আমরা যদি না জাগি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদেরও একজন বঙ্গবন্ধু ছিলেন। কিন্তু আফসোস! সেই ইতিহাস তাদের জোর করে শেখাতে হয়। বিদেশি যুদ্ধসৈনিকেরা তাদের আইডল। মুক্তিযুদ্ধ চলাকালীন টি-৩৩ বিমান উড়িয়ে নিয়ে আসা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে ধাওয়া করেছিল চারটি জঙ্গি বিমান। যাঁর কাছ থেকে বিমান ছিনতাই করেছিলেন, তাঁর সঙ্গে ধস্তাধস্তিতে একপর্যায়ে মতিউর বিমান থেকে ছিটকে পড়ে শহীদ হন। এই মানুষটার দাফন হয়েছিল পাকিস্তানের করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণির কবরস্থানে। কবরের সামনে লেখা ছিল: ‘ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার।’ প্রায় ৩৫ বছর ওখানে ছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। প্রজন্ম কি জানে সেই ইতিহাস?

আইডল যদি মানতেই হয় নিজের দেশের বীরসেনা কেন নয়? হাবিবুর রহমান বীর বিক্রম পাকিস্তান নৌবাহিনীর দুই জাহাজ ‘এসইউ ইঞ্জিনিয়ার্স এলসি-৩’ এবং ‘এসটি রজার’ চরে ডুবিয়ে দেন। এরপর থেকে মানুষটার নামই হয়ে গেল ‘জাহাজমারা হাবিব’। সেলুলয়েডের গল্পের চেয়ে কোন অংশে কম লাগছে দৃশ্যগুলো? আফসোস এই যে, আমাদের এই প্রজন্মকে এসব ইতিহাস বিচলিত করে না, কিন্তু হিলারি-ট্রাম্প তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। এই বাংলার ইতিহাস জানা এই প্রজন্মের কাছে ‘আঁতেলগিরি’ আর পুতিন কার সঙ্গে সেলফি তুলেছেন, সেটা জানা অনেক বড় ‘স্মার্টনেস’। চীনের সমাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার নাড়িনক্ষত্র এই প্রজন্মের দখলে, কিন্তু সেই চীনই কেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই ইতিহাস প্রজন্ম জানতে চায় না। এই প্রজন্ম শুধু স্মার্ট হতে চায়।

আমি প্রজন্ম নিয়ে হতাশাবাদী নই, কখনোই ছিলাম না। এই ‘ফেসবুক প্রজন্ম’ই রানা প্লাজা ধসের পর রাত-দিন একাকার করে আহত ব্যক্তিদের সেবা করেছে, রক্ত আর ওষুধের জন্য দৌড়েছে। বন্যায় যখন বাংলাদেশের বিশাল অংশ প্লাবিত, তখন এই ‘স্মার্টফোন প্রজন্ম’ই ত্রাণ নিয়ে ছুটে গেছে। এই প্রজন্মই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করে ছিনিয়ে এনেছে বিজয়। এই হাজারো অভিযোগে জর্জরিত প্রজন্ম প্রতিবার নিজেদের প্রমাণ করে চলেছে। তাহলে কেন ইতিহাস-রাজনীতির সঙ্গে তাদের এত শত্রুতা? কেন এখনো বইমেলায় মাতৃভাষা দিবস কবে জিজ্ঞেস করলে ক্যামেরার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তারা?

>এই ‘ফেসবুক প্রজন্ম’ই রানা প্লাজা ধসের পর রাত-দিন একাকার করে রক্ত আর ওষুধের জন্য দৌড়েছে। বন্যায় যখন বাংলাদেশের বিশাল অংশ প্লাবিত, তখন এই ‘স্মার্টফোন প্রজন্ম’ই ত্রাণ নিয়ে ছুটে গেছে

সমস্যার মূল খুব গভীরে। প্রত্যেক মানুষই নিজেদের সুন্দর অবয়ব গড়ে তুলতে চায়, হোক সেটা সামাজিকভাবে কিংবা পারিবারিক পরিমণ্ডলে। নিজের একটা সুন্দর ছবি আঁকার যেই প্রচেষ্টা, তার প্রধান নিয়ামক হচ্ছে পারিপার্শ্বিক জ্ঞান। সবাই নিজেকে সবজান্তা ভাবতে পছন্দ করে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ইতিহাস কিংবা রাজনৈতিক পটপরিবর্তনের জ্ঞান এই প্রজন্মকে সেই সবজান্তা ভাবটা দেয় না। এই দেশের ইতিহাস বিশ্বের মানচিত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এখনো পর্যন্ত, এর রাজনৈতিক উত্থান-পতনে বাকি দুনিয়ার তিলমাত্র পরিবর্তন হয় না। তাই এই অবাঞ্ছিত তথ্য মাথায় রেখে মাথা ভারী করার পক্ষপাতী নয় তারা। অধিকন্তু, পশ্চিমা বিশ্বের রঙিন মিডিয়ার বদৌলতে এখন প্রায় পুরো প্রজন্ম বিশ্বাস করে, অন্য দেশের রাজনীতি কত স্বচ্ছ আর আমাদের রাজনীতি কত নোংরা।

তবে এক যুক্তরাষ্ট্রের নির্বাচনই প্রমাণ করে দেওয়ার কথা রাজনীতি কমবেশি সব দেশে একই রকম, ধরনটা ভিন্ন শুধু। আমাদের দেশে এখনো জবাবদিহির প্রচলন তেমনটা নেই বললেই চলে। দুর্নীতিতে আমাদের চ্যাম্পিয়নের ট্রফি এখনো শোকেসে সাজানো আছে, এখনো ১/১১-এর স্মৃতি জ্বলজ্বল করছে। আমাদের  হাজারো সমস্যা! তবে এসব সমস্যার কারণে যদি রাজনীতি আর ইতিহাসকে আমরা একেবারে বয়কট করে বসি, আখেরে ক্ষতি কাদের হবে? ট্রাম্প এসে আপনার-আমার ভাত দেবেন না, আমাদের চাহিদার জোগান আমাদের রাজনৈতিক নীলনকশা থেকেই বের করতে হবে। আজকে রাজনীতি নোংরা বলে যদি এই প্রজন্ম পা না বাড়ায়, এই রাজনীতির ময়দান কখনো পরিবর্তন হবে না। তাইতো বহু বছর আগে কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?’

সেই সকালের প্রত্যাশায় রইলাম!

ইশরাত বিনতে আফতাব: শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মাইক্রোবায়োলজি বিভাগ।