আমাদের জাগিয়ে রাখে আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ধীরে ধীরে হলেও আমরা অনেক এগিয়েছি, এগিয়েছে বাংলাদেশ। আমরা বুঝতে পারি বয়সে এখন যারা তরুণ-যুবা, সামনের বাংলাদেশ আমাদের। তবে এই যে এগিয়ে যাওয়া, পথচলা, এর মধ্যেও অনেকের মনমানসিকতা সেকেলেই রয়ে গেছে। বিশেষ করে, মেয়েদের এগিয়ে যাওয়া দেখে আমাদের সমাজের অনেকেরই ভ্রু কুঁচকে ওঠে। এমনকি পারলে অনেকেই যেন নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে চায়।
বাংলাদেশের যুবসমাজকে বিবেচনায় নিলে আমরা দেখব, নারীরা পুরুষের তুলনায় মেধা বা দক্ষতা কোনো দিকেই পিছিয়ে নেই। কিন্তু একটি ছেলের চাইতে একটি মেয়েকে ডিঙাতে হয় অনেক অনেক বাধা। পথের সমস্যাগুলো আমরা দূর করতে পারিনি। আমরা দেখি, মেধা থাকলেও একটি মেয়ে সহজে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারে না। আমাদের অনেকের বাবা-মায়েরাই চান না তাঁদের মেয়েরা পড়াশোনার জন্য একা একা দূরে যাক। একজন মেধাবী ছেলের ক্ষেত্রে এটা সমস্যা হয়ে দাঁড়ায় না।
চাকরি বা পেশা গ্রহণের ক্ষেত্রেও মেয়েরা নানা সামাজিক বাধার মধ্যে পড়ছে। অনেক মেয়ে আত্মশক্তি দিয়ে সেসব বাধা জয় করছে ঠিকই কিন্তু সাধারণভাবে সবার পক্ষে কি তা সম্ভব? তবে অনেক পরিবারে এখন পরিবর্তন এসেছে। আমরা দেখছি অনেক মা-বাবা সন্তানদের পড়াশোনা ও চাকরি বা পেশা বাছাইয়ের বেলায় ছেলে ও মেয়েদের আলাদা করে দেখেন না। বরং একইভাবে সহযোগিতা করেন।
আমার আশপাশে বন্ধু-বান্ধবীদের মতো আমারও অনেক ইচ্ছা ছিল পড়াশোনার জন্য বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ও সেখান থেকে ডিগ্রি নেওয়ার। আমি চেয়েছিলাম একজন স্বাধীন ও স্বাবলম্বী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে। দেশের বাইরে গিয়ে একা পড়াশোনা করতে হলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। এটা আমাকে আত্মবিশ্বাসী করে তুলত। কিন্তু আমার মা-বাবা কোনোভাবেই সাহস করলেন না তাঁদের মেয়েকে দেশের বাইরে পাঠাতে বা নিজেদের কাছ থেকে এত দূরে রাখতে।

>আমরা যদি আমাদের সমস্যাগুলো বুঝতে পারি এবং যদি টের পেতে শুরু করি যে কোথায় বাধা, তবে সেগুলোও আমরাই দূর করতে পারব

এখন আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি। তবে এটা সত্য যে, আজ থেকে ২০ বছর আগেও বাংলাদেশের মা-বাবারা তাঁদের ছেলেমেয়েদের ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কিছু পড়ানোর কথা ভাবতেই পারতেন না। অনেককেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অভিভাবকের ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করতে হতো। আজকের প্রজন্ম সেদিক থেকে সৌভাগ্যবান। আমরা আমাদের আগের প্রজন্মের তুলনায় অনেক স্বাধীন। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ইচ্ছা অনুযায়ী বিষয় পছন্দ করে পড়াশোনা করতে পারছি।
আজকালকার সময়ে একজন মেয়ের সামনে আরও যে সমস্যাটি বড় চাপ হয়ে দাঁড়ায়, তা হলো পুরোনো চিন্তাভাবনা ও ধ্যানধারণা। দেখা যায়, পড়াশোনা শেষে কর্মজীবন শুরুর আগেই পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে একটি মেয়ের ওপর বিয়ের জন্য চাপ আসতে থাকে। যেভাবেই হোক জলদি মেয়েটিকে বিয়ে দাও। পড়াশোনার শেষ পর্যায় থেকেই এই চাপ শুরু হয় এবং পড়াশোনা শেষ হলে তো কথাই নেই। মেয়েটিকে বিয়ে দিতে পারলেই যেন সব সমস্যার সমাধান। আমাদের পরিবার ও সমাজকে এই পুরোনো চিন্তাভাবনা থেকে সরে আসতে হবে। আমরা দেশের ও সমাজের যে উন্নতি চাই এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তা নিশ্চিত করতে হলে এই পরিবর্তনগুলো সমাজে আনতে হবে।
তবে এটাও আমরা এত দিনে বুঝে গেছি যে এসব পরিবর্তন আপনা-আপনি হয় না বা কেউ আমাদের হাতে ধরে এই সুযোগ করে দেবে না। তারুণ্য মানেই অদম্য। আমরা যদি আমাদের সমস্যাগুলো বুঝতে পারি এবং যদি টের পেতে শুরু করি যে কোথায় বাধা, তবে সেগুলোও আমরাই দূর করতে পারব। আমাদের জাগিয়ে রাখে আশাবাদ।
সিনথিয়া কায়নাথ নূর: শিক্ষার্থী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।