আমরা রাখাইন পরিস্থিতি উন্নতির অপেক্ষায় আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

মাত্র ২৬ বর্গকিলোমিটারের অসমতল ভূমির এক তাঁবুর শহরে গাদাগাদি করে বাস করছে প্রায় ১০ লাখ মানুষ। রাখাইনে ভয়াবহ সহিংসতা থেকে বাঁচতে নিরাপদ স্থানে পালিয়ে আসা এসব দুর্ভাগা রোহিঙ্গার আশ্রয় হয়েছে মাটির দেয়াল আর প্লাস্টিক ও বাঁশ দিয়ে তৈরি ঝুপড়িতে, যা কিনা সামান্য বাতাসেই হেলে পড়ে। উত্তাল বঙ্গোপসাগরের উপকূলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের দুই উপজেলা উখিয়া ও টেকনাফের প্রান্তে ঝোপঝাড় আর গাছপালার মাঝে আশ্রয় নিয়েছে এসব মানুষ। সেই ধারাবাহিকতায় পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে কুতুপালং, যা কুতুপালং মেগা ক্যাম্প নামে সুপরিচিত।

এবারের বর্ষা মৌসুমে শরণার্থী শিবিরগুলোতে কাদার ধস আর বন্যা দেখা দেওয়ায় সহজে ভঙ্গুর অনেক আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ল্যাট্রিন ও পানির উৎসগুলো এত কাছাকাছি ছিল যে প্রবল বৃষ্টিতে এগুলো একসঙ্গে মিশে গিয়েছিল। সেখানে বারবার পানি পরীক্ষা করে দেখা গেছে যে এসব জায়গা রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিতে রয়েছে। তা ছাড়া এখানে দুর্গন্ধও দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে কী পরিমাণ শ্রম দিতে হয়, তা অভিজ্ঞ মানবিক সহায়তা-কর্মীমাত্রই বুঝতে পারেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাই বলেছেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা।’

বাংলাদেশ আবহাওয়া বিভাগের প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সময় আমরা কেবলই প্রার্থনা করছিলাম, আবহাওয়া যেন এবার সদয় আচরণ করে। শরণার্থী শিবিরগুলোতে যখন রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো, তখন সৌভাগ্যক্রমে বায়ুর গতি ছিল কম। কিন্তু সেই সঙ্গে প্রশ্নও তৈরি হচ্ছিল—এ অবস্থা কত দিন চলবে? সামনে আছে ঘূর্ণিঝড়ের মৌসুম সেপ্টেম্বর-নভেম্বর। এ ক্ষেত্রে শিবিরগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের অনুপস্থিতি শরণার্থীদের জন্য কঠিন এক বাস্তবতা।

অনিশ্চিত এই পরিবেশেও শরণার্থীদের জন্য কিছুটা নিরাপত্তা নিশ্চিত করতে কাদাযুক্ত রাস্তা ও সেতু পুনর্নির্মাণ, ড্রেন ও কালভার্ট পুনঃখনন, পানিনিষ্কাশনের জন্য খাল খনন, বাঁশ ও বালুর বস্তা দিয়ে মাটির ঢালগুলো শক্ত করার কাজ একটু একটু করে এগিয়ে চলছে। সহজে ভঙ্গুর ঘরগুলোকে মজবুত করতে এরই মধ্যে দড়ি, বাঁশ ও অন্য সরঞ্জামের সমন্বয়ে শেল্টার আপগ্রেড কিট বিতরণ করা হয়েছে প্রচুর পরিমাণে। নিরাপত্তা জোরদার করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবীদের মাধ্যমে শরণার্থীদের দুর্যোগে সাড়াদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিধস ও বন্যার চরম ঝুঁকিতে থাকা শরণার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ৪০ ডিগ্রি ঢালু স্থান থেকে সরিয়ে নিতে শরণার্থীদের অনেক বোঝাতে হয়েছে।

রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিকে ‘জরুরি অবস্থার মধ্যেও জরুরি অবস্থা’ হিসেবে বিবেচনা করা যায়। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো শরণার্থী শিবিরে সরকারের নিয়োগকৃত কর্মকর্তারা, সেনাবাহিনী, জাতিসংঘ কর্মী, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী শরণার্থীদের কাজের প্রতি নিজস্ব দায়িত্ববোধ। আর এ কারণেই তাঁরা বৃষ্টির মধ্যেও নির্দ্বিধায় হাঁটুসমান কাদা মাড়িয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়েন। এই সহযোদ্ধারা সাইট ম্যানেজমেন্ট দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে শরণার্থীদের প্রাণ রক্ষা করেন, তাদের পরিবারগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন, রাস্তা ও বাঁশের সেতুগুলো পুনর্নির্মাণ করেন। শরণার্থীদের জন্য দ্রুততম সময়ে খাবার সরবরাহ ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা একজন মানুষের পক্ষে যত দ্রুত করা সম্ভব সেই দ্রুততায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেন।

বাস্তুচ্যুতদের জন্য দক্ষিণ এশিয়া নতুন জায়গা নয়। এই অঞ্চলের কোনো দেশই শরণার্থী সনদে অনুস্বাক্ষর করেনি, কিন্তু এখানে মানুষের আশ্রয় নেওয়ার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতীয় উপমহাদেশ বিভাজনের সময় পাকিস্তান ও ভারত শরণার্থীদের সঙ্গে সঙ্গেই আত্তীকরণ করে না নিলে সদ্য জন্ম নেওয়া উভয় দেশে এরা রাতারাতি শরণার্থীতে পরিণত হতো। বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় ভারতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নেয়। অধিকাংশ শরণার্থীর মতো তারাও বেশির ভাগই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই স্বদেশে ফিরে আসে। সম্ভবত এই স্মৃতিটি দেশের জনসংখ্যার ঘনত্ব এবং প্রাকৃতিক দুর্যোগের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে উদারতা দেখাতে সাহায্য করেছে। ঠিক এক বছর আগে রোহিঙ্গারা সবচেয়ে বেশি সংখ্যায় দ্রুততম গতিতে বাংলাদেশে পালিয়ে আসে। প্রথম এক মাসেই এসে পৌঁছায় প্রায় পাঁচ লাখ শরণার্থী। নিঃসন্দেহে এই সংকট মোকাবিলায় সবচেয়ে বড় ভূমিকা রাখে বাংলাদেশ সরকার ও এর জনগণ।

গত মার্চে প্রণীত যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৮ লাখ ৮৪ হাজার রোহিঙ্গা ও ৩ লাখ ৩৬ হাজার সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীসহ মোট ১৩ লাখ মানুষের জন্য দাতাদেশ ও সংস্থাগুলোর কাছ থেকে অগ্রাধিকারের ভিত্তিতে ৯৫১ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হয়েছিল। মোট অর্থের ৫৪ শতাংশই চাওয়া হয় খাদ্য, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, আশ্রয়ণ ও খাদ্য নয়—এমন সামগ্রী সংগ্রহের জন্য। বর্তমানে প্রতি মাসে সাড়ে আট লাখ শরণার্থীকে রেশন দেওয়া হয়। জেআরপিতে কেবল খাদ্যের জন্যই চাওয়া হয়েছিল ২৫ শতাংশ, এর মাত্র ১৮ শতাংশ পাওয়া গেছে। বাস্তবতা হলো, জেআরপির মোট চাহিদার মাত্র ৩৪ শতাংশ অর্থ এ পর্যন্ত পাওয়া গেছে।

বর্তমান পরিস্থিতিতে করণীয় কী? ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বিচারে বিশ্বজুড়ে সৃষ্ট শরণার্থী পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সবচেয়ে বড়। বলপূর্বক বাস্তুচ্যুতদের সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ ধরনের অপমানিত ও নিপীড়িত শরণার্থী জনগোষ্ঠী আমি খুব কমই দেখেছি। এরপরও এদের অদম্য প্রাণশক্তি আমাকে বারবার হতবাক করেছে।

আমরা রাখাইন পরিস্থিতি উন্নয়নের অপেক্ষা আছি, যার মধ্য দিয়ে স্বেচ্ছা প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরু করা যাবে। এক বছর পর বিষয়টি আরও সুনির্দিষ্ট হয়ে উঠছে। প্রশ্ন হলো, এ অবস্থায় গত এক বছরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যা করেছি, তা কি অব্যাহত রাখা হবে? নাকি আমরা কার্যক্রম বন্ধ করে দেব? শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য পারস্পরিক সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টির সুযোগ থেকে আমরা কি মুখ ফিরিয়ে নেব?

মানবিক সহায়তা ও উন্নয়নের গতিধারাকে সমন্বয় করতে কক্সবাজারে পরীক্ষামূলকভাবে কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিকল্পনা রোহিঙ্গা ও বাংলাদেশ উভয়ের স্বার্থেই হতে হবে—সেই দেশের স্বার্থে যে কিনা বিশ্বজুড়ে বিদ্যমান শরণার্থী পরিস্থিতির চিত্রটাকেই পাল্টে দিয়েছে। বাংলাদেশের এই সাহসী নেতৃত্বের প্রতি আমাদের সবার সমর্থন থাকবে।