
ঢাকার দুটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের গেল মেয়র নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় যথার্থতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। থেকেই যাবে। তবু আইনত তাঁরা নির্বাচিত মেয়র। আর নির্ধারিত মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকবেন। মান-অভিমান যতই থাকুক, নাগরিক পরিষেবার বেশ কয়েকটি দিক তাঁদের হাতে। যেগুলোয় তাঁরা সরাসরি সম্পৃক্ত নন, সেখানেও যৌক্তিক প্রভাব খাটাতে পারেন। আর তাঁরা পরিষেবা দেওয়ার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন। এসব প্রচেষ্টার কোনো কোনোটি ব্যাপকভাবে জনকল্যাণকর হলেও প্রভাবশালী গোষ্ঠীর আঁতে ঘা লাগতে পারে। একটি সময় পর্যন্ত তারা চুপ করে থাকবে। তারপর ধীর কৌশলে এ সাফল্যকে ব্যর্থ করতে সচেষ্ট হবে। এ-জাতীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়রদের কাজগুলোর পক্ষে ব্যাপক জনসমর্থন থাকা দরকার। শুধু নীরব সমর্থন দিলেই হবে না; অর্জিত সাফল্য ব্যর্থ হতে দেখলে সোচ্চার হওয়ারও আবশ্যকতা দেখা দিতে পারে।
গত কয়েক মাসে এমনই কিছু কাজ করেছেন ঢাকা উত্তরের সিটি মেয়র। তিনি গতানুগতিক রাজনৈতিক ধারার লোক নন। শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী কিংবা একজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেই পরিচিতি লাভ করেছেন। হঠাৎ করেই তিনি বর্তমান ক্ষমতাসীন দল থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলেন। নির্বাচনের আগে কিছু প্রতিশ্রুতি ছিল তাঁর। অনেকেই ধরে নিয়েছিলেন যে এগুলো বরাবরের মতোই গতানুগতিক। তিনি অন্য অনেকের মতোই ভোটের পরে ভুলে যাবেন। কিন্তু তা হলো না। অন্তত যানজট নিরসনে তাঁর কিছু দৃঢ় পদক্ষেপ লক্ষ করল নগরবাসী। প্রান্তিক পর্যায়ে হলেও এর সুফল দেখা যাচ্ছে। এগুলো স্থায়ী রূপ দিয়ে টেকসই করতে আরও নতুন নতুন এ ধরনের পদক্ষেপ নিতে হবে তাঁকে। এর জন্য আবশ্যক সরকারের সর্বাত্মক সমর্থন আর উপকারভোগী জনগণের সতর্ক নজরদারি। উল্লেখ করা প্রাসঙ্গিক হবে যে সরকারের এ ধরনের সমর্থন না থাকায় নারায়ণগঞ্জের বর্তমান সিটি মেয়রের অনেক উদ্যোগই ভেস্তে গেছে। একজন প্রতিশ্রুতিশীল ও উদ্যমী জনপ্রতিনিধিকে দৃশ্য থেকে অপসারণে সক্রিয় আছে প্রভাবশালী একটি মহল। উপকারভোগী জনগণও সোচ্চার হতে পারছে না স্থানীয় রাজনৈতিক সংস্কৃতির কারণে।
ঢাকা উত্তরের সিটি মেয়রের কতিপয় পদক্ষেপ এখানে উল্লেখ করা সমীচীন। সেগুলো হচ্ছে তেজগাঁও ট্রাক টার্মিনালে বিশাল জায়গা অবৈধভাবে ব্যবহৃত হতো দীর্ঘদিন। ব্যাপক যানজট সৃষ্টি করে ট্রাক দাঁড়িয়ে থাকত রাস্তায়। মেয়র বুক বেঁধে নামলেন তাঁর সহকর্মীদের নিয়ে। সহায়তা দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। ট্রাকগুলো এখন টার্মিনালের ভেতরেই দাঁড়ায়। রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তেমনি মহাখালী বাস টার্মিনালে যত গাড়ি থাকত, তার চেয়ে বেশি থাকত এর বাইরে, রাস্তার উভয় দিকে। মেয়রের দৃঢ় পদক্ষেপে এখন গাড়িগুলোকে টার্মিনালের ভেতরেই থাকতে হয়। কেউ কেউ বলেন, রাত ১০টার পরে রাস্তায়ও থাকে। এত সব সত্ত্বেও মহাখালীর যানজট দৃশ্যমানভাবে কমে গেছে। গাবতলীতে বাস টার্মিনাল থাকলেও সেই রাস্তায় শ্যামলী, কল্যাণপুরসহ গোটা এলাকাতেই অননুমোদিত বাসস্ট্যান্ড হয়ে গিয়েছিল বেশ কিছু। এগুলো ছাড়াও রাস্তায় যত্রতত্র দাঁড়িয়ে থাকত গাড়ি। মেয়র এ রাস্তায়ও এ ধরনের পার্কিং বন্ধ করে যাতায়াতব্যবস্থা সুগম করেছেন।
কেউ হয়তো বলবেন যে এরূপ অতীতেও অনেক ঘটেছে, আবার ফিরে গেছে সাবেক অবস্থানে। আমাদের দেশের প্রশাসনিক সংস্কৃতিতে তাঁদের আশঙ্কাকে অমূলক বলা যাবে না। কেননা, এরূপ অবৈধ গাড়ি পার্কিং এমনিতেই হয় না। আপাতত এর সুবিধাভোগী বাস-ট্রাকের চালকেরা মনে হলেও আরও অনেকেই আছেন তাঁদের সহযোগী। না হলে কারও সাহস হতো না এমনটা করার। জনশ্রুতি আছে বিশাল অঙ্কের লেনদেন সম্পর্কে। চাঁদা তোলে যখন যারা ক্ষমতায় থাকে তাদের নামে, কিছু চেনা মুখ। অনুমান করা অসংগত হবে না যে এর অংশীদার পরিবহন সমিতিগুলোর কিছু নেতা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য। আর অবশ্যই ভাগের অংশ পাওয়ার কথা এ চাঁদা তোলা লোকগুলো যাদের আশীর্বাদধন্য তাদেরও। এমনকি সিটি করপোরেশনের কোনো কোনো কর্মকর্তাও এর সুবিধাভোগী থাকাই স্বাভাবিক। থাকতে পারে সরকারের আরও কোনো সংস্থারও যোগসাজশ। এ চাঁদা থেকে বঞ্চনার বেদনা তারা ভুলে যাবে বা এ দাবি উপেক্ষা করবে, এটা ধারণা করা বাস্তবসম্মত নয়। বরং সচেষ্ট হওয়ার কথা প্রচেষ্টাগুলো ভণ্ডুল করতে। সুযোগ খুঁজতে থাকবে কোনো না কোনোভাবে। আমাদের দুর্ভাগ্য হলে সুযোগ মিলেও যেতে পারে। অতীতের অনেক ক্ষেত্রেই তো তা হয়েছে।
তা সত্ত্বেও আমরা বিশ্বাস করতে চাই, সিটি মেয়র এ ঝুঁকি সম্পর্কে সচেতন আছেন। যতটুকু জানা যায়, ওই স্থানগুলো তিনি নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন। তবে এ ধরনের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে স্থায়ী রূপ পাবে, এমনটা আশা করার সংগত কারণ নেই। আর প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের কর্মকর্তা, পুলিশ, পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের একটি প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। মেয়রের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করে এর তদারকি নিশ্চিত করা দরকার।
পরিবহন খাতেও অনেক সমস্যা আছে। পর্যাপ্ত পার্কিং স্থান নেই, এটা বলার অপেক্ষা রাখে না। তাই তারাও ইচ্ছামাফিক কাজ করতে চায়। আর তা করেও। ফলে বিপর্যয় দেখা দেয় মহানগরীর সড়ক পরিবহনব্যবস্থায়। মহানগরীতে চাহিদার তুলনায় রাস্তাঘাট অপ্রতুল। আর যা-ও আছে, তা অব্যবস্থাপনার জন্য জনজীবনে দুর্ভোগ বেড়েই চলেছে। ঢাকা উত্তরের সিটি মেয়র যানজট নিরসনের জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, এর বাইরে আরও অনেক কিছু করার আছে। ভাঙা রাস্তাঘাট কিংবা অংশবিশেষে ময়লা-আবর্জনার ডিপোও কিছু ক্ষেত্রে যানজটের কারণ ঘটায়। রাস্তা খোঁড়ার সদা চলমান প্রক্রিয়াটির যন্ত্রণা অনুভব করে নগরবাসী। পাশাপাশি চলছে সড়কের পাশে ড্রেন তৈরি ও পুনঃ তৈরির বিষয়টিও। ডিভাইডার করা আর ভেঙে আবার নতুনভাবে করার কাজটিও চলছে সবার সামনেই। এ বিষয়গুলোর বেশ কিছু মেয়রের নিয়ন্ত্রণে নেই। তবে তিনি জোরালো আপত্তি জানাতে পারেন। ভাঙা-গড়ার খেলাটি থামাতে বা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও একটু স্বস্তি পাওয়া যাবে।
আমাদের সিটি করপোরেশনগুলোর আইনগত কিছু সমস্যাও রয়েছে। পৌরসভা তার সীমিত প্রশাসনিক কাঠামো নিয়ে নগর-পরিকল্পনা ও বাড়ি করার নকশা অনুমোদন দেয়। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের দায়িত্বও তাদের। একপর্যায়ে নগর হয় মহানগর। কিন্তু বর্ণিত কাজগুলোর দায়িত্ব চলে যায় উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা প্রভৃতি সংস্থার হাতে। এগুলোকে সিটি করপোরেশনের অধীনে দেওয়ার দাবি জানানো হয়েছে অনেকবার। সব সরকারই নীরব থাকে। সুতরাং, প্রকৃতপক্ষে স্থানীয় নাগরিক পরিষেবা দেওয়ার মূল দায়িত্বও সিটি মেয়রদের হাতে নেই। তারপর ঢাকাকে দ্বিখণ্ডিত করে সেই দাবির মুখেও কুলুপ মারা হয়েছে। কেননা, এগুলোর কার্যপরিধি তো অবিভাজ্য।
উত্তরের সিটি মেয়র উদ্যমী ও সাহসী, এটাও অনেকের নজরে আসছে। যানজট নিরসনে তাঁর প্রয়াসের পরিসর আরও অনেক বাড়াতে হবে। রাজপথে তিনি কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। পথ সহজ নয়। একে টিকিয়ে রাখতে নতুন নতুন উদ্যোগ এবং গৃহীত ব্যবস্থাগুলো টেকসই করার প্রচেষ্টা নিতে হবে। তা করতে পারলে অপশক্তি মোটামুটি অনেকটাই পিছু হটবে। তিনি জনপ্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে রাখতে পারলে অসাধু সরকারি কর্মচারী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যথা করার সুযোগ পাবেন না। গণমাধ্যমসহ নাগরিক সমাজকেও সময়ে সময়ে এ ধরনের ন্যায়সংগত কার্যক্রমের পক্ষে অবস্থান রাখতে হবে। নীরবে সমর্থন করলেই চলবে না। কেউ রাজপথে আসুন আর কেউবা ধরুন কলম। আমাদের প্রত্যাশা থাকবে, শত প্রতিকূলতার মধ্যেও ঢাকা উত্তরের সিটি মেয়র তাঁর উদ্যোগগুলোর প্রতি শুধু অটলই থাকবেন না, বরং করবেন জোরদার।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]