নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় চারদিকে উঠেছে প্রতিবাদের ঝড়। ধর্ষণের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল না হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনা প্রতিদিন ঘটছে, অগণিত ঘটছে, ঘরে-বাইরে ঘটছে। আমার মতো অনেকেই ভেবে পাচ্ছেন না হয়তো, কী করে বন্ধ হবে ধর্ষণ? কী করে নারীকে শুধু শরীর দিয়ে দেখা বন্ধ হবে? কী করে নারী এ দেশের পথে-ঘাটে হাঁটবে-চলবে, নিরাপদে থাকবে নিজের ঘরে? কোন আন্দোলনে বন্ধ হবে ধর্ষণ? ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার হওয়ার বিধান থাকলেও বহু দিন-রাত পার হয়ে যায়, বিচার হয় না। আবার অনেক ধর্ষণের ঘটনা অবিচারের ভয়ে বিচার চাওয়া পর্যন্ত পৌঁছায়ই না। ধর্ষণের শিকার মেয়েগুলো, শিশুগুলো মরে যায়, ক্ষয়ে যায়, আমরা ভুলে যাই। কন্যাসন্তানকে আরও কত সাবধানে রাখা যায়, সে হিসেব করতে গিয়ে আমরা ঘরবন্দী করে ফেলি তাকে; জোরে হাসতে দিই না। তার কথায় কাজে জেদ-প্রতিজ্ঞা-আত্মবিশ্বাসের স্ফুরণ দেখলে ভয় পাই। তাকে একা ছাড়তে পারি না, মা চাকরি ছাড়েন শুধু কন্যাসন্তান পাহারা দেওয়ার জন্য, হায়েনার হাতে পড়ার নিত্যভয় থেকে বাঁচার জন্য।
অথচ এই হায়েনারাও জন্মায় ঘরে, শরীরে-বুদ্ধিতে ভালো করে বেড়ে ওঠার আগেই তারা হয়ে উঠছে নারী শরীরলোভী শ্বাপদ, ধর্ষক। এরা সংখ্যায় বাড়ছে, নৃশংসতায় বাড়ছে। শ্বাপদ হয়ে ওঠার আগের যে ছেলেটা থাকে, আমি মনে করি সেই ছেলেটা খুব অনিরাপদ। ঝুঁকিপূর্ণ অনুষঙ্গ নিয়ে সে বেড়ে উঠছে। সে চারদিকে সহিংসতা দেখে, সংসারে বৈষম্য দেখে, রাস্তায় নারীর প্রতি কটূক্তি শোনে, যত্রতত্র টিভিতে, সিনেমায় আইটেম সং, নীল ছবি দেখে। এসব দেখে ধর্ষণকে, নারীর প্রতি সহিংসতাকে সে স্বাভাবিক মনে করে। পুরুষত্ব সম্পর্কে এক ভুল এবং বিপজ্জনক ধারণা নিয়ে সে বেড়ে ওঠে।
সে শেখে নারীকে ধর্ষণ করা ‘অপরাধ’ নয়, বরং নারীর পোশাকে ‘ঝামেলা’ থাকলে, তার পরিবার জমি নিয়ে, ক্ষমতা নিয়ে ‘ঝামেলা’ করলে, রাতে একলা বের হলে, প্রেমের প্রস্তাবে না করলে, বেশি কথা বললে অথবা কিছু না করলেও মন চাইলেই ধর্ষণ করা যায়, হেনস্তা করা যায়, অশ্লীল ইঙ্গিত করা যায়। সে শিখেছে দুই-চারটা মেয়ের সঙ্গে শরীরের সম্পর্ক না থাকলে ‘পুরুষ’ হয়ে ওঠা হয় না, ‘ম্যাসকুলিন’ হওয়া হয় না। তাই ধনী-দরিদ্র, আদিবাসী-বাঙালি, হিন্দু-মুসলিম, হিজাবি-অহিজাবি সব নারী তার চোখে শরীর মাত্র।
ওদের এই কুশিক্ষার দায় আমাদের, পরিবারের, সমাজের ও রাষ্ট্রের। যত পাহারা আমরা মেয়েটাকে দিই সম্মানহানির ভয়ে, ছেলেটাকে কি ততটা বলি কারোর ‘সম্মানহানি’র কারণ না হতে? তার উঠতি বয়সে যখন সে ধর্ষণকে তার মনে ও মগজে স্বাভাবিক মনে করে, নিজের পুরুষত্ব জাহিরের বাহাদুরিপূর্ণ উপায় বলে মনে করে, তখন কি আমরা তার দিকে মনোযোগ দিই? ঘর থেকে বেরোনোর সময় মেয়েটাকে যতবার বলি কোনো দিকে তাকাবি না, মাথা নিচু করে চলবি, সন্ধ্যার আগেই ঘরে ফিরবি, ততবার কি ছেলেটিকে বলি যে রাস্তাটা নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবার? না, বলি না। বলি না কারণ, নারীর প্রতি ঘটে যাওয়া সব সহিংসতার দায় নারীকেই নিতে হয়, সামাজিক-শারীরিক-মানসিক হেনস্তার জীবন নারীকেই বহন করতে হয়।
মেয়েটা জানে কোনো ভুল হলে তার বিয়ে হবে না, সে তার পরিবারে থাকতে পারবে না, এলাকায় টিকতে পারবে না। ছেলেটা জানে, তার অপরাধের বিচার এত সহজ নয়, তার চেয়ে মেয়েটিকে কলঙ্কিত করা সহজ। সে জানে, মামলা বন্ধ করা যাবে, প্রয়োজনে ধর্ষণের পর হত্যা, হুমকি এসব তো আছেই। এ তো গেল পরিবারের মধ্যে বেড়ে ওঠা ছেলেদের কথা। যারা বেড়ে উঠছে রাস্তায়, পরিবারের বাইরে, শিশুশ্রমিক হয়ে কোনো কারখানার কুঠুরিতে, কিংবা মাদকের ছোবলে যারা হারাতে বসেছে জীবনের সব ভালো, যাদের জীবনে দেখা হয়ে ওঠেনি নারী-পুরুষের কোনো সুন্দর সম্মানজনক সম্পর্ক, তাদের নারীলোলুপ শ্বাপদ হয়ে ওঠা কী করে বন্ধ হবে? কে দায় নেবে?
মেয়েটা জানে কোনো ভুল হলে তার বিয়ে হবে না, সে তার পরিবারে থাকতে পারবে না, এলাকায় টিকতে পারবে না। ছেলেটা জানে, তার অপরাধের বিচার এত সহজ নয়, তার চেয়ে মেয়েটিকে কলঙ্কিত করা সহজ।
কেন এত ভুল শেখা? মানবজন্ম নিয়ে নৃশংস শ্বাপদ হয়ে ওঠা? কারণ নানবিধ। সহিংসতা ও ধর্ষণের বিচার হয় না (যা হয় হাতে গোনা এবং দীর্ঘসূত্রতার জালে আটকানো)। সামাজিকীকরণের সব মাধ্যম, যেমন প্রতিদিনের কথাবার্তা, গণমাধ্যম, যোগাযোগমাধ্যম, বিজ্ঞাপন শেখায় নারী নিছক যৌন বস্তু, মানবসত্তা নয়। এসবের সঙ্গে যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তির লাগামহীন অপব্যবহার।
নাগরিক হিসেবে তীব্র হতাশার জন্ম হয়, যখন দেখি নারী নির্যাতন নিয়ে মামলা করতে ভয় পান ভুক্তভোগীরা। বেগমগঞ্জের মেয়েটার ভিডিও যখন এক মাস আগে ধারণ করে তাকে হুমকি দিয়ে আসছিল দুষ্কৃতকারীরা, তখন সে আইনি আশ্রয় চাইতে পারেনি; ভয়ে গুটিয়ে আস্থাহীনতায় ছিল। এই আস্থাহীনতার মাত্রা বহুবিধ; বিচার না পাওয়ার শঙ্কা যেমন, তেমনি সামাজিক হেনস্তার ভয়, প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় থাকা ধর্ষক দুষ্কৃতকারীর হুমকি। ক্রমবর্ধমান ধর্ষণের এই দেশে, যেখানে চোখ, কথা, আচরণ, পেশিশক্তি—সবকিছু দিয়ে প্রতিদিন ধর্ষিত হচ্ছে নারী, সেখানে এই আস্থাহীনতাই যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।
বাংলাদেশ এগিয়েছে অনেক। নারীরাও তাদের সাফল্যগাথা তৈরি করে চলেছে। এই এগিয়ে চলার পথে যেন এক নিকষ কালো গহ্বর নারীর প্রতি সহিংসতা, যা আধুনিকতা, উন্নয়ন ও এগিয়ে চলাকে প্রতিনিয়ত কটাক্ষ করে চলেছে। জ্বলে ওঠা ছাড়া আর কোনো পথ নেই। বিচারের জন্য জ্বলে ওঠা, সমাজ বদলের জন্য জ্বলে ওঠা, সুশিক্ষার জন্য জ্বলে ওঠা। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি কমাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা। তবে দীর্ঘমেয়াদি বদলের জন্য ঢেলে সাজতে হবে ঘর, ঘরের কাজ, নারী-পুরুষের সম্পর্কের ধারণা। ঢেলে সাজতে হবে শিক্ষা, বইপুস্তক, স্কুলের অবকাঠামো, শিক্ষকদের মনস্তত্ত্ব। ঢেলে সাজতে হবে রাস্তাঘাট, কর্ম-এলাকা, জনপরিসর। লুকিয়ে থেকে নয়, বরং উচ্চকণ্ঠে এবং ক্ষুরধার কলমে অধিকার ও নিরাপত্তা আদায় করে নিতে হবে।
কন্যাসন্তান সহিংসতার শিকার হতে পারে, এই আশঙ্কা যেমন সত্যি, তেমনি এই আশঙ্কা ও সত্য, পুত্রসন্তানটি হয়ে উঠতে পারে সহিংস ধর্ষক। আমরা অভিভাবকেরা, শিক্ষকেরা কেউই যেন ধর্ষক তৈরির কারণ না হই। উভয়ের মধ্যেই নারীর প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি, সুস্থ মানসিকতা নিয়ে বড় হওয়ার বড় প্রচেষ্টা জোরদার হোক।
সানজীদা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন।