আমাকে চটের বস্তায় ভরে গনগনে রোদে রাখা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আর মজুমদার
এম আর মজুমদার
১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে জ্যেষ্ঠতম বাঙালি সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আর মজুমদার ছিলেন চট্টগ্রামে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার। চট্টগ্রাম বন্দরে নোঙর করা অস্ত্রবাহী পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত থেকে অস্ত্র নামাতে কৌশলে বাধা দেন তিনি। ২৭ মার্চ তিনি গ্রেপ্তার হন। পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। এইসব ঘটনাবলি এবং তাঁর ওপর নির্যাতনের বিবরণ প্রথম আলো ধারাবাহিকভাবে প্রকাশ করছে।

আমি যখন চিন্তায় ডুবে ছিলাম, তখন দুররানি আবারও এলেন। তিনি আমাকে ওপরে নিয়ে গেলেন। সেখানে দেখলাম, ঘরের মধ্যে পাঁচ-ছয়জন মোটা মানুষ হয় দাঁড়িয়ে ছিল, নাহয় বসে ছিল। ওই ঘরে চেয়ার-টেবিল ছিল না। দুররানি শফিকে বললেন, ‘উনি কিছু স্বীকার না করলেও মারবে না।’ শফি রাগে চিৎকার করে বলে ওঠে, ‘আপনি কী বলছেন? এই লোক চট্টগ্রামে আমাদের হাজার হাজার পাকিস্তানি ভাইকে হত্যা করেছে, না মারলে সে কিছু বলবে না। সে শেখ মুজিবের পক্ষ নিয়ে পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ছোটখাটো হলেও সে একটা অপরাধী। তাকে না মারলে আমি শান্তি পাব না।’

এরপর শফি ও কাজী আমাকে চড়-থাপ্পড় ও লাথি মারতে শুরু করে। তারা থামলে পাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা ঘরে ঢোকে। তাদের হাতে দড়ি, থলে, ওয়াটার ব্যাগ ও হকিস্টিক ছিল। শফি ও কাজী এগিয়ে এসে আমাকে পিছমোড়া করে বাঁধার প্রস্তুতি নেয়।
হঠাৎ করেই দুররানি বলে ওঠেন, ‘মজুমদার তো হিন্দু নাম, দেখ, সে হিন্দু না মুসলমান।’ বলামাত্র সিপাহিরা আমাকে নগ্ন করে ফেলে, আমি কাঁদতে শুরু করি। দুররানিকে আমি বললাম, ‘ইন্সপেক্টর, আপনি বলেছিলেন আমাকে আর নির্যাতন সইতে হবে না। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? আমি একজন বয়স্ক মানুষ। আমার চেহারা ও র্যাং কের দিকে খেয়াল করুন। আপনারা আমাকে সিপাহিদের সামনে নগ্ন করেছেন’, অপমানিত ও বেদনাক্লিষ্ট হয়ে আমি কাঁদতে থাকলাম।
দুররানি সিপাহিদের আমার কাপড় ফেরত দেওয়ার নির্দেশ দিলেন, এরপর আমাকে আবার সেলে নেওয়া হলো। ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকল। আমার শরীর বেদনায় নীল হয়ে আসে। রাত যত বাড়তে থাকে, ততই আমার শরীরের ব্যথা বাড়তে থাকে। সেলে আমার মাথার ওপরে উচ্চ শক্তির বাল্ব জ্বালিয়ে রাখা হতো, ফলে রাতগুলো দুর্বিষহ হয়ে উঠত। সেল গনগনে চুলার মতো গরম হয়ে উঠত। সারা রাত আমি কাঁদতাম। একদিকে শারীরিক নির্যাতন, অন্যদিকে নগ্ন করা—এ দুইয়ে মিলে আমার নিদারুণ যন্ত্রণা হতো।
পরের দিন সকাল ১০টা–১১টায় আবার জিজ্ঞাসাবাদ শুরু হলো। শফি ও দুররানি আমাকে বললেন, ‘গতকাল তো বললেন, আপনি এসবের কিছুই জানেন না। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের সঙ্গে আপনি বৈঠক করেননি। কিন্তু কর্নেল ইয়াসিন আপনার সম্পর্কে আমাদের সব বলেছে।’
আমি বললাম, ‘ঠিক আছে, ইয়াসিনকে আমার সামনে নিয়ে আসুন, আমি তাকে কিছু প্রশ্ন করব। তাহলে বুঝবেন, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।’ এরপর তাঁরা দুজনেই বেরিয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাঁরা বলেন, ‘ইয়াসিন কোরআন পড়ছে। সে কোরআন ছুঁয়ে বলেছে, তার কথা সত্য। কিন্তু সে আপনার সঙ্গে দেখা করতে চায় না।’ তখন আমি বললাম, ‘ঠিক আছে কোরআন নিয়ে আসুন, আমি কোরআন ছুঁয়ে বলব, সে মিথ্যাবাদী।’ জবাবে তাঁরা শুধু আগের কথারই পুনরাবৃত্তি করলেন, ‘ইয়াসিন কোরআন ছুঁয়ে বলেছে, সে মিথ্যা বলতে পারে না।’
হঠাৎ করেই শফি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, অন্যরা আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। আমাকে বলির পাঁঠার মতো দুটি চেয়ারের মধ্যে বাঁধা হয়। এর মধ্যে তাঁরা আমার জামা ও প্যান্ট খুলে ফেলে। দুররানি একটি রডের মধ্যে তার পেঁচিয়ে নিলেন। দুটি চেয়ারের মধ্যে হকিস্টিক লাগানো ছিল, আমি তার ওপর ঝুলছিলাম। এরপর দুররানি নিজেই ওই রডটা আমার পায়ুপথে ঢুকিয়ে বৈদ্যুতিক শক দেওয়া শুরু করেন। ওই যন্ত্রণা সহ্য করার মতো ছিল না, আমি প্রায় মূর্ছা যেতে বসেছিলাম। দুররানি বললেন, ‘আমরা আপনাকে দিয়ে যা বলাতে চাই তা না বললে আপনাকে ছাড়া হবে না।’
আমি বললাম, ‘দয়া করে আমাকে মেরেই ফেলুন, এই পাশবিক নির্যাতন করবেন না।’
এরপর তিনি উর্দুতে বললেন, ‘মরণে সে পেহেলে বহুত কুচ বাকি হ্যায়।’ অর্থাৎ মরণের আগে আরও অনেক কিছু বাকি আছে। এরপর আমাকে আবার সেলে পাঠানো হলো।
এই অমানুষিক নির্যাতন আরও কয়েক দিন চলে। একদিন দুপুরবেলা একটি চটের বস্তায় ভরে আমাকে আগস্ট মাসের গনগনে রোদের মধ্যে রাখা হলো। জিজ্ঞাসাবাদকারীরা আমার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা অব্যাহত রাখে, আর আমিও সব অস্বীকার করে যেতে থাকি। একদিন আমাকে আবারও আরেকটি ঘরে নেওয়া হয়, আগে যে ঘরে আমাকে নির্যাতন করা হয়েছিল, ঠিক তার পাশেই। ঘরটি বৈদ্যুতিক সরঞ্জামে বোঝাই ছিল।
জিজ্ঞাসাবাদকারীরা আমাকে বলল, ‘বলুন, আপনার নেতা মুজিব ও পৃষ্ঠপোষক ওসমানীকে নিয়ে কী ষড়যন্ত্র করেছেন।’ প্রত্যাশিত উত্তর না পেয়ে তারা আমাকে উল্টো করে বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে দিল, এরপর ওয়াটার ব্যাগ ও পাটের রশি দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করে। তারা এই কৌশল ব্যবহার করেছিল এটা নিশ্চিত করার জন্য যে মারের দাগ যাতে আমার শরীরে না পড়ে।
এতেও কোনো কাজ না হওয়ায় তারা আমাকে মাটিতে বসাল। আমি কাঁদতে কাঁদতে বললাম, ‘দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন।’ এ কথা শুনে শফি প্যান্টের জিপার খুলে আমার মুখে প্রস্রাব করে দেয়, ‘ইয়ে লো পানি’, অর্থাৎ এই নাও পানি।
মেঝেতে আমি একা প্রস্রাবের মধ্যে শুয়ে থাকলাম। ১০ মিনিট পর জিজ্ঞাসাবাদকারীরা ফিরে এল। শফি আমাকে দাঁড় করিয়ে বলল, ‘তুমি কি মানুষ না অন্য কিছু। এত মার খাওয়ার পরও তুমি সত্য কথা বলছ না, কিন্তু তুমি কিছু না বলা পর্যন্ত তো এসব থামবে না।’
এরপর তারা আমার পা ওপরের দিকে টেনে একটি খাটিয়ার ওপর শোয়াল। আর দুররানি আমার ক্ষতবিক্ষত পায়ুপথে আবারও বৈদ্যুতিক শক দিল, যন্ত্রণায় আমি কঁকিয়ে উঠলাম। এদিকে এক সেনা আমার অণ্ডকোষে চাপ দেয়। এই দীর্ঘ যন্ত্রণা এত অসহ্য ছিল যে আমি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিই, ‘নির্যাতন বন্ধ করুন, আপনারা যা চান, আমি তা-ই বলব।’
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
সূত্র: টরমেন্টিং সেভেন্টি ওয়ান: অ্যান অ্যাকাউন্ট অব পাকিস্তান আর্মি’স অ্যাট্রোসিটিজ ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১, সম্পাদক: শাহরিয়ার কবির, ‘আই ওয়াজ পুট ইন আ গানি ব্যাগ অ্যান্ড কেপ্ট ইন দ্য স্কর্চিং সান’, ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.), নির্মূল কমিটি (কমিটি ফর রেজিস্টিং কিলারস অ্যান্ড কোলাবরেটরস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১), ঢাকা, নভেম্বর ১৯৯৯।
ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.): সাবেক সেনা কর্মকর্তা (১৯২২–২০১১)।