আমরা কবে সাবালক হব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে। এর আসর পড়েছে নির্বাচন কমিশনেও। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, নির্বাচনে সেনা মোতায়েন হবে। পরদিন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বললেন, এ নিয়ে কমিশনে কোনো সিদ্ধান্ত হয়নি। মাহবুব তালুকদারের বক্তব্য ‘ব্যক্তিগত’। এখনো অনেক সময় পড়ে আছে সামনে। এ নিয়ে পরে সিদ্ধান্ত হবে। পরে এক ব্যাখ্যায় মাহবুব তালুকদার বললেন, সেনা মোতায়েন হবে এটা হলো ‘কমিশনের অনুভূতি’।

মনে হতে পারে ব্যাপারটা মিটে গেছে। তবে একটা ছন্দপতন যে হয়েছে, তার আভাস পাওয়া যায় এই পাল্টাপাল্টি বক্তব্যে। কথা হলো কমিশনে যদি এ রকম সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে একজন সদস্য আগ বাড়িয়ে এ কথা জানান দিতে গেলেন কেন? আর তিনি যদিও-বা বেফাঁস কথা বলে থাকেন, সিইসি সবাইকে নিয়ে আলোচনা করে ব্যাপারটা

মিটিয়ে ফেললেই তো পারতেন। ঘরের কথা বাইরে এভাবে ঝটপট চলে এলে জনমনে নানা রকম সন্দেহ জাগে, গুঞ্জন তৈরি হয়, গুজব পাখনা মেলে।

এর আগেও মাহবুব তালুকদারের একটি মন্তব্য প্রসঙ্গে সিইসি নুরুল হুদার মতান্তর লক্ষ করা গিয়েছিল। যতদূর জানি নুরুল হুদা একজন সৎ ও সজ্জন মানুষ। অন্য সদস্যদের নিয়ে এখনো কোনো বিতর্ক তৈরি হয়নি। তাহলে তালুকদার-হুদা দ্বন্দ্ব কি বেশ পুরোনো? আগে থেকেই ছিল?

এই দুজন এ দেশের সিভিল প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন। বয়স এবং চাকরির সুবাদে তালুকদার সাহেব জ্যেষ্ঠ! একসময় হুদা সাহেব তাঁর অধীনে কাজ করেছেন। মাহবুব তালুকদার একসময় সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব ছিলেন। ওই সময় নুরুল হুদা সেখানে যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন। তখন তালুকদার ছিলেন ‘বস’। এখন হুদা কমিশনের ‘বস’। পরিপ্রেক্ষিত পাল্টে গেছে। কিন্তু যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারার ক্ষমতা একজন পেশাদার আমলার থাকার কথা। অবস্থাদৃষ্টে মনে হতে পারে, তাঁদের সম্পর্কে টানাপোড়েন আছে। কোনো পুরোনো ক্ষত থেকে পুঁজ বেরোচ্ছে।

মাহবুব তালুকদার একজন সুলেখক। স্কুলে পড়ার সময় আমি কচিকাঁচার আসরের সদস্য ছিলাম। তিনি ওই আসরের একজন বড় ভাই। তখন থেকেই তাঁর গল্প-কবিতা পড়ছি। আমার মনে আছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর ইত্তেফাক একটি বিশেষ সংখ্যা ছেপেছিল। ওই সংখ্যায় মাহবুব তালুকদারের একটি কবিতা ছিল। এর ছত্রে ছত্রে ছিল প্রিয় নেতার প্রতি আবেগ, ভালোবাসা। দীর্ঘদিন সরকারি চাকরির অভিজ্ঞতা নিয়ে লিখেছেন স্মৃতিকথা। সেখানে নুরুল হুদার প্রসঙ্গ আছে। তবে তা বেশ তেতো। তালুকদারের লেখা থেকেই উদ্ধৃতি দিচ্ছি:

‘জাতীয় সংসদ সচিবালয়ে পূর্বে দুটি অতিরিক্ত সচিবের পদ ছিল। প্রধানমন্ত্রী তথা সংসদনেত্রীর অফিসের একটি অতিরিক্ত সচিবের পদ জাতীয় সংসদে সাময়িকভাবে অন্তর্ভুক্ত দেখিয়ে আমাকে সে পদে নিয়োগ দেওয়া হয়। এসব আমি কিছুই জানতাম না। তবে এ ব্যাপারে সবই আইনসিদ্ধভাবে করা হয়েছিল। প্রথম হোঁচট খেলাম আমার অধীনস্থ যুগ্ম সচিব নুরুল হুদা সচিবের কাছে একটি নোট পাঠিয়ে জানতে চাইলেন, আমি বহিরাগত বলে আমার নির্দেশ তিনি মানতে বাধ্য নন। সচিব তাঁকে ভর্ৎসনা করে বললেন যে, এটা তাঁর ইনসাবর্ডিনেশনের পরিচায়ক। সরকারের কোনো সিদ্ধান্ত সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলতে পারেন না।’ (সূত্র: মাহবুব তালুকদার, আমলার আমলনামা, মাওলা ব্রাদার্স)। তখন সংসদ সচিবালয়ের সচিব ছিলেন মনজুরে মওলা। তাঁর প্রশ্রয়ে কিংবা হস্তক্ষেপে ব্যাপারটা বেশি দূর এগোয়নি। অতীতের স্মৃতির জাবর কেটে জীবন চলে না। আশা করি, এ ধরনের দ্বন্দ্ব বা ফ্যাসাদ চাকরিজীবন পার করে এসে কেউই জিইয়ে রাখবেন না। মাহবুব তালুকদার এবং নুরুল হুদার মধ্যে স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক বজায় আছে, এটাই ভাবতে চাই। তা না হলে সামনে আরও ঝামেলা বাধবে।

সদ্য পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে যে নাটক হয়ে গেল,
তার রেশ থাকবে অনেক দিন। বিচারপতি সিনহা সম্পর্কে একটি আলোচনা ছিল যে তিনি বেশি কথা বলেন। এ নিয়ে পক্ষ-বিপক্ষ হয়েছে। রাজনীতিও কম হয়নি। সাংবিধানিক দায়িত্বে যাঁরা থাকেন, তাঁদের প্রতিটি শব্দ মেপে মেপে উচ্চারণ করা দরকার। তা না হলে তাঁরা তো বিতর্কিত হনই, প্রতিষ্ঠানও প্রশ্নবিদ্ধ হয়। বিচারপতি সিনহাকে নিয়ে বিচার বিভাগে যে তোলপাড় হয়েছে, তার রেশ কাটতে সময় নেবে। নির্বাচন কমিশন এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ুক, এটা আমরা চাই না।

বেশি দিন আগের কথা না। সাবেক চারদলীয় জোট সরকারের আমলে দুর্নীতি দমন ব্যুরো পুনর্গঠিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) তৈরি হয়েছিল। দুদকের চেয়ারম্যান হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, কমিশনে আরও দুজন সদস্য ছিলেন। তিনজনের এই ছোট পরিবারে বনিবনা ছিল না। তাঁরা প্রায়ই পাল্টাপাল্টি বক্তব্য দিতেন। এমনকি, একপর্যায়ে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল।

এর মধ্যে ঘটে গেল এক-এগারো। গণেশ উল্টে গেল। দুদকের চেয়ারম্যান ও সদস্যদের বঙ্গভবনে চায়ের দাওয়াত দিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। এ ধরনের পরিস্থিতিতে বঙ্গভবনে চায়ের দাওয়াত মানেই পত্রপাঠ বিদায়। তাঁরা পদত্যাগ করলেন। নতুন কমিশন তৈরি হলো লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীর নেতৃত্বে। নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মে. জেনারেল (অব.) মতিন প্রকাশ্যে মন্তব্য করলেন, ‘দুদক ক্লাউনমুক্ত হয়েছে।’ এই মন্তব্যে কেউ অখুশি হয়েছিলেন বলে জানা যায় না। মনিরুজ্জামান মিঞার দুদকের ভাবমূর্তি তলানিতে ঠেকেছিল।

যতদূর জানা যায়, ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে চর দখলের পর্যায়ে নিয়ে এসেছিল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা সময় নিষ্ক্রিয়তা কিংবা পক্ষপাতের অভিযোগ উঠেছিল। ২০১৪ সালের সর্বশেষ নির্বাচন নানা কারণেই বিতর্কিত। কেউ এর পুনরাবৃত্তি চাইবেন না। এখন সবাই একটা ভালো নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বিতা করে যাঁরা জয়ের আশা দেখেন না, কেবল তাঁরাই চাইবেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের দায় ও দায়িত্ব অনেক। দেশের মানুষ এবং বিদেশের পর্যবেক্ষকেরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছেন।

নির্বাচন কমিশনের নিজস্ব একটি টার্মস অব রেফারেন্স আছে। তাঁরা জানেন তাঁদের কী কী করা দরকার। রাজনৈতিক দলগুলো ও নাগরিকদের মন বোঝার জন্য তাঁরা দফায় দফায় সংলাপ করেছেন। ভবিষ্যতেও আলোচনার এই ধারা অব্যাহত থাকবে। রাজনীতিবিদেরা নানা কথা বলবেনই। সবাই তো জিততে চান। নাগরিকদের আকাঙ্ক্ষাও আকাশছোঁয়া। কমিশনকে কিন্তু নিজেদের সামর্থ্য এবং দেশের বাস্তবতা হিসাবে নিয়ে খুব সাবধানে পা ফেলতে হবে। এ জন্য তাঁদের নিজেদের মধ্যে যেমন সংহতি এবং ঐকমত্য দরকার, তেমনি দরকার কোনো বিতর্কিত বিষয়ে নিজেদের না জড়ানো।

বিএনপির সঙ্গে যেদিন সংলাপ হলো, সেদিন সিইসির একটি বক্তব্যে বিএনপি খুবই খোশমেজাজে ছিল। তবে আওয়ামী লীগের অনেকেই নাখোশ হয়েছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, এ রকম মন্তব্য করা নিয়েই নানা প্রতিক্রিয়া হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের দিন সিইসি এমন আওয়ামী-বন্দনা করলেন, যাতে মনে হতে পারে, আগের মন্তব্যের খোঁচাটি বোধ হয় তিনি পুষিয়ে দিয়েছেন।

রাজনৈতিক দলগুলোকে ‘গুড হিউমারে’ রেখে আসল কাজটি করার লক্ষ্যে অবিচল থাকা দরকার। তবে মন্তব্য করার ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে। কী প্রয়োজন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনাবশ্যক বিতর্কে জাড়ানোর? তাঁরা যত কম কথা বলেন, ততই মঙ্গল। কথা থেকেই কথা বাড়ে। আর বেশি কথা মানেই অনাবশ্যক কিংবা বাজে কথা। কথা নয়, কাজ দিয়ে কমিশনকে সক্ষমতার পরিচয় দিতে হবে।

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও এটা চলে গরিব মানুষের টাকায়। চূড়ান্ত বিশ্লেষণে রাষ্ট্র কিংবা সরকারের কাছে কমিশন দায়বদ্ধ নয়, এর দায়বদ্ধতা হলো নাগরিকদের কাছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা এখন অহরহ শুনি। এই ফিল্ড শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, ভোটারদের জন্যও। নাগরিকেরা যাতে অবাধে ভোট দিতে পারেন এবং তাঁদের রায় যেন ফলাফলে প্রতিফলিত হয়, এটা নিশ্চিত করাই হলো নির্বাচন কমিশনের প্রধান কাজ।

আমরা কথায় কথায় পাশের বাড়ির টিএন সেশানের কথা টেনে আনি। আমরাও কি একটা ভালো উদাহরণ তৈরি করতে পারি না? রাষ্ট্রের বয়স তো পাঁচ দশক হতে চলল। আমরা কবে সাবালক হব?

মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]