আমাদের জামাল স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রফেসর জামাল নজরুল ইসলাম একজন ব্যতিক্রমী বাঙালি। প্রতিভা শব্দটি হয়তো নির্বিচারে বহুল ব্যবহারের কারণে যথার্থ অর্থ ও ব্যঞ্জনা আর বহন করে না। তাই প্রফেসর ইসলামের ক্ষেত্রে শব্দটি বিশেষায়িত করা প্রয়োজন। তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী।গণিত ও ভৌতবিজ্ঞানের মতো মৌলবিজ্ঞানে মৌলিক গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি কজন বাঙালি অর্জন করেছেন? তরুণ বয়সের প্রথম গুরুত্বপূর্ণ গবেষণাই তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও সমকালীন বিশ্বসেরা ভৌতবিজ্ঞানীদের কাছ থেকে স্বীকৃতি এনে দিয়েছে। দি আলটিমেট ফেইট অব দি ইউনিভার্স বা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নামের এ বইটি পৃথিবীর গুরুত্বপূর্ণ সব ভাষায় অনূদিত হয়েছে এবং এখনো এটি বিজ্ঞানের উচ্চতর পঠনপাঠন ও গবেষণার ক্ষেত্রে আলোচিত গ্রন্থ। সাধারণ আপেক্ষিকতত্ত্ব ও গাণিতিক জ্যোতির্বিজ্ঞান নিয়ে তাঁর রয়েছে উচ্চতর গবেষণাগ্রন্থ।সপ্তম শ্রেণী থেকেই জামাল নজরুল ইসলাম দীর্ঘকাল পরিবার থেকে দূরে ও দেশের বাইরে কাটিয়েছেন। পাকিস্তানের ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান লরেন্স কলেজ থেকে ও-লেভেল ও এ-লেভেল করে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএসসি ডিগ্রি নিয়েছেন। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কেমব্রিজ থেকেই খুব অল্প বয়সে তিনি পিএইচডি ডিগ্রি পেয়েছেন। আর একই বিশ্ববিদ্যালয় থেকে তাঁর রয়েছে অত্যন্ত বিরল ডিএসসি বা ডক্টর অব সায়েন্স ডিগ্রি।গবেষক হিসেবেই তিনি কাজ শুরু করেন। গবেষণা আর শিক্ষকতার সূত্রে তিনি যুক্ত ছিলেন যুক্তরাজ্যের কেমব্রিজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং যুক্তরাষ্ট্রের প্রিন্সটন, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। নোবেলজয়ী পাকিস্তানি বিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম ইতালির ট্রিয়েস্টে থার্ড ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্স প্রতিষ্ঠার পর প্রফেসর ইসলামকে নিয়মিতই সেখানে বিভিন্ন অ্যাকাডেমিক কাজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতেন।ছাত্রজীবন থেকেই প্রফেসর ইসলামের ঘনিষ্ঠ যোগাযোগ ঘটেছে বিজ্ঞানজগতের বাঘা ছাত্র ও বিখ্যাত মনীষীদের সঙ্গে। আরেক বিস্ময়কর প্রতিভা স্টিফেন হকিং ছিলেন কেমব্রিজে তাঁর সমসাময়িক। একালের শ্রেষ্ঠ দুই পদার্থবিজ্ঞানী ডাইসন ও ফাইনম্যান তাঁর সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন। একই রকম স্নেহপূর্ণ শ্রদ্ধা দেখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী জ্যোতিঃপদার্থবিদ চন্দ্রশেখর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও জিম মার্লিস ছিলেন তাঁর ব্যক্তিগত বন্ধু। বিশ্বের গণিতবিদ ও ভৌতবিজ্ঞানীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে প্রায়ই বিশ্বের নানা দেশে যেতে হতো তাঁকে।কিন্তু প্রফেসর ইসলামের প্রিয়তম স্থান চট্টগ্রাম, বিশেষভাবে সার্সন রোডে পাহাড়ি নিসর্গসমৃদ্ধ পৈতৃক ত্রিতল আবাসটি। প্রায় ৩৫ বছরের বিদেশ বাসের ইতি টেনে ১৯৮৪ সালে স্ত্রী সুরাইয়া ইসলাম ও দুই মেয়ে সাদাফ-নার্গিসকে নিয়ে স্থায়ীভাবে ফিরে আসেন চট্টগ্রামে। কেমব্রিজ ছেড়ে ঢাকাও নয়, একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—মানতেই হবে, বিজ্ঞানে যেকোনো পর্যায়ের গবেষকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দুঃসাহসী সিদ্ধান্ত। শুধু আর্থিক নয়, সব বিবেচনাতেই এটি বিরাট আত্মত্যাগের ঘটনা। তিনি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগ দিয়েছেন। তারপর দ্রুত গড়ে তুলেছেন গণিত ও ভৌতবিজ্ঞান ইনস্টিটিউট। এখানে তিনি নিয়মিত যেসব আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছেন, তাতে প্রফেসর সালাম, অমর্ত্য সেন, জিম মার্লিস, জাপানের আরাকিসহ অনেক নোবেলজয়ী পণ্ডিতের সমাগম ঘটেছে চট্টগ্রামে।জামাল নজরুল ইসলামের ডিগ্রি আর সহকর্মী-বন্ধুজনের মতোই বংশপরিচয়েও ছিল বনেদিয়ানার ছাপ। তাঁর মাতামহ শামসুল ওলামা কামালউদ্দিন ছিলেন গত শতাব্দীর প্রথম ভাগে সরকারি কলেজের প্রথম মুসলমান অধ্যক্ষ। মনীষী আবু সয়ীদ আইয়ুব তাঁর মামা। বিখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ তাঁর ফুফাতো ভাই। বাবা খান বাহাদুর সিরাজুল ইসলাম ব্রিটিশ আমলের প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। মা রাহাত আরা ছিলেন উর্দু ভাষার কবি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটিকাটি সফলভাবে উর্দুতে অনুবাদ করেছিলেন। ডাকঘর-এর উর্দু অনুবাদ ও রাহাত আরার অন্যান্য লেখা সাম্প্রতিক কালেও দিল্লি থেকে প্রকাশিত হয়েছে।বাবা তাঁকে শৈশবেই গণিত ও সংগীতে উৎসাহী করেছিলেন। তিনি ভালো গাইতে পারতেন, রবীন্দ্র-নজরুলের গান তো বটেই, গালিব-মীরের গজল কিংবা পুরোনো দিনের গানও গেয়ে শোনাতেন। ঘরে পিয়ানো ছিল। মাঝেমধ্যে বাজাতেন, বাজিয়ে শোনাতেন। সেতার শেখার পেছনেও সময় দিয়েছেন। দেশে-বিদেশে বড় বড় ওস্তাদের গান-বাজনা শোনার অভিজ্ঞতা শোনাতেন। ওস্তাদ ইমরাত হোসেন চট্টগ্রামে তাঁর বাড়িতেই ছিলেন, পণ্ডিত বিজয় কিচলু তাঁর ঘরে গান শুনিয়ে ও আলাপ করে আনন্দিত হয়েছিলেন। যেকোনো উপলক্ষে বাসায় পণ্ডিত ব্যক্তিদের সমাগম ঘটলে গানের মানুষকে ডাকতেন।তাঁর ছবি আঁকার দক্ষতা নামী চিত্রকরকেও অবাক করার মতো। নিসর্গদৃশ্য, তাঁর বিশ্ববিদ্যালয়, ফুল কিংবা অনুলিপি—সব কাজেই নৈপুণ্য চমকপ্রদ। গণিতজ্ঞের পর্যবেক্ষণক্ষমতা আর দার্শনিকের ভারসাম্য বোধের পরিচয় এসবে ধরা আছে।মায়ের সূত্রে বাসায় উর্দুর চর্চা ছিল এবং পড়াশোনা আর পেশাগতভাবে দীর্ঘকাল ইংরেজির অভ্যস্ততা তাঁর ভাষিক-বাচিকচর্চায় ছাপ রেখেছিল। পোশাকে বিলেতি অভ্যাস ছাড়া সম্ভব হয়নি। কিন্তু এই বাহ্য দূরত্ব বেশি দিন টেকেনি। কেননা, তিনি ভাবার্থেও ছিলেন মাটির মানুষ। মানুষকে, বলা যায় কোনো মানুষকেই তিনি দূরে ঠেলে দিতে পারতেন না। তাঁর সংবেদনশীল মনে সবার জন্যই স্থান ছিল। বিশেষভাবে যারা দরিদ্র ও সমাজের নিচের স্তরের উপেক্ষিতজন, তাদের জন্য। ফলে এই বহুভাবে বিভাজিত সমাজে মানুষের যে দুঃখ-দুর্দশা, তা দেখে সত্যিই এত বিচলিত হতেন যে প্রায়ই নিজেই প্রতিকারের চেষ্টায় কাজে নেমে যেতেন। একাই এভাবে তিনি কাজে নেমে পড়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে তিনি ব্রিটেন ও চীনের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ অনেককে চিঠি লিখেছিলেন।স্বভাবত প্রসন্ন এই খ্যাতিমান মানুষটির কাছে যে কেউ হাজির হতে পারত—সে ব্যক্তিগত দাবি নিয়ে সাধারণজন হোক কিংবা হোন সামষ্টিক কোনো বড় উদ্যোগ নিয়ে বিশিষ্টজন, তাঁর ঘরের ও হূদয়ের দরজা থাকত সমানভাবে খোলা। এতে অবশ্য অনুষ্ঠান আর সংগঠনে অভ্যস্ত বাঙালির দাবি দিনে দিনে এতই বেড়েছে যে প্রতিশ্রুতি পূরণে তাঁকে সাধ্যাতীত শ্রম স্বীকার করতে হতো। রবীন্দ্রনাথের ভাষায় এ অনেকটাই খ্যাতির বিড়ম্বনা, কারণ যারা তাঁকে আলংকারিক আসনে বসাত, তাদের অধিকাংশেরই সম্বল খ্যাতির জনশ্রুতি। এর উৎসে তাঁর যে কাজ, এর গুরুত্বসহ তাঁকে জানার কৌতূহল ছিল কম।আর দেশের অসহিষ্ণু ও ক্রমেই সহিংস হয়ে ওঠা রাজনীতি তাঁর উৎকণ্ঠা কেবল বাড়িয়ে দিত। তাঁর মতো সরল ও মানবিক বোধসম্পন্ন মানুষের পক্ষে এই দুঃসময়ে আত্মমগ্ন থাকা সম্ভব ছিল না। তাই আমরা ক্রমেই তাঁর মধ্যে এক বিচলিত-উৎকণ্ঠিত বিবেকের প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। প্রায় জিহাদি জোশে তিনি বিদেশি অর্থের, বিশেষ করে বিশ্বব্যাংক-আইএমএফের মতো প্রতিষ্ঠানের সর্বনাশা ভূমিকার কথা বলতেন। বর্তমানকালে উন্নয়নের যে বিলাসবৈভবমুখী ধারা মানুষের স্বাভাবিক বসতি আর সামাজিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে, তার বিরুদ্ধে বলতে বলতে তিনি প্রায়ই উত্তেজিত হয়ে পড়তেন। সাম্প্রতিক কালের মুঠোফোন আর কম্পিউটার-প্রযুক্তির সর্বগ্রাসী বিস্তার ও মানুষের উত্তরোত্তরের ওপর নির্ভরতায় তিনি বিচলিত বোধ করতেন। এসব সর্বনাশ ঠেকানোর জন্য আশপাশে কারও মধ্যে বা কোথাও থেকে যথার্থ কোনো তৎপরতা না দেখে তিনি রীতিমতো অধৈর্য হয়ে বকুনিও দিতেন।কিন্তু হালের এ প্রবণতা বাংলাদেশের একার নয়, বৈশ্বিক। ফলে দ্রুত এই বৃত্ত থেকে মুক্তির সম্ভাবনা নেই বলে অনেকেই এ পরিবেশে তাঁর মূল কাজ গাণিতিক ও ভৌত বৈজ্ঞানিক গবেষণার ক্ষতির কথা বলে আফসোস প্রকাশ করতেন। এসব কথা তিনি হেসে উড়িয়ে দিতেন। বলতেন, যেসব কাজে গবেষণাগার, যন্ত্রপাতি, বৈজ্ঞানিক সরঞ্জাম বা উচ্চমানের প্রশিক্ষিত গবেষণা সহকারীর প্রয়োজন পড়ে, সে ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তাঁর প্রয়োজন অঙ্ক কষার জন্য স্রেফ কলম আর খাতা। আর প্রয়োজন বই, বিদেশে যোগাযোগের কারণে যা তাঁর পক্ষে আনিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলতেন, বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার সময়ও বসে বসে তিনি অঙ্ক কষতে পারেন। ক্বচিৎ মজা করে অঙ্কের খাতা দেখিয়েছেন, যেখানে একটি সমস্যারই সমাধানে অঙ্ক কষেছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা।সমস্যার সমাধান খোঁজা কিংবা নিষ্পত্তি সাধনই গণিতজ্ঞের কাজ। তবে সমাজ বা ইতিহাস গণিতের হিসাব মেনে চলে না, প্রায়ই এক সমস্যার সমাধান করতে করতে এমনকি সেই সমাধানের সূত্র ধরেই নতুন সমস্যা জট পাকিয়ে ওঠে।বাংলাদেশে সাম্প্রতিক কালে সমস্যা কেবলই জট পাকাচ্ছে। তাতে অন্যান্য সমস্যার সঙ্গে মনুষ্যত্বের সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। বিজ্ঞানীকেও ছাপিয়ে তাঁর যে দার্শনিক সত্তা, সেটা মানবসমাজের এ পরিণতি দেখে ব্যথিত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ হয়ে উঠত। প্রায়ই তাঁর বন্ধু স্থানীয় বিজ্ঞানী আওয়ার ফাইনাল সেঞ্চুরির লেখক মার্টিন রিজের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলাপচারিতার সূত্র ধরে বলতেন, মার্টিনের আশঙ্কা, বইয়ে ব্যক্ত পূর্বাভাসেরও আগে মানবসভ্যতার অবসান হতে পারে। স্বদেশে-বিদেশে, প্রাচ্যে-পাশ্চাত্যে—সর্বত্র পতনের লক্ষণ প্রকট হতে দেখে শঙ্কিত থাকলেও এবং সবাইকে সাবধান করতে চাইলেও জামাল নজরুল ইসলাম ব্যক্তিগতভাবে একজন বিশ্বাসী মানুষ হিসেবে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির এ রকম পরিণতিই চূড়ান্ত বলে অন্তর থেকে মানতে পারতেন না। মুখে আশার কথা শোনালেও ভরসার শক্ত কোনো ভিত্তি কি পেতেন? তাঁর শুভ চেতনার শুভ-কামনার নিষ্ফল বিয়োগান্ত পরিণতি সহ্য করাও তো কঠিন। তিনি আশার শিখা জ্বালিয়ে রাখলেও হতাশার ঘূর্ণিবায়ু অনবরত তাতে হানা দিয়েছে নিশ্চয়।সর্বত্র সংকট যত তীব্র হয়েছে, তিনি ততই সরব হয়েছেন। ইদানীং প্রতিবাদী উত্তেজনা সংবরণ করতে পারতেন না। কিন্তু সাধারণ মানুষ তো রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে বর্ণিত সমাজযন্ত্রের খুচরা নাটবল্টুর মতো তুচ্ছ সংখ্যামাত্র। ইতিহাসের যাত্রাপথে বুক চিতিয়ে দাঁড়াবে, চলমান বাঁধভাঙা স্রোত ঘুরিয়ে দেবে, এমন অতিমানবীয় শক্তির বৈপ্লবিক প্রকাশ ইতিহাসে যখন-তখন তো আসে না। তাই সব মহামানবই শেষ পর্যন্ত একাকী। যুগে যুগে মহামানবের নিঃসঙ্গ অভিযান এভাবেই একদিন অবসিত হয় অসংখ্য নিকটজনের হূদয়ে প্রাপ্তির কৃতজ্ঞতা আর অসম্পন্ন কাজের আফসোস জমা রেখে। আর মহিরুহের তিরোধানে যে শূন্যতা সৃষ্টি হয়, তার আঘাতে বুকে আপনি বাজে হাহাকার, যার ব্যক্ত-অনুক্ত আলোড়ন চলবে অনেক অনেক দিন।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।