আমাদের আয়নায় দেখি বাবার মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা শব্দটা এমন এক আবেগ, যা প্রকাশ করে বোঝানো যায় না। আমাদের বাবা কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী এ দেশের শেকড় শিল্পী! যাঁর কণ্ঠে মোহিত হতো আধুনিক বাংলা হূদয় নিংড়ানো গান, যে কণ্ঠের জাদুতে শ্রোতারা বিমোহিত হতেন, বসাতেন ভালোবাসার এক মহাসনে। সেই বাবার গর্বিত সন্তান আমরা। আমাদের বাবা সবার প্রিয়। এটাই আমাদের সবচেয়ে বেশি আন্দোলিত করে। একটি বিষয় না বললেই নয়। আমরা দুই বোন গান করছি অনেক দিন ধরে। শ্রোতাদের কেউ কেউ আমাদের গান পছন্দও করেন। মঞ্চে উঠলে তাঁরা দু-একটি গান নতুন করে শোনার জন্য অনুরোধও করেন। আমাদের খুব ভালো লাগে, যখন টের পাই, শ্রোতারা আমাদের মধ্যে বাবাকে খুঁজে পান। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এ যে কত বড় পাওয়া একজন শিল্পীর জন্য, পাশাপাশি কত বড় দায়িত্ব সেটা বুঝতে পারি। কারণ, বাবা যেভাবে কণ্ঠের আবেগকে মানুষের সামনে তুলে ধরতেন, তাতে শ্রোতারা তাঁর সুখ অথবা দুঃখের অনুভূতিতে মিশে যেতেন, যার কারণে আমার বাবা এতটাই প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন সেই ষাটের দশক থেকেই, যা আজও একই রকম আছে।বাবা যখন গান করতেন, তখন মনে হতো তিনি যেন গান করার জন্যই জন্মগ্রহণ করেছেন। তাঁর কণ্ঠের সেই মায়াময়তা এখনো আমরা আমাদের অস্তিত্বে টের পাই।মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে মহান অধ্যায়। যুদ্ধের মাঠে, উদ্বাস্তুশিবিরে, অস্থায়ী সরকারের কার্যক্রমে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ পেয়েছিল প্রাণ। সেই অসাধারণ সময়টিতে, অর্থাৎ মুক্তিযুদ্ধের নয় মাস বাবার ভূমিকাও ছিল অনবদ্য। আমাদের বাসায় মুক্তিযোদ্ধারা আসতেন, মা রান্না করে খাওয়াতেন আর বাবা গান শুনিয়ে তাঁদের সাহস জোগাতেন। আমরা দেখতাম, কীভাবে মুক্তিযোদ্ধারা বাবার গান শুনে মুহূর্তের মধ্যে নতুন উদ্দীপনায় স্বাধীনতার স্বাদ পেয়ে যেতেন। তাঁরা হারানো বাংলাকে ফিরে পাওয়ার নেশায় যুদ্ধে মেতে উঠতেন। এ কথা সবাই জানেন, গান কীভাবে মুক্তিযোদ্ধাদের প্রাণিত করত। একেকটি গান ছিল শত্রুর বুকে গুলি চালানোর মতোই শক্তিশালী।তখন আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু মহান মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি কি ভোলার মতো, কেউ ভুলতে পারে? তাই আজও অনুভূতিতে মুক্তিযুদ্ধের তীক্ষতা টের পাই আমরা। এখন বুঝি, বাবা শুধু যে গানই করতেন তা নয়, পাশাপাশি মানুষকে ভালোবাসা, সহযোগিতা, মমতা, নমনীয়তা—সব দেখিয়ে গেছেন। একজন শিল্পী হয়ে ওঠার গল্পটা যেন শিক্ষকের মতো শিখিয়ে গেলেন আমাদের। শিল্পী হতে হলে যে আগে ভালো মানুষ হতে হয়, সে কথাই তো শিখিয়ে গেলেন তিনি।বাবা খুব সহজ-সরল মানুষ ছিলেন। শিল্পীর এই সরলতাই আসলে হয়তো বিধাতার পছন্দ। সংগীত যখন আরাধনা, তখন স্বয়ং বিধাতাই সেই আরাধনায় অংশ নেন বলে আমাদের বিশ্বাস। আমরা আমাদের বাবার মতো সেই সরলতার, বিশ্বাসের, সৌন্দর্যের সাবলীল জায়গায় অবস্থান করতে চাই। তাই আজ বাবার ২০তম মৃত্যুবার্ষিকীতে সব শ্রোতার কাছে সেই দোয়াই প্রার্থনা করি, যেন বাবার মতো গান গেয়ে মানুষের হূদয়ে আজীবন থেকে যেতে পারি। কারণ, সত্যিকারের শিল্পীর মৃত্যু হয় না।