আমরা জ্ঞানত সবাই অজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মী সামছুর রহমানকে ধন্যবাদ। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছিলেন, তা নিয়ে প্রতিবেদন লিখেছেন। না, ব্যাপারটা নতুন কিছু নয়, কিন্তু তিনি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আমাদের অবস্থাটা আসলে কী।

আমাদের সব জায়গাতেই আসলে এই অবস্থা বিরাজ করছে। আমরা কেউই মনে করি না, নিজের দায়িত্ব পালন করাটাই আমাদের প্রধান কাজ। সবাই যেন কাজে ফাঁকি দেওয়াটা বুদ্ধিমানের কাজ মনে করি। আবার আমাদের মধ্যে একধরনের ঔদাসীন্যও কাজ করে। তাই আমরা সামছুর রহমানের প্রতিবেদনে দেখতে পাই, হাসপাতালের কক্ষে চিকিৎসক সন্তানকে বসিয়ে খাওয়াচ্ছেন, ওদিকে দুজন রোগীর অবস্থা মরণাপন্ন। তাদের চিকিৎসা দেওয়ার জন্য সামছুরকে নানা জায়গায় দৌড়াতে হচ্ছে।

এখন কথা হচ্ছে, সন্তানকে খাওয়ানো নিশ্চয়ই দোষের কিছু নয়। কিন্তু নিজ কর্মস্থলে কাজের প্রতি গুরুত্ব না দিয়ে এভাবে সন্তানকে খাওয়ানোর মধ্যে আমাদের জাতির পরিস্থিতি প্রতিফলিত হয়। ওই চিকিৎসকের কথাই ভাবুন, তিনি নিশ্চয়ই শখ করে সন্তানকে স্কুল থেকে হাসপাতালে নিয়ে আসেননি, বাধ্য হয়েই তা করেছেন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালে যদি শিশু দিবাযত্ন কেন্দ্র থাকত, তাহলে নিশ্চয়ই ওখানে বসে তাঁকে বাচ্চাকে খাওয়াতে হতো না। আবার সেটা থাকলেই যে সব সমস্যার সমাধান হয়ে যেত, তাও হয়তো নয়। কারণ, আমাদের মানসিকতার মধ্যেই এ ধরনের ঔদাসীন্য আছে। এটা কাটিয়ে ওঠার জন্য সামষ্টিক উদ্যোগ দরকার।

আমাদের যাপিত জীবনের প্রতি পদেই এই ঔদাসীন্য অত্যন্ত প্রকট। রাস্তায় বেরোলে দেখা যায়, আমরা সবাই নিজে চলতে ব্যস্ত, কিন্তু অন্যকেও যে পথে চলতে হবে, সে ব্যাপারে আমরা উদাসীন। এটা এতই প্রকট যে ইদানীং অনেকেই রেললাইন ধরে হাঁটার সময় মুঠোফোনে কথা বলতে বলতে অবলীলায় ট্রেনের নিচে কাটা পড়ছেন। সত্যি খুব অবাক লাগে, এটা কীভাবে সম্ভব। মানুষের কি নিজের প্রাণের মায়া নেই? যাঁরা ব্যক্তিগত গাড়িতে চড়েন, তাঁদের অনেকেই মনে করেন, রাস্তাটা শুধু তাঁর জন্য বানানো হয়েছে।

আবার ফুটপাতে হাঁটতে হাঁটতে মানুষ হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তার একটু হুঁশ নেই যে এতে আরও অনেকের চলাচল বাধাগ্রস্ত হবে। আবার অলিগলিতে সাইকেল চালাতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। দেখেছি, বেল বাজানো সত্ত্বেও লোকে জায়গা দিতে চায় না। সেখানে ফুটপাত নেই তা ঠিক, কিন্তু তাই বলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হবে, তার তো কথা নেই। তাদের ভাবখানা যেন এমন, এটা তো আমাদের বাড়ির উঠান, তুমি বাপু এখান দিয়ে যাবে কেন। আবার রাস্তায় চলার সময় দেখা যায়, মানুষ যেখানে-সেখানে দলা পাকিয়ে থুতু-কফ ফেলছে। কিন্তু এতে যে তারও ক্ষতি হতে পারে, সেটা সে ভেবে দেখছে না। না, আমি কোনো গ্রামের কথা বলছি না, খোদ রাজধানী ঢাকার কথা বলছি।

আবার রাস্তার মোড়ে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন তাঁরা কখনো কখনো মুঠোফোনে এত ব্যস্ত থাকেন যে মনে হয় না, তাঁরা আমাদের নিরাপত্তা দিতে পারবেন। আমরা দেখেছি, সোনারগাঁও হোটেলে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান উঠলে ফুটপাত দিয়ে মানুষকে হাঁটতে দেওয়া হয় না। এই সড়কে এমনিতেই গাড়ি খুব দ্রুত গতিতে ছোটে। আর তার মধ্যে এই পথচারীদের ঠেলে দেওয়া হয়। সত্যি সেলুকাস!

কথা হচ্ছে, এই দেশে সেবা পাওয়াটা হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গেছে। সরকারি-বেসরকারি প্রায় সব জায়গাতেই একই অবস্থা দেখা যায়, দুই-একটি ব্যতিক্রম ছাড়া। আপনি যদি কোনো সমস্যা সমাধানের জন্য কোথাও যান, তাহলে দেখবেন, কেউ পাত্তাই দিচ্ছে না। এমনকি ঘুষ দিলেও সময়মতো সমাধান পাওয়া কঠিন। তাই এই উদাসীনতা সব সময় নিরীহ নয়।

কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিকেরা উদাসীন, তাই রাষ্ট্রও হয়তো উদাসীন। আর তাই আমরা নাগরিকের প্রতি রাষ্ট্রের এমন উদাসীনতা বিনা বাক্যে মেনে নিই। আমরা যেন জ্ঞান থাকতেও অজ্ঞান হয়ে থাকি, নইলে এত উদাসীন হই কী করে।