আগামী বছরের শুরু থেকেই সব ধরনের প্রাকৃতিক গ্যাসের জন্য গ্রাহকদের বাড়তি দাম গুনতে হবে। পেট্রোবাংলা ইতিমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এ–বিষয়ক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। সরবরাহকৃত গ্যাসের দাম গ্রাহকভেদে ৫ থেকে ১২২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে কমিশনের কাছে পৌঁছেছে। এ নিয়ে গণশুনানি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই গ্যাসের বর্ধিত মূল্য কার্যকর করার আয়োজন চলছে। সরকার সোজাসাপ্টা বলে দিচ্ছে, জ্বালানি গ্যাসের দাম বাড়ানো ছাড়া উপায় নেই।
এদিকে নতুন গ্রাহকের গ্যাস–সংযোগের সুযোগও সংকুচিত হয়ে আসছে। ভবিষ্যতে গ্যাস–সংযোগ পাওয়া আরও কঠিন হবে। কেননা, গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। জ্বালানি গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়বে। অধিক জ্বালানি ব্যবহার করে যেসব পণ্য উৎপাদন করতে হয়, সেগুলোর উৎপাদনব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। শিল্পকারখানার উৎপাদন, ব্যবসা ও গৃহস্থালির ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।
দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি গ্যাসের ভারসাম্যহীন মূল্য, বিতরণ কাঠামোয় গোলমেলে ব্যবস্থাপনা এবং নতুন গ্যাসসম্পদ খুঁজে না পাওয়ায় দেশের গ্যাসের সীমিত মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশি বিকল্প বাণিজ্যিক জ্বালানি আহরণে অনাগ্রহ দ্রুত আমাদের দেশকে আমদানি-করা জ্বালানির ওপর নির্ভরশীল করে তুলছে। জ্বালানি গ্যাসের ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার তরলীকৃত জ্বালানি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। জ্বালানি মন্ত্রণালয় দেশে বিদ্যমান এককপ্রতি গড় জ্বালানি গ্যাসের প্রায় ১০ গুণ মূল্যে তরলীকৃত জ্বালানি গ্যাস আমদানি করতে চাইছে। বলা হচ্ছে, ৫০০ মিলিয়ন ঘনফুটের সমপরিমাণ তরলীকৃত জ্বালানি গ্যাস আমদানি করে বিদ্যমান প্রতি ইউনিট ১ দশমিক ৭ মার্কিন ডলার মূল্যের গ্যাসের সঙ্গে মিশিয়ে গড়ে প্রতি ইউনিট গ্যাস ৪ দশমিক ৩৯ ডলার মূল্যে সরবরাহ করা যাবে।
দেশের প্রায় ৭ শতাংশ মানুষ রান্নার কাজে পাইপলাইন গ্যাসের সরবরাহ সুবিধাভোগী। এই ৭ শতাংশ মানুষের রান্নাঘরের দৈনন্দিন অস্বাচ্ছন্দ্য কম গুরুত্বের বিষয় বিবেচনা করলেও এরা শহরের প্রভাবশালী ভোটার। বিকল্প জ্বালানির জন্য গৃহস্থালির কাজে ও অনেক শিল্পকারখানা বাণিজ্যিক জ্বালানির জন্য ভর্তুকি দাবি করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বর্ধিত গ্যাসের মূল্য বিবেচনায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের ১৮ দশমিক ১২ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করছে। এতে খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়বে। খুচরা পর্যায়ে গত ছয় বছরে পাঁচ দফা বিদ্যুতের দাম বেড়েছে। এর পরও প্রকাশিত খবর অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৩-১৪ অর্থবছরে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ভর্তুকি গুনেছে। আবারও বিদ্যুতের দাম না বাড়ালে পরবর্তী অর্থবছরে ভর্তুকির পরিমাণ আরও বাড়বে। সরকার বিদ্যুৎ খাতেও এই ভর্তুকির চাপ কমাতে চাইছে।
বিদেশ থেকে কয়লা আমদানি করে বড় মাপের বিদ্যুৎ উৎপাদন উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী পাঁচ-ছয় বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে কিছু এলেও বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা তরলীকৃত গ্যাস, ডিজেল ও ফার্নেস অয়েলের ব্যবহারনির্ভরতা বাড়বে। ইতিমধ্যে, আমদানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদন কাঙ্ক্ষিত ১০ শতাংশের মাত্রা অনেক আগেই অতিক্রম করেছে। (কার্যত দেশে মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ এখন আমদানি তেলনির্ভর)। অর্থাৎ, তেলের বাজার ঊর্ধ্বমুখী হলে আমাদের বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়তে থাকে। কিন্তু উৎপাদিত বিদ্যুৎ তুলনামূলক কম এবং স্থির মূল্যে গ্রাহকের কাছে সরবরাহ করতে হয় বলে সরকারি ভর্তুকি বাড়ে।
বিশ্ববাজারে জ্বালানির (তেল ও কয়লা) দাম কমে যাওয়ায় এখন আমদানিকারক হিসেবে আমাদের সাময়িক স্বস্তি এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল উৎপাদক হওয়ার আকাঙ্ক্ষা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবসহ ওপেকভুক্ত দেশগুলোর জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। তারা রপ্তানির বাজার হাতছাড়া করতে চায় না। একই সঙ্গে ওপেকভুক্ত ১২টি দেশ জানে, তেলের মূল্য ৯০ ডলারের নিচে নেমে গেলে যুক্তরাষ্ট্র নিজের দেশে ব্যয়বহুল ‘হাইড্রোলিক ফ্র্যাকচারিং’নির্ভর তেল উৎপাদন অব্যাহত রাখতে পারবে না। বর্তমানে অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি মূল্য ৭০ মার্কিন ডলারেরও নিচে নেমে এসেছে। ফলে বৃহৎ তেল ব্যবহারকারী হিসেবে তাকে সস্তা সৌদি ও মধ্যপ্রাচ্যের তেল আমদানিতে ফিরতে হবে। মূল্যপতনে ওপেকভুক্ত দেশগুলো ব্যাপক মাত্রায় রাজস্ব হারালেও তেল উৎপাদন কমাতে সম্মত হয়নি। প্রধানত ওপেক-এর সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব এ ক্ষেত্রে অনড়।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়ার রাজস্ব আয়ের প্রায় ৭০ শতাংশ তেল ও গ্যাস রপ্তানি থেকে আসে। তেল রপ্তানিকারক ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলার মতো দেশকে রাজনৈতিক চাপে ফেলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ বন্ধু দেশগুলোর নেওয়া কৌশলও সাময়িকভাবে তেলের অস্বাভাবিক মূল্যপতন ঘটাতে সহায়তা করেছে। রাশিয়া ব্যাপক রাজস্ব ঘাটতির চাপে পড়লেও তেল ও গ্যাস রপ্তানি কমাতে পারছে না। ফলে, বাজারে বাড়তি সরবরাহের চাপে তেলের মূল্য গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। বিশেষজ্ঞদের অনেকেরই আশঙ্কা, আগামী কিছুদিনের মধ্যেই তেলের বাজার বিপরীতমুখী মূল্যসূচক দেখাবে। কেননা, উৎপাদন-উৎস ও উৎপাদন-প্রক্রিয়া জটিল ও ব্যয়বহুল হওয়ায় তেল উৎপাদন ব্যয়বহুল। কিন্তু বাজার মন্দা হলে এ খাতে বিনিয়োগ হ্রাস পাবে। ফলে বাজারে সরবরাহের ঘাটতি সৃষ্টি হয়ে তেল ও গ্যাসের দাম বাড়বে। তা ছাড়া, বিশ্লেষকদের আশা, বৃহৎ আমদানিকারক জাপানের মন্দা শিগগির কেটে যাবে, চীন ও ভারতের জ্বালানির চাহিদা বাজারে বাড়তি চাহিদা তৈরি করবে। বর্তমানের সংকট কৃত্রিম এবং তার নিজস্ব জটিলতা তেলের ঊর্ধ্বমুখী মূল্যসূচক অবধারিত করবে।
এ পটভূমিতে আমাদের জ্বালানি সরবরাহ-ব্যবস্থায় ব্যাপক আমদানিনির্ভরতা দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নিরাপত্তা নাজুক করে তুলবে।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।