আমাদের আমলাতন্ত্র ও বিদেশি বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাকিস্তানের মতো একটা দেশের কাছে পরাজিত হওয়ার একটা তিক্ত ভাব থাকে, কারও কারও মনে তা সৃষ্টি না হলেও অনেকের মনেই তা হয়। সম্প্রতি বাংলাদেশের আমলাতন্ত্র আমাদের এই পরাজয়টা উপহার দিয়েছে। যেটা পাকিস্তানের আমলাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল, সেটা আমাদের আমলারাই ঘটিয়ে প্রমাণ করেছেন, পাকিস্তানি আমলাতন্ত্রের চেয়েও তাদের অবস্থা খারাপ। বিষয়টি তাঁরা ঘটিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিকের সঙ্গে, যিনি তাঁর গাড়ি নিয়ে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন। আবদুস সাত্তার নামের এই শৌখিন পর্যটক পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট, যিনি একজন মুক্তিযোদ্ধা।
২০০৯ সালের আগস্ট মাসে টরন্টো থেকে আরেক সঙ্গীসহ বিশ্বভ্রমণের উদ্দেশে তিনি তাঁর গাড়ি নিয়ে আটলান্টিক পার হয়ে প্রথমে ইংল্যান্ড পৌঁছান। সেখান থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে ইউরোপের বিভিন্ন দেশ, তুরস্ক ও ইরান হয়ে আসেন পাকিস্তান পর্যন্ত। পাকিস্তান ভ্রমণ শেষে করাচি বন্দর থেকে গাড়িটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসে ২০১০ সালের মে মাসে।
অর্থাৎ কানাডা থেকে রওনা হওয়ার পর ইউরোপের এতগুলো দেশ পেরিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় পাকিস্তান কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে তাঁর সময় লেগেছিল নয় মাস। তারপরই বেচারা আটকা পড়েন বাংলাদেশি আমলাতন্ত্রের জালে। শুরু হয় তাঁর অবর্ণনীয় দুর্ভোগ। নানান আইনি প্যাঁচে ফেলে তাঁর গাড়িটি আর বন্দরের শুল্কজাল থেকে বের করতে দেওয়া হয় না।
এই জাল থেকে মুক্ত হওয়ার জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে ধরনা দিয়েছেন কমপক্ষে ৭৮ বার, জাতীয় রাজস্ব বোর্ডে তাঁকে যেতে হয়েছে ৮২ বার, চট্টগ্রাম কাস্টমসে ২২ বার, চট্টগ্রাম বন্দরে ১২ বার ও কমলাপুর আইসিডিতে ৮ বার। এসব দপ্তরের বাইরেও ঢাকার আরও বিভিন্ন দপ্তরে তাঁকে কয়েক শ বার চক্কর খেতে হয়েছে। তাঁর এই দুর্গতি যখন চলছিল, তত দিনে তাঁর সঙ্গে আসা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত পর্যটকের বিশ্বভ্রমণের সাধ মিটে গেছে বলে তিনি দেশে ফিরে যান।
কিন্তু সাত্তার সাহেব ধৈর্যশীল মানুষ এবং এতটাই ধৈর্যশীল যে দীর্ঘ ছয় বছর বাংলাদেশি আমলাতন্ত্রের সঙ্গে লড়াই করে তিনি তাঁর গাড়িটি মুক্ত করতে পেরেছেন ২০১৬ সালের মে মাসে, অর্থাৎ ঝাড়া ছয়টি বছর পর। তবে এটি তাঁর নিরঙ্কুশ বিজয় ছিল না। বিষয়টি অর্থমন্ত্রীর গোচরে এলে তিনিই হস্তক্ষেপ করে গাড়িটি ছাড়ানোর ব্যবস্থা করেন। সুতরাং লড়াইয়ে আসলে জেতেননি তিনি, জিতেছেন অর্থমন্ত্রী তাঁরই অধীন আমলাদের বিরুদ্ধে। রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ জটিল প্যাঁচ কষে এই বিশ্ব পর্যটককে ২১৬৭ দিন আটকে রাখলেও, গাড়িটি মেরামত করে তাঁকে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার সময় বেঁধে দিয়েছে মাত্র ২০ দিনের।
কী অদ্ভুত মশকরা! হতে পারে অর্থমন্ত্রীর হস্তক্ষেপে তারা নাখোশ হয়েছে, এই ভিনদেশি পর্যটকের কাছ থেকে কিছু আদায় করা গেল না বলে! তাদের এই খামখেয়ালিতে আটকে পড়া গাড়িটির ছয় বছরের বন্দর ভাড়া বাবদ ৪৩ লাখÿ টাকাও অর্থমন্ত্রীর বিশেষ বিবেচনায় মাফ করে দেওয়া হয়েছে। (সূত্র: প্রথম আলো)
যে রাজস্ব কর্তৃপক্ষ বাড়তি কর আদায়ের জন্য বৃহৎ কিংবা চিহ্নিত করখেলাপিদের ছেড়ে দিয়ে ব্যক্তি পর্যায়ের করদাতাদের উপযুক্ত টার্গেট মনে করে, তাদের কাছ থেকে আর কতখানি বিবেচনাবোধ আশা করা যেতে পারে। তারা জানে, ব্যক্তি পর্যায়ের চাকরিজীবী এসব নিরীহ করদাতার কর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, তাঁদের সংগঠন নেই, নেই আন্দোলন করার সামর্থ্য। সুতরাং তাঁদের হালাল রুজির ওপরই করওয়ালাদের নজর। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সীমিত আয়ের চাকরিজীবীদের ধনেপ্রাণে মারার যে ব্যবস্থা করা হয়েছে, সেটি রীতিমতো অবিচার।
অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাত্র কিছুদিন আগেই বলেছিলেন দেশের ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১২ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান আয়কর দেয়। এই নগণ্য সংখ্যাকে ২০১৮-১৯ সালের মধ্যে ৩০ লাখে উন্নীত করার কথা বলেছেন তিনি। সব উপজেলায় আয়কর অফিস করার ঘোষণাও তিনি দিয়েছেন। রাজস্ব বোর্ডকে নাকি তিনি বলেছেন, যাঁর কাছ থেকে ১০ টাকা পাওয়া যায়, তাঁর কাছ থেকে ১২ টাকা আদায় করতে হবে তা নয়, তাঁর কাছ থেকে ১০ টাকাই নিতে হবে, তার সঙ্গে আরও ১০ জন করদাতাকে খুঁজে বের করতে হবে। কিন্তু তাঁর এই কথাকে আমলে না নিয়ে তাঁর আমলারা ঠিক উল্টোটাই করেছেন এবারের বাজেটে।
যা হোক, রাজস্ব কর্তৃপক্ষের ওপর চড়াও হওয়া এই লেখার মূল উদ্দেশ্য নয়। কানাডাপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ভদ্রলোকটিকে
ছয় বছর ধরে যে হেনস্তা করা হলো, তার দায়ভার কে নেবে? বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অপ্রতুলতা নিয়ে আমাদের হতাশা ও অসহায়ত্বের পটভূমিতে বিশ্ব পর্যটনে বের হওয়া এই ভদ্রলোকের বাংলাদেশের অভিজ্ঞতাটা খুবই প্রাসঙ্গিক, সে উদ্দেশ্যেই এই লেখার অবতারণা। আমরা কাগজে-কলমে ও মুখের জবানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব সুবিধা উন্মুক্ত করে দিয়েছি বলে দাবি করি। অথচ এত কিছুর পরও আমরা কাঙ্ক্ষিত পরিমাণে বিদেশি বিনিয়োগ অর্জন করতে পারিনি।
প্রায় স্থবির এই হারকে বাড়ানোর কার্যকর পন্থা আবিষ্কার করাও সম্ভব হয়নি। ২০১৩ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের
পরিমাণ ছিল ১৬০ কোটি ডলার, যা পরের বছর না বেড়ে উল্টো ১৫২ কোটি ডলারে নেমে আসে। এই পরিমাণ আমাদের জিডিপির ১ শতাংশের কাছাকাছিই ঘোরাঘুরি করছে। অথচ ভারত, চীন কিংবা ভিয়েতনামে এই হার তাদের জিডিপির ৩ থেকে ৬ শতাংশ। আইএমএফ ও বিশ্বব্যাংকের হিসাবে ২০১৩ সালে ভুটানে বিদেশি বিনিয়োগের হার ছিল তাদের জিডিপির ২ দশমিক ৭৯ শতাংশ, যা ২০০৭ সালে ছিল ৬ শতাংশ।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ অনেক ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়েও প্রত্যাশিত মাত্রার বিনিয়োগ আনতে পারেনি। এসব সুবিধার মধ্যে লভ্যাংশ ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ, কর রেয়াতের সুবিধা, শুল্কমুক্ত যন্ত্রপাতি ও উপকরণ আমদানির সুযোগ, বন্ড সুবিধা ও জিএসপি গ্রহণের সুযোগ ইত্যাদি। এ রকম সুযোগ-সুবিধা ও উন্মুক্ত আহ্বান সত্ত্বেও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব হয়নি। এই অনীহার কারণগুলো বহুল আলোচিত এবং প্রায় সর্বজনবিদিত। যেমন পর্যাপ্ত জমির অভাব ও অধিগ্রহণের জটিলতা, দুর্বল অবকাঠামো, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা ইত্যাদি। রাজনৈতিক কারণে সরকারি নীতির ধারাবাহিকতার বিষয়েও নেই নিশ্চয়তা।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রণীত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট ২০১৫-তে মন্তব্য করা হয়েছে, ‘বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে বিদেশি বিনিয়োগ আহরণ করতে চায়, বিশেষ করে পোশাকশিল্প, জ্বালানি, বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে। তাদের শিল্পনীতিতে ও রপ্তানিমুখী উন্নয়ন কৌশলে বিদেশি ও দেশি বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে ঘোষিত কিছু পার্থক্য রাখা ছাড়াও তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রণোদনা দিয়ে থাকে। ...বাংলাদেশ বিনিয়োগের বাধাগুলো কমানোর ব্যাপারে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করেছে, কিন্তু অপ্রতুল অবকাঠামো, আর্থিক প্রতিবন্ধকতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও দুর্নীতি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করেই চলেছে।’
মার্কিন সরকারের এই দলিলটি যিনি প্রণয়ন করেছেন, তিনি যদি উল্লিখিত বিশ্ব পর্যটকের অবিশ্বাস্য অভিজ্ঞতাটার কথা জানতেন, তাহলে হয়তো এই দৃষ্টান্ত দিয়েই শুরু করে দেখাতেন যে আমাদের আমলাতন্ত্র বিদেশিদের বাধা দেওয়ার জন্য কেমন অবিশ্বাস্য রকম তৎপর। এই মানসিকতা ও আমলাতন্ত্রের প্রবণতা থেকে যদি বের হয়ে আসা না যায়, তাহলে দেশের সামনে সমূহ বিপদ।
পাদটীকা : বাংলাদেশের এই অভিজ্ঞতা নিয়ে সাত্তার সাহেবের নাকি একটা বই লেখার ইচ্ছে আছে। আমাদের প্রার্থনা, তাঁর সেই বইটি যাতে কোনো আগ্রহী বিদেশি বিনিয়োগকারীর হাতে না পড়ে।
ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার৷
[email protected]