আমরা সবাই স্মৃতিকাতরতায় ভুগছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমেছিল। ছবি: প্রথম আলো
ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমেছিল। ছবি: প্রথম আলো

‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...।’ বেশ জনপ্রিয় একটি গান। এই গান একই সঙ্গে অতীত সুখ ও বর্তমান অসুখের প্রমাণ বহন করে। একধরনের অতীতমুখী টান তৈরি করে বুকের ভেতর। মানুষের মধ্যে এই অতীত রোমন্থনের একটা সর্বজনীন প্রবণতা রয়েছে। বাদলা দিনে কিংবা কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ঘোলাটে আকাশের দিকে তাকিয়ে অতীত দিনের স্মৃতিচারণায় অধিকাংশই একটা আলাদা আনন্দ পায়। কিন্তু মুশকিল হচ্ছে, বিষয়টি আনন্দের হলেও একই সঙ্গে কালক্ষয়ী ও অনুৎপাদনশীল। বলার অপেক্ষা রাখে না যে এটি একধরনের পেছন ফেরা প্রবণতা। সাধারণ মানুষের মধ্যে এ ধরনের প্রবণতা থাকতেই পারে। কিন্তু যদি সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার দায়িত্বপ্রাপ্তরা এ রোগে ভোগে, তবে অবশ্যই তা চিন্তার ব্যাপার। বলা হচ্ছে রাজনীতিকদের কথা।

রাজনীতিকেরা বরাবরই অতীত বেচে খেতে অভ্যস্ত। নিজ নিজ অবস্থানের সুপ্রাচীন ভিত্তি ও ধারাবাহিকতা, অতীত ঐতিহ্য, গণমানুষের সঙ্গে দীর্ঘদিনের সংযোগ হাজির করতে তারা এই অস্ত্র ব্যবহার করে। এটা সব দেশেই হয়ে আসছে। কিন্তু বিষয়টি চিন্তিত করে তখনই, যখন রাজনীতিকদের ‘ভবিষ্যৎ লক্ষ্য’ গিয়ে পুরোপুরি ভর করে অতীতে। বাংলাদেশের দিকে তাকালেই বোঝা যাবে বিষয়টি। সব কটি দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। মোটাদাগে, প্রতিটি দলই তাদের ইশতেহারে যেসব অঙ্গীকার করেছে, তার মূল ভিত হচ্ছে ‘চলে যাওয়া ভালো দিন’কে ফিরিয়ে আনা। ভিশন হিসেবে অনেক কিছুর কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সবকিছুর সারবস্তু রয়েছে যেন অতীতে। এটি শুধু বাংলাদেশের রোগ নয়। ভারতের দিকে তাকালে দেখা যাবে, একদিকে ক্ষমতাসীন বিজেপি ঘোষণা করছে, ‘রামরাজত্ব’ প্রতিষ্ঠার। অন্যদিকে কংগ্রেস বলছে, ‘আবারও অসাম্প্রদায়িক ভারত’ নির্মাণ করা হবে। অর্থাৎ দুটি দলই জনগণকে অতীত ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করছে। এমনকি এটি শুধু ভারতের বাস্তবতাও নয়। সারা বিশ্বই এখন এই পথেই যেন হাঁটছে।

পুরো বিশ্ব যেন এখন স্মৃতিকাতর হয়ে পড়েছে। ক্ষমতাধর ধনী দেশগুলো থেকে শুরু করে ছোট-বড় দেশগুলোর অধিকাংশই রাজনৈতিক লক্ষ্য হিসেবে অতীতকেই টেনে আনছে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তো ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বলে গদিতেই বসে আছেন দুই বছর হলো। এবং এখনো তিনি ওই একই কথা বলে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিং প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘চীনের সোনালি অতীত’ ফিরিয়ে আনার। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ তাঁর দেশের ‘অর্থনৈতিক সার্বভৌমত্ব’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। পোল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘রুশ সমাজতন্ত্রের অবশেষ ছেঁটে ফেলে পোলিশ ঐতিহ্য পুনঃস্থাপনের’। ডান কি বাম, গণতন্ত্র কি স্বৈরতন্ত্র—সবখানেই ভবিষ্যদ্রষ্টারা তাকিয়ে আছেন অতীতের দিকে। তাঁদের সবাই এক পুনর্জাগরণের কথা বলছেন, জাগরণ ভুলে।

এই অতীতচারিতার অবশ্য একেক দেশের একেক রকম কারণ রয়েছে। চীনের ক্ষেত্রে যেমন ‘সোনালি অতীত’ ফিরিয়ে আনার অর্থ হচ্ছে আবারও বিশ্ব শাসনের প্রতিযোগিতায় নামা। প্রায় ৪০ বছর ধরে টানা অর্থনৈতিক প্রবৃদ্ধি ভোগ করা দেশটি এখন এ ধরনের কিছুই চাইছে। নরেন্দ্র মোদিও চাইছেন ভারতের ধারাবাহিক প্রবৃদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্ব নেতৃত্বের কাতারে বসতে। এ ক্ষেত্রে তিনি ধর্মীয় অতীত ও ঐতিহ্যকে নিজ দেশের জনগণের সমর্থন আদায়ের হাতিয়ার করছেন। ঠিক একইভাবে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বারবার করে বলছেন অটোমান যুগের কথা। সেখানেও জনগণের সমর্থন আদায়ে ও তা ধরে রাখতে ধর্মভিত্তিক শাসনের যুগের কথাই বলা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে কেন? যখন শাসকদের বা শাসক হতে চাওয়া গোষ্ঠীগুলোর হাতে মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর মতো যথেষ্ট উপকরণ না থাকে, তখন এই অতীতকেই হাজির করতে হয়। একটু খেয়াল করলেই বিষয়টি দেখা যাবে। উত্তুঙ্গ ষাটের দশকে এই ভূখণ্ডের রাজনীতিতে অতীতচারিতার বদলে একটি নতুন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই প্রাধান্য পেয়েছিল, যার ফল হিসেবে এসেছে এই বাংলাদেশ। আশির দশকে একইভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ও স্বপ্নকেই প্রাধান্য দেওয়া হয়েছিল, যার ফল হিসেবে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয় এ দেশে। এই ব্যবস্থার সংকট ভিন্ন আলোচনার বিষয়, সেটা হচ্ছেও। কিন্তু এই স্বপ্ন চিহ্নিত করা ও তার অর্জন তো অবাস্তব নয়। কিন্তু এখন বিভিন্ন দেশে অতীতচারিতাই বাড়ছে। এ ধরনের প্রবণতা আরেকটি সময় দেখা গিয়েছিল। গত শতকের তিরিশের দশকে। অর্থনৈতিক মন্দার চলমানতার মধ্যেই একেক দেশে আবির্ভূত হতে থাকেন হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কোর মতো শাসকেরা, যাঁদের ভিত্তি ছিল এই অতীত। হৃত গৌরব পুনরুদ্ধারই ছিল তাঁদের প্রতিশ্রুতি।

একটা কথা প্রচলিত আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ।’ ভাবার কারণ নেই যে এই মনোভঙ্গি শুধু এই বাঙাল মুলুকেই রয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, ব্রিটেনের দুই-তৃতীয়াংশ নাগরিকই মনে করেন, তাঁদের আরও ভালো থাকার কথা ছিল। এমনকি তাঁরা বরং আগেই হয়তো ভালো ছিলেন। ফরাসিদের মধ্যেও এই ধারণা রয়েছে। ফরাসিদের দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, বর্তমান সময়টি যেন তাঁদের জন্য নয়।

বৈশ্বিক সুখ–সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আগের চেয়ে কম সুখী। অধিকাংশ উচ্চ ও মধ্য আয়ের দেশের নাগরিকেরা মনে করেন, রোবটসহ প্রযুক্তির আধুনিকায়ন সংকট বাড়াবে। অর্থাৎ অতীতে না যাওয়া গেলেও বর্তমানটা অন্তত থাক। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে হতাশাটা বাড়ছে। কারণ, সুনির্দিষ্ট কোনো স্বপ্ন নেই। উল্লম্ফন থাকতে পারে, অঙ্কের কারিকুরি থাকতে পারে, কিন্তু স্বপ্ন নেই। স্বপ্ন যে নেই, তা দেশে দেশে ধর্মভিত্তিক সন্ত্রাসবাদী দলগুলোয় তরুণ সদস্যসংখ্যা বৃদ্ধির তথ্যই বলে দেয়। তরুণদের সামনে স্বপ্ন যদি না থাকে, তবে ‘অতীত ঐতিহ্য পুনরুদ্ধারের’ কথা বলে তাকে সহজেই দলে ভেড়ানো যায়। এটা হলো অতীতমুখীনতার সবচেয়ে বড় বিপদ। কারণ, এর মাধ্যমে একটি কট্টর কাঠামো গড়ে তোলা অনেক সহজ।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলের দোঁজে বিক্ষোভকারীদের বাধার মুখে একটি গাড়ি। ছবি: রয়টার্স
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের দোঁজে বিক্ষোভকারীদের বাধার মুখে একটি গাড়ি। ছবি: রয়টার্স

মানুষের মধ্যে একটা অতৃপ্তি থাকবে—এটা স্বাভাবিক। এই অতৃপ্তিই তাকে চালিত করবে ভবিষ্যৎ অর্জনের দিকে, স্বপ্নের দিকে। এই চালিত হওয়ার ক্ষেত্রে তার পুঁজিটি থাকে বর্তমান ও অতীতেই। তাই সে তার দিকে তাকাবে, এতে চিন্তার কিছু নেই। কিন্তু সংকট হচ্ছে তখন, যখন মানুষ তার অতৃপ্তি মেটাতে অতীতে শুধু তাকায় না, ফিরে যাওয়ার ইচ্ছাও পোষণ করে। কারণ, তার এই ইচ্ছাকে পুঁজি করে তারই ঘাড়ে কর্তৃত্ববাদের জেঁকে বসার আশঙ্কা তখন বাড়ে।

আশাবাদী ও নিরাশাবাদী—দুজনই স্মৃতিচারণা করে। কিন্তু একটু আলাদাভাবে। নিরাশাবাদীর স্মৃতিচারণা বৃত্তবন্দী করে। আর আশাবাদীর স্মৃতিচারণা অতীতে ভর করে নতুনের দিশা দেয়। এখানেই এ দুইয়ের মৌলিক পার্থক্য। সংকট হচ্ছে বর্তমান বিশ্বের নেতৃস্থানীয় লোকেরা বৃত্তবন্দী করার দিকেই এগিয়ে যাচ্ছেন যেন। না, তাঁরা প্রযুক্তির উন্নয়ন থামিয়ে দেননি। বিশ্ব এমন এক অবস্থানে রয়েছে যে তা চাইলেও আর কেউ থামাতে পারবে না। ফলে প্রযুক্তি খাতে উন্নয়ন চলছেই। কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে জাতিবিদ্বেষ, পেশিশক্তি, চোখরাঙানি ইত্যাদির বিস্তৃতি। এগুলো যে বাড়ছে, তা যুক্তরাষ্ট্র, ভারতসহ চারপাশে একটু ভালো করে চোখ বোলালেই স্পষ্ট হবে। জলবায়ু পরিবর্তনসহ এমন অনেক সংকটের মুখে দাঁড়িয়ে পৃথিবী, যা নিয়ে রাষ্ট্রনেতারা বিবাদে লিপ্ত। এই অবস্থায় মানুষ বর্তমান সময়ের অসুখকে অনেকটা অনিরাময়যোগ্য বলে মনে করছে। ফলে তার কাছে সুখের দিন হিসেবে অতীতটিই বেশি করে ফিরে আসছে। হাওরের ধান যার পরপর দুবার ভেসে গেল, সে তো তিন বছর আগের ভালো ফলন ও সুখের দিনকেই স্মরণ করবে। হচ্ছেও তা-ই।

কিন্তু বিপদটি হচ্ছে, এই স্বপ্নহীন স্মৃতিচারণা মানসিক একধরনের সংকট তৈরি করে। প্রতিটি মানুষ তখন জোটবদ্ধভাবেই স্থবির হয়ে যায়। হাজারটা সংকট দেখেও পাশ কাটিয়ে যাওয়াটা তার স্বভাবে দাঁড়ায়। বেড়ে যায় পাশের জনের প্রতি অবিশ্বাস। কোনো যৌথ প্রয়াসের দেখা সহজে মেলে না তখন। এই সুযোগ নেয় শাসকশ্রেণি। সময় যত প্রতিকূল হয়, ততই মনে হতে থাকে, আগে কী দারুণ কাটত। এই মনে হওয়ার কারণেই চলতি বছর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে এতটা নাড়া দিয়েছে। মনে হয়েছে, ‘দেখো, সবাই যখন চুপ, এই বাচ্চাগুলো কথা বলছে।’ মনে হয়েছে, ‘বাহ, এই তো জীবন।’ হঠাৎ করে জ্বলে ওঠা ওই আন্দোলন সবাইকে উজ্জীবিত করেছিল। সবার কানে কানে বলে গিয়েছিল, ‘বেঁচে আছ কিন্তু।’

একইভাবে এখানে টানা যায় বন্দুক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এ বছরই হওয়া আন্দোলনের উদাহরণ। কারণ, শিক্ষার্থীদের ওই আন্দোলনও সবাইকে ‘বেঁচে থাকার’, ‘জোটবদ্ধতার প্রয়োজনীয়তা’র কথা মনে করিয়ে দিয়েছিল। যুক্তরাষ্ট্রে ওই আন্দোলন বর্ণবাদের বিরুদ্ধে, জাতিবৈষম্যের বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে পরিষ্কার রায় নিয়ে এসেছিল। ফ্রান্সে এই কিছুদিন আগে হওয়া হলুদ জ্যাকেট আন্দোলনও ওই একই কথা বলছে। এই দুই আন্দোলন অবশ্য একই সঙ্গে স্বপ্নহীন দশাটিও দেখিয়ে দিয়েছিল, তার শক্তি দিয়ে। কিন্তু তাও বিশ্বব্যাপী রাজনীতিকদের ঘুম ভাঙাতে সমর্থ হয়নি। কি যুক্তরাষ্ট্র, ভারত, তুরস্ক, কি বাংলাদেশ, সবখানেই তারা নতুন স্বপ্ন হাজির করার বদলে অতীত ঐতিহ্যকেই অর্জনের লক্ষ্য হিসেবে সামনে নিয়ে আসছেন। এমনকি প্রগতিশীল রাজনীতির দাবিদার বামপন্থীরা নতুন পথের দিশা দিতে পারছেন না। পুঁজির সমালোচনা করছেন, কিন্তু দিচ্ছেন না এমন কোনো হদিস, যেখান থেকে নির্মাণ শুরু করা যায়। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কোনো মুক্ত পৃথিবীর কথা বলতে পারছে না কেউ। বরং সবাই সীমান্ত নিয়ে উঠেপড়ে লেগেছে। বিচ্ছিন্নতাই হয়ে উঠেছে যেন এ সময়ের একমাত্র উদ্দিষ্ট। বিশ্ব যেন সেই সিনেমায় ঢুকে পড়েছে, যেখানে ফ্লাশব্যাকই একমাত্র সত্য।

ফজলুল কবির: সাংবাদিক