
বগুড়ায় এক তরুণী ধর্ষিত ও মা-মেয়ে লাঞ্ছিত হওয়া নিয়ে সারা দেশে তোলপাড় হলেও বরগুনায় নারীশিক্ষক ধর্ষণের ঘটনায় সহকর্মী শিক্ষক ছাড়া সবাই নিশ্চুপ। সেখানে শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন। শিক্ষা অফিসে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এর বাইরে স্থানীয়ভাবে বড় ধরনের প্রতিবাদ না হওয়া অত্যন্ত লজ্জাজনক।
একজন শিক্ষকের ওপর দিনে-দুপুরে যে নির্যাতন হলো, তার প্রতিবাদ হবে না? মানুষ আক্রান্ত শিক্ষকের পাশে দাঁড়াবে না? এটি কী ধরনের সমাজ? আমরা কি এতটাই কাপুরুষ হয়ে গেলাম?
ধর্ষণের শিকার শিক্ষক মামলায় উল্লেখ করেছেন, বিদ্যালয় ছুটির পর বেলা আড়াইটার দিকে তাঁর স্বামী তাঁকে আনার জন্য বিদ্যালয়ে যান। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সুমন বিশ্বাস, রাসেল, জুয়েল, সুমন, রেজাউল, হাসান ও রবিউল বিদ্যালয়ে যায়। তারা তাঁর স্বামীকে মারধর করে আটকে রেখে তাঁকে ধর্ষণ করে। ঘটনাক্রমে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাঁর স্বামী ভারতের নাগরিক। ঘটনার পর স্বামী ভারতে চলে গেছেন। স্ত্রীর ওপর এই নির্যাতনের ঘটনা তিনি কীভাবে নেবেন? বাংলাদেশ সম্পর্কে কী ধারণা নিয়ে গেলেন?
ঘটনার পর পাঁচ দিন পার হলেও পুলিশ সব দুর্বৃত্তকে ধরতে পারেনি। পুলিশ বলেছে, দুর্বৃত্তরা গা ঢাকা দিয়েছে। কী অদ্ভুত কৈফিয়ত! বরগুনার দুর্বৃত্তরা কি বগুড়ার তুফান সরকারদের চেয়েও বেশি ক্ষমতাবান? তাদের খুঁটির জোর কোথায়? স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেছেন, দুর্বৃত্তরা দলের কেউ নয়। তবে দলের নাম ভাঙিয়ে তারা অপকর্ম করতে পারে। কারা আওয়ামী লীগের নাম ভাঙাতে পারে? নিশ্চয়ই বিএনপি বা জামায়াতের কেউ নাম ভাঙাবে না। তারাই নাম ভাঙাবে, যারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা নেতাদের আশীর্বাদপুষ্ট।
বরগুনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আজমিরি বেগমের প্রতিবেদনে দেখা যায়, ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে তাঁর হাতে ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এক দিন আগে তিনি বলেছিলেন, ‘পরীক্ষায় সম্ভবত ধর্ষণের আলামত মিলেছে।’ ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পরস্পরবিরোধী অবস্থানের ব্যাখ্যা কী? বরগুনার সিভিল সার্জন জসিম উদ্দিন হাওলাদার বলেন, শিক্ষিকাকে ধর্ষণের আলামত পাওয়া না গেলেও তাঁকে ধর্ষণের চেষ্টা করা হতে পারে। কারণ, ওই শিক্ষিকার হাতে ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আক্রান্ত শিক্ষক ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘এটা অসম্ভব। যদি এটা হয়, তাহলে বলব, ফলাফল উল্টে দেওয়া হয়েছে। আমি শতভাগ নিশ্চিত, পরীক্ষায় ধর্ষণের আলামত প্রমাণিত হবে।’ তাঁর অভিযোগ, ‘ওরা আমার মাথায় প্রচণ্ড আঘাত করেছে। পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরজুড়ে যন্ত্রণা। আমি আর কিছু বলতে চাই না।’
আর ওই শিক্ষকের বাবা বললেন, ‘এত বড় একটা অন্যায় হয়ে গেল মেয়েটার ওপর। আমরা কি বিচার পাব? কে বিচার করবে? কার কাছে বিচার চাইব? ঘটনার পর থেকে মেয়েটা কোনো দানাপানি মুখে দিচ্ছে না, রাতে ঘুমাতে পারছে না, একটু তন্দ্রায় পড়লে ভয়ে চিৎকার করে ওঠে। চারদিকে ভয় আর আতঙ্ক। পুলিশ পাহারা দিলেও আমাদের আতঙ্ক তো কমছে না।’
ধর্ষকেরা নিশ্চয়ই সাক্ষী রেখে ধর্ষণ করে না। ধর্ষণের প্রধান সাক্ষী ধর্ষিতা নিজে ও পারিপার্শ্বিক আলামত। আলামত না মিললে আক্রান্ত শিক্ষকের কথাকেই চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নিতে হবে। দুর্বৃত্তদের উচিত শাস্তি দিতে হবে। একজন শিক্ষক শিক্ষার্থীদের খাতা দেখার সময় স্কুলকক্ষে দুর্বৃত্তদের দ্বারা ধর্ষিত হবেন, আর সমাজ নীরবে তা মেনে নেবে—এটি কী করে সম্ভব? এরপরও কি আমরা নিজেদের সভ্য বলে দাবি করতে পারি?
শিক্ষক ধর্ষণের ঘটনার প্রতিবাদ করার দায়িত্ব কি কেবল শিক্ষকদেরই? সমাজের অন্যান্য শ্রেণি ও পেশার মানুষের কোনো দায় নেই? সবাই কি কালা ও বোবা হয়ে গেছে? এই ঘটনায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কী প্রভাব পড়বে? প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতটা নির্লিপ্ত থাকতে পারতেন? পারতেন না। একজন সংখ্যালঘু নারী যদি স্বামীর সামনে এভাবে নির্যাতনের শিকার হন, অন্য সংখ্যালঘুরা কীভাবে নিজেদের নিরাপদ ভাববেন?
আমরা ওই শিক্ষকের সাহসের তারিফ করি। তিনি ঘটনা না লুকিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। ছয় দুর্বৃত্তের নামে থানায় মামলা করেছেন। কিন্তু সমাজ তাঁর পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে দাঁড়ায়নি। শুনেছি, ঢাকা থেকে নাগরিক সমাজ ও মানবাধিকারকর্মীদের একটি প্রতিনিধিদল দু-এক দিনের মধ্যে বেতাগী যাবে। এত বিলম্ব কেন? এই নিয়মমাফিক প্রতিবাদ কি দুর্বৃত্তদের খামোশ করতে পারবে? একটি বিদ্যালয়ে ঢুকে সন্ত্রাসী-বখাটেরা এক শিক্ষককে ধর্ষণ করেছে, তাঁর স্বামীকে মারধর করে পাশের কক্ষে আটকে রেখেছে, এর চেয়ে বর্বরতা আর কী হতে পারে?
তারপরও আমরা আশা রাখতে চাই। বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম যেমনটি বলেছেন, ‘প্রশাসন, নাগরিক সমাজ যদি এখনই এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার না হয়, তবে এই সন্ত্রাসীরা ক্রমাগত উৎসাহিত হবে এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতেই থাকবে।’
লেখাপড়ার সূত্রে আমার কৈশোর কেটেছে বেতাগীতে। সে সময়ে দেখেছি, হিন্দু-মুসলমানদের মধ্যে কী চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি। শিক্ষকদের সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। কিন্তু আজ সেখানে একজন শিক্ষক দুর্বৃত্তদের দ্বারা চরমভাবে নিগৃহীত হলেন। আর সমাজ নির্বিকার।
বেতাগীর পাশ দিয়ে বয়ে যাওয়া আমার সেই কৈশোরের বিষখালী নদী গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। জোয়ার–ভাটার এই নদী শীতে যত শান্তই থাকুক, বর্ষায় এখনো দুই কূল ভাসিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।
তাই বলব, মানুষ প্রতিবাদ না করুক, এই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠুক নদী।
তখন হয়তো মানুষ কিছুটা হলেও লজ্জা পাবে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।