
ছোট হয়ে আসছে পৃথিবী। বাংলাদেশ বিমানের একটি জনপ্রিয় বিজ্ঞাপনের স্লোগান ছিল ‘ছোট হয়ে আসছে পৃথিবী’। সেই প্রচারণায় ধারণা দেওয়া হতো বিমান যোগাযোগব্যবস্থার প্রসার আর নতুন নতুন আধুনিক উড়োজাহাজ তার বহরে সংযুক্ত হওয়ায় পৃথিবীর যেকোনো স্থানে আমাদের যাওয়া-আসা কত সহজতর হচ্ছে। সময় লাগছে কম। এ বিবেচনায় ছোট হয়ে আসার কথা বলা যেতেই পারে। তবে এর একটি বিপরীত দিক আমরা দেখতে পাচ্ছি। বিমানপথে পণ্য পরিবহনে নিরাপত্তাজনিত অজুহাতে ইতিমধ্যে তিনটি দেশ আমাদের এখান থেকে যাওয়া বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা কাটাতে আমাদের প্রধান বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় একটি ব্রিটিশ কোম্পানিকে সংশ্লিষ্ট করা হয়েছে।
আমরা চাই আমাদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা নিজেরাই করব। আর চাই এখান থেকে যাওয়া সব পণ্য ও যাত্রীবাহী বিমানকে নিরাপদ ভাবুক সবাই। এর জন্য নিরাপত্তা-সংশয় যতটুকু, সে বাধা অতিক্রম করতে হবে। এ ছাড়া প্রভাবশালী কিছু দেশের সঙ্গে সম্পর্কের শীতলতার সুযোগে আমাদের সঙ্গীহীন করার একটি প্রচেষ্টা বলে ধারণা করা হয়। তাদের সে প্রচেষ্টা ভূরাজনৈতিক। এটা দূরীকরণে সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা দরকার।
নিরাপত্তা প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশই তার নাগরিকদের বা স্থাপনাকে নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে না। আর অর্থবিত্তে সমর্থ রাষ্ট্রগুলো তো নয়ই। এ ধরনের বেশ কয়েকটি দেশ আমাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। মূলত তাদের বক্তব্য হচ্ছে, আন্তর্জাতিক জঙ্গিবাদ আমাদের দেশে ঘাঁটি গেড়েছে। আর এর মোকাবিলায় আবশ্যক আন্তর্জাতিক উদ্যোগ। সে উদ্যোগে তারা অংশ নিতেও চাইছে। এখানেও আমাদের সামর্থ্যের ওপর তাদের আস্থাহীনতা।
অবশ্য বেশ কিছুকাল ধরে বিচ্ছিন্নভাবে হলেও ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের জন্য একটি নিরাপত্তাহীন পরিস্থিতি লক্ষ করছি। ভিন্নমতাবলম্বীদের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু, মুসলমানদের শিয়া সম্প্রদায়সহ পীরবাদ ও মাজারপন্থীরাও রয়েছেন। আরও আছেন ভিন্নমনা ব্লগার, লেখক, প্রকাশকসহ কিছু লোক। এ পরিস্থিতি অযাচিত এবং আমাদের স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির সঙ্গে সাংঘর্ষিক। তদুপরি ধর্মের নামে একটি উগ্রবাদও আমরা বেদনার সঙ্গে লক্ষ করছি। যাঁরা এ ধরনের মতবাদে বিশ্বাস করেন, তাঁদের অন্যকে তা করতে বাধ্য করার সুযোগ নেই। তদুপরি তা না করলে সহিংস উপায়ে এটা প্রতিষ্ঠিত করার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। অথচ এমনটাই ঘটে চলছে পৃথিবী নামক গ্রহটির বহু দেশে। এতে কার্যত মুসলমানরা অন্য ধর্ম বা মতাবলম্বীদের কাছে ভীতি বা করুণার কারণ হয়ে উঠলে, তাদের দোষ দেওয়া যাবে না। এ সুযোগ নিয়ে বিশ্বজনীন একটি রাজনীতিও চালু রয়েছে। তা একেবারেই সূক্ষ্মভাবে নয়।
বাংলাদেশ একটি মুসলিমপ্রধান অঞ্চল। পাকিস্তান সময়কালেও এখানকার সাধারণ মানুষ পরমতসহিষ্ণু ও উদার বলে পরিচিত ছিল। স্বাধীনতার মন্ত্রে তাদের দীক্ষিত হতে প্রেরণা হিসেবে যে কয়টা বিষয় কাজ করছে তার মধ্যে এটিও একটি। সুতরাং আশা করা সংগত স্বাধীনতার পর এ চেতনাটি আরও সংহত হবে। মূলত তা হয়েছেও। তবে উল্লেখ করা যায় যে প্রতিটি সমাজেই এর মূল চেতনার পরিপন্থী বিপরীতমনা মানুষ থাকে। আর কখনো বা তারাই মাথাচাড়া দিয়ে ওঠে। সে সমাজে ঘটায় বিভিন্ন অনর্থ। সাম্প্রতিক কালে বিভিন্ন দেশে চরমপন্থার উত্থানও নজরে আসার মতো। আমরা সম্ভবত এরূপ একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আর এর পেছনে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র। তা হতে পারে দেশি বা বিদেশি কিংবা উভয়েরই সংমিশ্রণ। তাই তো আমাদের প্রধান বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় বিদেশি সংস্থাকে সম্পৃক্ত করতে হয়। অথচ এগুলো নিরাপদ রাখার সামর্থ্য তো আমাদের সরকারি সংস্থারও রয়েছে। এমনকি এর সম্পূরক হিসেবে বেসামরিক নিরাপত্তা সংস্থারও বিকাশ ঘটছে। এতকাল তাই চলছিল। সদ্য স্বাধীন বাংলাদেশও এসব ব্যবস্থা নিজেই পরিচালনা করেছে।
এ সামর্থ্য নিয়ে তর্কবিতর্ক যখন তুঙ্গে, তখনই ঘটল নারকীয় গুলশান হত্যাযজ্ঞ। বাহ্যত মাত্র পাঁচজন তরুণ এ ঘটনা ঘটায়। এরাসহ প্রাণহানি ঘটে ২৮ জনের। এর মধ্যে ১৮ জন বিদেশি। জাপান, ইতালি, ভারত ও মার্কিন নাগরিক। আছেন দুজন পুলিশ কর্মকর্তা। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত কমান্ডো অভিযানে এ সর্বনাশা ঘটনার পরিসমাপ্তি ঘটে। সূচনাতেই পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল। এতে প্রাণ যায় দুজন কর্মকর্তার। এতে তাঁদের দেশপ্রেম, নিষ্ঠা ও কর্তব্যবোধের পরিচয় মেলে। তবে সামর্থ্যের অপ্রতুলতাও নজরে চলে আসে। এ ঘটনা আমাদের উন্নয়ন কার্যক্রমে সাময়িকভাবে হলেও নেতিবাচক প্রভাব রাখতে পারে। ইতালীয়রা প্রায় সবাই তৈরি পোশাকশিল্প ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। জাপানিরা ছিলেন মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন পর্যায়ের পরামর্শক। ঘটনার পরপর সাময়িকভাবে হলেও কিছু বিদেশি ঢাকা ছেড়েছেন। আর এ তো অস্বাভাবিকও নয়। আমরা তাঁদের ন্যূনতম নিরাপত্তা বিধান করতে না পারলে এটাই তো হবে।
সাময়িকভাবে যাঁরা যাচ্ছেন, তাঁরাও সে ন্যূনতম নিরাপত্তা আর কিছুটা মুক্ত জীবনের স্বাদ নিতে না পারলে কেনই–বা আসবেন। ইতিমধ্যে বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের জন্য যে বিধিনিষেধ আরোপ করেছে, তাতে তাঁদের গতিবিধি, বাসস্থান ও অফিসেই সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তাব্যবস্থার উন্নতি না ঘটলে এমনটাই হয়তো থাকবে। তখন আমরা তাঁদের এ দেশে আশা করব কী করে? আর তাঁরা আসতে না পারলে আমাদের উন্নয়নের গতিও শ্লথ হবে। থমকে যেতে পারে ব্যবসা ও শিল্প। নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা আছে রপ্তানি ও কর্মসংস্থানে। আর গুলশান ট্র্যাজেডির পরপরই ঘটল শোলাকিয়া ঈদ জামাতের কাছে জঙ্গি হামলা। দুজন পুলিশসহ প্রাণহানি ঘটে চারজনের।
তদুপরি এ ধরনের ঘটনা আর ঘটবে না, এমন আশা আমরা সবাই করি। তবে আশঙ্কাকে দূরে ঠেলেও দেওয়া যায় না। তা দিতে প্রয়োজন জোরদার প্রস্তুতি। যারা গুলশান ঘটনার খলনায়ক, তাদের পরিচয় জেনে আরও ভীতি জাগে। এরা প্রায় সব উচ্চ-মধ্যবিত্ত প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। লেখাপড়াও করেছে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে। তারা কীভাবে এ-জাতীয় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হয়, এটা ভাবনার বিষয়! তাদের সাংগঠনিক পরিচিতি এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ দায়ী করছে জেএমবিকে। কেউ বলেন আইএস। যেটাই হোক বিষয়টি প্রমাণিত যে একটি ভয়াল চক্র এখানে সক্রিয় রয়েছে। এদের প্রতিহত করা সম্ভব না হলে বিপর্যস্ত হবে সভ্যতা। নাজুক হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
বলা হচ্ছে এদের আগে এ ধরনের সব ঘটনার দায়ীরা আইনের আওতায় এসেছে। দাবিটি অস্পষ্ট। জনগণ এ বিষয়ে জ্ঞাত নয়। বিচার হলেই চলবে না। বিচার যে হচ্ছে এটাও তাদের জানা দরকার। আর এ শক্তিকে প্রতিহত করার সামর্থ্য বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের নেই, এমনটি মনে করা অযৌক্তিক ও অসংগত। তবে সামর্থ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা সুপ্রমাণিত ও অনস্বীকার্য। ক্ষেত্রবিশেষে বন্ধুরাষ্ট্রগুলো থেকে প্রযুক্তিগত ও প্রশিক্ষণ-সহায়তা, গোয়েন্দা তথ্য লেনদেন ইত্যাদি আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর সামর্থ্য বৃদ্ধি করবে। এর মধ্যে সরকার ঘোষণা দিয়েছে, জঙ্গিবাদ দমনে বৈশ্বিক সহায়তা নেওয়া হবে। সে সহায়তার ধরন সুস্পষ্ট করা আবশ্যক। নচেৎ ভবিষ্যতে পস্তাতে হতে পারে।
স্বাধীনতার পরে জাতির জনক শূন্য হাতে এ দেশের কান্ডারি ধরেছিলেন। তিনি অন্যদের সহায়তাও নিয়েছেন। তবে স্বীয় বিবেচনায়। তিনিই বাংলাদেশ নামক নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রটিকে সুপরিচিত করেছিলেন গোটা পৃথিবীর কাছে। সে পরিচিতিটাকে মনে হয় আমরা নিজেদের বিভ্রান্তি আর পারস্পরিক কলহে ম্লান করে দিচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের গমনাগমন আর পণ্য পরিবহনব্যবস্থাও কঠোরতর হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে সর্বস্তরের জনগণের ঐক্যের প্রয়োজনীয়তার কথা অনেকেই বলেন। তা যথার্থও বটে। বিদ্যমান সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রসারিত পৃথিবী আমাদের জন্য সংকুচিত হওয়ার যে হাওয়াটি বইছে, তাকে উল্টোমুখী করতেও সহায়ক হবে। পাশাপাশি জঙ্গিবাদ দমনে আমাদের অঙ্গীকার বিশ্ববাসীর কাছে কার্যকর ও দৃশ্যমান হওয়া প্রয়োজন।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]