
৭ ডিসেম্বর আনুমানিক বেলা দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে শুনলাম, ‘কাটাখালীতে রাজশাহী কলেজের বাস অ্যাক্সিডেন্ট করেছে, কয়েকজন মারা গিয়েছে এবং কিছু আহত হয়েছে।’ কথাটা শুনেই আমি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। লোকটার কাছে থেকে আরও কিছু তথ্য জানলাম। দেখলাম, ঢাকা-রাজশাহী মহাসড়কে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির ছোটাছুটি।
রাজশাহী কলেজ বাসে উঠলে ভিড়ের মধ্যে যেন অক্সিজেন-সংকটে প্রাণ ছুটে যায়। বাসের চালককে প্রায়ই কথোপকথনে মশগুল থাকা অবস্থায় বাস চালাতে দেখা যায়। এরই মধ্যে যখন চালক হঠাৎ বাস থামান, তখন বাসে ধরে থাকার মতো হাতল না থাকায় অন্যজনের ওপরে গিয়ে পড়তে হয়। প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে যখন বাসের জন্য অপেক্ষা করি, তখন কলেজের বাসে করে ফিরতি ট্রিপে রাস্তার যেখানে-সেখানে সাধারণ যাত্রী ওঠানো-নামানোর কাজ করতে গিয়ে প্রায়ই নির্ধারিত সময়ের পরে বাস কলেজে পৌঁছায়। পারলে বাস শিক্ষার্থীদের গায়ের ওপর এসে থামে।
এ সময় সবাই দৌড়ে বাসের দিকে যাই। হুড়োহুড়ি করে উঠতে গিয়ে একজন আরেকজনের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে পড়ে। এসব দৃশ্য দেখে মনে হয়, এই বুঝি কেউ বাসের চাকার নিচে পড়বে। এখানেও রয়েছে আরেক সমস্যা, দৌড়ে না যাওয়ার কারণে ভেতরে জায়গা না পেয়ে অনেককেই হেলপারের পাশে বাসের দরজা ধরে যাতায়াত করতে হয়। এভাবে যাতায়াত করতে গিয়ে হৃৎস্পন্দন বেড়ে যায়। মনে হয়, কখন যে কীভাবে হঠাৎ থামাবে আর রাস্তায় ছিটকে পড়ে যাব।
ভেতরে পূর্ণ হয়ে গেলে বাসের সম্মুখ-পেছন দরজার কাছেই যখন ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী শুধু পা রাখার জায়গাটুকু খোঁজে। কেউ বাসের দরজা ধরে দাঁড়িয়ে, কেউ বাসের জানালায় বসে যাতায়াত করে, তখন বাস দরজার দিকে হেলে থাকে। মনে হয়, বাস বুঝি দরজার দিকে উল্টে যাবে। আর এই দৃশ্য দেখে চারপাশের পথচারীরা হাসে। আমাদের কলেজে ১৭ হাজার শিক্ষার্থীর জন্য একটি সরকারি ও সাতটি বেসরকারিসহ আটটি বাস রয়েছে। এগুলোর অধিকাংশের অবস্থাই সঙিন। একটি বাসের হেলপারের কাজ করানো হয় ৯ থেকে ১০ বছরের এক শিশুকে দিয়ে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি নাকি সেদিন হেলপার চালাচ্ছিল।
অবস্থা যখন এই, তখন এ রকম একটি বাসের দুর্ঘটনার শিকার হওয়া অস্বাভাবিক কিছু নয়। দুর্ঘটনাকবলিত বাসচালককে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কেন? আমাদের যে তিন বোন অকাল মৃত্যুবরণ করল, তাদের কি জীবনের কোনোই মূল্য নেই? এই ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছি।
শিউলী আক্তার: রাজশাহী কলেজ, রাজশাহী।