আমার দাদির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদিমাত্রই স্মরণীয়। শাসনের হাত থেকে রক্ষায় এবং দোষত্রুটি আড়ালে দাদিদের জুড়ি মেলা ভার। অথচ আমার দাদি ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। ভালোবাসতেন সত্য, তবে কারও ক্ষেত্রে স্নেহে দুর্বল ছিলেন না। ভালো ও মন্দ—এ দুই বিষয়ে ছিলেন সর্বদা সচেতন। মন্দ কিছুকে মানতে পারতেন না। নীতি-নৈতিকতার প্রশ্নে সারাটি জীবন অনড় ছিলেন। নৈতিক শিক্ষার আলোকে নিজ সন্তানদের গড়েছেন বলেই সন্তানেরা প্রত্যেকে নৈতিক শিক্ষায় বিকশিত হয়েছেন।আমার এক ফুফু (বাবার জ্যাঠাতো বোন), যিনি দাদির বিয়েতে বরযাত্রী হয়েছিলেন; তাঁর কাছে শুনেছিলাম—বিয়ের দিন দাদি সারা শরীরে গয়নার বহর চড়িয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। অথচ বিয়ের পরদিন থেকে আমৃত্যু তাঁকে কেউ সেই সব গয়না আর পরতে দেখেনি। তিনি যথার্থই আধুনিক ছিলেন বলে এটা সম্ভব হয়েছিল। কেননা, সে যুগে নারীদের ক্ষেত্রে তা ছিল অকল্পনীয়।ঢাকায় দাদির একান্নবর্তী বাড়িটি একটি দিনও অতিথিবিহীন দেখিনি। বাবার কাছে শুনেছিলাম, কেবল ঢাকায় নয়, কলকাতায় থাকাকালেও পূর্ববঙ্গ থেকে আত্মীয়-পরিচিত যারাই যেত, তাদের আশ্রয়স্থল ছিল দাদির বাড়ি। উত্তাল ঊনসত্তরে স্কুলছাত্র আমি মিছিলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বটতলার সমাবেশে যোগ দিতাম। মিছিলে মন্টু চাচা ও বাচ্চু চাচার নজরে আসার পর আমাকে নিরাপত্তার স্বার্থে পুরানা পল্টন লেনে দাদির হেফাজতে পাঠানো হয়। যেদিন মর্নিং নিউজ, দৈনিক পাকিস্তান কার্যালয়ে এবং সড়কের বিপরীতে মুসলিম লীগার লস্করের পেট্রল পাম্পে আগুন দেওয়া হয়, সেদিন দাদিকে ফাঁকি দিয়ে মিছিলে-আন্দোলনে যোগ দিয়েছিলাম। টিয়ার গ্যাসের তীব্র ধোঁয়া আর পুলিশের লাঠির আঘাত খেয়ে বহু কষ্টে ফিরে আসি দাদির বাড়িতে। তিরস্কারের মানসিক প্রস্তুতি নিয়ে দাঁড়াই দাদির সামনে। আমার বিধ্বস্ত অবস্থা দেখে গোসল করার আদেশ দেন। চোখে প্রচণ্ড জ্বালা-যন্ত্রণায় গোসলে কিছুটা স্বস্তিবোধ করি। নতমুখে পুনরায় দাদির সামনে দাঁড়াই। দাদির চোখের দিকে তাকানোর সাহস আমার ছিল না। দাদি বলেন, ‘তোমার কিছু হলে তোমার বাবা-মাকে আমি কী জবাব দিতাম? তুমি আজ যা করেছ, তা কি সঠিক বলে মনে কর?’ আমি নতমুখে না বলি। তিনি বলেন, ‘এটা যদি বুঝে থাক, তবে ভবিষ্যতে নিশ্চয় এমন কাজ করবে না?’ আমাকে শোয়ার উপদেশ দিয়ে শেষে বললেন, ‘তুমি তো ফিরেছ। আরেকজন কি ফিরবে, না লাশ হয়ে ফিরবে জানি না।’ বাচ্চু চাচার উদ্দেশে শেষের আশঙ্কার কথাটি উদ্বিগ্নে তিনি বলেছিলেন।মুক্তিযুদ্ধে ঢাকা অপারেশনের অন্যতম রূপকার মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফকে (বাচ্চু চাচা) ধরতে পাকিস্তানি সেনারা খুব ভোরে দাদির বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। বাচ্চু চাচাকে না পেয়ে নিরপরাধ তাঁর পাঁচ ভাইকে পাকিস্তানি সেনারা জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। শেরেবাংলা নগরের কুখ্যাত ক্যাম্পে আটক রাখে। সন্ধ্যার পর ফোন বেজে ওঠে। দাদি ফোন ধরেন। অপর প্রান্ত থেকে বড় চাচা দাদিকে বলেন, সেনা কর্মকর্তারা কথা বলবেন। সেনা কর্মকর্তা ফোনে দাদিকে বলেন, ‘বাচ্চু কমান্ডার কোথায়? তাকে আমাদের হাতে তুলে দিন। বাচ্চু বাচ্চা ছেলে ভুল করেছে। ওকে আমরা বুুঝিয়ে আবার ফিরিয়ে দেব। একজনের জন্য পাঁচজনের ক্ষতি করতে আমাদের বাধ্য করবেন না।’ এ প্রান্তে দাদি দৃঢ়তায় উর্দুতে বলেন, ‘বাচ্চু কোথায় জানি না। তাকে পেলে তবেই তো আপনাদের হাতে তুলে দেব? এখন পর্যন্ত বাচ্চুর সংবাদ আমরা পাইনি।’ সেই ভয়ার্ত বিভীষিকাময় পরিস্থিতিতে দাদির দৃঢ়তা আমার স্মৃতিতে অবিস্মরণীয় হয়ে আছে। এক ছেলে মুক্তিযুদ্ধে। জীবন নিয়ে ফিরবে কি না, সেটাও অনিশ্চিত। অপর পাঁচ ছেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেই সংকটময় দুঃসময়ে মানসিকভাবে ভেঙে চূর্ণ-বিচূর্ণ হওয়ার কথা। অথচ অত্যন্ত সাহসে-দৃঢ়তায় পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি। সৌভাগ্য, শারীরিক ও মানসিক নির্যাতন শেষে বহু কষ্টে তাঁর পাঁচ ছেলেকে মুক্ত করা সম্ভব হয়েছিল। কুখ্যাত ওই ক্যাম্প থেকে খুব নগণ্যসংখ্যক মানুষই প্রাণ নিয়ে ফিরতে পেরেছিল।দাদা ছিলেন সন্তানদের ক্ষেত্রে অধিক মাত্রায় দুর্বল। মনে পড়ে, দাদা একদিন দাদিকে বলেন, ‘তুমি আমার ছেলেদের বকাঝকা করবে না।’ উত্তরে দাদি বলেন, ‘বকার কাজ করলে এক শ বার বকব।’ দাদির শক্ত উত্তরে দাদা চুপ হয়ে যান। অসুস্থাবস্থায় দাদা পিজি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। রাতে আমি নিয়মিত থাকতাম। ব্যাংকার গিসু চাচা এবং বিটিভির প্রযোজক বাচ্চু চাচা পেশাগত কারণে এক দিন অন্তর অন্তর নিয়মিত রাতে হাসপাতালে থাকতেন। সকালে তাঁরা চলে গেলেও দাদি, ফুফু-চাচিরা আসার পর আমি বাসায় ফিরতাম। একদিন দাদি আমাকে ফিসফিস করে বলেন, ‘তোমার দাদাকে জিজ্ঞেস করো, আমি কে?’ প্রশ্নটি দাদাকে করার পর দাদা আমার ও দাদির দিকে চোখ ঘুরিয়ে চেয়ে মৃদু হেসে বলেছিলেন—শি ইজ মাই সিস্টার।’ দাদির ওপর দাদার ছিল পরম আস্থা এবং ভরসাও। ছয় ছেলে, চার মেয়েকে প্রতিপালনে, যোগ্যরূপে গড়ে তোলার মূলে দাদির অবদান সর্বাধিক। দাদির শক্ত নিয়ন্ত্রণের বাইরে পা বাড়ানোর উপায় কারও ছিল না বলেই ছেলেদের প্রত্যেকে সমাজে মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী হতে পেরেছেন।১৯ অক্টোবর ২০১০, আজকের এই দিনে দাদি সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার অচিন দেশে। অসামান্য ব্যক্তিত্বসম্পন্না মানুষটি আর ফিরে আসবেন না। দাদির দীর্ঘ স্মৃতি স্বল্প পরিসরে বলে শেষ হবে না। মযহারুল ইসলাম