আমরা তোমাদের পাশে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের একটি রায়কে কেন্দ্র করে গত কয়েক দিনে সারা দেশে যে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেভাবে মানুষ ও সম্পদের হানি হয়েছে, তাতে যেকোনো বিবেকবান মানুষই বিচলিত ও বিপন্ন বোধ করবে। অথচ আগের রায়টি নিয়ে যাঁরা সংক্ষুব্ধ ছিলেন, তাঁরাও প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ ও অহিংস। কিন্তু দ্বিতীয় রায়ের প্রতিবাদ হলো সহিংস এবং জীবন ও সম্পদহানিকর। এই সহিংসতার কারণ অনুসন্ধান কিংবা কাদের দ্বারা, কীভাবে এসব সংঘটিত হয়েছে, সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের স্বীকার করতে হবে, এ পরিস্থিতি ছিল অনাকাঙ্ক্ষিত। এ ক্ষতি অপূরণীয়। যাঁরা মারা গেছেন, তাঁরা যে দলের বা বাহিনীরই সদস্য হোন না কেন আমাদেরই সন্তান। ভুল রাজনীতির কারণে যদি কেউ জীবন দিয়ে থাকেন, তার দায়ও আমরা এড়াতে পারি না। আমরা তাঁদের হাতে ন্যায়ের পতাকা তুলে দিতে পারিনি বলেই তাঁরা ভুল রাজনীতির শিকার। আমরা তাঁদের শান্তির শিক্ষা দিতে পারিনি বলে তাঁরা হিংসার পথে চালিত হয়েছেন।আরও দুঃখজনক ঘটনা হলো, যাঁরা কোনোভাবেই, কখনোই রাজনীতির সঙ্গে জড়িত নন, এই রাজনৈতিক অস্থিরতায় সেই ‘দিন আনা দিন খাওয়া’ মানুষগুলোর জীবন-জীবিকাও মারাত্মক হুমকির মুখে পড়েছে। যে রাজনৈতিক নেতৃত্ব দিনের পর দিন হরতাল ডেকে বা রাস্তায় বিক্ষোভ করে আন্দোলনের সাফল্য খোঁজে কিংবা যাঁরা হরতাল প্রত্যাখ্যাত হয়েছে বলে আত্মপ্রসাদ লাভ করে, তারা কেউই এই মূঢ় ম্লান মানুষগুলোর হাঁড়ির খবর রাখেন না, রাখার প্রয়োজন বোধ করেন না। যে রাজনৈতিক নেতারা প্রতিপক্ষকে রাজপথে পরাস্ত করতে পারলেই বিজয়ের হাসি হাসেন, তাঁরা গরিষ্ঠসংখ্যক মানুষের দুঃখ বোঝেন না, কষ্ট উপলব্ধি করতে পারেন না।৪২ বছর পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। ইতিহাসের দায় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির জন্যই এটা জরুরি। অথচ এই বিচার প্রশ্নে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভাজিত এবং পরস্পর মুখোমুখি। তারা ক্ষমতার রাজনীতির হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত। এটি খুবই দুঃখজনক। একাত্তর সালে এ দেশটি স্বাধীন হয়েছিল সব ধর্ম ও মতের মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। বলা হয়েছিল, বাংলাদেশ হবে একটি প্রজাতন্ত্র। এর মালিক হবে জনগণ। কিন্তু জনগণ মালিক হয়নি, মালিক হয়েছেন কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী। রাষ্ট্রের কর্তৃত্ব কখনোই গরিষ্ঠসংখ্যক মানুষের কাছে যায়নি। তারা অসহায়।সেদিন আমরা পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি সেই রাষ্ট্রটির স্বৈরাচারী ও সাম্প্রদায়িক আদর্শও পরাস্ত করেছিলাম। একটি সাম্প্রদায়িক রাষ্ট্রকাঠোমো ভেঙে আমরা গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু চার দশক পর এসেও সেই সাম্প্রদায়িকতা রাষ্ট্র ও রাজনীতিকে কলুষিত করছে। গত কয়েক দিনের সহিংসতার জন্য কেউ সরকারকে, কেউ মৌলবাদী রাজনৈতিক দলটির নেতা-কর্মীদের দায়ী করছেন। কিন্তু রাজনীতির এই কূটতর্কের নিচে চাপা পড়ছে লাখ লাখ প্রান্তিক ও সংখ্যালঘু মানুষের দীর্ঘশ্বাস। কেবল সংখ্যালঘু হওয়ার কারণেই তাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা হয়েছে। এসব নিরীহ ও নিরপরাধ মানুষকে আমরা নিরাপত্তা দিতে পারিনি। আমাদের উচ্চকিত স্লোগান কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতাও তাঁদের অভয় দিতে পারেনি। এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা।যখনই কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটে, যখনই দেশ অশান্ত হয়ে ওঠে তার প্রথম ও প্রধান শিকার হয় সংখ্যালঘু সম্প্রদায়। রাজনীতির হিসাব-নিকাশে বড় হয়ে ওঠে কারা তাঁদের ভোট পাবেন, কারা পাবেন না। যাঁরা ভোট পাবেন না, তাঁদের কাছে তাঁরা বরাবরই ‘শত্রু।’ যাঁরা পাবেন তাঁরাও তাঁদের নিরাপত্তা দিতে পারেননি। নব্বই ও বিরানব্বইয়ে আমরা এর প্রমাণ পেয়েছি। প্রমাণ পেয়েছি ২০০১ সালে এবং গত বছর রামুর ঘটনায়ও। গত তিন দিনে বাগেরহাটের মোরেলগঞ্জ, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, নোয়াখালীর বেগমগঞ্জ, লক্ষ্মীপুরের রায়পুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, গাইবান্ধা, কক্সবাজারের বাঁশখালী উপজেলার দক্ষিণজলদি ধোপপাড়ায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজারে এবং আরও অনেক স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাস্তুভিটা, লুট ও ভাঙচুর করা হয়েছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল প্রথম আলোর প্রথম পাতায় বাঁশখালী ও বেগমগঞ্জে অগ্নিসংযোগ করা বাড়ির তিন সংখ্যালঘু নারীর কান্নার ছবি ছাপা হয়েছে। এ রকম ছবি আরও আছে। একটি মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দেশে আর কত মানবতাবিরোধী ঘটনা ঘটবে? দেশজুড়ে এই সহিংসতার শিকার পরিবারগুলো কার কাছে সান্ত্বনা খুঁজবে? কোথায় যাবে? বিচার হলো একটি আইনি প্রক্রিয়া। আইনি লড়াইয়ের মাধ্যমেই এটিকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে। কোনো রায়ই দুই পক্ষকে সন্তুষ্ট করতে পারে না। এক পক্ষ সন্তুষ্ট হলে অন্য পক্ষ সংক্ষুব্ধ হবে। আগের রায়ে সরকারপক্ষ অসন্তুষ্ট হয়েছিল। আর বিবাদী নিজে ‘ভি’ চিহ্ন দেখিয়ে আদালতকক্ষ ত্যাগ করেছিলেন। এরপর সরকারপক্ষ আপিলের সিদ্ধান্ত নিয়েছিল। এবার বিবাদীপক্ষ ন্যায়বিচার পায়নি বলে আপিল করবে বলে জানিয়েছে। তাহলে রায়ের বিরুদ্ধে এই জ্বালাও-পোড়াও আন্দোলন কেন? একটি অঘটন অনেক অঘটন ডেকে আনে। একটি মৃত্যু আরও অনেক মৃত্যুর পটভূমি তৈরি করে।মনে রাখতে হবে, সবার ওপরে দেশ ও দেশের মানুষ। আদালতে বিচার হচ্ছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের। আজকের তরুণেরা যে দলেরই হোক না কেন, তাঁরা কেন সেই অপরাধের দায় নেবেন? তাঁরা কেন রাষ্ট্রনিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে টার্গেট করবেন? গত চার দিনে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ মারা গেছেন। এঁদের কেউ দলের কর্মী, কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেউ কিংবা একেবারেই সাধারণ মানুষ। সবারই দায়িত্ব নির্ধারিত। যাঁরা রাজনৈতিক দলের সদস্য, তাঁদের কাজ দলের আদর্শ ও উদ্দেশ্য প্রচার করা। এমনকি তাঁরা জনগণকে তাঁদের পক্ষে টানার চেষ্টা চালাতে পারেন, তাঁদের বোঝাতে পারেন। কিন্তু অন্যের ওপর জবরদস্তি চালাতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আক্রমণকারীদের হাত থেকে তাঁদের বাঁচানো। তাঁরা কঠোর হবেন কিন্তু নিষ্ঠুর হবেন না। নিছক দলীয় পরিচয়ের কারণে কাউকে তোষণ করবেন না বা কারও ওপর চড়াও হবেন না। মনে রাখতে হবে, তাঁদের শক্তির উৎস অস্ত্র নয়, জনগণের আস্থা। তাঁরা দল-মতনির্বিশেষে সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাঁরা অবস্থান নেবেন আইনের পক্ষে, আইন অমান্যকারীর বিপক্ষে। নিরীহ ও নিরস্ত্র মানুষের শেষ ভরসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মানিকগঞ্জের বাসিন্দা মোসলেমউদ্দিন ঢাকার মিরপুরে এসেছিলেন মেয়ের বাসায় বেড়াতে। বাসা থেকে বেরিয়ে পাড়ার চায়ের দোকানে গিয়েছিলেন চা খেতে। কিন্তু তিনি আর ঘরে ফেরেননি। বিচারবিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে মারা গেলেন। এই মৃত্যুর কৈফিয়ত কী? পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও সংখ্যালঘু ব্যক্তিরা অনিরাপদ। কে তাঁদের নিরাপত্তা দেবে? রাষ্ট্র নিরাপত্তা দিতে পারত, রাজনৈতিক দলগুলো নিরাপত্তা দিতে পারত, নাগরিক সমাজ নিরাপত্তা দিতে পারত, তরুণ প্রজন্ম নিরাপত্তা দিতে পারত। কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে। তাই নিজেদের নিরাপত্তার দাবিতে তাঁরাই রাজপথে নেমে এসেছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন করেছেন। এই মানববন্ধনের কাফেলা যত দীর্ঘ হবে, সন্ত্রাসীরা তত ভিত হবে। আসুন, আমরা সবাই মানবতা রক্ষার কাফেলায় যোগ দিই। আমরা উচ্চকণ্ঠে তাঁদের বলি, ‘তোমাদের ভয় নেই। আমরা তোমাদের পাশে আছি, থাকব।’ একটি সমাজ কতটা সভ্য তা নিরূপিত হয় সেই দেশে সংখ্যালঘু ব্যক্তিদের নিরাপত্তা আছে কি না তার ওপর। একটি দেশ কতটা গণতান্ত্রিক, তা নিরূপিত হয়ে সেই দেশে ভিন্নমতকে গ্রাহ্য করা হয় কি না তার ওপর। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। এই জটিল ও কঠিন সময়ে সরকারকেও বুঝতে হবে, কেবল পুলিশ, র‌্যাব, বিজিবি বা সেনাবাহিনী দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জনগণই রাষ্ট্রের প্রধান নিরাপত্তা ও নিয়ামক শক্তি। তাঁদের ওপর আস্থা রাখুন। প্রতিটি মৃত্যুই শোকাবহ। প্রতিটি দুর্ঘটনা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ক্ষতের সৃষ্টি করে। সেই সরকারই জনদরদি সরকার, যারা সর্বনিম্ন ক্ষতের বিনিময়ে সর্ববৃহৎ সাফল্য ঘরে নিয়ে আসতে পারে এবং ক্ষতগুলোর দ্রুত উপশম ঘটাতে পারে। সেই সরকারই উত্তম, যারা শত্রুকে বন্ধু করতে পারে এবং পরকে করতে পারে আপন। সেই সরকারই গণতান্ত্রিক, যারা নীতির প্রশ্নে অটল থেকেও ভিন্নমতকে সহনশীলতার সঙ্গে দেখে।যুদ্ধ ও সংঘাতে সবার আগে নিহত হয় মানবতা। ১৯৭১ সালে এই মানবতা চরমভাবে লাঞ্ছিত হয়েছিল বলেই আমরা ৪২ বছর পর তার বিচার করছি। সেই বিচার যেমন ন্যায়বিচার হওয়ার দাবি রাখে, তেমনি সেই বিচারকে কেন্দ্র করে প্রাণহানি ও সম্পদহানির ঘটনাও বন্ধ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আসুন, আমরা সংঘাতকে ঘৃণা করি। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াই। যত বাধাই আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখি। জয় হোক মানবতার। সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]