আমাদের মারবেন না, প্লিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা ঢাকার রাস্তার নিয়মিত যাত্রী, তাদের ‘মিশুক’ যানের কথা মনে থাকারই কথা। অটোরিকশার চেয়ে একটু উঁচু এই যানের পেছনে লেখা থাকত, ‘আমি ছোট, আমাকে মারবেন না, প্লিজ’। এ লেখার ব্যাখ্যা এভাবে করা যায়। যেহেতু সে ছোট ও কম দ্রুতগামী, তাই তাকে দেখে সাবধানী হওয়া, যাতে সে আঘাতপ্রাপ্ত না হয় এবং তার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া। বাংলাদেশে আমরা যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর আকাঙ্ক্ষায়, ‘টুর অপারেটর’ নামের একটি রুগ্ণ ও অলাভজনক পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত; বর্তমানে তাদের অবস্থা অনেকটা ওই মিশুক বেচারার মতোই। প্রতিমুহূর্তে রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর, জেলায় জেলায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড ইত্যাদির জাঁতাকলে আমাদেরও মরণদশা।
গত বছর রাজনৈতিক সহিংসতা আর হরতালের কারণে অক্টোবর-নভেম্বর মাসের পর থেকে একদম মার্চ-এপ্রিল পর্যন্ত দেশে সব ধরনের পর্যটন কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন জায়গায় বিদেশি পর্যটকবাহী গাড়িও পর্যটকসহ বেশ কয়েকবার রাজনৈতিক কর্মীদের হাতে ভাঙচুর হয়। এতে ভীতসন্ত্রস্ত হয়ে বিদেশি টুর কোম্পানিগুলো তাদের পর্যটক বাংলাদেশে পাঠানো বন্ধ করে দিয়ে, এ অঞ্চলের অন্যান্য দেশে টুরগুলো স্থানান্তর করে। ফলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের পর্যটনশিল্প।
গত বছরের ব্যাংকঋণ আর অর্থনৈতিক ক্ষতি মাথায় নিয়েই দেশের টুর অপারেটররা দাঁতে দাঁত চেপে ২০১৪-১৫ সালের পর্যটন মৌসুমের জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন। মৌসুমটা শুরুও হয়েছিল ভালোই। কিন্তু বর্তমানে পত্রপত্রিকা আর টেলিভিশনের খবর দেখে যারপরনাই আতঙ্কিত দেশের পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে যাঁরা ইন-বাউন্ড টুর অপারেটর, তাঁদের অবস্থা তো আরও শোচনীয়। এমনিতেই বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ কখনোই লোভনীয় কিংবা একক পছন্দের স্থান নয়, তার ওপর এ ধরনের কর্মকাণ্ড আমাদের পর্যটনশিল্পকে শুধুই বাধাগ্রস্ত করছে। বিদেশিরা ইতিমধ্যে আতঙ্কিত। আমাদের বিদেশি কাউন্টারপার্টরা ইতিমধ্যে বারবার খোঁজখবর নিচ্ছেন আর আমাদের সাবধান করে দিচ্ছেন, যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলেই সঙ্গে সঙ্গে টুর বাতিলের।
অথচ পর্যটনশিল্পের দৃষ্টিকোণ থেকে কী সম্ভাবনাময় আমাদের এই দেশ বাংলাদেশ। এমনকি দেশের দুটি বড় রাজনৈতিক দলও যখন বিভিন্ন সময়ে ক্ষমতায়, তখনো কিন্তু তারা পর্যটনশিল্পের প্রতি সহানুভূতিশীল ছিল। ১৯৯২ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, সে সময়েই দেশে প্রথম ‘পর্যটন নীতিমালা’ প্রণীত হয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার পর্যটনকে বিশেষ গুরুত্ব দিয়ে সেই নীতিমালা সংশোধিত আকারে সংসদে পাস করে। এর ফলেই বেসরকারি পর্যটন সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি প্রতিনিধিত্বশীল বাংলাদেশ টুরিজম বোর্ড প্রতিষ্ঠিত হয়, যারা বর্তমানে দেশের পর্যটনশিল্পের বিশ্বব্যাপী প্রচার ও প্রসারে ব্যস্ত। এ সবই আশার দিক।
সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের পর্যটনশিল্প নিয়ে তাদের গবেষণা প্রকাশ করে। এতে দেখা গেছে, গত বছর প্রায় নয় লাখ (বিদেশি ও এনআরবি মিলিয়ে) পর্যটক বাংলাদেশে এসেছেন, জিডিপিতে তার অংশীদারত্ব প্রায় ১ দশমিক ৫৬ শতাংশ। জিডিপিতে পর্যটনশিল্প কর্তৃক আয় ১৬ হাজার ৪০৯ কোটি টাকা। বিদেশি পর্যটকেরা গড়ে ছয় দিন অবস্থান করেন এবং এই ছয় দিনে তাঁরা প্রায় ৯১ হাজার ২১০ টাকা খরচ করেন, যার মধ্যে ২১ হাজার টাকা খরচ হয় হোটেলে থাকা বাবদ। নন-রেসিডেন্ট বাংলাদেশিরা যেহেতু আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করেন, তাই তাঁদের খরচ ৭৯ হাজার টাকা। ওদিকে বাংলাদেশিদের বিদেশে যাওয়ার পরিমাণ বাংলাদেশে আসার প্রায় দ্বিগুণ, সংখ্যায় প্রায় ১৫ লাখ। গড় খরচ প্রায় ৪৬ হাজার টাকা। অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা প্রায় ৪২ লাখ এবং গড় ব্যয় প্রতিজনে প্রায় ১০ হাজার টাকা। এসব পরিসংখ্যানই ইঙ্গিত দেয় পর্যটনে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফর করে এলেন। সেখানে যে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার একটা দেখলাম পর্যটনসংক্রান্ত, যা পত্রিকার মাধ্যমে সবাই জেনেছেন। তার মানে পর্যটন এখন আর হেলাফেলার বিষয় নয়, এমনকি সরকারের কাছে কম গুরুত্বহীন শিল্পও নয়। কিছুদিন আগে বিজিএমইএর উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ঢাকা অ্যাপারেল সামিট’, যাতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। পত্রিকান্তরে দেখলাম, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বছর ২০২১ সালে তৈরি পোশাকের রপ্তানি ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যেতে চায় বিজিএমইএ। এই লক্ষ্য অর্জনের পথে পোশাকশিল্পের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একটি টেকসই পরিকল্পনা ও বাংলাদেশের ব্র্যান্ডিং করতে এই সম্মেলনের আয়োজন করছে সংগঠনটি।
ওই একই অনুষ্ঠানে দেখলাম, বিশেষজ্ঞরা যে চ্যালেঞ্জটিকে সর্বাধিক গুরুত্ব দিতে বলেছেন, তা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, যেটি আমাদের পর্যটনশিল্পেরও সবচেয়ে প্রধানতম চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট সবার উদ্দেশে চ্যালেঞ্জ দিয়ে জানাই, যদি বাংলাদেশের বিকাশমান এবং সম্ভাবনাময় পর্যটনশিল্পকে সর্বাধিক গুরুত্ব দিয়ে টেকসই পরিকল্পনা ও যথাযথ ব্র্যান্ডিং (বর্তমান ব্র্যান্ডিং দিয়ে হবে না) করে বিশ্ব পর্যটনবাজারে পুরোনো খোলস থেকে বেরিয়ে নবরূপে এবং আকর্ষণীয়ভাবে বাংলাদেশের পর্যটনকে উপস্থাপিত করা যায়, তাহলে ২০২১ সালে বিজিএমইএ ৫০ বিলিয়ন ডলার রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, বাংলাদেশের পর্যটনশিল্প দিয়ে তার অর্ধেক লক্ষ্যমাত্রা হলেও অর্জন করা খুবই সম্ভব। এ শুধুই মুখের কথা নয়; মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা প্রতিবেশী শ্রীলঙ্কা আর মালদ্বীপের দিকে তাকালেই আমরা এর উত্তর পেয়ে যাব।
যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতাই বাংলাদেশের পর্যটনশিল্পের বড় চ্যালেঞ্জ, তাই সরকারের পাশাপাশি সম্মানিত বিরোধী দলগুলোকেও বলব, আপনারাও আমাদের অগ্রসরমাণ পর্যটনশিল্পের অন্যতম পক্ষ। সরকার আর বিরোধী দলগুলোর সম্মিলিত অগ্রযাত্রাই পারে একটি দেশকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখুন। দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে ‘আমাদের মারবেন না, প্লিজ!’ মনে রাখবেন, আমরা আপনারই ভাই-বন্ধু-আত্মীয়স্বজন।
তৌফিক রহমান: পরিচালক, টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
[email protected]