আমাদের সময়ের কি মূল্য নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা ছিল ২০০৮ সাল। অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে ভর্তি হলাম কাঙ্ক্ষিত বিবিএতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে আমার যাত্রা শুরু হলো। ১০ মাসের মাথায় প্রথম বর্ষ শেষ করে অন্য ক্যাম্পাসের বন্ধুদের তাক লাগিয়ে দিলাম। কিন্তু দ্বিতীয় বর্ষে উঠে বুঝতে পারলাম, সময়ের দৌড়ে পিছিয়ে পড়ছি। দেড় বছর লেগে গেল শুধু দ্বিতীয় বর্ষ শেষ করতে। আরও দেড় বছর লাগল তৃতীয় বর্ষ শেষ করতে। অবশেষে ২০১২ সালের বিবিএ শেষ করলাম ২০১৪ সালের মে মাসে।
শেষ ভরসা ছিল এমবিএ। ধারণা ছিল, বরাবরের মতো এক বছরের মাথায় এমবিএ শেষ হবে। ২০১৫ সালের মাঝামাঝি তল্পিতল্পা গুছিয়ে প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাব। কিন্তু মনে হচ্ছে, ক্যাম্পাসটাকে যেমন ভালোবেসে ফেলেছি, তেমনি ক্যাম্পাসও আমাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছে! তাই তো এমবিএ পরীক্ষাপদ্ধতি বদলানো হলো দুবার। প্রথমে সেমিস্টার, এরপর টার্ম পদ্ধতি। যেখানে তিন মাস পর প্রথম টার্ম/সেমিস্টার মিড দেওয়ার কথা, সেই পরীক্ষা দিলাম আট মাস পর। বাকি আরও তিন টার্ম শেষ করে আমাকে এমবিএর সনদ নিতে হবে। প্রথমে গেল ক্যাম্পাসের অবরোধ। এরপর সারা দেশের অবরোধ-হরতালের কারণে আমাদের এখন কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না। তাই সবকিছু ছেড়ে বসে বসে ভাবি, ২০১৬ সালে বাকিটা শেষ হবে তো! নাকি আরও সময় লাগবে?
সময়ের দৌড়ে যে বন্ধু আমার পাশে ছিল, তারা এখন চাকরির বাজারে দর-কষাকষি করছে। কেউ কেউ পছন্দের জায়গায় চাকরি করছে। আর আমি পাস করতে করতে আমার চাকরির বয়স, মানসিক শক্তি আর সামর্থ্য থাকবে কি না, তা ভেবে ভেবে হতাশ হচ্ছি প্রতিনিয়ত।
কর্তৃপক্ষের কাছে শুধু একটাই প্রশ্ন, আমাদের সময়ের কোনো মূল্যই কি আপনাদের কাছে নেই? ২০০৮-২০১৬ কতটা সময়, ভেবে দেখেছেন কি? আমরা এভাবে জীবনের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এভাবে অতিরিক্ত সময় বিশ্ববিদ্যালয়ে থেকে আমাদের অভিভাবকদের চাপে ফেলতে চাই না। আমরা এই দুর্বিষহ হতাশা থেকে মুক্তি চাই।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।