আমরা 'ভোর' দেখি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নয় বছরের এক গৃহকর্মী শিশুকে তার মনিবেরা যে মারধর করেছেন, সে ছবি দেখা যায় না। দগদগে জখমভরা তার উদোম গা দেখে প্রশ্ন জাগে, এটা মানুষের কাজ, না কোনো বন্য জন্তুর?
অথচ শিশুটির দোষ কিছু্ই নয়। বাবা পরিবার ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। পাঁচ সন্তান নিয়ে মায়ের হাবুডুবু খাওয়ার অবস্থা। তাল সামলাতে শিশুকন্যাকে দিয়েছেন গাজীপুরে। সেখানে অবস্থাপন্ন একটি পরিবারে গৃহকর্মীর কাজ করছিল সে। এই বয়সী একটি শিশু, যে নিজের পরিবারে আপনজনদের নিবিড় মমতায় বেড়ে উঠছিল, হুট করে অন্য পরিবারে গিয়ে তার খাপ খাইয়ে নেওয়াই তো একটা কঠিন বিড়ম্বনা। তার ওপর মেয়েটি গেছে গৃহকর্মীর কাজ করতে। এ বয়সী কোনো শিশুকে যদি মা-বাবা দূরের কোনো ভালো স্কুলে পড়তে দেন, তখন সে বোর্ডিং হাউসে একদল সমবয়সী পেয়েও অস্বস্তি বোধ করে। আপনজনদের জন্য তার মন পোড়ে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে।
সেখানে চাঁদপুর থেকে গাজীপুরে ওই শিশুটি গেছে গৃহকর্মীর কাজ করতে। এটা এমন এক কাজ, যা পূর্ণ বয়স্ক ব্যক্তিরাও ভালোভাবে নেন না। এ কাজে অনেক ভাগ ক্ষেত্রে মনিব যেমন অতৃপ্ত থাকেন, তেমনি মজুরি বা খাওয়া-পরার বিষয় নিয়েও গৃহকর্মীদের পুরোপুরি তুষ্টি আসে না। এতে দুই পক্ষের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একধরনের রেষারেষি থাকে। অবস্থাদৃষ্টে গাজীপুরে কাজ করতে যাওয়া ওই শিশুটি পড়েছিল এই কঠিন চক্করে। পুতুলখেলার বয়সী এই মেয়ের বাড়ি যেতে মন কাঁদবে, খুবই স্বাভাবিক। মায়ের কাছে যেতে ব্যাকুল হবে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। দুনিয়ার কোনো লোভই এ টান থেকে তাকে দমাতে পারবে না। কিন্তু এই স্বাভাবিকতা মেনে নেওয়ার মানসিকতা আমাদের অনেকেরই নেই। শিশুটির গৃহকর্তা ও কত্রীর আচরণে তা জ্বলজ্বলে। শিশুটি যখন বাড়ি যাওয়ার বায়না ধরল, তখন তা তাঁদের কাছে কঠিন ‘অপরাধ’ বলে মনে হলো। সে ‘অপরাধ’ যেন খুনে ডাকাতের চেয়েও গুরুতর। বুনো আক্রোশে শিশুটিকে সাজা দিতে চড়াও হলেন তাঁরা। তার সারা শরীরে খুন্তি গরম করে ছ্যাঁকা দেওয়া হলো, যা নির্যাতনকারী কর্তাদের প্রিয় একটি শাস্তি। টাইলসে মাথা ঘষে ছিলে দেওয়া হলো ছাল। বিদ্যুতের তার ব্যবহার করে পা থেকে খুবলে নেওয়া হলো মাংস। বাড়ি যেতে যাওয়ার ‘অপরাধের’ সাজায় বিপর্যস্ত হয়ে শিশুটি আশ্রয় নিল হাসপাতালে।
আমরা যতই সাম্য আর সংযমের কথা বলি না কেন, অনেক ক্ষেত্রে মানবিক আচরণের বদলে বুনো পশুর চেয়ে হিংস্রতার প্রমাণ রাখি। ঘরের শিশুটির একটুখানি যত্নে নিমেষে সব সুখ হারাম করতে পারি, কিন্তু পরিবারে কাজ করতে আসা দীনদুঃখী কোনো শিশুকে আপন বলে মেনে নিতে পারি না। ঘরের শিশুটি দামি মোবাইল ফোন সেটটি পানিভর্তি গ্লাসে ফেললেও কিছু বলি না। আর বাইরে থেকে আসা শিশুটি কচি হাতে পূর্ণ বয়স্ক কোনো মানুষের কাজ করতে গিয়ে সামান্য ভুল করলেই তাকে মেরেকেটে একাকার করি। আমাদের আমিত্ব আর স্বার্থপরতা দিন দিন এমনভাবে কেন্দ্রীভূত হচ্ছে যে, পরোপকার, পরহিতে কাজ—এসব কোমলতা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। ইট-কাঠ-পাথরের বেড়াজালে ক্রমে বন্দী হয়ে যাচ্ছি।
সেদিন গ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসা আমার এক বয়োজ্যেষ্ঠ স্বজন বললেন, ‘এখানে একটা জিনিস তোরা খুব মিস করিস।’
গ্রামে থাকলেও এই মানুষটি বইটই পড়েন। একসময় কবি হওয়ার জন্য বেশ মরিয়া ছিলেন। এখন সে চেষ্টা নিজের মধ্যেই সীমাবদ্ধ। আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম, ‘বলো, কী মিস করছি।’
‘ভোর। তোদের এখানে ভোর আসে না। তোরা ভোর দেখিস না।’
আমি অবাক হয়ে বলি, ‘কী বলছ এটা! এই ভোরবেলায় আমার পাশে বসে আছ তুমি। আর বলছো ভোর নেই!’
‘এটা সে ভোর না। এটা অন্য ভোর, যে ভোরে শান্ত নদীর ওপারে সবুজ গ্রামের মাথায় লাল সূর্য ওঠে। যে ভোরে নিঝুম বনে পাখির কলকাকলি শোনা যায়, ফুলের বনে ম ম সুবাস ছড়ায়, সেই ভোর।’
কথাটা ঠিক। এই রাজধানীতে প্রতিদিন ভোর আসে ঠিকই, কিন্তু আমরা লাল সূর্য দেখি না। তা ঢাকা পড়ে আকাশছোঁয়া দালানকোঠার আড়ালে। অনেকে রোজ ভোরে ওঠেন, কিন্তু ছুটতে ছুটেতে অফিসে চলে যান। ভোর দেখা হয় না। একটি শিশু রোজ ভোরে ওঠে, কিন্তু স্কুলে যাওয়ার তোড়জোড়ে সে টের পায় না কখন ভোরটা এসেই চলে গেল। তরুণ-তরুণীকে মোটা মোটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে যেতে হয় কলেজ-ভার্সিটিতে। গৃহিণীর ভোর হারিয়ে যায় ঘরকন্নার ধকল সামলাতে। একটি হকার রিকশাভ্যানে করে শাকসবজি নিয়ে ফেরি করে, কিন্তু ক্রেতা খুঁজে বেড়ানোর তাড়ানায় সে কখনো ভোর দেখতে পায় না। কিন্তু এই ভোর না দেখলেই কি আসে যায়?
আমার ওই আত্মীয়কে আমি জিজ্ঞেস করি, ‘তুমি ঠিকই বলেছ, আমরা তোমাদের মতো ভোর দেখতে পাই না। কিন্তু তাতে কী?’
আত্মীয় বলেন, ‘তাতে অনেক কিছু। ভোর না দেখলে লাল সূর্যের মাধুর্য বোঝা যায় না। পাখির গানের মহিমা উপলব্ধি করা যায় না। একটি সুগন্ধি ফুলের ভালো লাগার আবেশ হারিয়ে যায়। হৃদয়ের দুয়ারে এসব খেলে না বেড়ালে মানুষের মধ্যে সহানুভূতি, অন্যের প্রতি মায়ামমতা আসে না।’