আমরা প্যান্ডোরার বাক্স খুলতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরে জানা গেল, সাম্প্রতিক জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ ওঠায় বাংলাদেশ ছাত্রলীগ জঙ্গিবাদ মোকাবিলায় দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কমিটি গঠন করবে। খবরটি জানার পর বেশ কৌতুক বোধ করছি, একই সঙ্গে আতঙ্কও। যে ছাত্রলীগের সন্ত্রাসে বিরক্ত হয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনটির সাংগঠনিক নেত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন, সেই সংগঠন নাকি জঙ্গিবাদ মোকাবিলার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি করবে! তারা সেখানে কী করবে, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না।

ব্যাপারটা যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার শামিল! কথাটা বলার কারণ হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের মাস্তানি নেই। ফলে, সেখানে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিলম্বিত হয় না। কিন্তু ছাত্রলীগের বা ছাত্রদলের মতো ছাত্রসংগঠন যদি সেখানে ঘাঁটি গাড়ে, তাহলে এত টাকাপয়সা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। যে যন্ত্রণা এত দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগ করেছে, সেটা তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ভোগ করতে হবে। কারণ, ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি দমনের নামে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, তাতে আর সন্দেহ কী!

এখন পর্যন্ত আমরা দেখলাম, মূলত ইংরেজি মাধ্যম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাছাত্ররাই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর সঙ্গে জড়িত হওয়ার তেমন দৃষ্টান্ত দেখা যায়নি। অর্থাৎ, এদের শিক্ষাদীক্ষার মধ্যেই সমস্যা আছে বলে মনে হয়। সে কারণে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করা প্রয়োজন। ইতিমধ্যে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে, কিন্তু তা যে পর্যাপ্ত নয়, সেটা স্পষ্ট। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনও চালু করা যেতে পারে। যে নির্বাচনে ছাত্ররা বিভিন্ন প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তবে তাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হবে, তেমন প্রয়োজনীয়তা নেই। এই নির্বাচনের মাধ্যমে ছাত্ররা যেমন নেতৃত্ব দিতে শিখবে, তেমনি প্রতিষ্ঠানে ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে পারবে। এটা হওয়াটা জরুরি। কারণ, পড়াশোনা শুধু সেমিস্টারে ভালো জিপিএ পাওয়ার জন্য বইয়ের ওপর মুখ গুজে পড়ে থাকা নয়, সমাজ-রাষ্ট্র কীভাবে চলে, সেটা জানা এবং নিজেকে জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলাও পড়াশোনার অনুষঙ্গ। তা না হলে রাষ্ট্রে যোগ্য নেতৃত্ব তৈরি হবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠনের সংবাদ আমাদের জন্য মোটেও সুখকর কিছু নয়। অতীতে আমার দেখেছি, ছাত্রলীগের ধাওয়া খেয়ে কলেজের প্রিন্সিপাল দৌড়াচ্ছেন। ফলে কথা হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কমিটি গঠন করলেও সেখানেও যে একই দৃশ্য আবার দেখা যাবে না, তার নিশ্চয়তা কে দেবে? আমরা প্যান্ডোরার বাক্স খুলতে চাই না।

ছাত্রলীগ বরং দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন শুরুর উদ্যোগ নিক। নির্বাচনে তারা হয়তো মেরেকেটে বেশির ভাগ আসন দখল করে নেবে, কিন্তু তাতে অন্তত ছাত্ররাজনীতি নতুন উদ্যমে শুরু হবে। নাই মামার চেয়ে তো কানা মামা ভালো!