি। তা ছাড়া ১৯৯৬-এর নির্বাচনটিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একটি ঘোষিত লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পূরণের পর দুই মাসের মধ্যে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনের সময় সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে এটিকে নিয়ম রক্ষার নির্বাচন বলা হয়েছিল। কিন্তু এখন এই নির্বাচনকেই মেনে নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে সর্বাত্মকভাবে নির্যাতন ও নিপীড়ন
করা হচ্ছে।
২.
গতকাল ছিল ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির দিন। এদিন বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে, এটিই স্বাভাবিক ছিল। কিন্তু বিএনপিকে তা করতে দেওয়া হয়নি, বিএনপির চেয়ারপারসনকে বালুর ট্রাক, জলকামান এবং শত শত পুলিশ দিয়ে তাঁর কার্যালয়ে আটকে রাখা হয়েছে, অন্য নেতাদের গ্রেপ্তারের জন্য বাড়ি বাড়ি হানা দেওয়া হয়েছে, বিএনপির কর্মীরা রাস্তায় নামামাত্র গ্রেপ্তার ও হামলার শিকার হয়েছে, বিএনপির কর্মীদের ঢাকায় আগমন রুদ্ধ করতে সারা দেশের সঙ্গে ঢাকার যোগাযোগ সরকারই বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ১৪৪ ধারা জারি ও সমাবেশ নিষিদ্ধ করার পরও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের সামনেই সমাবেশ ও আনন্দ মিছিল করেছে।
বিরোধীদের সব ধরনের অধিকার রুদ্ধ করে, সারা দেশের মানুষের চলাচলের অধিকার খর্ব করে এবং নিজেরা অবাধে রাজপথ দখল করে এভাবেই আওয়ামী লীগ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র বিজয় উৎসব’ পালন করেছে। বিএনপিসহ বিরোধীরা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার কিছুটা ‘চেষ্টা’ করেছে। তাদের এই প্রচেষ্টা যেভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে, তাতে গণতন্ত্রের করুণ চিত্রই ফুটে উঠেছে।
৫ জানুয়ারিকে তার পরও গণতন্ত্র হত্যা দিবস হয়তো বলা যাবে না। এদিন গণতন্ত্র বিজয়ীও হয়নি, গণতন্ত্র নিহতও হয়নি। তবে ২০১৪ সালের এদিন গণতন্ত্রকে বিকলাঙ্গ করা হয়েছে, যার প্রমাণ ২০১৫ সালের এদিনেও আমরা পেলাম। বিকল এবং দূষিত এই গণতন্ত্রকে মেরামত না করা হলে এটি সত্যি সত্যি একদিন মৃত্যুবরণ করতে পারে বাংলাদেশে।
বাংলাদেশে গণতন্ত্রের এই গভীর সংকটকে এড়িয়ে যাওয়ার বা একে উপেক্ষা করার কোনো উপায় নেই। এটি ঠিক যে গণতন্ত্র নিয়ে নাইন–ইলেভেন-উত্তর বিশ্বে নানা বিতর্ক ছাড়া হয়েছে। যেমন: গণতন্ত্র আসলেই খুব প্রয়োজন বা উপকারী কি না, জঙ্গিবাদ ও অরাজকতা ঠেকানোর জন্য গণতন্ত্র কিছুটা নিয়ন্ত্রিতভাবে চর্চিত হওয়া উচিত কি না, উন্নয়নের জন্য প্রথাগত গণতন্ত্র আবশ্যক কি না! এসব বিতর্কের চেষ্টা বিশ্বের নানান দুর্বল গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠায় উন্মুখ মহলগুলো ও তাদের বিদেশি প্রভুদের কাছে সমাদৃত হচ্ছে।
৫ জানুয়ারির নির্বাচনের সুবিধাভোগীরা আরেঠারে গণতন্ত্র নিয়ে এ ধরনের কথা বাংলাদেশেও বলতে শুরু করেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটি আমরা স্বাধীন করেছি এবং এই রাষ্ট্রের স্বাধীনতার নির্মাতারা একটি সংবিধান প্রণয়ন করেছিলেন নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই। আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের মূল চেতনাই হচ্ছে জনগণের ভোটে, সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতির ভিত্তিতে নির্বাচিত হয়ে দেশ শাসন করা।
সুষ্ঠু নির্বাচন তাই বলে গণতন্ত্রের সবকিছু নয়। সুষ্ঠু নির্বাচনের পরও নির্বাচিত শাসকেরা সুশাসন দিতে ব্যর্থ হতে পারেন, মানবাধিকার ও আইনের শাসনকে আঘাত করতে পারেন। এটি সত্যি। তবে সবচেয়ে বড় সত্যি হচ্ছে, বিতর্কিতভাবে নির্বাচিত সরকারগুলোর মধ্যে এসব ব্যর্থতা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। পাকিস্তান ও বাংলাদেশ আমলে আমরা নিজেরা তা দেখেছি। সত্যিকারভাবে নির্বাচিত সরকারগুলোর তুলনায় এসব সরকারের অর্থনৈতিক সাফল্যের সুফলও কম মানুষ পায়।
বাংলাদেশে বিতর্কিত নির্বাচনের আরও বড় কুফল হচ্ছে জাতিসত্তা ও জাতীয় বৈশিষ্ট্যের ওপর এর কুপ্রভাব। বাংলাদেশের সমাজ ও রাজনীতি চীন বা সিঙ্গাপুরের মতো নয়। বাংলাদেশের মানুষ মুক্তসমাজ, মানবাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামী জাতি হিসেবে অনন্য। জাতিগত এই বৈশিষ্টে৵র কারণে বাংলাদেশে একদলীয় শাসন, বাকশাল, সামরিক শাসন বা উপনিবেশবাদ কোনো কিছুই টিকতে পারেনি। যদি পারত তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ হতো না। ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারও যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশের মতো থাকবে না।
৩.
৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বিরোধী দলের পক্ষ থেকে সংকট নিরসনে সবার অংশগ্রহণে একদিকে মধ্যবর্তী ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী উত্তরে একবার বলেছেন, আরেকটি নির্বাচন কি বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনার জন্য চাওয়া হচ্ছে? এমন বক্তব্য প্রাথমিকভাবেই ভুল এ কারণে যে উচ্চ আদালতের রায়ের কারণে নির্বাচনে এখন জামায়াতের অংশ নেওয়ার সুযোগ নেই। আর মধ্যবর্তী নির্বাচনে বিএনপি এককভাবে জিতে এলে তা হতে দেওয়াই গণতন্ত্র এবং আমাদের সংবিধানের সারকথা।
মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে বর্তমান আমলের মতোই দুর্নীতি, দুঃশাসন ও অরাজকতা হতে পারে। বিএনপি ক্ষমতায় এলে জঙ্গিবাদ ও মৌলবাদী শক্তির পুনরুত্থান হতে পারে, বিশ্ব ও দেশজ বাস্তবতার কারণে তা না-ও হতে পারে। ভবিষ্যতে যদি এসব হয়ও তা প্রতিরোধে গণতান্ত্রিক ও সংবিধানসম্মত পথ হচ্ছে বিএনপির বিরুদ্ধে জনমত ও গণ-আন্দোলন গড়ে তোলা, ভেজাল বা ভুয়া নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ঠেকিয়ে দেওয়া নয়।
মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের জন্য বিএনপিকে এখন শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে কোনো দিন বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেওয়া হয়নি, এখন তা আরও বেশি করে দেওয়া হচ্ছে না। বর্তমান সরকারের দৃশ্যমান কৌশলই হচ্ছে বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ একদমই না দিয়ে হয় দলটিকে পুরোপুরি স্থবির করে ফেলা বা একে সহিংস আন্দোলনের দিকে ঠেলে দেওয়া। ‘আন্দোলনের কথা শুনলে মানুষ ভয় পায়’—এই প্রচারণা এখনই আমরা কোনো কোনো মহলে লক্ষ করি।
সহিংস আন্দোলন হলে মানুষের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতির গালগল্প বলে সরকারবিরোধী রাজনীতি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার আশঙ্কাও রয়েছে। আশঙ্কা রয়েছে বাংলাদেশে দীর্ঘদিনের জন্য এক দলের (এবং তার লেজুড়বৃত্তি করা কয়েকটি আদর্শবিচ্যুত দল) একচ্ছত্র শাসন কায়েমের।
আমরা কি বাংলাদেশে একদলীয় শাসন মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি? একদলীয় শাসন থাকলে মানবাধিকার, আইনের শাসন ও মুক্ত মননশীলতা কীভাবে শ্বাসরুদ্ধ করা হয়, কীভাবে রাষ্ট্রীয় সম্পদ, প্রতিষ্ঠান এবং সম্ভাবনা কিছু লোক ও গোষ্ঠীর করায়ত্ত হয়, কীভাবে গণতন্ত্রের সর্বনাশ করার সুযোগ সৃষ্টি হয়, তা আমরা একদলীয় শাসন বা সামরিক শাসনের সময়ে দেখেছি।
আমার মনে হয় না, নতুন মোড়কের কোনো বাকশাল মেনে নেওয়া উচিত কারও। শিশু জিহাদের মতো সত্যিই বাংলাদেশের মানুষের স্বাধীন সত্তা এখন অসহায়ভাবে স্বৈরতন্ত্রের অতল খাদে পড়ে আছে। এই সত্তার মৃত্যু হওয়ার আগেই একে উদ্ধার করা প্রয়োজন।
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।