আমাদের শিল্প-সাহিত্যের গরিবি দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ কোটি মানুষের এই দেশের জাতীয় অর্থনীতিতে নাটক, চলচ্চিত্র, সংগীত, সাহিত্য ইত্যাদি বিনোদনশিল্পের অবদান এতই নগণ্য যে হিসাবটা জানার পর লজ্জা পেতে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমাদের জানাচ্ছে, ২০১৩-১৪ অর্থবছরে নাটক, গান, সিনেমা ও সাহিত্য—এই চারটি খাত দেশের অর্থনীতিতে মাত্র ১১৭ কোটি ৮২ লাখ টাকার সমপরিমাণ মূল্য সংযোজন করেছে। ওই বছর এ চারটি খাতে মোট বিনিয়োগকৃত সম্পদের পরিমাণ ছিল ১৮০ কোটি ৩০ লাখ টাকা।

টাকার এই অঙ্কটা যে কত নগণ্য, তা বোঝা যাবে প্রতিবেশী ভারতের অর্থনীতিতে এই খাতের মোট অবদানের অঙ্কটার তুলনা করলে। একই অর্থবছরে সে দেশে শুধু চলচ্চিত্র আর টেলিভিশন খাতেই অবদানের পরিমাণ ছিল ৬৮ হাজার কোটি টাকা! যদিও ভারত অনেক বড় দেশ, তার লোকসংখ্যা বাংলাদেশের লোকসংখ্যার তুলনায় প্রায় আট গুণ বেশি, কিন্তু অর্থনীতিতে চলচ্চিত্র ও টেলিভিশন খাতের অবদান বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন, সাহিত্যসহ সব বিনোদন খাতের মোট অবদানের তুলনায় ৩ হাজার ৭৭৭ গুণ বেশি!

এর মানে কী? এ দেশের ১৬ কোটি মানুষের কোনো চিত্তবিনোদন নেই? এ দেশে কি লোকে নাটক-চলচ্চিত্র দেখে না? গান শোনে না? বই পড়ে না? চারদিকে তাকালে তা কিন্তু মনে হয় না। এ দেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এখন প্রায় তিন ডজন। সেগুলোতে যত না খবর ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচারিত হয়, তার চেয়ে অনেক বেশি হয় নাটক-চলচ্চিত্র-সংগীত প্রভৃতি বিনোদনমূলক অনুষ্ঠান। মানুষ দেখে বলেই এগুলো প্রচারিত হয়। আর যখন মানুষ দেখে, তখন সেগুলো নির্মাণও করতে হয়, অর্থাৎ এসব বিনোদন-উপাদান সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োগের ফলে অর্থনীতিতে মূল্য সংযোজিত হয়।

কিন্তু বিনিয়োগের পরিমাণ অস্বাভাবিক রকমের কম। এর কারণ হতে পারে এসব বিনোদন-পণ্যের চাহিদা কম; কিংবা যে চাহিদা আছে, তা ভোক্তাদের কাছে অপরিহার্য চাহিদা বলে বিবেচিত নয়। এমন তো নয় যে নাটক-সিনেমা না দেখলে জীবন চলবে না। অথবা বই পড়া সম্পর্কে এই কথা আরও বেশি প্রযোজ্য।

দেশে যখন ক্ষুধা ও দারিদ্র্য কমছে, অন্ন-বস্ত্রসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অগ্রগতি ঘটছে, বিশেষ করে শিক্ষিত ও উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা বিপুলভাবে বাড়ছে, তখন চিত্তবিনোদনের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোর দেওয়া এই তথ্য আমাদের সামাজিক উন্নয়নের স্বাভাবিক প্রত্যাশার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। সভ্য ও সংস্কৃতিমান মানুষের শুধু অন্ন-বস্ত্রের চাহিদা মিটলেই চলে না, তার চিত্তবিনোদনও প্রয়োজন। এটাই সভ্যতার স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা খাদ্যে স্বনির্ভর হলাম, আমাদের শিক্ষিত ও উচ্চশিক্ষিত মানুষের হার বছরে বছরে বাড়ছে, অথচ চিত্তবিনোদন খাতের চিত্রটা বড়ই ম্লান।

এর অর্থ, আমাদের শিক্ষা আমাদের জনশক্তি বানাচ্ছে, কিন্তু প্রকৃত শিক্ষিত মানুষ আমরা হয়ে উঠতে পারছি না। প্রকৃত শিক্ষিত মানুষ মানে সংস্কৃতিমান মানুষ, যে শুধু জীবিকা উপার্জনের কাজেই ব্যস্ত থাকে না, চিত্তের বিনোদনও খোঁজে। আমাদের শিক্ষাব্যবস্থা ও সামাজিক মনোভঙ্গি নিতান্তই জীবিকামুখী। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক—সবারই লক্ষ্য থাকে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করার দিকে। ক্লাসের বই ছাড়া অন্য কোনো বই পড়ার প্রয়োজন কেউই অনুভব করে না। কোনো কোনো মা-বাবা সতর্ক থাকেন, ছেলেমেয়েরা যেন গল্প-উপন্যাস পড়ে সময় নষ্ট না করে। মা-বাবারাও বই পড়েন না, পড়েন না শিক্ষকেরাও। ব্যতিক্রম অবশ্য আছে, কিন্তু সেই সংখ্যা এতই কম যে তা ধর্তব্য নয়।

একবার চিন্তা করে দেখা যাক: ১৬ কোটি মানুষের এই দেশে কমপক্ষে পাঁচ কোটি মানুষ উচ্চশিক্ষিত। অথচ দেশের সবচেয়ে জনপ্রিয় হ‌ুমায়ূন আহমেদের একটা নতুন বই বের হলে এক বছরে তা বিক্রি হতো মোট ২০ থেকে ২৫ হাজার কপি! লাখেরও এক-চতুর্থাংশ! এই হিসাব তাঁর জীবিতকালের। তিনি মারা যাওয়ার পর তাঁর বইয়ের বিক্রিও ভীষণভাবে কমে গেছে। পাঁচ কোটি শিক্ষিত মানুষের দেশে সবচেয়ে জনপ্রিয় লেখকের সদ্য প্রকাশিত একটি বই যদি সারা বছরে এক লাখ কপিও বিক্রি না হয়, তাহলে সেই দেশের শিল্প-সাহিত্য, সংগীত, চিত্রকলা, চলচ্চিত্র ইত্যাদি চিত্তবিনোদনের দশা যে অতিশয় দরিদ্র, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, যে মানুষ বই পড়ে না, তার চিত্তের বিকাশ ঘটে না; শিল্পের বিভিন্ন শাখার রস আস্বাদনের উপযোগী মন ও রুচি তার তৈরি হয় না। ইন্দ্রিয়সর্বস্ব প্রাণী থেকে তার উত্তরণ ঘটে না।

আমাদের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি যে ঘটছে না, এ বিষয়টি আমাদের দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। কিন্তু এভাবে উন্নত, সুখী ও রুচিমান সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে সামাজিক ও মানবিক উন্নয়নের যেসব সূচক বিবেচনায় নিয়ে অগ্রগতি পরিমাপ করা হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশের সূচকগুলো ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, সেখানে মানুষের চিত্তবৃত্তির সূচকও যুক্ত করা উচিত। জাতীয় অর্থনীতিতে শিল্প-সাহিত্যসহ সমগ্র বিনোদন খাতের অবদানের পরিমাপ থেকে যে হতাশাব্যঞ্জক চিত্র ফুটে ওঠে, তা দূর করতে ঘরে ঘরে, পাড়ায়-মহল্লায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

সবচেয়ে বেশি প্রয়োজন প্রতিটি পরিবারে মা-বাবাদের বই পড়া। পরিসংখ্যান ব্যুরোর উল্লিখিত জরিপ থেকে দেখা যাচ্ছে নাটক, চলচ্চিত্র, সংগীত ও সাহিত্য—এই চারটি বিনোদন খাতের মধ্যে জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি মূল্য সংযোজন ঘটেছে সাহিত্য খাতে। অর্থাৎ যত বেশি সাহিত্যকর্ম সৃষ্টি হবে, অর্থনীতিও তত বেশি লাভবান হবে। আসলে, সাহিত্য থেকে শুধু অর্থনীতিই লাভবান হয় না, লাভবান হয় গোটা সমাজ। কারণ, সাহিত্য মানুষের চিত্ত ও মননের বিভিন্ন দিক উন্মোচিত করে, তাকে রুচিমান ও সুশীল করে তোলে।

কিন্তু সাহিত্যসৃষ্টি বাড়বে না, যদি সাহিত্যের পাঠক না বাড়ে।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]