আমরা আসলে কী ভাবছি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়েছে
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্য ও সেখানকার রোহিঙ্গাদের নিয়ে সমস্যা বহু পুরোনো। তবে সেই পুরোনো সমস্যা এখন নতুন যে কায়দায় হাজির হয়েছে, তার প্রভাব বেশ দীর্ঘমেয়াদি ও বিপজ্জনক বলেই মনে হচ্ছে। মিয়ানমার যে রাখাইনের মুসলিম জনগোষ্ঠীকে তাদের দেশে রাখতে চায় না, তা বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে। ঐতিহাসিক নানা ঘটনাপ্রবাহ বাদ থাক। ১৯৭৭ সাল থেকেই শুরু করা যাক। তখন মিয়ানমার সরকারের অত্যাচার-নির্যাতন এই মাত্রায় পৌঁছেছিল যে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সরকারি হিসেবে তখন সংখ্যাটি ছিল ২ লাখ ৮০ হাজার। পরে ১৯৭৮ সালের ৭ থেকে ৯ জুলাই ঢাকায় বাংলাদেশ সরকার এবং সে সময়ের ‘সোশ্যালিস্ট রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব বার্মা’র মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী অনেক শরণার্থীকে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ১৯৯২, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে নানা সহিংসতায় অনেক রোহিঙ্গা দেশ ছেড়েছে। মাঝে ঘটা করে ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সময়ে কয়েক দফায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এরপরও বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে রয়ে গেছে। এর সঠিক কোনো সংখ্যা জানা না গেলেও বিভিন্ন সূত্রে যে বিশ্বাসযোগ্য সংখ্যাটি শোনা যায়, তা প্রায় চার লাখ। গত ২৪ আগস্ট রাতের পর রাখাইন রাজ্যে আবার যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তাতে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়েছে। সে হিসাবে বাংলাদেশে এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ছয় লাখের কাছাকাছি। মিয়ানমার সরকার রাখাইন থেকে আসলেই রোহিঙ্গাদের একটি বড় জনগোষ্ঠীকে তাড়াতে সক্ষম হয়েছে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড বা মধ্যপ্রাচ্যেও রয়েছে কয়েক লাখ রোহিঙ্গা।

আরাকান থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে খেদানোর নানা ফন্দিফিকিরের পাশাপাশি ১৯৮২ সালে মিয়ানমার সরকার এক মারাত্মক আইন করে বসে, যে আইনে রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত করে জাতি হিসেবে তাদের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ২০১৫ সালে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে নাগরিকত্ব নিয়ে একটি সমঝোতা হলেও রোহিঙ্গারা এর বাইরে রয়ে গেছে। মিয়ানমারের বাইরে রাখাইন রাজ্যের সবচেয়ে সুবিধাজনক ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ। এই সমস্যা শুরু থেকেই তাই বাংলাদেশের জন্য এক বড় বিপদ হিসেবে হাজির। যখনই সেখানে সমস্যা দেখা দেয়, অসহায়-নির্যাতিত শরণার্থীদের ঢল নামে বাংলাদেশে। ভূখণ্ডগত বা অর্থনৈতিক শক্তি-সামর্থ্য বিবেচনা করলে বাংলাদেশের জন্য এই চাপ নেওয়া কঠিন। আবার এই জনগোষ্ঠীকে ঢুকতে না দেওয়ার মতো অমানবিক কাজও তো হয় না। এটা তো সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার-নির্যাতনে ভারতে আশ্রয় নেওয়া এ দেশের জনগোষ্ঠী এমন অনৈতিক কাজ করে কীভাবে! বাংলাদেশের জন্য এ এক জটিল পরিস্থিতি। কিন্তু এ ব্যাপারে আমাদের কোনো আনুষ্ঠানিক বা ঘোষিত কৌশল আমরা টের পাই না। এমন পরিস্থিতিতে বিজিবি বা আমাদের সীমান্তরক্ষী বাহিনী শরণার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে, আবার এই বাধা খুব কঠোর কিছুও নয়। যদি তা-ই হতো, তবে গত ১২-১৩ দিনে পৌনে দুই লাখের বেশি শরণার্থী বাংলাদেশে ঢুকতে পারত না। রাখাইন রাজ্যে যতবার সংঘাত ও সহিংসতা হয়েছে, ততবারই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছে, তা সংখ্যায় যতই হোক।

এরই মধ্যে অনেক পথ পাড়ি দিয়ে ‘বার্মা’ মিয়ানমার হয়েছে। গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে। শক্তিশালী সেনাবাহিনী-সমর্থিত দল হেরেছে শান্তিতে নোবেল বিজয়ী ও সেখানকার গণতন্ত্রের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির কাছে। ‘সোশ্যালিস্ট রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব বার্মা’ বদলে এখন দেশটি হয়েছে ‘রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার’। পদ হিসেবে অং সান সু চি বর্তমানে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনিই মূল নেতা। অবশ্য সেনাবাহিনীর প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতাকে উপেক্ষা করার মতো বাস্তব পরিস্থিতি তাঁর নেই। কিন্তু এরপরও আরাকান ও রোহিঙ্গা সমস্যা সমাধানের একটা দায় এই সরকারকে নিতে হয়েছে। এটা খুবই আশা জাগিয়েছিল যে মিয়ানমার সরকার নিজেদের উদ্যোগে রাখাইন রাজ্যবিষয়ক একটা আন্তর্জাতিক পরামর্শক কমিশন গঠন করেছিল। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত নয় সদস্যের এই কমিশন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাদের ওপর দায়িত্ব পড়ে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বর এই কমিশন গঠিত হওয়ার পরই একটি হোঁচট খায় বা বলা যায় কমিশনকে কেউ না কেউ হোঁচট খেতে বাধ্য করেছে। কিন্তু তারা থেমে থাকেনি, সেখানকার বাস্তবতা সব সময় মাথায় রেখেছে এবং কাজ এগিয়ে নিয়ে গেছে। এক বছরের মাথায় একটি পুরো প্রতিবেদন দিয়েছে।

কাজ শুরু করার মাসখানেকের মধ্যে রাখাইনের মংগদুতে সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা কমিশনের জন্য ছিল এক বড় ধাক্কা। এখন অন্তত এটা বলা যায় যে ঘটনাটি ‘বিচ্ছিন্ন’ কিছু ছিল না। আমাদের মনে আছে, ওই হামলার জের ধরে আরাকানে মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ চরমপন্থী গোষ্ঠীগুলো রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার-নির্যাতন শুরু করেছিল। এমনিতেই এসব ঘটে না, এর পেছনে কেউ না কেউ থাকে। থাকে কারও না কারও পরিকল্পনা। সমস্যা হচ্ছে, বর্তমান বিশ্ব বাস্তবতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে কোনো দেশ তার নিজের সদিচ্ছা বা বদ উদ্দেশ্য যা–ই হোক না কেন, চাইলেও নিজের ইচ্ছা কায়েম করতে পারে না। আসলে ওই ঘটনার মধ্যেই একটি ইঙ্গিত ছিল যে মিয়ানমারের অভ্যন্তরীণ, আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে এমন কোনো শক্তি কার্যকর রয়েছে, যারা এই সমস্যার সমাধান চায় না অথবা তাদের আলাদা পরিকল্পনা বা হিসাব-নিকাশ রয়েছে।

 গঠনের প্রায় এক বছর পর গত ২৪ আগস্ট আনানের নেতৃত্বে ‘রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন’ আনুষ্ঠানিকভাবে তাদের পুরো প্রতিবেদন প্রকাশ করেছে। তারা অনেক পরিশ্রম করেছে। এই সময়ে মিয়ানমারের বিভিন্ন শহর ছাড়াও ব্যাংকক, ঢাকা, কক্সবাজার ও জেনেভায় অন্তত ১৫৫টি বৈঠক করেছে। নয় সদস্যের কমিশনের মধ্যে কফি আনান বাদে মিয়ানমারের ছয়জন এবং নেদারল্যান্ডস ও লেবাননের একজন করে নাগরিক ছিলেন। ৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদনে কমিশন ৮৮টি সুপারিশ করেছে। এসব সুপারিশ নিয়ে বড় ধরনের কোনো সমালোচনা শোনা যায়নি। বরং পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং বাস্তববুদ্ধির পরিচয় দিয়েই তারা সমস্যাগুলো সমাধানের পথ বাতলেছে বলে বিভিন্ন বিশেষজ্ঞের তরফে আমরা মতামত পেয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা, নাগরিকত্ব নিশ্চিত করতে হবে এবং চলাচলের ওপর বিধিনিষেধ থাকতে পারবে না। ধর্ম, বর্ণ বা নাগরিকত্ব-নির্বিশেষে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী যাতে অবাধে চলাচল করতে পারে, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নাগরিকত্ব যাচাইয়ের জন্য কমিশন গঠন, এর কৌশল কী হতে পারে বা সময়সীমার বিষয়টিও কমিশন ঠিক করে দিয়েছে। রোহিঙ্গাদের একটি বড় জনগোষ্ঠী যেহেতু বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাই এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন গঠনের কথাও বলা হয়েছে। এ ধরনের কমিশনের মাধ্যমে যেসব লোক স্বেচ্ছায় রাখাইনে ফিরে যেতে আগ্রহী আন্তর্জাতিক আইন মেনে, সে ব্যাপারে দুই দেশকেই ব্যবস্থা নিতে হবে। যারা রাখাইনে ফিরবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে মিয়ানমার সরকার। এ ধরনের প্রস্তাব আশাবাদী হওয়ার মতো। চূড়ান্ত এই প্রতিবেদনের আগে গত মার্চে আনান কমিশন যখন অন্তর্বর্তী প্রতিবেদন দিয়েছিল, তখন আমরা সু চির মুখে কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস শুনেছিলাম।

কিন্তু মিয়ানমার সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব তুলে দিতে না দিতেই পরিস্থিতি পাল্টে গেল। আবার সেই সীমান্তচৌকিতে হামলা এবার বেশ বড় আকারে ও আরও প্রস্তুতি নিয়ে। একসঙ্গে ২৫টি পুলিশ চৌকিতে হামলা। গত বছর অক্টোবরে হামলা চালানো সেই একই সংগঠন দ্য আরাকান সালভেশন আর্মি (আরসা)। তাদের এখন বেশ সংগঠিত মনে হচ্ছে। হামলার দায় স্বীকার করে তারা টুইট বার্তাও দিয়েছে। তারা ভিডিও বার্তাও ছাড়তে শুরু করেছে। এত দিন মিয়ানমার সরকার যাদের রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করত, তারা রাতারাতি ‘রোহিঙ্গা জঙ্গি’র তকমা পেয়ে গেল। বোঝা যাচ্ছে, পরিস্থিতি জটিলতার দিকে যাচ্ছে বা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘিরে আরসার এই তৎপরতার পর আমরা বাংলাদেশ সরকারের তরফ থেকে যে ঘোষণা পেলাম, তা এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। এ নিয়ে প্রথম আলোয় দুটি কলাম বের হয়েছে। আমাদের নিয়মিত কলাম লেখক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুই দেশের যৌথ অভিযান চালানোর জন্য বাংলাদেশের তরফ থেকে দেওয়া প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলী রীয়াজের ধারণা, এতে বাংলাদেশের তরফ থেকে রোহিঙ্গা বিদ্রোহীরা জাতীয়তাবাদী হিসেবে বিবেচিত না হয়ে ‘ইসলামি জঙ্গি’ হিসেবে বিবেচিত হবে। তাঁর ভয় হচ্ছে, প্রতিবেশী দেশের একধরনের জাতীয়তাবাদী বিদ্রোহের বিরুদ্ধে সামরিক অবস্থান নেওয়ার ফলে ওই বিদ্রোহীদের সঙ্গে প্রত্যক্ষভাবে বৈরী সম্পর্ক তৈরি হতে পারে। এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ইতিবাচক হতে পারে না। এটা আসলেই খুব জরুরি প্রশ্ন যে আমরা কেন জাতিগতভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার রোহিঙ্গাদের বিদ্রোহকে জাতীয়তাবাদী হিসেবে বিবেচনা না করে ‘ইসলামি জঙ্গি’ হিসেবে ব্র্যান্ডিং করার ঝুঁকি নিচ্ছি। এই অঞ্চলে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ হতে পারে, এই ভয়ে তো আমরা বাংলাদেশে আইএসের অস্তিত্ব ক্রমাগতভাবে অস্বীকার করে যাচ্ছি। সাংবাদিক কামাল আহমেদও তাঁর এক লেখায় যৌথ অভিযান বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে সেদিন শুনলাম, আরাকানে হামলার মুখে সেখানকার তরুণ-যুবক ও সামর্থ্যবান পুরুষেরা পালিয়ে গেলেও নিজেরা বাংলাদেশে আসার চেয়ে তাঁদের পরিবার-পরিজন ও নারী-শিশুদের বাংলাদেশে পাঠাতে চাইছেন। বোঝা যায়, তাঁদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এখন আরসার কথা শোনা যাচ্ছে, কিন্তু ধারণা করা যায়, ভবিষ্যতে এ ধরনের আরও নতুন নতুন সংগঠন গড়ে উঠবে। এসব তরুণ-যুবার গন্তব্য হবে হয় আরসা অথবা নতুন কোনো সংগঠন। দুই দেশের সীমান্ত অঞ্চলে যখন এ ধরনের সংগঠন কাজ করে, তখন তারা সীমান্ত লাইন খুব মেনে চলে না। রোহিঙ্গারা মুসলিম, এর সঙ্গে ইসলামি চরমপন্থা, ভাবাদর্শ বা জঙ্গিবাদ ঢুকতে খুব সময় লাগবে না অথবা আইএস ভাবাদর্শের বিস্তার। মিয়ানমার–বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক ল্যারি জ্যাগান এক প্রবন্ধে (রাখাইন ভায়োলেন্স লিভস এভরিওয়ান গেসিং) লিখেছেন, আরসার ব্যাপারে গোয়েন্দা সূত্রগুলো এখনো তেমন কিছু জানে না। তবে অনেকে এর পেছনে আইএসের যোগসূত্র থাকার কথা বলেছেন। সিরিয়া ও মধ্যপ্রাচ্য থেকে যেহেতু তাদের সরে যেতে হচ্ছে, ফলে এই অঞ্চল হতে পারে তাদের নতুন ঘাঁটি। এর অবশ্য কোনো সত্যতা নেই। কিন্তু এই আন্দোলনকে একটি ধর্মীয় পরিচিতি দেওয়া এবং এ ব্যাপারে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ও সংগঠন যে সক্রিয়, তা অনেকেই মনে করছেন। ফলে সামনের বিপদটিকে চরম ও বেশ দীর্ঘ সময় ধরে চলবে বলেই মনে হচ্ছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উদ্বেগের বিষয়টি খুবই স্বাভাবিক। কিন্তু আরাকানকে কেন্দ্র করে যে লক্ষণগুলো ফুটে উঠছে, তাতে বাংলাদেশ এ থেকে নিজেকে দূরে রাখতে পারবে কত দিন? হয়তো বাংলাদেশকে একপর্যায়ে বাধ্যই হতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যটির অবস্থার এমন একটি স্থানে এখনকার সংঘাত-সহিংসতা বলি বা যেকোনো মাত্রার জঙ্গি তৎপরতার কথাই বলি, এর চাপটি বাংলাদেশকে যতটা বিপর্যস্ত করবে, আর কোনো দেশকে তত নয়। আমাদের খুবই সাবধানতা ও সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রোহিঙ্গা সমস্যার এই নতুন বাস্তবতা নিয়ে আমাদের ভাবনাটি আসলে কী?

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।